নবীনগর প্রতিনিধি :
নবীনগর উপজেলার মেঘনা নদীবাহিত পলির বেলে-দোঁয়াশ মাটিতে ব্যাপক ভাবে সরিষা চাষ হচ্ছে। এ বছর সরিষা চাষে সাফল্যে আশানুরুপ সরিষা উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। ফলে এ এলাকার কৃষকরা রবি মৌসুমে সরিষা চাষ করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশা করছে। উপজেলার যে সব ইউনিয়নে বেশী সরিষা আবাদ বেশী হয় সে সকল ইউনিয়ন গুলো হল রছুুল্লাবাদ, বীরগাঁও, বড়াইল, সলিমগঞ্জ, কৃষ্ণনগর, বিটঘর, নাটঘর। এ বছর কৃষকরা কৃষি বিভাগের পরামর্শে সরিষা চাষ করেছে প্রায় ১৫০০ হেক্টর জমিতে। মন প্র্রতি সরিষার মুল্য ৩,৫০০-৪,০০০ টাকা। প্রতি বিঘা জমিতে প্রায় ৮-৯ মন সরিষা উৎপাদন হয়। এ বছর বৃষ্টিতে ক্ষতি না হলে প্রায় ২,০০০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ হত।
কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মো. আবু তাহের তার চাষকৃত জমির পরিমান- ৫০ শতক। বিটঘর ইউনিয়নের গুড়িগ্রামের হারেছ ভূঁইয়া তার চাষকৃত জমির পরিমাণ- ১০০ শতক। প্রতিটি জমিতেই তরতাজা সবুজ সরিষা গাছ গুলোতে হলুদ ফুলে ফুলে ভরে ওঠায় কৃষকের মুখে হাসি ফুটতে শুরু করেছে। সরেজমিনে এ সমস্ত এলাকা পরিদর্শনে দেখা গেছে, ইতোমধ্যে কোন কোন জমিতে তাজা সরিষা ফুল / কোন জমিতে ফুল ঝড়তে শুরু হয়েছে। কোন জমির গাছ গুলোতে সরিষার দানা ও বাঁধতে শুরু করেছে। উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ২০টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের জমিতে সরিষার চাষাবাদ হয়েছে। রতনপুর ইউনিয়নের ভিটি বিশারা গ্রামের কৃষক আব্দুল খালেক মিয়া জানান, এ বছরই তিনি ৩ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। তার জমিতে সরিষার গাছ গুলো যেভাবে লকলকিয়ে উঠেছে এবং হলুদ ফুলে ছেয়ে গেছে তাতে তিনি এ বছর সরিষার ভাল পাবেন বলে আশাবাদি হয়েছেন। রছুল্লাবাদ ইউনিয়নের রছুল্লাবাদ গ্রামের কৃষক খন্দকার ফরিদ মিয়া জানান, এবার আবহাওয়া ভাল থাকায় জমিতে সরিষার ফলন ভাল হবে বলে তিনি আশা করছেন। গত বছর যে সমস্ত জমিতে অন্য ফসল চাষ করেছিলেন এবার সেই জমিতেই অত্যান্ত কম খরচে সরিষা চাষ করেছেন। সরিষার বাড়ন্ত ফুলে ভরা গাছগুলো দেখে তিনি আশান্বিত হয়েছেন । এবারে সরিষা উৎপাদন করে তিনি যথেষ্টই লাভবান হতে পারবেন বলে তিনি আশাবাদী।
উপজেলা কৃষি অফিসার জগলুল হায়দার জানান,অপেক্ষাকৃত নীচু এলাকার চেয়ে উঁচু এলাকার পলি সমৃদ্ধ বেলে-দোঁয়াশ মাটিতে সরিষা ফসলের আবাদ ভাল হচ্ছে। কারণ এ রুপ জমি গুলো অত্যন্ত উর্বর। এ বছর রবি মৌসুমে কৃষকরা মরিচ, সরিষা, ছিটানো পিঁয়াজ, মিষ্টি কুমড়া, ডাল, ভুট্টা, ধনিয়া পাতা, গোলআলু – মিষ্টি আলু, বাদামসহ বিভিন্ন জাতের ফসল উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে চাই, যা গ্রামাঞ্চলের চিরায়ত অভাব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বিলের জমি থেকে সাদ্দাম হোসেন (২৭) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৯ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশরাফপুর গ্রামের বিলের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবক উপজেলার বিদ্যাকুট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
নবীনগর থানার পরিদর্শক ওসি (তদন্ত) সজল কান্তি জানান, সাদ্দাম বৃহস্পতবার সন্ধ্যায় বাসা থেকে বের হন। এরপর তার কোনো সন্ধান মেলেনি। পরে শুক্রবার সকালে বিলের জমিতে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠায়। ঘটনাটির তদন্ত চলছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইম সরকার নামে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির বাবা সালাউদ্দদিন সরকার গুরুতর আহত হন।
আজ ৫ মার্চ মঙ্গলবার সকালে পৌরসভার নারায়ণপুর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত স্কুলছাত্রের বাড়ি উপজেলার সাতমোড়া ইউনিয়নের বাউচাইল গ্রামে। সে সালাউদ্দিন সরকারের ছোট ছেলে।
সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, সকালে উপজেলার নারায়নপুর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে দু’দিক থেকে আসা দু’টি মোটরসাইকেল পাশ কাটতে যাচ্ছিল। ওই সময় একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলের পিছনে বসে থাকা শিশু সাইম সরকার মারা যায়। এছাড়া গুরুতর আহত হন মোটরসাইকেল চালক সালাউদ্দিন সরকার। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
নবীনগরের ওসি মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটির লাশের সুরতহাল প্রস্তুত করেছে। এখন মরদেহটি ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হবে। এছাড়া ট্রাকসহ চালক শাহ আলমকে আটক করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে সফর করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন মোর্শেদ। আজ ২৭ আগস্ট বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রামে সরকারি সফরে আসেন তিনি। এ সময় তীব্র রোদের মধ্যে রাস্তার দুই পাশে শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানায়। এতে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
পুলিশের এক কর্মকর্তাসহ প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ফেরিঘাট হয়ে শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের সামনের মূল সড়ক দিয়ে গাড়িবহর নিয়ে নাছিরাবাদ গ্রামে যাচ্ছিলেন উপদেষ্টা। তখন প্রচণ্ড রৌদ্রে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপদেষ্টা মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত বলে উচ্চস্বরে স্লোগান দিচ্ছিল। সে সময় উপদেষ্টা শারমীন মোর্শেদকে এ ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। এ ঘটনায় উপদেষ্টা বিরক্ত ও বিব্রতবোধ করেন বলে প্রশাসন সূত্র জানিয়েছেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। নবীনগরের ইউএনও রাজীব চৌধুরী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় অভিভাবকদের অভিযোগ, উপদেষ্টাকে খুশি করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশে প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের দুই ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তার দুই ধারে দাঁড় করে রাখা হয়।
তবে শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, সাধারণ শিক্ষার্থী নয়, মূলত যারা স্কাউটের শিক্ষার্থী কেবল তারাই রাস্তায় দাঁড়িয়ে উপদেষ্টাকে স্বাগত জানিয়েছে। একটি চক্র আমাকে অনর্থক হেনস্তা করতে এসব অপপ্রচার চালাচ্ছে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, প্রচণ্ড রৌদ্রে দাঁড়িয়ে শ্লোগান দিয়ে উপদেষ্টা মহোদয়কে স্বাগত জানানোর এ রকম দৃশ্য দেখে স্বয়ং তিনি (উপদেষ্টা) নিজেই উম্মা প্রকাশ করেছেন। সরকারি নির্দেশ ভঙ্গ করে কেন শিক্ষার্থীদের দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে স্লোগান দেওয়া হলো, সে জন্য প্রধান শিক্ষককে কারণ দর্শানোসহ তার বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
প্রসঙ্গত, উপদেষ্টা শারমীন মোর্শেদ দিনভর তার গ্রামের বাড়ি উপজেলার নদী তীরবর্তী নাছিরাবাদে অবস্থান শেষে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন। পরে নাছিরাবাদ গ্রাম সংলগ্ন মেঘনা নদীর ভাঙনকবলিত এলাকা স্পিডবোটযোগে পরিদর্শন করেন।
তার সাথে বাংলাদেশ হাইওয়ের পুলিশের ডিআইজি (পূর্ব বিভাগ) মোহাম্মদ হাবিবুর রহমান খান, জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতাশামুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, ইউএনও রাজীব চৌধুরী উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
নবীনগরে পুলিশের পৃথক অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুইজন ও সাজাপ্রাপ্ত দুইজনসহ ওয়ারেন্টভুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
২৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরের দিকে নবীনগর থানা থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়।
এর আগে সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীমারমপুর খেয়াঘাট থেকে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি শহিদ মিয়া ও কনিকাড়া রোড এলাকায় অভিযান পরিচালনা করে ছয় কেজি গাঁজাসহ আরেক মাদক কারবারি মানিক হোসেনকে (২৪) আটক করা হয়। এছাড়া সাজাপ্রাপ্ত দুইজন আসামিকেও গ্রেফতার করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই চারজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
আজ ২৩ জুন শুক্রবার বাংলার স্বাধীকার আন্দোলন থেকে শুরু করে প্রতিটা লড়াই-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে আসছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ।
আজ ২৩ জুন দলটির ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা আওয়ামীলীগ দিনটি যথাযথ মর্যাদায় উদযাপন করে।
দলীয় অফিসের সামনে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করে। একটি শুভেচ্ছা র্যালি শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে, পরবর্তী সময়ে দলীয় আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটেন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতির অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান।
প্র্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫- নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক।
এ সময় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরকার, বীরগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিয়াজুল হক কাজল, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, ধর্মবিষয়ক সম্পাদক ডাক্তার শফিকুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক কবির আহমেদ, উপপ্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু, কার্যকরী সদস্য সাইফুর রহমান সোহেল, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের সদস্য শামিম রেজা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি- সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ শ্রমিক লীগের শত শত নেতৃবৃন্দ।