চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজানিসার এলাকায় অবাধে চলছে মাটি কাটার ধুম। গত দু’সপ্তাহ ধরে নাজুয়া এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে এই মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠানটির প্রোপাইটার সুমন খানসহ ওই চক্রটি আইন না মেনেই নদীর তীরবর্তী মাটিসহ পাশে থাকা ধরখার-উজানিসার সেতুর পিলারের গা ঘেঁষে মাটি কেটে নিচ্ছে। এতে যে কোনো সময় গুরুত্বপূর্ণ সেতুটি ধ্বসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সে সঙ্গে বর্ষা মৌসুমে পানির প্রবল তোরে আশেপাশের এলাকায় ভাঙনের শঙ্কায় রয়েছে স্থানীয়রা।
স্থানীয় লোকজন জানান, প্রভাবশালী একটি চক্রটি সিন্ডিকেট করে খাল খননের নামে প্রতারণার মাধ্যমে সকাল থেকে রাত পর্যন্ত মাটি কেটে নিয়ে যায়। বেশ কয়েকটি ভেকু মেশিন দিয়ে অন্তত ৩০ ফুটেরও বেশি গভীর করে মাটি কেটে তা বিক্রি করছে পার্শ্ববর্তী জেলার কোম্পানিগঞ্জের একটি ব্রিকস ফিল্ডে। তারা নদীর পাড় ও সরকারি জায়গার পাশিপাশি আশপাশ এলাকার ব্যক্তি মালিকানা জায়গার মাটিও নির্বিচারে কেটে বড় বড় গভীর গর্তের সৃষ্টি করেছে। এতে বর্ষা মৌসুমে নদীর পাশে থাকা ব্যবসা প্রতিষ্ঠানসহ ওই এলাকায় ভাঙন দেখা দিতে পারে।
স্থানীয় বাসিন্দা ফরিদ মিয়া বলেন, সুমন নামে এক ঠিকাদার গত দু’সপ্তাহ ধরে আমার মালিকানা জায়গা ও ব্রিজের আশপাশের সরকারি খালি জায়গায় ভেকু মেশিন দিয়ে রাতে দিন মাটি কাটছে। মাটি গভীরতা করে কাটার ফলে ব্রিজের পিলার যেকোনো সময় ধসে যেতে পারে। দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধে আমি প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছি।
হাবিব মিয়া নামে এক বাসিন্দা বলেন, একটি চক্র সিন্ডিকেট করে এক প্রভাবশালীর নেতার ছত্রছাত্রায় মাটি কাটছে। আমরা কয়েকবার বাঁধাও দিয়েছি। পরে পুলিশ এসে কাজ বন্ধ করলেও পুনরায় আবার মাটি কাটছে। এ ছাড়া কুমিল্লা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ সেতুটি যা দিয়ে প্রতিদিন হাজার হাজার বিভিন্ন যানবাহন চলাচল করে। এর নীচের অংশে মাটি কাটার ফলে সেতুটি এখন হুমকির মুখে রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, সেতুর পিলার ঘেঁষে মাটি কাটার ফলে সেতুটি এখন হুমকির মুখে পড়বে। মাটি সরিয়ে নেওয়া হলে যে কোনো সময় ব্রিজটি বসে যেতে পারে। সেতুটি রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনজুর রহমান বলেন, মাটি কাটার বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, তিতাস খনন প্রকল্প চললেও যে জায়গায় মাটি কাটা হচ্ছে সেখানে এখনো তিতাস খনন কাজ শুরু হয়নি। যারা এ কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে জানতে চাইলে নাজুয়া এন্টারপ্রাইজের প্রোপাইটার সুমন খান বলেন, আমি অন্য ঠিকাদারদের কাছ থেকে সাব কন্টাক্টে পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কওডার পেয়ে এই কাজ করছি। তবে কারো ব্যক্তির জায়গার মাটি আমি কাটিনি।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় কানের ভিতর বিশেষ কায়দায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে নকল করার সময় এক নিয়োগ পরীক্ষার্থীসহ ভাই-বোনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ২৯ মার্চ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টুকচানপুর গ্রামের আবদুল মালেকের মেয়ে রিনা আক্তার এবং তার ভাই আবদুল জলিল। আটক রিনা আক্তার শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজ কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ-২০২৩ পরীক্ষা শুরু হয়। এ সময় কেন্দ্রের ১০১নং কক্ষে পরীক্ষার্থী রিনা আক্তার পরীক্ষা শুরু হলেও ১ ঘন্টার পরীক্ষা সময়ের মধ্যে প্রায় আধা ঘন্টা ধরে প্রশ্নের উত্তর পত্রে কোন কিছু না লিখে বসে থাকে। এ সময় পরীক্ষা কেন্দ্রে ডিউটিরত কেন্দ্র পরিদর্শকের সন্দেহ হলে তাকে দেহ তল্লাশী করে বিশেষ কায়দায় কানের ভিতরে লুকিয়ে রাখা খুব ছোট একটি ইলেক্টনিক ডিভাইস উদ্ধার করা হয়।
পরে কলেজের অধ্যক্ষ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখকে খবর দেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ ঘটনাস্থলে পৌছে পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, এই ডিভাইস তার বড় ভাই তাকে দিয়েছে পরীক্ষা দিতে। এই তথ্যের ভিত্তিতে তার ভাইকে খবর দিয়ে আনা হয়। দুইজনকে পাশাপাশি জিজ্ঞাসাবাদে এর সত্যতা পাওয়া যায়। তার দেয়া তথ্য মতে পরে তার ভাই আবদুল জলিলকেও আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে আটক করেন।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজে শুক্রবার সকালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পৌর কলেজের ১০১ নম্বর কক্ষে রিনা আক্তার নামে এক পরীক্ষার্থী অবৈধ পন্থা (কানের ভিতর বিশেষ কায়দায় ইলেক্ট্রনিক ডিভাইস) নিয়ে প্রবেশ করে। পরীক্ষা চলাকালীন সময় ওই পরীক্ষার্থী উত্তর পত্রে কোন কিছু না লিখে বসে থাকে। এতে তাকে সন্দেহ হয়, পরে তাকে তল্লাশি করে তার কান থেকে খুবই ছোট একটি ডিভাইস উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ডিভাইসের মাধ্যমে পরিক্ষার্থী হয়তো পরীক্ষার শেষ মিনিট দশ মিনিট আগে উত্তর লেখার চেষ্টা করতো। এটি একটি বিশাল চক্র। সে তার ভাইয়ের মাধ্যমে এই ডিভাইসটি সংগ্রহ করে। পরে তার ভাইকেও আটক করা হয়। তিনি আরও জানান, এই ঘটনায় যেহেতু একটি ডিভাইস জব্দ করা হয়েছে, এর সাথে আর কে কে আর জড়িত তা তদন্ত করে জানতে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাদি হয়ে মামলা দায়ের করবেন। আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান আগামীকাল ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম।
বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ব্রিগে. জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম। এছাড়াও সরকারের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। আজ বুধবার বিকালে রেলওয়ে স্কুল মাঠে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে শতবর্ষ উদযাপন কমিটি।
এসময় বক্তব্য রাখেন উদযাপন কমিটির সভাপতি শেখ মোঃ আইয়ুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী, প্রাক্তন ছাত্র মো. মনিরুল ইসলাম মনু।
সভাপতি শেখ আইয়ুবুর রহমান জানান, রেলওেয়ে স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা দিয়ে সাজানো হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় সাড়ে তিন হাজার প্রাক্তন ছাত্র ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। সকালে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর আনন্দ শোভাযাত্রা, বক্তৃতা পর্ব, স্মৃতিচারণ, বৃক্ষ রোপন, সম্মাননা প্রদান, রেফেল ড্র, ও সাংস্কৃতিক।
আয়োজকরা আশা করে সকলে মিলে আনন্দঘন পরিবেশে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হবে।
চলারপথে রিপোর্ট :
২য় ধাপের তফসিলে আগামী ২১ মে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চলছে মনোয়নপত্র দাখিলের কার্যক্রম। এবার অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে হচ্ছে। ২১ এপ্রিল মনোনয়ন দাখিলের শেষ তারিখ। এদিকে, শনিবার দুপুর ১২ টা পর্যন্ত ১৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। এছাড়াও কয়েকজন প্রার্থী আবেদন প্রক্রিয়ায় রয়েছে। মনোনয়ন দাখিল করা প্রার্থীরা সবাই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত বলে সূত্রে জানা গেছে। ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও ২ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূইয়া, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, বর্তমান ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভূইয়া, মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানী (ফেরদৌস)।
এছাড়াও বাছির মো. আরিফুল হক, মোহাম্মদ আলী ভূঁইয়া ও জাহাঙ্গীর আলম নামে দুজন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, মোঃ জুয়েল রানা, মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাজিদুল ইসলাম ওরফে মিন্টু মৃধা ও গোলাম মোস্তফা। সোহেল রানা নামে একজনের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার পিওনা, রোকসানা আক্তার, তানজিনা আক্তার ও মনিয়ন্দ ইউপির সাবেক মেম্বার বিনা আক্তার।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা নির্বাচনে প্রতিটি পদে একজন করে প্রার্থী দেওয়ার লক্ষে সম্প্রতি সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আওয়ামীলীগ কার্যালয়ে একটি সভা হয়।
সভায় উপস্থিত প্রার্থীরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন করার বিষয়ে একমত হয়। অপর দিকে আওয়ামীলীগের কয়েকজন প্রবীণ একই বিষয়ে পৃথক একটি সভা করেন উপজেলা কমপ্লেক্সের ভেতরে জেলা পরিষদের ডাক বাংলোতে। এরপর থেকেই উপজেলা নির্বাচন নিয়ে জনমনে কিছুটা আগ্রহ বেড়েছে। আওয়ামীলীগের দৃশ্যমান দলীয় কোন্দল না থাকলেও চেয়ারম্যান পদটি নিয়ে একটি স্নায়ু চাপ রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। দু’পক্ষই চাইছে চেয়ারম্যান পদটি নিজস্ব বলয়ে রাখতে।
আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি, জাতীয় পার্টি বা অন্য কোন পার্টির নেতাকর্মী মনোনয়ন দাখিল করেননি। আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমেদ শিকার বলেন, ২য় ধাপে আগামী ২১ মে আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ভেকু দিয়ে কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে এক লক্ষ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ২৪ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
পুলিশের সহায়তায় আদালত পরিচালনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম। জরিমানা দন্ডপ্রাপ্তরা হলেন বনগজ গ্রামের রৌশন আলী বেপারী ও ভাটামাথা গ্রামের মোঃ সালাহ উদ্দিন।
আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা বিক্রির উদ্দেশ্য ভেকু দিয়ে কৃষি জমি থেকে মাটি কাটছিল। খবর পেয়ে বেলা ২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম ঘটনাস্থল বনগজে গিয়ে মাটি কাটার সময় তাদেরকে জিজ্ঞাসাবাদে মাটি কাটার সত্যতা পাওয়ায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সিগন্যাল পোস্টের তার চুরির কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। আজ ১০ নভেম্বর সোমবার সকাল থেকে স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে কোনো ট্রেন ঢুকতে পারছে না।
রেলওয়ে সূত্রে জানা যায়, অল্প সময়ের ব্যবধানে দুইবার সিগন্যাল পোস্টের ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। চলতি মাসে প্রায় প্রতিদিনই সিগন্যাল ক্যাবল চুরি হচ্ছে বলে জানানো হয়েছে। গত মাসে চুরি হয়েছে ট্রান্সফরমারও। এসব ঘটনায় রেলসেবায় ব্যাঘাত ঘটছে, ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
রেলওয়ে কর্মকর্তারা বলছেন, সিগন্যাল ব্যবস্থায় ব্যবহৃত বিশেষ তারগুলো ট্রেন চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাল, সবুজ ও হলুদ সংকেতের মাধ্যমে ট্রেন থামানো ও চালানোর নির্দেশ দেওয়া হয়। চোরচক্র এখন এসব তারেই নজর দিচ্ছে।
ঢাকা–চট্টগ্রাম রুটের আশুগঞ্জ থেকে আখাউড়া এবং আখাউড়া–সিলেট রুটের হবিগঞ্জের নোয়াপাড়া পর্যন্ত নিয়মিত সিগন্যাল ক্যাবল চুরির ঘটনা ঘটছে বলে জানা গেছে। এ নিয়ে বেশ দুশ্চিন্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষও। তারা বলছেন, তার চুরি রোধ করতে কঠোর পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি এলাকাবাসীকেও সচেতন হতে হবে।
আখাউড়া রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. নূর নবী বলেন, সকালে ডিউটিতে এসে দেখি ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতে পারছে না। বর্তমানে ৩ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (সংকেত) মো. জোবায়ের বলেন, আখাউড়ার দেবগ্রাম এলাকায় সিগন্যাল পোস্টের তার চুরি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, থানা পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে জানানো হয়েছে। নতুন তার লাগানোর কাজ চলছে, তবে সময় লাগবে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শফিকুল ইসলাম বলেন, আগেও চুরির ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ ঘটনাটিও খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।