চলারপথে রিপোর্ট :
নাসিরনগরে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও দরিদ্র শতাধিক পরিবারের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ৭ এপ্রিল শুক্রবার বিকেলে খাগালিয়া মানব কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে “গরীব-দু:খীর সাহায্য কর, মানব কল্যাণ ফাউন্ডেশন গড়” এই স্লোগানকে সামনে রেখে নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া নতুন বাজার চত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেককে চাল, ডাল, তেল, ছোলা, মুড়ি, পেয়াঁজ ও আলু দেয়া হয়। এ সময় সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ রুহুল আমিন রুবেল ও সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে খাগালিয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সামান্য কিছু সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আশা করি অন্যান্য সমিতি,সংগঠনসহ সমাজের বিত্তবান মানুষ যার যার সামর্থ্য অনুয়াযী এই পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে এগিয়ে আসবেন।
চলারপথে রিপোর্ট :
নাসিরনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রমজান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ ৩১ মে শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের বড়ভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রমজান বড়ভাঙ্গা এলাকার কবির মিয়ার ছেলে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা জানান, সকালে পরিবারের সবাই ঘরে ছিলো। এ সময় শিশু রমজান বাড়ির উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্হায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু রমজানকে মৃত ঘোষণা করেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ডিগ্রি কলেজ ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে নয় সদস্যের কমিটির মধ্যে সাতজনই নারী। বিভিন্ন পদ পাওয়া এসব নারীরা জেলাজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা ভাইরাল হয়ে যায়।
জানা যায়, ২৮ ফেব্রুয়ারি শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কনিকা আক্তার ও সাধারণ সম্পাদক হয়েছেন দেওয়ান নুসরাত।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নারীদের প্রাধান্যতা পেয়েছে। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন পুষ্পা আক্তার, সহ-সভাপতি পদে রয়েছেন আয়েশা সিদ্দিক পান্না ও মুক্তা আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নূসরাত জাহান তনু ও নাজনীন আক্তার।
এ কমিটিতে পুরুষ সদস্য হিসেবে রয়েছেন দুইজন। যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন। নারী নেতৃত্বের এই শক্তিশালী অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
কমিটিকে আগামী ৩০ দিনে মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নেতৃত্ব শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা ও সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কমিটিতে নতুন সভাপতি নির্বাচিত হওয়া কনিকা আক্তার বলেন, সারা দেশে নারীরা পিছিয়ে ছিলো। কিন্তু জুলাই-আগষ্টের বিপ্লব আমাদের শিখিয়ে গেছে নারীরা চাইলেই সব কিছু করতে পারে। ফ্যাসিষ্ট হাসিনাকে পতনের নেপথ্যে কিন্তু নারীদের ভূমিকা ছিলো সবার আগে। তা ছাড়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চাইছেন নারী নেতৃৃত্ব এগিয়ে আসুক।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী বলেন, নাসিরনগরে ছাত্রদলের ফরম বিতরণ করার সময় মেয়েরাই এগিয়ে আসে। সেখানে ছেলেদের খুব একটা এগিয়ে আসতে দেখিনি। আমাদের দলের প্রধানও নারী তাই দলের নিদের্শনা অনুযায়ী নারীদের অগ্রাধিকার দেওয়া আমাদের দলের লক্ষ্য।
নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন বলেন, নারীরা আর পিছিয়ে নেই। তারা পিছিয়ে থাকবে না। পুরুষদের পাশাপাশি নারীরাও বিএনপির সকল ক্ষেত্রে এগিয়ে যাবে এটাই আমাদের নেতা তারেক রহমানের নিদের্শনা।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে গরু আনতে গিয়ে খালের স্রোতে ভেসে গিয়ে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া মাঠে এ দুর্ঘটনা ঘটে। রাতভর খোঁজাখুঁজির পর ৩১ মে শনিবার সকালে তিতাস নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই শিশু হলো, গোকর্ণ গ্রামের মিনার আলীর মেয়ে মারিয়া (১১) ও সামিয়া (৮)। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে মারিয়া ও সামিয়া আকাশিয়া মাঠে গরু আনতে যায়। ফেরার পথে খালের পাশ দিয়ে হেঁটে আসার সময় হঠাৎ তীব্র স্রোতে তারা ভেসে যায়। বিষয়টি জানতে পেরে আত্মীয়স্বজন ও স্থানীয়রা নৌকা নিয়ে রাতভর খোঁজাখুঁজি চালান। পুলিশ ও ফায়ার সার্ভিসও উদ্ধার তৎপরতায় অংশ নেয়। গতকাল শনিবার সকাল ৬টার দিকে গোকর্ণ বেড়িবাঁধ এলাকায় তিতাস নদীতে মারিয়ার মরদেহ ভেসে ওঠে। কিছুক্ষণ পর সামিয়ার মরদেহ একটি মাছ ধরার জালে আটকে থাকতে দেখা যায়।
গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন বলেন, ‘এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। বর্ষাকালে নদী বা খালের আশপাশে চলাচলে সবাইকে আরও সতর্ক হতে হবে। পরিবারটিকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।’ নাসিরনগর থানার ওসি খাইরুল আলম জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, ‘খবর পেয়ে আমি এসিল্যান্ডসহ রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যাই। অনেক চেষ্টা করেও তখন তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে এলাকায় মাইকিং করে নিখোঁজ সংবাদ জানানো হয়। সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এটি অত্যন্ত মর্মান্তিক। আমরা পরিবারটির পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।’
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে মায়ের সঙ্গে অভিমান করে মোতাব্বির চৌধুরী (১৮) নামে এক তরুণ ইদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। আজ ৮ অক্টোবর রবিবার দুপুরে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোতাব্বির চৌধুরী উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের মৃত মাসুদ চৌধুরীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মোতাব্বিরকে বেকার না থেকে কাজ করার জন্য তার মা সালেহা বেগম প্রায়ই বকাঝকা দিতেন। এতে মোতাব্বির অভিমান করে শনিবার সকালে ইঁদুর মারার ওষুধ বুলেট ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্য টের পেয়ে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে ভর্তি করেন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মোতাব্বির মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন জানান, হাসপাতাল থেকে জেনেছি কিশোর ইদুর নিধনের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। নাসিরনগর থানা পুলিশকে জানানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে।