অনলাইন ডেস্ক :
পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা। আজ ২৭ মে শনিবার ঢাকায় আসেন তিনি।
ওআইসি মহাসচিব ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) ওয়াহিদা আহমেদ ও আইইউটির ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।
বাংলাদেশ সফরকালে ওআইসি মহাসচিব কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
ওআইসি মহাসচিব ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) চ্যান্সেলর হিসেবে আগামী ৩০ মে অনুষ্ঠেয় ৩৫তম সমাবর্তনে বক্তব্য দেবেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের বিতরণ প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারণে পাইপলাইনের মাধ্যমে গ্রাহকপর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
গতকাল ২১ এপ্রিল রবিবার দিবাগত রাত ১টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ঘাটুরা এলাকায় অবস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিতরণ প্ল্যান্টে ত্রুটির কারণে গ্যাস সরবাহ বন্ধ রয়েছে। এর ফলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অন্তত ১২ হাজার গ্রাহক দুর্ভোগে পড়েছেন।
মূলত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কাছ থেকে গ্যাস নিয়ে তা গ্রাহক পর্যায়ে সরবরাহ করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
প্রতিষ্ঠানটির বৈধ গ্রাহক সংখ্যা ২২ হাজারেরও বেশি। এসব গ্রাহকদের প্রতিদিন প্রায় ১২ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহ আলম জানান, গতকাল রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশনের বিতরণ প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর ফলে বাখারাবাদের গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। জেলা সদর ও সরাইল উপজেলার একাংশের গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না।
তিনি বলেন, ত্রুটি মেরামতে তিতাস গ্যাস ট্রান্সমিশন কর্তৃপক্ষ কাজ করছে। ইতোমধ্যে অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। আশা করছি দুপুরের মধ্যেই গ্যাস সরবরাহ কার্যক্রম স্বাভাবিক হবে।
চলারপথে রিপোর্ট :
পরিমাপে তেল কম দেয়ায় বগুড়া জেলা শহরের স্টেশন রোডের মিতালী ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বগুড়া শহরের স্টেশন রোড এলাকায় গতকাল রাতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব মিয়া। তিনি জানান, বুধবার সন্ধ্যায় মিতালী ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় তারা ডিজেল ওজনে কম দিচ্ছেন। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী এই প্রতিষ্ঠানকে ২০ হজার টাকা জরিমানা করা হয়। গ্রাহকদের সঙ্গে তারা প্রতারণা করছেন। দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠান ক্রেতাদের ঠকিয়ে আসছেন। প্রতি ১০ লিটারে ০.৩৪ লিটার থেকে ৩৪০ মিলি ডিজেল কম দেয়া হচ্ছে। ভবিষ্যতে যেন ওজনে কম না দেয়া হয় সে বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই বগুড়ার পরিদর্শক শাহ আলম পলাশ ও জেলা পুলিশের সদস্যরা।
চলারপথে রিপোর্ট :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২৫ আগস্ট শুক্রবার দুপুরে উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ওই এলাকার সুলতান মিয়ার মেয়ে রুম্পা (১০) একই এলাকার রায়হান মিয়ার মেয়ে রাদিয়া সাড়ে (৩)। রাদিয়া সম্পর্কে রুম্পার চাচাতো বোন। তারা দু’জনই সাঁতার জানতেন না।
স্থানীয়রা জানান, রুম্পা ও রাদিয়া শুক্রবার দুপুরের দিকে খেলতে যায়। বেশ কিছুক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের বসতঘরের পাশে পুকুরে রুম্পাকে ভেসে থাকতে দেখতে পায়। সে সময় রাদিয়া পানিতে ডুবে ছিলো। পরে প্রতিবেশিরা পুকুরে নেমে রুম্পা ও রাদিয়াকে উদ্ধার করে দেখেন রাদিয়া মৃত। রুম্পাকে অচেতন অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান।
অনলাইন ডেস্ক :
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনের মধ্যে আরও একটিতে ভোট বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবার গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করা হয়েছে। এর আগেও এই আসনের উপনির্বাচনের (একাদশ সংসদ) ভোট বন্ধ করেছিল ইসি।
আজ ৫ জানুয়ারি শুক্রবার নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান। কী কারণে এই আসনের ভোট বন্ধ করা হলো- জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
এ আসনের প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত ফজলে রাব্বী মিয়ার মেয়ে ফারজানা রাব্বী বুবলী (ট্রাক)।
অন্য প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী শামসুল আজাদ শীতল (ঈগল), বিকল্পধারার জাহাঙ্গীর আলম (কুলা) ও এনপিপির ফারুক মিয়া (আম)। আর ভোটের চার দিন আগে গত ৩ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই আসনের জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান সরকার।
এর আগে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা যাওয়ায় নওগাঁ-২ আসনের ভোট বন্ধ করে ইসি।গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এ বলা হয়েছে, নির্বাচনের আগে বৈধ প্রার্থী মারা গেলে তা বাতিল করা হবে।
এনিয়ে দুটি আসনের নির্বাচন বন্ধ করায় আগামী ৭ জানুয়ারি ২৯৮ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চলারপথে রিপোর্ট :
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ট্রেনের ধাক্কায় রবিউল হোসেন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। কানে হেডফোন গুঁজে রেললাইনে হাঁটার সময় গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ফৌজদারহাট রেল স্টেশনের সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল হাসান বরিশাল জেলার হিজলা উপজেলার কাউলিয়া বাজার গ্রামের মাহবুবুর আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রবিউল মামার বাসায় বেড়াতে এসে রাতে কানে হেডফোন গুঁজে গান শুনে রেললাইনে হাঁটছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে সে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. ফারুক বলেন, ট্রেনের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।