অনলাইন ডেস্ক :
এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। সেখানে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি।
অনুষ্ঠান থেকে বের হতেই নিউইয়র্কের রাস্তায় জায়েদ খানকে দেখে তাকে ঘিরে ধরেন বেশ কয়েকজন তরুণী।
এ বিষয়ে নায়ক জায়েদ খান বলেন, ‘অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বের হতেই অনেক মেয়ে আমাকে ঘিরে ধরে। সবাই প্রবাসী বাঙালি। আমার সঙ্গে ছবি তুলতে চায়। তারা ছবি তুলল। একজন তো ফেসবুকে পোস্ট দিয়ে আমাকে মেসেজ করেছে। সেখানে আমার সঙ্গে ছবি দিয়ে লেখা, মাই রিয়েল হিরো।’
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এ সম্পর্কে জায়েদ বলেন, ‘এসব একদম উদ্দেশ্যপ্রণোদিত। ভুয়া ভুয়া বলে চিৎকার করেছে কিছু উঠতি যুবক। কিন্তু সেটা যে আমাকে দেখে এমনটা নয়, তারা জেমস ভাই, এমনকি কাবিলা পলাশ মঞ্চে উঠতেও একইভাবে চিৎকার করেছে। বরং অনেকের অভিযোগ, আমরা আগে কেন মঞ্চে উঠলাম না।’
‘এখানে আসলে আমাদের পারফর্ম করার কথা ছিল না। তারপরও অনুরোধে আমি গান শুনিয়েছি। নিউইয়র্কের বাংলাদেশিদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন’, বলেন জায়েদ খান।
স্পোর্টস ডেস্ক :
লাসিথ এম্বুলদেনিয়ার বাজে ফর্ম ও প্রবীন জয়াবিক্রমা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তরুণ স্পিনার খুঁজছিল শ্রীলঙ্কা। কিন্তু অধিনায়ক দিমুথ করুনারত্নে একপ্রকার জোর করেই নিলেন ৩০ বছর বয়সী প্রভাথ জয়সুরিয়াকে। সেই জয়সুরিয়াই আজ স্পিনার হিসেবে দ্রুততম ৫০ উইকেট শিকারের ইতিহাস গড়লেন টেস্টে। ভেঙেছেন ৭১ বছরের পুরোনো রেকর্ড।
আয়ারল্যান্ডের বিপক্ষে গল টেস্টে ইতিহাস গড়তে কেবল ৭ উইকেটই প্রয়োজন ছিল জয়সুরিয়ার। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে কাজ এগিয়ে রাখেন এই বাঁহাতি স্পিনার। দ্বিতীয় ইনিংসেও দেখা পান কাঙ্ক্ষিত দুই উইকেটের। পাল্টে দেন ইতিহাসের পাতা।
৭১ বছর আগে মাত্র ৮ ম্যাচেই ৫০ উইকেট শিকার করেছিলেন ক্যারিবীয় স্পিনার আলফ ভ্যালেন্টাইন। জয়সুরিয়া তার চেয়ে এক ম্যাচ কম খেলেছেন। পেসার ও স্পিনার মিলিয়ে অবশ্য রেকর্ডটি অজি পেসার চার্লি টার্নারের দখলে। ১৮৮৮ সালে মাত্র ৬ ম্যাচেই ৫০ উইকেট স্পর্শ করেন তিনি। সেই তালিকার চারে আছেন জয়সুরিয়া। সাত ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন সাবেক ইংলিশ পেসার টম রিচার্ডসন ও প্রোটিয়া পেসার ভারনন ফিল্যান্ডার।
দেশের হয়ে খেলার জন্য ক্যারিয়ারের শুরু থেকেই নিজের সবটুকু ঢেলে দিয়েছিলেন জয়সুরিয়া। কিন্তু বয়স ৩০ হওয়ার আগ পর্যন্ত শ্রীলঙ্কা টেস্ট দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ হয়নি। ২০১৮ তে ওয়ানডে খেলেছিলেন দুটি। কাকতালীয়ভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন টেস্ট অভিষেক হলো তখন তার বোলিং দেখে অবাক সবাই। এমনকি করুনারত্নে নিজেও ভাবেননি এমন মুড়ি মুড়কির মতো উইকেট শিকার করবেন এই বাঁহাতি স্পিনার। প্রথম তিন ম্যাচেই পকেটে পুড়েন ২৯ উইকেট। বাকি ২১ উইকেট নিতে অবশ্য চার ম্যাচ লাগে তার। এর মধ্যে ফাইফারের দেখা পেয়েছেন ছয়বার।
স্পোর্টস ডেস্ক :
জিম্বাবুয়েতে এসেছেন মাত্র এক বছর হয়েছে। অন্তুম নাকভি এবার হয়ে গেলেন দেশটির ইতিহাসের নায়ক। জিম্বাবুয়ের ঘরোয়া লিগে প্রথম ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন ২৪ বছরের এই ব্যাটার।
লগান কাপে চারদিনের ম্যাচে ২৯৫ বলে ৩০০ রানের ইনিংস খেলেছেন নাকভি। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে জিম্বাবুইয়ান কোনো ব্যাটারের সর্বোচ্চ ইনিংসটি ছিল ২৬৫ রানের। ২০১৭ সালে এই রেকর্ড গড়েছিলেন সেফাও ঝুয়াও।
ঝুয়াওয়ের এই রেকর্ড ভাঙার পথে ৩০টি বাউন্ডারি এবং ১০টি ছক্কা হাঁকিয়েছেন নাকভি। খেলেছেন মিড ওয়েস্ট রিনোর হয়ে মেটাবেলেল্যান্ড টাস্কার্সের বিপক্ষে।
নাকভি বড় হয়েছেন অস্ট্রেলিয়াতে। যদিও তার জন্ম বেলজিয়ামে। মাত্র এক বছর আগে জিম্বাবুয়েতে আসেন এই ক্রিকেটার। তার ইনস্টাগ্রাম আইডি থেকে জানা যায়, পেশাগত জীবনে ছিলেন পাইলট। সেখান থেকে ক্রিকেটের মহাকাব্যে।
এ বছরে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ ম্যাচে ১০২ গড়ে ৭১৫ রান করেছেন নাকভি। তাই জিম্বাবুয়ে জাতীয় দলে তার ডাক পাওয়া বেশ কাছে বলেই মনে হচ্ছে।
অনলাইন ডেস্ক :
বিষয়টা অনুমিতই ছিল। সাকিব আল হাসান ওয়ানডে বিশ্বকাপের আগেই বলেছিলেন নেতৃত্বে আর থাকবেন না। তবে সাকিব সব ফরম্যাটের নেতৃত্ব ছাড়বেন, নাকি কেবল ওয়ানডেতে সেটাই ছিল দেখার।
অবশেষে জানা গেলো, তিন ফরম্যাটেই দায়িত্ব ছেড়েছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১২ ফেব্রুয়ারি সোমবার জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে।
আজ ১২ ফেব্রুয়ারি সোমবার বোর্ডের পরিচালনা পর্ষদের সভা শেষে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এর আগে সাকিবের চোটে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন শান্ত। বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
পরে সাকিবের অনুপস্থিতিতে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও অধিনায়কত্ব করেন শান্ত। অধিনায়ক ছিলেন এরপর নিউজিল্যান্ড সফরেও।
শান্তর নেতৃত্বেই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট জেতে। নিউজিল্যান্ড সফরে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে ওয়ানডেতে হারায় বাংলাদেশ, পরে জেতে একটি টি-টোয়েন্টিও।
তখন থেকেই আলোচনা হচ্ছিল, সব ফরম্যাটে বাংলাদেশের স্থায়ী অধিনায়ক হতে পারেন শান্ত। সেটাই হলো।
অনলাইন ডেস্ক :
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অভিনেত্রী আঁচল তিওয়ারি। বিহারের কাইমুরে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা যান তিনি। ২৬ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠান করতে যাওয়ার পথে মৃত্যু হয় এই ভোজপুরি অভিনেত্রীর। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গায়ক ছোটু পাণ্ডেও। জানা গেছে, দুর্ঘটনায় ভোজপুরি চলচ্চিত্রের চার উঠতি তারকাসহ ৯ জন নিহত হয়েছেন।
জনপ্রিয় সিরিজ ‘পঞ্চায়েত’-এর দ্বিতীয় সিজনে দেখা গেছে আঁচলকে। এ ছাড়া ভোজপুরি চলচ্চিত্রের অনেক জনপ্রিয় মুখ তিনি। অভিনয় করেছেন হিন্দি চলচ্চিত্রেও।
ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে মোহনিয়া থানা এলাকার দেবকালী গ্রামের কাছে জিটি রোডে। পুলিশ জানিয়েছে, বিহারের কাইমুর জেলায় একটি এসইউভি এবং মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভোজপুরি অভিনেত্রী আঁচল তিওয়ারি, সংগীতশিল্পী ছোটু পাণ্ডেসহ আটজন প্রাণ হারিয়েছেন। সিমরান শ্রীবাস্তব নামে এক ভোজপুরি অভিনেত্রীও দুর্ঘটনায় নিহত হন।
মোহনিয়ার ডিএসপি দিলীপ কুমার জানিয়েছেন, সোমবার মৃতদের শনাক্ত করা হয়েছে।
যার মধ্যে রয়েছে ভোজপুরি শিল্পী বিমলেশ পাণ্ডে ওরফে ছোটু পাণ্ডে। অন্য নিহতদের মধ্যে ছিলেন আঁচল তিওয়ারি, সিমরন শ্রীবাস্তব, প্রকাশ রাম, দধিবল সিং, অনু পাণ্ডে, শশী পাণ্ডে, সত্য প্রকাশ মিশ্র এবং বাগিশ পাণ্ডে। এদের মধ্যে বক্সারের বাসিন্দা ভোজপুরি গায়ক ছোটু পাণ্ডে, তার ভাগ্নে অনু পাণ্ডে, গীতিকার সত্য প্রকাশ মিশ্র বৈরাগী, বারানসির বাসিন্দা অভিনেত্রী সিমরন শ্রীবাস্তব এবং আঁচল তিওয়ারি ভোজপুরি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুই নারীসহ আটজনকে বহনকারী একটি গাড়ি প্রথমে মোটরসাইকেলকে ধাক্কা দিতেই এই দুর্ঘটনা ঘটে। এরপর এসইউভি এবং বাইক উভয়ই অন্য লেনে চলে যায়, যেখানে একটি দ্রুতগামী ট্রাক তাদের সঙ্গে এসে ধাক্কা লাগে।
ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালকসহ নয়জন নিহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রাকচালক।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘কাইমুর জেলার মোহানিয়া থানা এলাকায় এনএইচ২-এ দেবকালীর কাছে একটি ভয়ংকর সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আহতদের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
চলারপথে ডেস্ক :
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে উচ্ছ্বাসে মেতেছে রুশকন্যারা। অনূর্ধ্ব-১৭ সাফে চ্যাম্পিয়ন হয়েছে আসরের অতিথি দলটি। ভারতকে ২-০ গোলে হারিয়েছে তারা।
আজ ২৮ মার্চ মঙ্গলবার নেপালের বিপক্ষে ১-১ গোলের সমতা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। দিনের প্রথম ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা ওই সমতা করায় চ্যাম্পিয়ন হওয়ার আশা শেষ হয়।
রাউন্ড রবিন লিগভিত্তিক চার দলের টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন রাশিয়া চার ম্যাচেই জিতেছে। রানার্সআপ বাংলাদেশ দুই জয়, এক ড্র এবং এক হারে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ভারত।
আন্তর্জাতিক ফুটবলে নির্বাসিত রাশিয়া। সেজন্য তাদের সাফে অংশগ্রহণ। টুর্ণামেন্টটি হয়েছে উয়েফার অর্থায়নে। বাংলাদেশে সাফের অতিথি হয়ে এসে বাজিমাত করেছে তারা।
সাফের বয়সভিত্তিক আসরে বাংলাদেশের মেয়েরা কর্তৃত্ব করে খেলে। সাফে নারীদের মূল আসরেও চ্যাম্পিয়ন বাংলাদেশ। কিন্তু ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে পরিচিত রাশিয়ার মেয়েদের বিপক্ষে নিজেদের ম্যাচে ৩-০ গোলে হারে গোলাম রাব্বানি ছোটনের দল। যে কারণে রানার্স আপে শেষ করতে হয়েছে তাদের।