চলারপথে রিপোর্ট :
নবীনগরে জুয়ার আসরে অভিযান চালানোর সময় পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজ ছগির মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ ২৭ জুন মঙ্গলবার বিকেলে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের নান্দুরা গ্রামের তিতাস নদীতে ছগির মিয়ার মরদেহ ভেসে ওঠে। নিহত ছগির উপজেলার এই ইউনিয়নের কুড়িঘর গ্রামের মৃত আবু সালাম মিয়ার ছেলে।
নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বলেন, ২৬ জুন সোমবার মধ্যরাতে উপজেলার কুড়িঘর গ্রামের জাহান ইটভাটার দক্ষিণপাশে কিছু লোক জুয়া খেলছিল। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাই মিয়াসহ তিনজনকে পুলিশ আটক করে নিয়ে যায়। এসময় ছগির মিয়াসহ আরও কয়েকজন পালিয়ে যায়। রাতেই আটক এলাই মিয়ার স্ত্রী ও ছেলে আমাকে আটকের বিষয়টি জানায়।
চেয়ারম্যান আরো বলেন, মঙ্গলবার সকালে নিখোঁজ ছগির মিয়ার এক ভাই আরশ মিয়া জানায়, ছগিরকেও নাকি পুলিশ নিয়ে গেছে। কিন্তু থানায় খবর নিয়ে জানা যায় ছগির মিয়াকে তারা আটক করেনি। সারাদিন বিভিন্ন জায়গায় খোঁজ করেও ছগির মিয়াকে পাওয়া যায়নি। বিকেলের দিকে খবর আসে নান্দুরা গ্রামের পূর্বপাশে তিতাস নদীতে ছগিরের মরদেহ ভেসে উঠছে। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, সোমবার রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়ারিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। এসময় আরো কয়েকজন পালিয়ে গেছে। ছগির মিয়ার মৃত্যু কীভাবে হয়েছে পুলিশ এখনো তা নিশ্চিত নয়। মরদেহ ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ বলা যাবে।
চলারপথে রিপোর্ট :
অস্ত্রসহ শাহাব উদ্দিন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। আজ ২১ জানুয়ারি মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন চারপাড়া গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, বাঙ্গরা এবাদুল করীম উচ্চ বিদ্যালয়ে চুরি হওয়া মালামাল উদ্ধার করতে গিয়ে পুলিশ চারপাড়া গ্রামের শাহাবুদ্দিন বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে দুইটি দেশীয় বন্দুক, চাইনিজ কুড়াল, ১টি তালা কাটার মেশিন, ১টি কম্পিউটারের সিপিও ও স্কুলের ৩টি ল্যাপটপ গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার করে।
বাঙ্গরা মোহাম্মদ এবাদুল করীম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন, ১০ জানুয়ারি শুক্রবার রাতে বিদ্যালয়ের ৪ টি ল্যাপটপ, ১টি প্রজেক্টরসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয় আর এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ৩টি ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার করেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, চারপারা গ্রামে অভিযান চালিয়ে স্কুলের মালামাল ও দুইটি দেশিয় বন্দুকসহ শাহাবুদ্দিন নামের একজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে। মামলা তদন্ত অবস্থায় আমাদের অস্ত্র আইনে আরেকটি মামলা হবে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।
চলারপথে রিপোর্ট :
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যারাই বাংলাদেশকে শাসন করেছে, আমরা দেখেছি তারা বিদেশি আধিপত্যের কাছে মাথা নত করে বাংলার মানুষের অধিকারকে বিকিয়ে দিয়েছে। এদেশের মানুষ মর্যাদা নিয়ে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। উন্নয়নের নামে তারা বাংলাদেশের জনগণকে বোকা বানিয়ে দুর্নীতি করেছে। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
আজ ৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ভারতীয় সংবিধানের মূলনীতিগুলোকে বাংলাদেশের সংবিধানে স্থাপন করার মাধ্যমে বাংলাদেশকে অন্য রাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করার নানা ধরনের আয়োজন চালানো হয়েছে। শাসকের চেহারা পরিবর্তন হয়েছে, শাসক দলের প্রতীক পরিবর্তন হয়েছে কিন্তু বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। দেশের ভাগ্য পরিবর্তন করতে বড় রাজনৈতিক দল লাগে না। অনেক রঙের বাংলাদেশ দেখেছেন। আমরা পণ করেছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমাদের শ্লোগান ‘ধর্ম-বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত’।
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফী সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিন আসাম, খেলাফত মজলিসের নির্বাহী সদস্য খন্দকার মইনুল ইসলাম, ঢাকা মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আজিজ, খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম কাসেমী, খেলাফত মজলিসের উপদেষ্টা আব্দুল কাইয়ুম ফারুকী, জামায়াতে ইসলামীর পৌর সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাশার, মুফতি বেলায়েত উল্লাহ কাসেমী, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মকবুল হোসেন, মাওলানা সানাউল্লাহ, মাওলানা আনোয়ার উল ইসলাম নুরী, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা মতিউর রহমান, মাওলানা মুফতি আলাউদ্দিন, মাওলানা আব্দুল বাছির প্রমুখ।
সমাবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলের প্রার্থী হিসেবে মুফতি আমজাদ হোসাইন আশরাফী এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে আহমদ আলীর নাম ঘোষণা করেন মাওলানা মামুনুল হক।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বজ্রপাতে শ্রাবণ (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
আজ ৪ জুন রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার বিদ্যাকুট হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে। শ্রাবণ বিদ্যাকুট বাজার এলাকার কালাগাজী বাড়ির সোহরাব মিয়ার ছেলে।
নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আক্কাস আলী জানান, দুপুরের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় শ্রাবণ সেলুন থেকে চুল কেটে স্কুলের মাঠ দিয়ে বাড়ি যাচ্ছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক বলেন, বজ্রপাতে তরুণ নিহতের খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে যোগাযোগ করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক অবস্থায় তার পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে।
চলারপথে রিপোর্ট :
ঘোড়ায় চেপে স্বপ্নের রাজপুত্র এসে নিয়ে যাবে রাজকন্যাকে-গল্পকথায় এ উপমার দেখা হর-হামেশাই মেলে। তবে যুগের সঙ্গে পাল্লা দিয়ে এ কালের রাজকন্যাদের বিয়ের গল্পেরও আধুনিকায়ন হয়েছে। এখন রাজকন্যাদের স্বপ্নের রাজপুত্র আর ঘোড়ায় চেপে নয়, আসেন হেলিকপ্টারে চেপে।
এ কালের এমনই এক রাজপুত্রের দেখা মিলল নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের বলদীবাড়ি গ্রামে।
গতকাল ৩১ জুলাই সোমবার দুপুর ২টায় বলদীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসে নামল একটি হেলিকপ্টার। চারপাশে ততক্ষণে বেশ ভিড় জমে উঠেছে। কিছুক্ষণ পর আকাশযান থেকে নেমে আসলেন বরবেশী এক যুবক। পাশেই অপেক্ষা করছিল ফুল দিয়ে সাজানো বিয়ের গাড়ি। তাতে চড়েই রাজকন্যাকে আনতে চললেন স্বপ্নের রাজপুত্র।
জানা গেছে, হেলিকপ্টারে উড়ে আসা বর নবীনগর উপজেলার ভিটিবিষাড়া গ্রামের মো. মানিক মিয়া ও সূচিত্রা বেগম দম্পতির মেঝ ছেলে মো. সুজন মিয়া। আর কনে হলো পার্শ্ববর্তী বলদীবাড়ি গ্রামের মো. হুমায়ুন কবির ও শিক্ষিকা মোসাম্মাৎ স্বপ্না কবিরের একমাত্র মেয়ে হাসনাত কবির সূচি। বিয়ের এই মুহূর্তটি স্বরণীয় করে রাখতে এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করেছেন বর পক্ষ।
বলদীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে হেলিকপ্টারটি যতক্ষণ ছিল, ততক্ষণই চারপাশে ছিল উৎসুকদের ভিড়। হেলিকপ্টারে করে আসা বর দেখার জন্য আশপাশের অনেকেই ভিড় জমান মাঠে। উৎসুকদের ইচ্ছাপূরণ করে বিয়ে শেষে সন্ধ্যার আগেই কনেকে নিয়ে বর ফের চড়লেন হেলিকপ্টারে। বিকট শব্দে আকাশে ওঠে হেলিকপ্টার; আর মেঘের দেশ হয়ে ইট-কাঠ-পাথরের শহরে পাড়ি জমান এ কালের রাজপুত্র আর রাজকন্যা।