অনলাইন ডেস্ক :
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাঁকে পদোন্নতি দিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
আজ ৬ মার্চ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর কবির।
নবীরুল ইসলাম গণপূর্তের বিদায়ি সচিব কাজী ওয়াছি উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন।
চলারপথে রিপোর্ট :
কাশফুল বনের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পাইপগান উদ্ধার করেছে র্যাব। ২ ডিসেম্বর মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর শান্তিনগর এলাকার নতুন ফোর লেন রাস্তার পাশে কাশফুল বনের ঝোপের ভেতর থেকে পাইপগানটি উদ্ধার করা হয়।
আজ ৩ ডিসেম্বর বুধবার দুপুর দেড়টার দিকে র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব এর পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর শান্তিনগর এলাকার নতুন ফোর লেন রাস্তার পাশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাস্তার পাশের কাশফুল বাগানের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পাইপগান উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, উদ্ধার করা পাইপগানটি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।
অনলাইন ডেস্ক :
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া ড. ইউনূসের বিষয়ে বক্তব্য দিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
আজ ৫ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, তার (এমরান আহম্মদ) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি অ্যাটর্নি জেনারেল অফিসের দায়িত্বপ্রাপ্ত একজন ডিএজি (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)। তিনি যদি সাংবাদিকদের সামনে কথা বলেন, তাহলে তাকে হয় পদত্যাগ করে কথা বলা উচিত, অথবা অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিয়ে কথা বলা উচিত। তিনি সেটি করেননি। তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
তাহলে এখন কী হবে- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি আমি দেখব।
গতকাল সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বিচারিক হয়রানির শিকার হচ্ছেন।
তিনি বলেন, ড. ইউনূসের পক্ষে ১৭৫ জন বিদেশি ব্যক্তি বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতাদের মধ্যে বারাক ওবামা, হিলারি ক্লিনটনও রয়েছেন। ওই বিবৃতির বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে পাল্টা বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাকে বিবৃতিতে সই করতে বলা হয়েছে। কিন্তু আমি ইউনূসের বিপক্ষে বিবৃতিতে সই করব না।
এ বক্তব্যের জেরে এরই মধ্যে তাকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
চলারপথে রিপোর্ট :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪-(কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আনিসুল হক বিদেশি সাংবাদিকদের প্রতি বিষোদগার করেছেন।
আজ ২৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পশ্চিম ইউনিয়নের আকছিনা বাজার মাঠে নির্বাচনী গণসংযোগ শেষে আয়োজিত এক নির্বাচনী সভায় বিএনপি’র প্রতি ইঙ্গিত করে তাদের কাছ থেকে বিদেশি সাংবাদিকরা টাকা নিয়ে চিঠি লিখছে বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘খাইয়া দাইয়া কোনো কাজ নাই। এখন খবর পাইলাম একজন সাংবাদিক সে চিঠি লিখতাছে কার আত্মীয়কে নির্যাতন করা হইছিলো। যখন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের ধরে ধরে হত্যা করতে ছিলো এই সাহেবরা তখন কোথায় ছিলো। তখনতো তারা চিঠি লেখে নাই। আজকে পয়সার বিনিময়ে বিদেশি সাংবাদিক সাহেবরা এখন চিঠি লিখতেছে। যাতে নিজেরা দুই পয়সা আয় করতে পারে যারা লুট করে নিয়ে গেছে তাদের কাছ থেকে।
গতকাল বৃহস্পতিবার থেকে নির্বাচনী এলাকায় টানা নয়দিনের প্রচারণায় নেমেছেন আইনমন্ত্রী। তবে তার বিরুদ্ধে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বি নেই। যে দু’জন প্রার্থী তার বিরুদ্ধে লড়ছেন তাদেরকে কিংবা তাদের দলকে সেভাবে চিনেওনা এলাকার মানুষ।
জনসভায় মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশ আগে ছিলো মিসকিনের দেশ। আগে ছিলো তলাবিহীন ঝুড়ি। আজকে জননেত্রী শেখ হাসিনা সেটাকে করেছেন সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল। আপনাদের জন্য সম্মান এনে দিয়েছেন, মর্যাদা এনে দিয়েছেন। আজকের এই ধারাবাহিতকা বজায় রাখতে হবে বলেই ভোটের প্রয়োজন।’
তিনি অভিযোগের সুরে বলেন,‘যখনই ভোট করতে যাই বিএনপি-জামাত বলে আমরা করবো না। তার কারণ হচ্ছে তারা বাংলাদেশের উন্নয়ন উন্নতি চায় না। বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকুক চায় না। তারা এসছে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য। সারাবিশ্বে তারা এখন টাকা ছড়াইতেছে। আর বাংলাদেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। আমি আপনাদের সামনে পরিস্কার বলে দিতে চাই বাংলাদেশের ভবিষ্যত নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। বাংলাদেশের ভুখন্ডে কেউ অপরাধ করলে বাংলাদেশের আইনেই তার বিচার করা হবে।
এ সময় কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এমজি হাক্কানি সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী দিনভর গণসংযোগের পাশাপাশি একাধিক নির্বাচনী সভায় যোগ দেন।
চলারপথে রিপোর্ট :
লালমনিরহাটের কালীগঞ্জের দক্ষিণ দলগ্রাম এলাকায় সাপের কামড়ে ৯ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ ১১ অক্টোবর বুধবার সকালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জানা গেছে, রাতে খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের ন্যায় পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ে সুমি আক্তার (১৪)। পরে রাত সাড়ে এগারোটার দিকে বিষধর সাপ ডান হাতের আঙুলে কামড় দেয়। পরিবারের লোকজন জানতে পেরে প্রথমে ঝাড়ফুঁক করে। পরে তার অবস্থার অবনতি হলে সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত সুমি আক্তার চাপারহাট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চলারপথে রিপোর্ট :
ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ। ৪৭ বছর আগে ১৯৭৬ সালের এই দিনে (১৬ মে) মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ভারত নির্মিত ফারাক্কা বাঁধের প্রতিবাদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ফারাক্কা অভিমুখে লাখো জনতার লংমার্চ অনুষ্ঠিত হয়। লংমার্চ শেষে কানসাট হাইস্কুল মাঠে বিশাল সমাবেশে বক্তব্য দেন মওলানা ভাসানী। সেই থেকে ১৬ মে ফারাক্কা দিবস নামে পরিচিতি লাভ করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৮ কিলোমিটার উজানে ১৯৭৫ সালে ভারত ফারাক্কা বাঁধ উদ্বোধন করে। এর প্রতিবাদে মওলানা ভাসানীর লংমার্চ আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে সাড়া ফেলে। সে সময় চুক্তি অনুযায়ী, পানির ন্যায্য হিস্যার দাবি পূরণ না হওয়ায় মরূকরণের দিকে যাচ্ছিল বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল। যদিও সে অবস্থার এখনও পরিবর্তন হয়নি।
১৯৯৬ সালে ভারত-বাংলাদেশের ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তি অনুযায়ী খরা মৌসুমে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বাংলাদেশকে ৩৫ হাজার কিউসেক পানি দেওয়ার কথা। কিন্তু বাংলাদেশ সে পানি পায়নি।
পাউবোর কয়েকজন কর্মকর্তা বলেন, এ বছর উজানে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত হওয়ায় পদ্মা নদীতে পানি বেড়েছে। পরিবেশবিদ ও সরকারি এডওয়ার্ড কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শাহনেওয়াজ সালাম বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য এখনও হুমকির মুখে। এসব থেকে রক্ষা পেতে নতুন করে গঙ্গার পানি বণ্টন চুক্তি হওয়া দরকার।
এদিকে ফারাক্কা দিবস উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক ফারাক্কা দিবস যে কোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে বলে উল্লেখ করেন তিনি।