চলারপথে রিপোর্ট :
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় দ্রব্যমূল্যের বাজার মনিটরিং বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১১ মার্চ সোমবার বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার।
বক্তারা রমজানে বাজার মনিটরিং করার জন্য একটি মনিটরিং সেল গঠন করার প্রস্তাব করেন। বাজারমূল্য তদারকিতে মাঝে মাঝে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার কথা বলেন। জনসাধারণের চলাচলের সুবিধার্থে বাজার জানজট মুক্ত রাখার আহবান জানান। ব্যবসায়ীদেরকে অতিরিক্ত মুনাফা না করার আহবান জানানো হহয়। ক্রেতা সাধারণকেও প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পণ্য না কেনার অনুরোধ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, আখাউড়া থানার ওসি মোঃ নূরে আলম, সড়ক বাজার ব্যবসায়ী কমিটির সহ সভাপতি মোঃ হুমায়ুন কবির খোকা, কারিমা চাইনিজ রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী আব্দুল মমিন বাবুল, মোগড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ সেকান্দার প্রমুখ।
চলারপথে রিপোর্ট :
দীর্ঘ ৫ মাস বাংলাদেশে বাংলাদেশে আটক থাকার পর দেশে ফিরেছে তিন ভারতীয় নাগরিক।
আজ ২৯ মার্চ বুধবার বেলা ১১টার সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদেরকে ফেরত দেয় জেল পুলিশ ও ইমিগ্রেশন পুলিশ। এর আগে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ওই তিন ভারতীয় নাগরিক আটক হয়।
ভারতীয় নাগরিকরা হলেন ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানার দেবীপুর এলাকার রামু দেববর্মা, সুনীল দেববর্মা ও স্বপন দেববর্মা।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, গত বছরের ৮ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সীমন্ত দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশকালে বিজিবি তাদেরকে আটক করে কসবা থানায় হস্তান্তর করেন। পরবর্তীতে আদালতে প্রেরন করলে অনুপ্রবেশের দায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা আর্থিক জরিমানা করা হয়।
এরপর থেকে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে চিঠিপত্র আদান-প্রদানের মাধ্যমে আইনি পক্রিয়া শেষে দীর্ঘ ৫ মাস পর তাদেরকে আজ ভারতে ত্রিপুরায় ফিরত পাঠানো হয়।
প্রত্যাবাসনের সময় চেকপোস্ট শূন্য রেখায় উপস্থিত ছিলেন, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস, এএসআই দেওয়ান মোর্শেদুল হক, ভারতের আগরতলা পশ্চিম থানার এএসআই মিলন দেববর্মাসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় সারা দেশের ন্যায় এসএসসি ও সমমানের পরীক্ষা আজ ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৫ টি কেন্দ্রে এসএসসি, ১ টি কেন্দ্রে দাখিল ও ১ টি কেন্দ্রে ভোকেশনাল কারিগরি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় ২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, প্রথম দিনের এসএসসির বাংলা পরীক্ষার্থী ছিল ১ হাজার ২৫২ জন, অনুপস্থিত ছিল ১০ জন, দাখিলে কোরআন মজিদ বিষয়ের পরীক্ষার্থী ছিল ৩২০ জন, অনুপস্থিত ১৩ জন এবং ভোকেশনাল পরীক্ষায় ৬৬ জনের মধ্যে ১ জন অনুপস্থিত ছিল।
আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেঃ আবুল হোসেন বলেন নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি সমমান প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সার্ভার জটিলতায় দুর্ভোগে পড়েছে পর্যটকরা। আজ ৮ জুন বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে ইমিগ্রেশনে সার্ভার জটিলাতা শুরু হলে ভারত- বাংলাদেশগামী শত শত যাত্রী আটকে পরে। এতে নারী শিশু সহ রোগীরা বেশি কস্ট করে। বেলা ১টার দিকে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতিতে বিমান যাত্রী এবং রোগীদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, সার্ভার বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ভারত ও বাংলাদেশ গামী যাত্রীদের ভোগান্তিতে পরতে হয়। তীব্র গরমের অতিষ্ঠ হয়ে পরে যাত্রীরা। ইমিগ্রেশন এলাকাটি ছোট হওয়ায় ও বসার মত পর্যাপ্ত জায়গা না থাকায় শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বিমান ও ট্টেনের টিকেট কাটা ও ভারতে চিকিৎসা নিতে যাওয়া যাত্রীদের বিপদে পড়েছে।
ভারতে চিকিৎসা নিতে যাওয়া ভৈরবের সোহাগ বলেন, আমি সকাল ৮ টার সময় আখাউড়া ইমিগ্রেশনে এসে দাঁড়িয়েছি। এখন পর্যন্ত ইমিগ্রেশন শেষ করতে পারি নাই । আমি আমার ভাবিকে নিয়ে চেন্নাই চিকিৎসার জন্য যাব, আমার বিমানের ফ্লাইট দুপুর ১টায়। আমাদের ফ্লাইট সময় মতে ধরতে না পারলে এই দায়বার কে নিবে।
ভারত থেকে চিকিৎসা শেষ করে আসা আরেক যাত্রী সূবর্ণা শর্মা বলেন, আমি ভারতের চেন্নাই থেকে একটি গুরুত্বপূর্ণ অপারেশন শেষ করে সকালে বাংলাদেশে এসেছি। দুপুর ১২ টা বাজে এখনো ইমিগ্রেশন সম্পূর্ণ করতে পারেনি, অসুস্থ শরীর নিয়ে এই গরমের মধ্যে বসে আছি। আরো কতক্ষণ অপেক্ষা করতে হয় জানি না।
এ বিষয়ে আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া বলেন, সকাল থেকে আমাদের সার্ভার কার্যক্রম বন্ধ রয়েছে ।
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতা কাপ মহিলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। গভ. মডেল গার্লস উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে খেলো বাংলাদেশে স্পোর্টস সোসাইটি ও ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। খেলো বাংলাদেশে স্পোর্টস সোসাইটি’র প্রধান উপদেষ্টা আ. ফ. ম কাউসার এমরানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন। বিশেষ অতিথি ছিলেন, গভ. মডেল গার্লস স্কুলের প্রধান শিক্ষক পারভীন আক্তার, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, প্রেসক্লাবের সাবেক আইসিটি সম্পাদক মুজিবুর রহমান খান, ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ এর সভাপতি করবী চক্রবর্তী, সাধারন সম্পাদক সঞ্জয় দাস। সুষ্মিতা সাহার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন খেলো বাংলাদেশে স্পোর্টস সোসাইটির সাধারন সম্পাদক শিশির সিকদার।

ব্যাডমিন্টন খেলায় এককে রূপালী চ্যাম্পিয়ন, অনিতা রানার আপ হন। দ্বৈতে রূপালী ও নন্দিনি চ্যাম্পিয়ন এবং জান্নাত ও লিটা রানার আপ হন। এককে ম্যান অব দ্যা ম্যাচ রূপালী ও দ্বৈতে জান্নাত। অতিথিরা খেলোয়ারড়দের হাতে নগদ টাকা ও ক্রেস্ট তুলে দেন।
এ সময় বক্তারা বলেন, ‘খেলো স্পোর্টস সোসাইটি নারীদের নিয়ে ক্রিকেট, ব্যাডমিন্টন খেলার মতো যেসব আয়োজন করছে সত্যিই প্রশংসনীয়। নারীদেরকে এগিয়ে নিতে হলে আমাদেরকে সুযোগ করে দিতে হবে। নারীরা এখন সমানতালে এগিয়ে চলছে’।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ২১ এপ্রিল রবিবার বিকাল ৪ টায় নির্বাচন অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
২য় ধাপের তফসিলে আগামী ২১ মে আখাউড়া উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও ২ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। মনোনয়ন দাখিল করা প্রার্থীরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
আখাউড়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল কাসেম ভূঁইয়া, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, বর্তমান ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভূঁইয়া, মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানী (ফেরদৌস), ধরখার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাছির মোঃ আরিফুল হক।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, মোঃ জুয়েল রানা, মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাজিদুল ইসলাম ওরফে মিন্টু মৃধা ও গোলাম মোস্তফা।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার পিওনা, রোকসানা আক্তার, তানজিনা আক্তার ও মনিয়ন্দ ইউপির সাবেক মেম্বার বিনা আক্তার।
আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি, জাতীয় পার্টি বা অন্য কোন পার্টির নেতাকর্মী মনোনয়ন দাখিল করেননি।
আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমেদ শিকার বলেন, গতকাল মনোনয়ন দাখিলের শেষ দিন বিকাল ৪টা পর্যন্ত ১৪ জন মনোননয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২১ মে আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।