চলারপথে রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় দিগন্ত পরিবহনের বাসের ধাক্কায় সাইমন (৫) নামে একটি শিশু নিহত হয়েছে।
আজ ১৮ মার্চ সোমবার সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার ছতুরা শরীফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইমন উপজেলার ছতুরা শরীফ গ্রামের উত্তর পাড়ার ইউনুস মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন মোল্লা বলেন, সাইমন সকালে বাড়ির কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় কসবার কুটি থেকে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলীগামী দিগন্ত পরিবহনের একটি বাস শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘাতক বাসটি জব্দ করে থানায় নেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়৷
চলারপথে রিপোর্ট :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দরে চারদিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৬ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ব্যবসায়িক ছুটি ঘোষণা করায় এ সময় আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম বুধবার সকালে জানান, ১৬ জুন রবিবার থেকে ১৯ জুন বুধবার নাগাদ বন্দরে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।
বিষয়টি দু’দেশের ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
পানিতে ডুবে তসিব মিয়া নামের দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ ৫ মার্চ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামে এ ঘটনা ঘটে। তসিব এই গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে।
মোগড়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার তাসলিমা আক্তার এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনিসহ স্থানীয়রা জানান, সবার অজানতে তসিব বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে দুপুরে শিশুর লাশ পুকুরের পানিতে ভেসে উঠে। লাশ উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় এক ইট ভাটাকে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ৩ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার মোগড়া এলাকায় মেসার্স তিতাস ব্রিকস (সুরমা) কে এ জরিমানা ও সিলগালা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদফতরের সহকারী প?রিচালক বিসল চক্রবর্ত্তী, আখাউড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিল ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক বিসল চক্রবর্ত্তী জানান, জেলার আখাউড়া উপজেলায় বিভিন্ন ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুপুরে আখাউড়া উপজেলার মোগড়া এলাকায় মেসার্স তিতাস ব্রিকস (সুরমা) দেখা যায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও ইট ভাটার জন্য অবৈধ ভাবে মাটি এনে ইট ভাটা পরিচালনা করে আসছিলো। পরে অবৈধভাবে ইট ভাটায় ইট প্রস্তুত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে মেসার্স তিতাস ব্রিকস (সুরমা) কে দুটি মামলায় ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি ইট ভাটাটি অবৈধ হওয়ায় আংশিক গুড়িয়ে দেয়া হয় এবং ইট ভাটার সব কার্যক্রম বন্ধ করে ভাটাটি সিলগালা করা হয়। অভিযানে আরো ২টি ইট ভাটার মালিককে সরকারি আইন মেনে ইট ভাটা পরিচালার বিষয়ে সতর্ক করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
চলারপথে রিপোর্ট :
হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় আখাউড়া-আগরতলা চেকপোস্টের (নোম্যান্সল্যান্ড) শূন্য রেখায় সৌজন্য সাক্ষাতে মিলিত হয় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর চেকপোস্ট ক্যাম্প কমান্ডারদ্বয়।
এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা আইসিপি বিএসএফ ক্যাম্প কমান্ডার মো. জাবেদ সশীলের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন আখাউড়া চেকপোস্ট ৬০ ব্যাটালিয়নের বিজিবি ক্যাম্প কমান্ডার মো. শাহ আলম। এ ছাড়া দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডাররা কুশল বিনিময় করেন। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা উপস্থিত ছিলেন।
বিজিবি ক্যাম্প কমান্ডার মো. শাহ আলম বলেন, সৌহাদ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে প্রতিবছর শারদীয় দুর্গোৎসবে একে অপরকে মিষ্টি বিতরণ করে আসছে বিজিবি ও বিএসএফ। এতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরো সুদৃঢ় হবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে মো. মনির হোসেন চেয়ারম্যান এবং শাহাব উদ্দিন বেগ শাপলু ও মোছা. রোকসানা আক্তার বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোটগ্রহণ শেষে সহকারী রিটানিং কর্মকর্তা ও আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার রাতে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় সবাই নতুন। মো. মনির হোসেন মোগড়া ইউনিয়ন পরিষদের তিন বারের সাবেক চেয়ারম্যান ছিলেন। শাহাব উদ্দিন বেগ শাপলু উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি এবং রোকসানা আক্তার যুব মহিলালীগ নেত্রী।
ঘোষিত ফলাফল অনুযায়ী মো. মনির হোসেন (ঘোড়া) প্রতীকে ২৮ হাজার ৩০৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সাহাব উদ্দিন বেগ শাপলু (মাইক) প্রতীকে ১৫ হাজার ৫৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান এবং মোছা. রোকসানা আক্তার (কলস) প্রতীক নিয়ে ২০ হাজার ২০৫ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।