চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেছেন-জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। শেখা এবং জানার মধ্যে দিয়ে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার জনগোষ্ঠিকেও আমরা এমন ভাবে দেখতে চাই যারা দেশে এবং আন্তর্জাতিকভাবে নানা ক্ষেত্রে নিজের যোগ্যতার প্রমাণ রাখতে পারেন। বিশ্বে বাংলাদেশকে চেনে মারামারি, কাটাকাটি, দুর্ণীতি-লুটপাটের কারনে। একটা ভালো কোন জায়গায় আমাদের নাম নেই। ক্রীড়া বা অন্য যেকোন ব্যাপারেই বলি বাংলাদেশের চেয়ে অনেক ছোট দেশ আন্তর্জাতিকভাবে ভালো অবদান রাখছে।
আজ ১ নভেম্বর শুক্রবার জাতীয় যুব দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা,যুব ঋনের চেক-সনদপত্র এবং শ্রেষ্ঠ যুব সংগঠন ও আত্মকর্মী সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যােগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: সাইফুল ইসলাম।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মনজুর রহমান,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার আশরাফুর রহমান,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, সাবেক সভাপতি মো: আরজু মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: আমীর আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উদ্যােক্তা আবু হানিফ তালুকদার, নাঈমা আক্তার উর্মি,আফসানা আক্তার, সাদ্দাম হোসেন, পান্না বেগম এবং ছাত্র প্রতিনিধি বায়েজিদুর রহমান সিয়াম ও মেহেরুন্নেছা মুনিয়া প্রমুখ।
চলারপথে রিপোর্ট :
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও পেট্রোবাংলা (বাংলাদেশ ওয়েল, গ্যাস এন্ড মিনারেল কর্পোরেশন) এর মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে।
আজ ২৭ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার এই চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন – ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী এবং পেট্রোবাংলার সচিব রুচিরা ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) একেএম সাহেদ হোসেন ও হেড অব কর্পোরেট নিতা চক্রবর্ত্তী, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) আমিনুল ইসলাম সুমন এবং পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (পরিকল্পনা কৌশল ও রিসোর্সেস মবিলাইজেশন) প্রকৌ. বিশ্বজিৎ সাহা ও উপ মহাব্যবস্থাপক (মেডিকেল) ডাঃ আম্বিয়া খাতুন।
চুক্তির আওতায় পেট্রোবাংলার সকল কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এছাড়াও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান লেনিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ৩০ অক্টোবর বুধবার দিবাগত রাত ২টার দিকে পৌর এলাকার ছয়বাড়িয়া থেকে লেনিন গ্রেফতার হয়।
আজ ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
লেলিন শহরের কাজীপাড়া এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লেনিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২টি হত্যা মামলা ও একটি নাশকতা মামলা রয়েছে। এছাড়াও তাহার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
চলারপথে রিপোর্ট :
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা (৮৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১৫ জানুয়ারি বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতাল ও পুলিশের তথ্যসূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি নজরুল নামের একব্যক্তি অজ্ঞাত বৃদ্ধকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মেডিসিন বিভাগে ভর্তি করেন। প্রায়ই ১০ দিন চিকিৎসার পর ওই অজ্ঞাত বৃদ্ধ বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফ্ফর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত বৃদ্ধ মারা গেছে। বৃদ্ধের পরিবারের কোনো খোঁজখবর মেলেনি।
তিনি আরো জানান, ওই বৃদ্ধের লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্ত না হলে লাশটি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর দাফন করবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির তিন নেতাকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুলসহ দুইজনকে আসামি করা হয়েছে।
আজ ১৮ ডিসেম্বর বুধবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বাদী হয়ে সদর থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ৫-৬জনকে আসামি করা হয়েছে। মফিজুর রহমান বাবুল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। মামলায় তার পিয়ন সাদ্দাম হোসেনকে (৩৭) আসামি করা হয়েছে।
মামলার বাদী আতাউল্লাহ বিজয়নগর উপজেলার সিঙ্গার বিল গ্রামের বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাংগঠনিক কাজে গত রোববার নাসিরনগর উপজেলায় যান আতাউল্লাহ। সেখানে গিয়ে জানতে পারেন নাসিরনগর উপজেলা সংগঠক আসাদুজ্জামান খোকনকে একটি মামলায় গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠায় পুলিশ। জাতীয় নাগরিক কমিটির জেলার সংগঠক মামলার এক নম্বর সাক্ষী জিহান মাহমুদ ও ২ নম্বর সাক্ষী সদর উপজেলার সংগঠক হাসান নাসিমুল আদালতের কাজ শেষ করেন। আতাউল্লাহর পূর্ব পরিচিত ফয়েজ মিয়া পরিচয় করে দিবে বলে তাদেরকে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে নিয়ে যান। নাগরিক কমিটির নেতা পরিচয় দেয়ার সাথে সাথে মফিজুর রহমানের প্ররোচনায় ও হুকুমে বাতি ও দরজা বন্ধ তাদেরকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করা হয়। অজ্ঞাতনামা আসামিরা মারধর করে তাদের টাকা-পয়সা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সুপার, সেনাবাহিনী এবং তাদের কিছু সহযোদ্ধা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া নিয়ে চিকিৎসা দেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন বলেন, নাগরিক কমিটির নেতা বাদী হয়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ দুইজনের নামসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে মামলা দিয়েছেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব মেড্ডায় মাহবুবুর রহমান খান টিটু (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পূর্ব মেড্ডার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাহবুবুর রহমান পূর্ব মেড্ডা এলাকায় নিজ বাড়িতে একা বসবাস করতেন। গত ২৭ অক্টোবর সর্বশেষ তিনি বোনের সাথে মোবাইল ফোনে কথা বলেন। আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার তার বোন খবর নিতে ওই বাড়িতে আসেন।
প্রতিবেশিরা জানান, ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এ অবস্থায় পুলিশকে খবর দিলে ওই ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াসিম জানান, ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে ওই ব্যক্তি মারা গেছেন। মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।