অনলাইন ডেস্ক :
যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবিসির ঢাকা ব্যুরোর সাংবাদিক আকবর হোসেন মজুমদারকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগের ব্যাপারে আজ ২৪ নভেম্বর রবিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। তার নিয়োগের মেয়াদ চাকরিতে যোগদানের তারিখ হতে দুই বছর বলে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
অনলাইন ডেস্ক :
নাসার ডাইভারসিটি, ইকুইটি এবং ইনক্লুশন (ডিইআই) বিভাগের প্রধান, ভারতীয় বংশোদ্ভূত নীলা রাজেন্দ্রকে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশ অনুসারে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যার আওতায় যুক্তরাষ্ট্রজুড়ে এ ধরনের কর্মসূচি ও সংশ্লিষ্ট কর্মীদের ছাঁটাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির (জেপিএল) পক্ষ থেকে গত সপ্তাহে কর্মীদের এক ই-মেইল পাঠিয়ে জানানো হয়, নীলা রাজেন্দ্র এখন আর জেপিএল-এ কর্মরত নন। আমাদের প্রতিষ্ঠানে তার অবদান ছিল গভীর ও স্থায়ী। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। এই বার্তাটি পাঠিয়েছেন জেপিএল-এর পরিচালক লরি লেশিন।
নীলা রাজেন্দ্রের চাকরি হারানোর ঘটনা হঠাৎ শোনালেও এর পেছনে রয়েছে দীর্ঘ টানাপোড়েন। ডিইআই কার্যক্রম বন্ধের অংশ হিসেবে যখন নাসা বড় পরিসরে কর্মী ছাঁটাই শুরু করে, প্রায় ৯০০ জনের চাকরি যায়। কিন্তু নীলার পদটি তখনও অক্ষত ছিল, কারণ তার পদবি বদল করে তাকে রাখা হয়েছিল নতুন একটি বিভাগে, যদিও কাজের ধরন ছিল আগের মতোই। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি। ২০২৪ সালের মার্চে ডিইআই কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয় নাসা এবং এবার নীলা রাজেন্দ্রকেও ছাড়তে হলো তার প্রিয় কর্মস্থল।
নির্বাহী আদেশে উল্লেখ করা হয়েছে, ডিইআই প্রোগ্রামগুলো নাকি জাতি, লিঙ্গ ও বর্ণের ভিত্তিতে বিভাজন তৈরি করেছে, করদাতাদের অর্থের অপচয় ঘটিয়েছে এবং লজ্জাজনক বৈষম্যের জন্ম দিয়েছে। সেই ব্যাখ্যার ওপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফেডারেল সংস্থা থেকে একে একে এমন কর্মসূচি তুলে নেওয়া হচ্ছে।
সূত্র : এনডিটিভি
অনলাইন ডেস্ক :
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শুক্রবার যুক্তরাষ্ট্রের অধীনস্থ ক্যারিবিয়ান দ্বীপ পুয়ের্তো রিকোতে জুমার নামাজ আদায় করেছেন। রাজধানী সান জুয়ানের একটি মসজিদে গিয়ে তিনি মুসল্লিদের সাথে নামাজে অংশ নেন। মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উচ্ছ্বাসের সাথে স্বাগত জানান।
খুতবার পর ৩৪ বছর বয়সি এই নেতা সাধারণ মুসল্লিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন। নামাজ শেষে তাকে মানুষের মাঝে খাবার বিতরণ করতেও দেখা যায়।
জোহরান মামদানি মাত্র দুই দিন আগে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পান। তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। এই নির্বাচনে দুই মিলিয়নেরও বেশি ভোট পড়ে, যা শহরের ইতিহাসে রেকর্ড।
৬ নভেম্বর বৃহস্পতিবার তিনি পুয়ের্তো রিকো সফরে যান বার্ষিক ‘সোমোস কনফারেন্স’-এ অংশ নিতে। সান জুয়ানে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রতি বছর নিউইয়র্কের রাজনীতিক, নীতিনির্ধারক ও লবিস্টরা একত্রিত হন। সম্মেলনে বিভিন্ন কর্মশালা ও আলোচনার পাশাপাশি অনানুষ্ঠানিকভাবে মতবিনিময়ের সুযোগও থাকে।
নির্বাচনের পর এটি জোহরান মামদানির প্রথম বড় রাজনৈতিক সফর। সম্মেলনে তিনি তার প্রশাসনের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। এই সফরে তিনি তার একটি টিম নিয়ে অংশ নিচ্ছেন এবং ইতোমধ্যে সিটি হলে প্রশাসন গঠনের জন্য একটি ট্রানজিশন টিম গঠন করেছেন।
সম্মেলনে তিনি নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের আয়োজিত এক সংবর্ধনায়ও যোগ দেবেন। লেটিটিয়া জেমস ছিলেন মামদানির নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান সমর্থক।
অনলাইন ডেস্ক :
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি সফরের সময় তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি আদেশ কার্যকর করতে ব্যর্থ হয়েছে হাঙ্গেরি। আর সে কারণেই আইসিসি হাঙ্গেরির বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা শুরু করেছে।
গতকাল বুধবার আদালত রোম সংবিধির ৮৭(৭) ধারা চালু করেছে। এই চুক্তি মাধ্যমেই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল। এই বিধান আদালতকে অসহযোগী রাষ্ট্রগুলিকে অ্যাসেম্বলি অফ স্টেটস পার্টিস বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর অনুমতি দেয়।
৩-৬ এপ্রিল বুদাপেস্টে ইসরায়েলি সরকারের সফরকালে গাজা গণহত্যার অংশ হিসেবে সংঘটিত যুদ্ধাপরাধের জন্য আদালত কর্তৃক ওয়ান্টেড নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে হাঙ্গেরির অস্বীকৃতি জানায়। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তার প্রতিক্রিয়া হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মেনে চলতে হাঙ্গেরির ব্যর্থতার কারণে এর আগে ট্রাইব্যুনাল রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে তার বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য দেশটিকে আনুষ্ঠানিকভাবে নিন্দা করতে বাধ্য করেছিল।
বিশিষ্ট মানবাধিকার আইনজীবী এবং জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফর হিউম্যান রাইটস-এর নিউইয়র্ক অফিসের সাবেক পরিচালক ক্রেগ মোখিবার, এক্স-এ এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি লিখেছেন, পলাতক নেতানিয়াহুর হাঙ্গেরি সফরকালে তাকে গ্রেপ্তারের জন্য আইসিসির অনুরোধে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) হাঙ্গেরির বিরুদ্ধে ৮৭(৭) ধারার কার্যক্রম শুরু করেছে।
গত নভেম্বরে নেতানিয়াহু এবং তার সামরিক বিষয়ক মন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। সূত্র: প্রেস টিভি
অনলাইন ডেস্ক :
বাংলাদেশে স্টারলিংক সফলভাবে চালু করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। এ সময় তিনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন বিষয়ে ভূয়সী প্রশংসা করেন। আজ ১৮ জুলাই শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রশংসা করেন।
স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বলেন, আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। আমরা এত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ আগে কখনো দেখিনি। স্পেসএক্স-এর সব সহকর্মীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আমরা আপনার লোকজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।
প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের জন্য ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এখন বর্ষাকাল, দেশের এক মনোরম সময়। সুন্দর পরিবেশ। চারদিকে সবুজ আর পানি। কিন্তু বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতির বাস্তবতাও আছে। সেজন্য আমাদের ভালো কানেক্টিভিটির স্বার্থে নির্ভরযোগ্য প্রযুক্তির প্রয়োজন। আমাদের পার্বত্য অঞ্চলের দূরবর্তী এলাকাগুলোতে উন্নত কানেক্টিভিটির বিশেষ প্রয়োজন। এসব অঞ্চলে ভালো স্কুল শিক্ষক ও ডাক্তার নেই। আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছি, যা বিচ্ছিন্ন এলাকার শিক্ষার্থীদের উপকারে আসবে।
অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা ডিজিটাল স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছি, যাতে দূরবর্তী এলাকার মানুষ অনলাইনে চিকিৎসকদের পরামর্শ নিতে পারে। তাদের চিকিৎসার ইতিহাস ডিজিটালি সংরক্ষিত থাকবে, এর ফলে ভবিষ্যতে পরামর্শ দেওয়া সহজ হবে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটি প্রেগনেন্সি পিরিয়ডে খুব কার্যকর ভূমিকা রাখে। নারীদের এ সময় ডাক্তারের কাছে যাওয়ার জন্য আরেকজন সহযোগীর প্রয়োজন হয়। ডিজিটাল হেলথ সেবা হলে তারা ঘরে বসেই ডাক্তার দেখাতে পারবেন।
অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, প্রবাসী বাংলাদেশিরাও ডিজিটাল হেলথ সেবা থেকে উপকৃত হবেন। প্রবাসীরা ভাষার কারণে অনেক সময় ডাক্তারের কাছে যেতে অস্বস্তিতে ভোগেন। কী বলবেন-এটা নিয়ে ভাবেন। তবে ডিজিটাল হেলথ সেবা হয়ে গেলে বিদেশ থেকেই বাংলাদেশের ডাক্তারের সাথে তারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে পরামর্শের জন্য কথা বলতে পারবেন।
প্রধান উপদেষ্টা লরেন ড্রেয়ারের উদ্দেশে বলেন, আমরা এখানে ছোট ছোট যে উদ্যোগ নিচ্ছি, আপনারা এগুলোকে বৈশ্বিক পরিসরে নিয়ে যেতে পারেন।
লরেন ড্রেয়ার অধ্যাপক ইউনূসের আইডিয়ার প্রশংসা করেন। তিনি বলেন, ‘আপনি যে দৃষ্টান্ত তৈরি করছেন, তা নিয়ে অন্য নেতাদের সঙ্গে আমরা কথা বলতে পারি। আমরা বলবো-অধ্যাপক ইউনূস যদি নিজের দেশে এগুলো করতে পারেন, তাহলে আপনারাও আপনার দেশে করতে পারেন।’
তিনি দুর্নীতির বিরুদ্ধে অধ্যাপক ইউনূসের প্রচেষ্টার প্রশংসা করেন।
স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট বলেন, সরকারি সেবাগুলো দেশের মানুষের কাছে পৌঁছে দিতে আপনি যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আমি প্রায়ই বিভিন্ন দেশে ভ্রমণ করি, তাই জানি দুর্নীতি কীভাবে একটি গুরুতর সমস্যা হতে পারে। প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ এবং সুশাসন নিশ্চিত করা একটি অর্থবহ দৃষ্টিভঙ্গি।
বৈঠকে স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালট্যান্ট রিচার্ড গ্রিফিথস, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক :
অস্ট্রেলিয়ার রেইনবো উপসাগরের গোল্ড কোস্ট সৈকতে পোষা অজগর নিয়ে সার্ফিং করায় এক ব্যক্তিকে ১ হাজার ৪৯৫ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। দেশটির বন্য প্রাণী কর্তৃপক্ষ এই জরিমানা করেছে। সূত্র : বিবিসি
ওই ব্যক্তির নাম হিগর ফিউজা। কুইন্সল্যান্ডের পরিবেশ ও বিজ্ঞান বিভাগ তদন্ত শেষে চলতি সপ্তাহে তাকে এই জরিমানা করেছে।
এই মাসের শুরুতে ফিউজা তার পোষা ‘শিবা’ নামের ব্রেডলি কার্পেট পাইথন প্রজাতির সাপের সঙ্গে সার্ফিং করেন। তাদের সেই সার্ফিং করার একটি ভিডিও ভাইরাল হয়।
বন্য প্রাণী কর্মকর্তা জোনাথন ম্যাকডোনাল্ড এক বিবৃতিতে বলেন, জনসমক্ষে নিয়ে যাওয়ায় অজগরটি আতঙ্কিত হয়ে মানুষের ক্ষতি করতে পারত। এ ছাড়া এ ধরনের ঘটনা জনসাধারণের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে।
তবে ফিউজা রাষ্ট্রায়ত্ত টেলিভিশন অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে বলেন, তিনি এর আগেও তার পোষা অজগরের সঙ্গে অন্তত ১০ বার সার্ফ করেছেন। অজগরটি পানিতে সাঁতার কাটতে ও সার্ফিং করতে পছন্দ করে।