চলারপথে রিপোর্ট :
দেশের সবকিছু সংস্কারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
২৭ নভেম্বর বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি অন্তর্বর্তী সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করছে। কারণ বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব দেশ ও জাতিকে রক্ষা করা। এজন্য বিএনপি সেই দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, দেশের মানুষ এখন নির্বাচন চায়। তাই এই সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে আর বিলম্ব করা যাবেনা। নির্বাচন বিলম্ব করে শেখ হাসিনার মত ষড়যন্ত্র করার পায়তারা করতে বিএনপি দিবে না। দেশে যেই সংস্কার প্রয়োজন তা জনগনের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা করবে। সবকিছু সংস্কারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে দেয়া হয়নি। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার! জনতার আবরণে ছিলো বিএনপি। বিএনপি ছাত্রদের সবকিছু দিয়ে সহায়তা করেছে। ছাত্ররা একপর্যায়ে মাঠে যখন নিয়ন্ত্রণ করতে পারছিল না, তখন বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পেছনে মূল ভূমিকা পালন করেছে বিএনপি। সেদিন শেখ হাসিনা যদি না পালাতো তাহলে তাকে রাজপথে পাথর নিক্ষেপ করে মারা হতো। সেই সরকারের দোসররা এখন পতনের পর বিএনপির নানান পর্যায়ের নেতাদের সঙ্গে যোগ দিয়ে বিএনপিকেও বিতর্কিত করতে চাচ্ছে। বিএনপি জনগণের দল, এই দলে হাইব্রিডদের জায়গা নেই।
স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য কবির আহমেদ ভূইয়া।
আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে আয়োজিত সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্যসচিব সিরাজুল ইসলাম প্রমুখ।
এদিকে দীর্ঘ ১৫ বছর পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে যোগ দেয়।
চলারপথে রিপোর্ট :
আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৩ বাংলাদেশি নারীকে আটক করেছে বিজিবি। আজ ২৯ অক্টোবর মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাত ১১টার দিকে উপজেলার ফকিরমোড়া বিওপির টহল দল তাদের আটক করে। আটককৃতরা হলেন- ঢাকার সাভারের রেডিও কলোনীর মৃত রহমান দেওয়ানের মেয়ে টুম্পা খাতুন, বেলাল হোসেনের মেয়ে পাপিয়া খাতুন ও ঢাকার কেরানীগঞ্জের সোনাকান্দা গ্রামের দুলাল মিয়ার মেয়ে রিয়া খান।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারত গমনের চেষ্টাকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ আখাউড়ার ফকিরমোড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ২০২২/৬-এস থেকে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল্লাহপুর থেকে ওই ৩ বাংলাদেশি নারীকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের খারকোট গ্রামের আয়েত আলী মিয়ার ছেলে মানব পাচারকারী দালাল মো. আবুল বাদশা এই ৩ নারীকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রেরণের উদ্দেশ্যে ঢাকা থেকে আখাউড়ায় নিয়ে আসে। পরবর্তীতে সীমান্তবর্তী চেকপোস্ট এলাকার মানব পাচারকারী দালাল অহিদ মিয়ার ছেলে আলম মিয়ার মাধ্যমে কাজের উদ্দেশ্যে তারা ভারতে যাওয়ার চেষ্টা করে।
অনলাইন ডেস্ক :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অত্যাচার-নির্যাতন এমন পর্যায়ে পৌঁছেছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে। পেছনে যাওয়ার আর সুযোগ নেই। আমাদের এই যাত্রা বিজয়ের যাত্রা। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের মাধ্যমে আপনাদের পদত্যাগে বাধ্য করাব। আমরা সব শ্লোগানেক এখন এক জায়গায় নিয়ে এসেছি। আমাদের দফা এক, দাবিও এক– শেখ হাসিনার পদত্যাগ।
আজ ১৬ জুলাই রবিবার বিকেলে শ্রমিক দল আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় ‘মেহনতি শ্রমিক জনতার’ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বন্দরনগরী চট্টগ্রামের কাজীর দেউড়ি সংলগ্ন নগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনের সামনে নুর আহমদ সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, আজকে দেশকে একটি ব্যক্তি, একটি পরিবার, একটি দল কুক্ষিগত করে রেখেছে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, ভয় দেখিয়ে, মামলা দিয়ে আর পার পাবেন না। অনেক মায়ের বুক খালি করেছেন। বিচারবহির্ভূত হত্যা করেছেন। ৬০০ মানুষকে গুম করেছেন। আন্দোলন কি থেমেছে? আর কত খেলা খেলবেন? দয়া করে এবার ক্ষান্ত দিন। মানুষকে ভোট দেওয়ার সুযোগ দিন। মানে মানে বিদায় নিন। সংসদ বিলুপ্ত করুন। নিরপেক্ষ সরকার গঠন করুন। নির্বাচন কমিশন পুনর্গঠন করে ভোটের ব্যবস্থা করুন। জনগণের দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন।
তিনি আরও বলেন, ‘এখন আর মানুষ ভোট দিতে পারে না। ভোটই তো হয় না। এবার ভোট নাকি সুষ্ঠু হবে। এ কথায় মানুষ হাসে। ন্যাড়া বেলতলায় একবার যায়। আমরা কি এই বেলতলায় যাব? তারা দেখানোর চেষ্টা করছে– দেখ, আমরা কত ভালো হয়ে গেছি!’
বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে, বাস্তবে স্বৈরাচারী আচরণ করে। তারা যে ওয়াদা দিয়ে ক্ষমতায় আসে, সব ভুলে যায়। তারা শুধু লুটপাট করে। এবারও তারা যেভাবে হোক ক্ষমতা দখলে রাখতে চায়। সেজন্য প্রশাসন সাজাচ্ছে। ডিসি-ইউএনও পদে তাদের পছন্দের মানুষদের বসাচ্ছে। এই সরকার অত্যন্ত সুকৌশলে তত্ত্বাবধায় সরকার পদ্ধতি বাতিল করে চিরস্থায়ী অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
নির্বাচন কমিশন সম্পর্কে তিনি বলেন, ‘কাজী হাবিবুল আউয়াল সুন্দর সুন্দর কথা বলেন। নির্বাচন বাতিল করার আইনটাও বাতিল করে দিলেন। নির্বাচন কমিশন এখন ঠুঁটো জগন্নাথ। তাদের সঙ্গে কথাই বলি না। কেন বলব?’
মির্জা ফখরুল আরও বলেন, বর্তমানে চলছে বেঁচে থাকার লড়াই, অস্তিত্বের লড়াই। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার লড়াই। দেশ গড়ার লড়াই। তারেক রহমান মানুষকে নতুন স্বপ্ন দেখিয়েছেন। সব মানুষের অধিকার সুরক্ষিত করার কথা বলেছেন। তিনি বলেন, দেশে নির্বাচন কমিশন, বিচার বিভাগ সবচেয়ে ভয়াবহ। হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে গেলে কারাগারে পাঠিয়ে দেয়। সরকার পাগল হয়ে গেছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লহ আল নোমানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মীর মোহাম্মদ নাছির উদ্দীন, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এসএম ফজলুল হক, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন প্রমুখ নেতারা বক্তব্য দেন।
অনলাইন ডেস্ক :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের ভিসা নীতির ভয় দেখিয়ে লাভ নেই। নিষেধাজ্ঞার ভয় দেখিয়েও লাভ নেই। নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন, ভয় দেখান মির্জা ফখরুল। বিএনপির ৪৮ ঘণ্টার আলটিমেটামের কী হলো? ফলাফল কী?
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আজ ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নিষেধাজ্ঞাকে ভয় করলে বঙ্গবন্ধু এ দেশ স্বাধীন করতে পারতেন না। নিষেধাজ্ঞাকে কেউ ভয় করলে বাংলাদেশের অগ্রযাত্রা, সোনালি অর্জন– সেগুলো হতো না। তিনি বলেন, আমাদের নির্বাচন সংবিধান নির্ধারণ করবে। আমরা তত্ত্বাবধায়ক মানি না। তত্ত্বাবধায়ক এখন মরা লাশ, ওই লাশ এখন আমাদের দিয়ে লাভ নেই।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, লে. কর্নেল (অব.) ফারুক খান, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মাহবুবউল-আলম হানিফ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, মহানগর দক্ষিণের সহসভাপতি নুরুল আমিন রুহুল প্রমুখ।
‘সময়ের সঙ্গে বাস্তবতার চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে’
এর আগে বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির প্রথম বৈঠকে ওবায়দুল কাদের বলেন, কে নিষেধাজ্ঞা দিল, সেটা আমাদের মাথাব্যথা নয়। আমরা তো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করব। কাজেই নিষেধাজ্ঞা আমাদের জন্য নয়।
দলের নির্বাচনী ইশতেহার নিয়ে তিনি বলেন, ইশতেহার পড়ে ক’জন? সেটা খেয়াল রেখে ইশতেহার প্রণয়ন করতে হবে। সেখানে বুলেট পয়েন্ট দিয়ে গুরুত্বপূর্ণ বিষয় আনতে হবে। সময়ের সঙ্গে বাস্তবতার চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। সামনে কঠিন সময়, জুঁই ফুলের গান গেয়ে লাভ নেই।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকারে মন্ত্রিসভা ছোট কি বড় হবে, সেটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি চাইলে গতবারের মতো যেভাবে আছে, সেভাবেও থাকতে পারে। এটাতে আর কারও কিছু করার নেই। সেই নির্বাচনকালীন মন্ত্রিসভার কার্যক্রম হবে, রুটিন ওয়ার্ক। গুরুত্বপূর্ণ কোনো নীতিগত সিদ্ধান্ত তারা নেবে না।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, স্মার্ট বাংলাদেশ ছাড়াও নির্বাচনী ইশতেহারের মূল ফোকাস থাকবে শিল্প খাত। ছোট শিল্প প্রসারের পাশাপাশি ভারী শিল্পের দিকেও যেতে হবে। কৃষিতে ভর্তুকি থাকবে। সেবা খাতকেও গুরুত্ব দেওয়া হবে।
ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও ইশতেহার প্রণয়ন উপকমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপকমিটির সদস্য অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. শামসুল আলম, ডা. দীপু মনি, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, অধ্যাপক মাহফুজুর রহমান প্রমুখ।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা নির্বাচিত করেছেন উপজেলা প্রশাসন। এরমধ্যে ৩ শিক্ষা প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, তিনজনকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, তিনজন শ্রেষ্ঠ শিক্ষকসহ আরো কিছু ক্যাটাগরিতে সেরার স্বীকৃতি প্রদান করেছে।
সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আখাউড়া উপজেলা প্রশাসন।
স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হয়েছেন কাজী মোঃ তারেক। তিনি উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ আলহাজ্ব শাহ্আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
কাজী মোঃ তারেক উচ্চ শিক্ষায় শিক্ষিত একজন অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক। তিনি এম.এ, এম.এড, ডিগ্রীর পাশাপাশি আইন বিষয়ে এল.এল.বি, এল.এল.এম এবং এস.এইচ.আর.এল ডিগ্রী অর্জন করেছেন। তিনি অত্যন্ত দক্ষতা, যোগ্যতা ও সুনামের সাথে বিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছেন। উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়া সত্বেও বিদ্যালয়ের ফলাফল ও অন্যান্য কার্যক্রম সন্তোষজনক।
কলেজ পর্যায়ে আখাউড়া ক্যামব্রিয়ান কলেজের অধ্যক্ষ গৌবিন্দ চন্দ্র রায় ও মাদ্রাসা পর্যায়ে টনকি ছাদেকুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল কাইউম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন।
তাছাড়া শ্রেষ্ঠ শিক্ষা-প্রতিষ্ঠান হিসেবে আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ (কলেজ পর্যায়), নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (স্কুল পর্যায়) ও টনকি ছাদেকুল উলুম আলিম মাদ্রাসাকে (মাদ্রাসা পর্যায়) নির্বাচিত করা হয়।
কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের প্রভাষক (ইংরেজি) ফয়জুন্নেসা লিজা। স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান) মোহাম্মদ শাহনেওয়াজ খান ও মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হয়েছেন টনকি ছাদেকুল উলুম আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক (আরবি) মো. রেজাউল কবির।
শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম। শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত হয়েছেন নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী সাফিয়া খাতুন।
শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের প্রভাষক (রসায়ন) এ জেড এম শামসুল আরেফিন। শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অদ্বীপ্ত চক্রবর্তী, টনকি ছাদেকুল উলুম আলিম মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মারিয়া আক্তার ও আখাউড়া ক্যামব্রিয়ান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাসলিমা খানমকে নির্বাচিত করা হয়।
শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. ইমতিয়াজুর রহমান। শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছেন আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. ইমন।
শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছেন মো. ইমতিয়াজুর রহমান ও তার দল। তারা দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা বলেন, বিভিন্ন ক্যাটাগরিতে আবেদনের পরিপেক্ষিতে তাদেরকে নির্বাচিত করা হয়েছে। এর মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালন সম্পর্কে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আগ্রহ সৃষ্টি হবে।
চলারপথে রিপোর্ট :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ ২৯ ডিসেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে বিএনপির একজন ‘বিদ্রোহী’ প্রার্থীসহ ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
দাখিলকৃত প্রার্থীরা হলেন জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এস এম শহিদ উল্লাহ, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. শাহআলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. ইসলাম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হুসাইন আহমদ, ইনসানিয়াত বিপ্লবের মনোনীত প্রার্থী ও জেলা যুগ্ম আহবায়ক
ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য এস এ কে একরামুজ্জামান সুখন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন, স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে আগামী সংসদ নির্বাচনে ২ লাখ ৭৫ হাজার ৩৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।