চলারপথে রিপোর্ট :
চলমান ইসকন ইস্যুতে আখাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে সভায় প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, আলেম ওলামা ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপির আহবায়ক মোঃ সেলিম ভূইয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাঃ মোঃ বোরহান উদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ হিমেল খান, সাব ইন্সপেক্টর মোঃ ওয়াসিম, ইমাম পরিষদের সভাপতি মাঃ কাজী মাইনুদ্দিন, হেফাজতে ইসলামের পনেতা মাঃ বিল্লাল হোসেন, হিন্দু সম্প্রদায়ের নেতা চন্দন ঘোষ, রাধা মাধব আখড়া মন্দিরের আহবায়ক সাংবাদিক বিশ্বজিৎ পাল প্রমুখ ।
হিন্দু নেতারা জানান, আখাউড়ায় ইসকনের সাংগঠনিক কার্যক্রম নাই। কিছু সংখ্যক ইসকনের ভক্ত আছে। তারা শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার পালন করে। তবে ইসকনের নামে কেউ অপরাধ করলে তদন্তের মাধ্যমে তাদের বিচার করা হোক।
বক্তারা বলেন, অপপ্রচার থেকে বিরত থাকতে হবে। সম্প্রীতি রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। ফেক নিউজ শেয়ার না দেওয়ার পরামর্শ দেন প্রশাসনের কর্মকর্তারা। একটি সুযোগ সন্ধ্যানী মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আখাউড়াকে নিরাপদ রাখার জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইন হাতে তুলে না নেওয়ার আহবান জানানো হয়। বক্তারা চট্টগ্রামে এড. সাইফুল ইসলাম হত্যার বিচার দাবী করেন।
মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া থেকে :
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দীন হাজারী বলেন, আওয়ামীলীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল। স্বৈরাচার আওয়ামীলীগ সরকার জিয়ার পরিবারকে অনেক কস্ট দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে জোর করে বের করে দিয়েছে। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দেয়নি। তবে আল্লাহর রহমতে এবং দেশবাসীর দোয়ায় বেগম খালেদা জিয়া এখন অনেকটা সুস্থ হয়েছেন। নাসির উদ্দীন হাজারীর আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামবায় ২৯ মার্চ শনিবার বিকালে নিজ এলাকা আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের চান্দপুর মাঠে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্যাতন করে দেশের বাইরে পাঠানো হয়েছে। নাসির উদ্দীন হাজারী ২০১৮ সালের সংসদ নির্বাচনে আখাউড়া কসবা আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন।
নাসীর হাজারী আরো বলেন, আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছর বিএনপিকে কোন প্রোগ্রাম করতে দেয়নি। এমনকি আমরা ইফতার মাহফিলও করতে পারিনি। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে অনেক শহীদের রক্তের বিনিময়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আজকে অনেক দিন পর আমরা সকলে একসাথে ইফতার করতে পারছি। তিনি জুলাই আগষ্ট শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। চলতি বছরের মধ্যেই সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। তিনি দল থেকে যে মনোনয়ন পায় আমরা তার পক্ষে কাজ করবো।
মোঃ হুমায়ুন কবির হাজারী সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন সাবেক এমপি (নাসিরনগর) এস এম শাফি মাহমুদ, জেলা তাতী দলের সভাপতি ইকবাল আহমেদ, উপজেলা বিএনপি নেতা আবুল ফারুক বকুল, মোঃ লুৎফর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন হাজারী।
মোহাম্দ ইসলাম হোসাইন, আখাউড়া থেকে :
আখাউড়া পৌরসভায় নতুন করে হাটবাজার ইজারাসহ শহরের যানজট ও অপরিচ্ছন্নতা নিরসনে উদ্যোগ নেয়া হচ্ছে। দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি এসব তথ্য জানান।
৩ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২টায় পৌর সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পৌরসভার নতুন বাজারহাট ইজারা দেয়াসহ পৌর শহরের যানজট ও অপরিচ্ছন্নতা নিরসনে সাংবাদিকদের নিকট পরামর্শ চেয়েছেন পৌর প্রশাসক। সভায় যানজট নিরশনে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিক্সার যত্রতত্র চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা গ্রহনে কথা বলা হয়। রাস্তার উপর যেখানে সেখানে দোকান পাট, বাইক ও অটোরিক্সা পার্কিং নিয়ন্ত্রণে নির্ধারিত স্থান ব্যবহারের উপরও গুরুত্ব দেয়া হয়। শহরের বিভিন্ন এলাকা, পাড়া, মহল্লার রিকশা ভাড়া নির্ধারন করার বিষয়েও আলোচনা হয়।
পৌরশহরের বর্জ ব্যবস্থাপনাকে আরো উন্নত করার কথা বলা হয়। প্রয়োজনে বাড়ি বাড়ি বর্জ সংগ্রহ কার্যক্রম করার প্রস্তাব দেয়া হয়। বর্জ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে আসতে পারলে একটি স্বাস্থ্যকর, সুন্দর ও পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তুলা সম্ভব বলে অনেকেই মত প্রকাশ করেন। জনগণের জন্য সহনশীল রেখে পৌর শহরের বাজারহাট ইজারা দেয়ার কথা বলা হয়। শহরের বড় বাজারে সরকারী বাজার থাকা সত্যেও সড়ক বাজার এলাকায় অবস্থিত রেলওয়ের ভুমিতে ভাড়া দিয়ে বাজার পরিচালনার বিষয়টিও সভায় উপস্থাপন করা হয়।
মতবিনিময় সভায় পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী ফয়সাল, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুন্নবী ভুইয়া, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো: সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নাছির উদ্দিন, জুটন বনিক, আখাউড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জালাল হোসেন মামুন, মোহাম্দ ইসলাম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামাল ভূইয়াকে চাঁদা দাবির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ৪ জুলাই বৃহস্পতিবার মধ্যরাতে নিজ বাড়ি টনকী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় টনকী গ্রামের মৃত আমির উল্লাহ ভূইয়ার ছেলে মো. মুজিবুর রহমান শাহীন বাদী হয়ে কামাল ভূইয়াসহ ছয়জনকে আসামি করে আখাউড়া থানায় মামলা দায়ের করেন। তবে কামাল ভূইয়ার পরিবারের দাবি, এমন (চাঁদা দাবির) কোনো ঘটনা ঘটেনি।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মুজিবুর রহমান (শাহীন) চাকরির সুবাদে বহু বছর স্বপরিবারে ঢাকায় থাকতেন। এ সুযোগে কামাল চেয়ারম্যানসহ অন্যান্য বিবাদীরা মুজিবুর রহমান ও তার ভাইদের ভূমি ও পুকুর দখল করে রাখেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। সম্প্রতি মুজিবুর রহমান নিজ বাড়িতে এসে বসবাস শুরু করেছেন। দখলকৃত ভূমি ছেড়ে দিতে বলায় শাহীনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন বিবাদীরা। বৃহস্পতিবার বিকালে শাহীন বিরোধপূর্ণ ভূমি দেখতে গেলে খবর পেয়ে কামাল ভূইয়াসহ অপর বিবাদীরা এসে শাহীনের ওপর হামলা করে মারধর করেন। চিৎকারে আশেপাশের লোকজন এসে শাহীনকে উদ্ধার করেন। এসময় জায়গা ফেরত নিতে হলে কামাল ভূইয়াকে ৫০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেওয়া হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, কামাল ভূইয়াকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় আর কাউকে আটক করা যায়নি।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ১৬ জুলাই মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ভৈরবের শিবপুর গ্রামের বাবুল মিয়া, সিলেট সদর বালুরচর কদমতলীর একনারী ও মাধবপুরের বগলা বাজার ধল্যাখালের এক নারী। এর আগে সোমবার রাতে পৌর শহরের সড়ক বাজার ভূঁইয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ দিন ধরে আবাসিক হোটেলগুলোকে অসামাজিক কার্যকলাপ চলছে। প্রকাশ্যে দিনেদুপুরে নির্ভয়ে আবাসিক হোটেলে যৌনকর্মীরা যাচ্ছেন। এতে করে বাজারের পরিবেশ নষ্ট হচ্ছে এমন অভিযোগ স্থানীয়দের রয়েছে। পুলিশ জানায়, পৌর শহরের সড়ক বাজার এলাকায় ভূঁইয়া আবাসিক হোটেলে অসামাজিক কাজ চলছে। এমন গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে রাতে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কাজে জড়িত থাকায় ২ নারীসহ ৩ জনকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকায় ৩ জনকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। এসব অসামাজিক কার্যকলাপ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। গ্রেফতারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, অপরাধ নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য, কসবা-আখাউড়া আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কবির আহমেদ ভূইয়া অভিযোগ করে বলেন, সাবেক অবৈধ আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হক ও তার দোসররা আখাউড়ায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম ব্যাহত করতে সর্বোচ্চ চেষ্টা করেছে। মামলা-হামলা দিয়ে বহু নেতাকর্মীকে হয়রানি করেছে। আনিসুল হক ও তার দোসরদের বাঁধার কারণে বিএনপির সম্মেলন করতে পারিনি। রক্তপাত এড়ানোর স্বার্থে আমরা তখন সম্মেলন থেকে সরে আসি। ৫ আগষ্টের পর স্বাধীন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। আশা করি আখাউড়ার ইতিহাসে একটি নজির বিহীন সফল সম্মেলন করতে পারবো। গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সম্মেলনের প্রস্তুতি পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও কেন্দ্র ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দীর্ঘ ১৫ বছর পর বুধবার (২৭ নভেম্বর) আখাউড়ায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। বিগত ২০০৯ সালের নভেম্বর মাসের ২৯তারিখ সর্বশেষ আখাউড়ায় বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
বিএনপি সূত্রে জানা যায়, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকএর ৪টি পদে সম্মেলন অনুষ্ঠিত হবে। উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী হলেন বর্তমান আহবায়ক মোঃ জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক প্রার্থী হলেন বর্তমান সদস্য সচিব মোঃ খোরশেদ আলম ভূইয়া, পৌর বিএনপির সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান আহবায়ক মোঃ সেলিম ভূইয়া ও সদস্য সচিব প্রার্থী মোঃ আক্তার খান। সম্মেলন সফল করার লক্ষ্যে উপজেলার ৫ ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রস্তুতি সভা করাহয়েছে। সম্মেলনেপ্রায় ১০ হাজার নেতাকর্মী-সমর্থক উপস্থিত থাকবে বলে আশা করছে দলটির নেতারা। পৌর বিএনপির আহবায়ক ও সভাপতি প্রার্থী মোঃ সেলিম ভূইয়া বলেন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বত:স্ফূর্ত ভাবে সম্মেলনে অংশ গ্রহণ করবে।
দীর্ঘ ১৫ বছর পর সম্মেলন করতে পেরে আমরা আনন্দিত।
উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ খোরশেদ আলম ভূইয়া বলেন, দীর্ঘ ১৫ বছর পর স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর কসবা-আখাউড়ার গণমানুষের নেতা জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূইয়ার বলিষ্ঠ নেতৃত্বে উৎসব মুখর পরিবেশে বিএনপির সম্মেলন করতে যাচ্ছি। একটি সেরা সম্মেলন করতে পারবো।