চলারপথে রিপোর্ট :
জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর’র সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ নভেম্বর শনিবার সকালে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ফুলকুঁড়ি শহর শাখা।
ফুলকুঁড়ি শহর শাখার প্রধান উপদেষ্টা আবু খালেদ মো. সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা। অনুষ্ঠান উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা সভাপতি প্রফেসর জেড এম ফারুকী। প্রধান আলোচক ছিলেন ফুলকুঁড়ির কেন্দ্রীয় সহকারী প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কালচারাল ও স্কুল পরিচালক রাকিবুল ইসলাম, অ্যাডভোকেট মাহির আসহাব, অ্যাডভোকেট শাহাতাদ হোসেন ও কবিরুল ইসলাম আরজুসহ অন্যান্য উপদেষ্টারা।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফুলকুড়ি লক্ষ্মীপুর শহর শাখার উপদেষ্টা সভাপতি মোন শাহাদাত, পরিচালক শাফায়াত উল্লাহ, রায়পুর শাখা পরিচালক আহমেদ ফরিদ, কার্যকরী সদস্য কায়সার আহমেদ আফিফ প্রমুখ।
অনুষ্ঠানে কুঁড়িদের বিভিন্ন অনবদ্য সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত এই অনুষ্ঠান সম্পন্ন হয় আসরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শাখার আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে। এতে বৃক্ষরোপণ, চিত্রাঙ্কনসহ ৮টি ক্যাটাগরিতে সর্বমোট ৪৯ জনকে ক্রেস্ট এবং সনদ বিতরণ করা হয়।
অনলাইন ডেস্ক :
পুলিশের যেসব সদস্য এখনো পলাতক আছেন দেখামাত্রই তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ ১৯ অক্টোবর শনিবার দুপুরে রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনীর ১৮৭ জন সদস্য কাজে যোগ না দিয়ে পলাতক রয়েছেন। তারা এখন সন্ত্রাসী হিসেবে বিবেচিত হবে এবং দেখামাত্রই তাদের গ্রেপ্তার করা হবে। অপরাধীদের ক্ষেত্রে যে আইন, তাদের ক্ষেত্রে সে আইন প্রয়োগ করা হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘৫ আগস্টের পর পুলিশের যে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে এখন অনেকটা উত্তরণ হয়েছে। পুলিশের মধ্যে যে ট্রমা কাজ করছে, আমার কাছে এমন কিছু নাই যে দুই চারদিনে সেই অবস্থা থেকে বের করে আনব। বাস্তবতা হচ্ছে উন্নতি করেছে, আরও উন্নতি হবে।’ দলীয় বিবেচনায় চাকরি পাওয়াদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকার আমলের নিয়োগে ক্ষেত্রে কিছু মেধায় চাকরি পেয়েছে। এর বাইরে যারা চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে সমন্বিত ডিসিশন আসতে হবে।’
চলারপথে রিপোর্ট :
চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের কুলপালা গ্রামে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চুয়াডাঙ্গা খাদ্য গুদামের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। আজ ৩০ জুলাই রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক নজরুল ইসলাম (৫৮) ও উপ-খাদ্য পরিদর্শক সাইদুর রহমান (৩৫)। দুজন একটি মোটরসাইকেলে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন।
নিহতদ্বয়ের বাড়ি পাশের মেহেরপুর জেলায়। নিহত নজরুল ইসলাম মেহেরপুর পৌর এলাকার বাসস্ট্যান্ড পাড়ার ইউনুস আলী শেখের ছেলে এবং নিহত সাইদুর রহমান মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আনসার আলীর ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব বিপ্লব কুমার নাথ জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেহেরপুরের দিক থেকে একটি প্রাইভেটকার দ্রুতগতিতে চুয়াডাঙ্গার দিকে আসছিল। প্রাইভেটকারটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে পৌছুলে প্রাইভোটকারের একটি চাকা পাংচার হয়ে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ওই মোটরসাইকেলে ছিলেন নজরুল ইসলাম ও সাইদুর রহমান। দুজনই ঘটনাস্থলে মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নিয়ে গেছে।
ওসি আরো জানান, নিহতদ্বয়ের ব্যাপারে আইনগত পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অনলাইন ডেস্ক :
কানাডা ও জাপানে ১৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
আজ ৩১ মে শুক্রবার স্থানীয় সময় বেলা তিনটায় জাপানের টোকিও থেকে তিনি ঢাকায় ফেরেন।
তিনি গত ১৮ মে ব্যক্তিগত সফরে কানাডায় যান। সেখান থেকে গত ২৬ মে তিনি জাপানের টোকিওতে পৌঁছান। গত ২৮ মে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গণপূর্ত অধিদপ্তর কর্তৃক জাপানের নাগাসাকিতে স্থাপিত পিস মনুমেন্ট উদ্বোধন করেন।
গত ৩০ মে তিনি টোকিওতে অবস্থিত জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সদর দপ্তরে যান এবং জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাওয়ামুরা কেনিচির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশে ভূমিকম্প সহনশীল নগর উন্নয়নে জাইকার সহযোগিতা চান।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নবীরুল ইসলাম এসময় তাঁর সঙ্গে ছিলেন।
চলারপথে ডেস্ক :
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আজ ১৮ মে বৃহস্পতিবার আসন্ন ৫ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
নির্বাচনে স্থানীয় প্রার্থীদের দ্বারা পুলিশ প্রভাবিত হওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের অভিযোগ অস্বীকার করেছেন পুলিশপ্রধান।
গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইসি। বৈঠকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সচিব, পুলিশপ্রধান, বিজিবি, র্যাব, ডিজিএফআই, এনএসআইসহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
আইজিপি বলেন, বৈঠকে প্রসঙ্গক্রমে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি এসেছে। জাতীয় নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে থাকবো। নির্বাচন কমিশন যে নির্দেশনা দেবেন তার আলোকে আমরা দায়িত্ব পালন করবো।
তিনি জানান, বৈঠকে তফসিল ঘোষিত পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন আমাদের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের নির্দেশনা দিয়েছে। সব সংস্থার কাছ থেকে তথ্য নিয়েছে। আমাদের সহযোগিতা কামনা করেছেন। আমরা সহযোগিতা প্রদান ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনের বিষয়ে আশ্বস্ত করেছি।
নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারের প্রশ্নে আবদুল্লাহ আল-মামুন বলেন, নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ অবাধ, সুষ্ঠু নির্বাচন করার জন্য যেসব কার্যক্রম গ্রহণ প্রয়োজন তা গ্রহণ করবো। এ ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমাদের স্থানীয় ইউনিট সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ করছে।
স্থানীয় প্রার্থীদের দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ পক্ষপাত দুষ্ট আচরণ করে এমন অভিযোগের বিষয়ে পুলিশপ্রধান বলেন, আমি সেটা মনে করি না। আইন অনুযায়ী আমাদের যে দায়িত্ব, দীর্ঘদিন ধরে আমরা নির্বাচনী দায়িত্ব পালন করে যাচ্ছি এবং অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য যে যে দায়িত্ব পালন করা দরকার, আমরা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করছি।
এর আগে সোমবার জাতীয় পার্টির সঙ্গে বৈঠক শেষে সিইসি বলেছিলেন, স্থানীয়ভাবে যে নির্বাচনগুলো হয়, সেখানে কিন্তু পুলিশকে পক্ষপাত করার জন্য প্রার্থীরাই চেষ্টা করে থাকেন। সেখানে কীভাবে পুলিশকে নিউট্রালাইজড করা যায়, সে জন্য জাতীয় পার্টি আমাদের সহায়তা চেয়েছেন। আমরা বলেছি, আমরা চেষ্টা করবো ও সরকারের সদিচ্ছার ওপর আমরা বারবার জোর দেবো। সেটা সরকারকেও করতে হবে, আমরা জিনিসটা ভেবে-চিন্তে পরে দেখব।
পুলিশপ্রধান বলেন, ইসির সঙ্গে বৈঠকে গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা এখানে ছিলেন। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। সিটি নির্বাচনে সেই ধরনের কোনো চ্যালেঞ্জের কথা বলেননি। আমরা আশা করছি, একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের দিনে শঙ্কা আমরা দেখছি না। তবে যেকোনো ধরনের উদ্ভূত আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমরা সব ক্ষেত্রেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিসহ সব বিষয় বিবেচনায় নেই ও সেই অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করছি।
এদিকে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, আসন্ন ৫টি সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত হয়েছিলেন। জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন সংক্রান্ত পরিপত্র জারি করেছে। আজকের সভায় নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম কীভাবে সমন্বয় হবে, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তারা যেসব পরামর্শ দিয়েছে, কমিশন সেই বিষয়ে বসে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেবে।
তিনি বলেন, ইসির পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনে সবার সার্বিক সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে। উপস্থিত সবাই সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যে যার অবস্থান থেকে সুষ্ঠু নির্বাচনে সর্বাত্মক পদক্ষেপ অব্যাহত রাখবে।
সচিব বলেন, মাঠ প্রশাসন থেকে পর্যবেক্ষণ দিয়েছে, এই নির্বাচনকে ঘিরে বড় ধরনের কোনো নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো সম্ভাবনা এখনও নেই।