চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়াস্থ জামিয়া ইসলামিয়া দারুস সালাম ভাটপাড়া মাদরাসার ২০০১ থেকে ২০২৪ পর্যন্ত মোট ২৪ বছরের ফারেগীন ছাত্রবৃন্দের পুণর্মিলনী উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদরাসার মিলনায়তনে সকাল ৮টা থেকে তিলাওয়াতে কুরআনের মাধ্যমে শুরু হলে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা ইমরান খাঁন (শাহপরান) ও হাফেজ মুফতি বেলায়েতুল্লাহ।
অনুষ্ঠানে শত শত হাফেজের উস্তাদ হা. বেলাল হোসাইন বলেন, আজ তোমাদেরকে এভাবে একত্রে এক প্লাটফর্মে দেখে আমি অনেক আনন্দিত, অনেক উৎফুল্ল। হারানো সন্তানকে ফিরে পেয়ে মা যেমন আনন্দিত হয়, আমি তারচেয়েও বেশি আনন্দিত আজ। সময়ের পালাবদলে যদিও তোমরা বিদায় নিয়ে দেশের দিগন্তে ছড়িয়ে আছো,কিন্তু তোমরা সবসময় আমার মন মস্তিস্কে বসবাস করো। তোমাদের সফলতার কথা শুনলে, জানলে আমি আনন্দে আত্মহারা হয়ে যাই। তোমাদের আজকের আয়োজন আমাকে খেদমত জীবনের স্বার্থকতা উপলব্ধি করার সুযোগ করে দিয়েছে।
উক্ত অনুষ্ঠানে দাওয়াতি মেহমান, ম্যানেজমেন্ট কমিটির সদস্য বৃন্দ ও ছাত্র সহ অত্র জামিয়ার সকল উস্তাদগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রায় দেড় শতাধিক ফারেগীন হাফেজদেরকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। অত্র মাদরাসার সকল উস্তাদদেরকেও হাদিয়া প্রদান করা হয়েছে।
সবশেষে উস্তাজুল হুফফাজ হা. বেলাল হোসাইনকে সকল ছাত্রদের পক্ষ থেকে উমরাহর প্রতিশ্রুতি দিয়ে আখেরী মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ হয়।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পৌর এলাকায় এক যুবক ৭ জনকে দাঁ দিয়ে কুপিয়ে জখম করেন। এ ঘটনায় আরজুদা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ ১৯ জুলাই বুধবার বেলা ১১টায় পৌর ভাদুঘর এলাকার সাবর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরজুদা বেগম ভাদুঘর এলাকার সবুজ আলীর স্ত্রী। এ ঘটনায় ঘাতক সিহাব মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
আহতরা হলেন- সাজু মিয়া (৫০) নয়ন মণি (১৪) মুখলেস মিয়া (৪৫) ওমর আলী (৮০) খালেদা বেগম (৪৪) ও রাবেয়া বেগম (৫০)। আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহত নয়ন মণি বলেন, আমরা বাড়ি থেকে বের হয়ে পুকুর পাড়ে যাওয়ার সময় সিহাব আমাকে দাঁ দিয়ে মাথায় আঘাত করে। আঘাতে আমি মাটিতে লুটিয়ে পড়ি। এ সময় আমার সঙ্গে থাকা কয়েকজনকেও এলোপাতাড়ি আঘাত করে দাঁ দিয়ে। পরে এলাকাবাসী আমাকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যায়।
নয়ন মণীর ভাই জুনায়েদ বলেন, সিহাব গত ১ মাস আগে জেল থেকে বের হয়েছেন। সে মানসিকভাবে সুস্থ নয়। প্রায়ই মানুষদের রাস্তাঘাটে বিরক্ত করতো।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, ঘাতক সিহাব নারী বিদ্বেষী ছিলেন। তিনি প্রতিনিয়ত নারীদের রাস্তাঘাটে বিরক্ত করতো বলে এলাকাবাসী জানান। ঘাতক সিহাবকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৭নং তালশহর পূর্ব ইউনিয়ন ডিজিটাল সেবা সেন্টার (ইউডিসি)-এর অপারেটর মোজাম্মেল হক বদরুলকে অপসারণের দাবিতে আজ ২৮ আগস্ট বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উদ্যোক্তা মোজাম্মেল হক বদরুল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি প্রদানের জন্য এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাইমন আহমেদ, শরীফ, জিয়াউল, জুনায়েদ, বাবু, সাব্বির, ফারুক, ওমর, জুবায়ের, মোবাশ্বের, মো: শফিকুল ইসলাম, তানভীর, বাইজিদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ থেকে জন্ম ও মৃত্যুসনদের জন্য অতিরিক্ত ফি আদায়, একই ব্যক্তির নামে একাধিকবার ভুল জন্ম ও মৃত্যুসনদ প্রদান, সনদ সংশোধনের নামে একাধিকবার অর্থ আদায়, ইউনিয়ন পরিষদে আসা সেবাপ্রত্যাশীদের সাথে খারাপ আচরণ করাসহ বিভিন্ন অভিযোগ। ৭ দিনের সময় বেঁধে দিয়ে বলেন, অনতিবিলম্বে মোজাম্মেল হক বদরুলকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচি নেয়া হবে।
ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এক ব্যক্তির জন্ম নিবন্ধন দেখিয়ে এক ব্যক্তি বলেন, জন্ম নিবন্ধনে বাবার নাম- খলিলুর রহমান, মায়ের নাম- আমেনা খাতুন কিন্তু জন্ম নিবন্ধনে ইংরেজি অংশে বাবার নাম আসে-AMENA এবং মায়ের নাম-KHALIL লিপিবদ্ধ হয়। এক বছর যাবৎ জন্ম নিবন্ধন সংশোধনের জন্য ঘুরেও এ কোন সুরাহা করতে পারেনি। সরকারি বিভিন্ন কাজ করতে পারেনি।
আরেক জন অভিযোগ করে বলেন, ২০১৫ সালে তার ছেলেন নাম ভুল আসে পরে এটি ২০১৭ সালে সংশোধন করা হয় পরবর্তীতে কিভাবে সার্ভার থেকে অটোমেটিক নাম পরিবর্তন হয়ে যায় যা বোধগম্য নয়।
মানববন্ধনে আসা একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, উদ্যোক্তা মোজাম্মেল ইচ্ছা করেই এই কর্মকান্ড করে থাকে কারণ সংশোধন করতে গেলে অনলাইন করতে হয় তখন তাকে অনলাইনের টাকা দিতে হয়। আবার সরকারি ফি তাও দিতে হয়। পরে এর বাইরেও অতিরিক্ত টাকা দিতে হয়।
মানববন্ধন শেষে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম এর কাছে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় চেয়ারম্যান তাদেরকে ৭ দিনের সময় প্রদান করেন।
ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, উদ্যোক্তা মোজাম্মেল এর জন্য তাঁর নাকি বদনাম হয় কারণ সে রাতেও নাকি অফিস করে। রাতে কিসের জন্য অফিস করতে হয়। এছাড়া অফিসও ঠিকভাবে করে না।
চলারপথে রিপোর্ট :
৩৫৪ বোতল বিদেশী মদসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক বহনকারী ২টি প্রাইভেটকার জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী ব্রীজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ ৬ এপ্রিল রোববার দুপুরে র্যাব-৯ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ভোলা জেলার সদর উপজেলার উত্তরচর নোয়াবাদ গ্রামের মোঃ শাওন (৩২), সুনামগঞ্জ জেলার বিশম্বপুর উপজেলার উত্তর কাফনা গ্রামের মিরাজুল ইসলাম (৩৪), একই এলাকার মোঃ সেলিম মিয়া (৩০), ভোলা জেলার সদর উপজেলার কালিকানগর গ্রামের ওবায়দুল রহমান (৩১), সুনামগঞ্জ জেলার কাফনা গ্রামের মোঃ শাহজাহান (২৬) ও একই এলাকার মোঃ দ্বীন ইসলাম (৩০)।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, এর, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ও সিপিসি-৩ সুনামগঞ্জের যৌথ আভিযানিক দল শনিবার বিকেলে শহরের কাউতলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
চলারপথে রিপোর্ট :
আইনমন্ত্রী অ্যাড: আনিসুল হকের মধ্যস্থতায় ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন। আগামীকাল সোমবার আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়ে তারা আনুষ্ঠানিক ভাবে মঙ্গলবার থেকে আদালতে ফিরে যাওয়ার ঘোষণা দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আজ ১২ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ১০ টায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক স্থানীয় সার্কিট হাউসে আইনজীবী নেতাদের এবং জেলা জজশিপের জজদের নিয়ে এক বৈঠক করেন।
ওই সভায় আইনজীবীদের দাবি অনুযায়ী, জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের প্রত্যাহারের বিষয়ে খোলামেলা আলোচনা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনার -১ এর বিচারক (জেলা ও দায়রা জজ ) মোহাম্মদ ফারুককে খুব শিগগিরই প্রত্যাহারের আশ্বাসের প্রেক্ষিতে আইনজীবীরা জানান সোমবার বিশেষ সাধারণ সভায় আইনজীবীদের উপস্থিতিতে মঙ্গলবার থেকে আদালতে ফিরে যাওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবেন। এ সময় সদর আসনের সাংসদ র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী,আইন সচিব গোলাম সারওয়ার, জেলা ও দায়রা জজ শারমিন নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুক, জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম, পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানবীর ভূঞা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কাননসহ আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।
সভা থেকে বেরিয়ে সার্কিট হাউজ প্রাঙ্গনে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানবীর ভূঞা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, আইনমন্ত্রীর সাথে আইনজীবীদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। জেলা ও দায়রা জজ শারমিন নিগারকে রেখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুককে যথা শীঘ্রই প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে আইনমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে আগামীকাল সোমবার বিশেষ সাধারণ সভা থেকে কোর্টে ফিরে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এ ব্যাপারে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, আশা করছি আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি ‘বর্জন করে আগামীকাল সোমবার থেকে আদালতে ফিরে আসবেন।
চলারপথে রিপোর্ট :
জন্মের পর শিশুদের ধাপে ধাপে দেওয়া সম্প্রসারিত টিকা দান কার্যক্রমের (ইপিআই) টিকা গত এক মাস ধরে ব্রাহ্মণবাড়িয়ার কোথাও নেই। ফলে কেন্দ্র এসেও সন্তানদের নিয়ে ফিরে যাচ্ছেন মায়েরা। একাধিকবার এসেও টিকা না পাওয়ায় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ইপিআই কর্মসূচিতে শিশুদের রোগ প্রতিরোধযোগ্য বিভিন্ন ধাপে টিকা দেওয়া হয়। এর মধ্যে আছে যক্ষ্মা, পোলিও, ডিফথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি জনিত রোগ, হাম, নিউমোকক্কাল জনিত নিউমোনিয়া, রুবেলা। সময়সূচি অনুযায়ী টিকা না নিলে শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না।
শিশু জন্মের পর প্রথম বিসিজি টিকা দিতে হয়। বয়স ছয় সপ্তাহ হলে আইপিভি টিকার প্রথম ডোজ ও ১৪ সপ্তাহে দ্বিতীয় ডোজ দিতে হয়। একই সময় পেন্টাভ্যালেন্ট (ডিপিটি, হেপাটাইটিস-বি, হিব), ওপিভি এবং পিসিভি টিকার প্রথম ডোজ দিতে হয়। কমপক্ষে চার সপ্তাহর ব্যবধানে এ সব টিকার দ্বিতীয় ও তৃতীয় ডোজ দিতে হয়। শিশুর ২৭০ দিন পূর্ণ হলেই এমআর (হাম ও রুবেলা) টিকার প্রথম ডোজ এবং ১৫ মাস হলেই দ্বিতীয় ডোজ দিতে হয়।
কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় গত একমাস ধরে বিসিজি টিকা ছাড়া শিশুদের কোনো টিকা মজুত নেই। ফলে শিশুদের সময় অনুযায়ী টিকাগুলো দেওয়া যাচ্ছে না।
গত শনিবার জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে দেখা যায়, ইপিআই টিকা কেন্দ্রে স্টাফরা অলস সময় পার করছেন। মাঝে মধ্যে বিসিজি টিকা দিতে নবজাতকদের নিয়ে মায়েরা আসছেন। তাদের টিকা দেওয়া হচ্ছে। তবে দ্বিতীয় ধাপে টিকাগুলো দিতে আসা শিশুদের অভিভাবকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
টিকার জন্য সন্তানকে কেন্দ্রে নিয়ে আসেন আসমা বেগম। তিনি বলেন, ‘আমার বাচ্চার তৃতীয় ধাপের টিকা দেওয়ার সময় ছিল ১৫ ফেব্রুয়ারি। সেদিন আসার পর জানানো হয়েছিল টিকা নেই। কয়েকদিন পর আসবে। আজকে আসার পর টিকা কেন্দ্র থেকে একই কথা বলে ফিরিয়ে দেওয়া হয়েছে।’
নাজনীন বেগম নামের আরেক নারী বলেন, ‘আমার সন্তানের প্রথম টিকা দিয়েছিলাম ২৮দিনের মাথায়। আজকে ছিল দ্বিতীয় ডোজের তারিখ। কিন্তু টিকা না থাকায় পরে আসতে বলেছে।’
এ বিষয়ে জেলার ইপিআই সুপারিন্টেনডেন্ট আমিনুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একবছরে ৯১ হাজার শিশুকে টিকা দিয়ে থাকি। জেলার ৯৮টি ইউনিয়নের প্রতিটিতে ২৪টি কেন্দ্রে মাসে একবার করে টিকা দেওয়া হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় ছুটির দিন ছাড়া প্রতিদিন টিকা দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের প্রতি তিন মাস পর পর টিকা পাঠানো হয়। এতদিন ঢাকাতেই টিকা ছিল না। আমরা কিছুদিনের মধ্যে টিকা পেয়ে যাবো।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, টিকার জন্য আমরা চাহিদা পাঠিয়েছি। যেন দ্রুত টিকা আসে, চেষ্টা করে যাচ্ছি।