অনলাইন ডেস্ক :
ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন সামাজিক যোগাযোগমাধ্যমে আপাতত নাটক থেকে বিদায় নেয়ার কথা জানিয়েছেন। ২ ডিসেম্বর সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ প্রসঙ্গে একটি স্ট্যাটাসে অভিনেত্রী ফারিয়া জানান, তাকে আর নাটকে দেখা যাবে না। ব্যক্তিগত জীবনে ব্যস্ত থাকায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
অভিনেত্রী শাহরিন ফেসবুকে লেখেন, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারও ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও দিতে পারিনি। কারণ, ওই ফোনটাই আমি অনেক দিন ইউজ করিনি। সো সবার রিপ্লাই একসাথে দিচ্ছি, আপাতত নাটকে কাজ করছি না। কবে করব এটাও জানি না কিন্তু ভালো টিভিসি হলে করব। ধন্যবাদ।’
উল্লেখ্য, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে বিনোদন জগতে অভিনেত্রী ফারিয়া শাহরিন পা রাখেন। এরপর বিজ্ঞাপনে মডেল ও নাটকে অভিনয়ে নিজের জায়গা গড়ে তোলেন। ক্যারিয়ারে বেশ কয়েকটি নাটকে তার কাজ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
স্পোর্টস ডেস্ক
প্রতিপক্ষের কান্না দেখার নির্মম সুখ ক্রীড়াঙ্গনে চূড়ান্তভাবে বৈধ। প্রতিপক্ষের উঠানে পা রেখে জিতলে তো কথাই নেই। প্যাট কামিন্স তাই বলেছিলেন, ‘ভরা গ্যালারি স্তব্ধ করার মতো আনন্দ আর নেই।’ আহমেদাবাদের ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষম নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেটাই করেছে অস্ট্রেলিয়া।
নীল জার্সিতে ছেয়ে যাওয়া গ্যালারিকে ঢেউহীন, গতিহীন, স্তব্ধ নীল জলের ‘প্রশান্ত সাগর’ বানিয়ে ছেড়েছে তারা। ভারতের বিপক্ষে ৬ উইকেটের বড় জয়ে লিখেছে আহমেদাবাদ ট্রাজেডি। ষষ্ঠ শিরোপা তথা সম্পন্ন করেছে ‘মিশন হেক্সা’।
সূর্য ডুবতেই শিশিরের প্রভাব বাড়বে। সেটা জেনেই টস জিতে বোলিং নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। গ্রুপ পর্বের মতো ফাইনালেও বল হাতে ভারত শিবিরে ধাক্কা দেন বোলাররা। শুরুতে শুভমন গিলকে (৪) ফেরার মিশেল স্টার্ক। রোহিত শর্মা ও বিরাট কোহলির জুটি ভেঙে ব্রেক থ্রু দেন গ্লেন ম্যাক্সওয়েল। অধিনায়ক রোহিত ৩১ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। চারটি চার ও তিনটি ছক্কা মেরে ফিরতেই ম্যাচের লাগাম হাতে নেয় অস্ট্রেলিয়া। ১০.২ ওভারে ৮১ রানে ভারতের ৩ উইকেট তুলে নেয় তারা।
ওই চাপ সামাল দেওয়ার চেষ্টা করলেও সফল হননি বিরাট কোহলি ও কেএল রাহুল। তারা ৬৭ রানের জুটি গড়েন। কোহলি ৬৩ বলে চারটি চারের শটে ৫৪ রান করে প্লেড অন হন। স্তব্ধ হয়ে যায় মোদি স্টেডিয়াম। আর প্রাণ ফেরেনি গ্যালারিতে। ১৪৮ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। তারাই ইনিংসের শেষ বলে অলআউট হয়েছে ২৪০ রান করে। কেএল রাহুল উইকেট কামড়ে থাকার চেষ্টা করেও পারেননি। তিনি ১০৭ বলে মাত্র একটি চারের শটে ৬৬ রান করেন।
জবাব দিতে নেমে ধাক্কা খায় অস্ট্রেলিয়াও। সপ্তম ওভারে ৪৭ রানে ৩ উইকেট হারায় তারা। একে একে ফিরে যান ডেভিড ওয়ার্নার (৭), মিশেল মার্শ (১৫) ও স্টিভ স্মিথ (৪)। তাদের ফিরিয়ে ভারত ‘ঘরের মাঠে নাহি দেব ছাড়’ বার্তা দিলেও ওপেনার ট্রাভিস হেড এক প্রান্তে দাঁড়িয়ে ম্যাচের বাকি অংশের চিত্রনাট্য লেখেন।
ইনজুরিতে গ্রুপ পর্বের অর্ধেক ম্যাচ মিস করা এই ব্যাটার খেলেন ১২০ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস। তার ব্যাট থেকে আসে ১৫টি চার ও চারটি ছক্কার শট। দুর্দান্ত ইনিংসে হেড ম্যাচ সেরা হয়েছেন। মনে করিয়েছেন ২০০৭ বিশ্বকাপের ফাইনালে অ্যাডাম গিলক্রিস্টের সেই ইনিংসকে।
তবে কৃতিত্ব দিতে হবে মার্নাস লাবুশানকে। তিনি শুরুতে উইকেট হারানোর পুরনো চাপটা কাঁধে তুলে নেন। হেডকে শট খেলার সাহস দিয়ে এক প্রান্তে দাঁড়িয়ে থেকে খেলেন ১১০ বলে চারটি চারের শটে ৫৮ রানের হার না মানা ইনিংস। এর আগে ভারতকে ধসিয়ে দেওয়ার কাজটা করেন অস্ট্রেলিয়ার তিন পেসার। স্টার্ক নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন কামিন্স ও হ্যাজলউড।
অনলাইন ডেস্ক :
নীলফামারীর সৈয়দপুরের জন্মভূমির মাটিতে পা রেখেই আবেগ আপ্লুত হয়ে পড়লেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বেবী নাজনীন। আজ ৩০ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে তিনি অবতরণ করেন। সৈয়দপুর বিমানবন্দর ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে এলে বাইরে অবস্থানরত বিএনপি এবং অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী ও দর্শনার্থীরা স্বাগত জানান। অনেকেই তাকে ফুল দিয়ে বরণ করেন। বেবী নাজনীন হাত নেড়ে সংবর্ধনার জবাব দেন।
বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। দেশ আমাদের সকলের। আমাদের দেশের প্রতি ভালবাসা চিরন্তন।
তিনি আরো বলেন, রাজনীতি নিয়ে আমার কোনো ক্ষোভ নেই। বিএনপির কথা উল্লেখ না করে বলেন, দলের সাথে ছিলাম, দলের সাথে আছি। অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে। ছাত্র-জনতার অভ্যুথানে স্বৈরাচারের পতন হয়েছে। আমি আমার সাধ্যমতো ছাত্র-জনতার পাশে থাকবো।
পরে তিনি স্বৈরাচার পতন আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ সাজ্জাদ হোসেনের বাঙ্গালীপুরের বাসায় যান এবং কিছু সময় কাটান। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহ-সভাপতি অ্যাড. ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ প্রমুখ।
অনলাইন ডেস্ক :
প্রেম ও সম্পর্কে বয়স যে কোনো বাধা নয়, এরই প্রমাণ অনেক তারকা দিয়েছেন। এবার প্রেমিকাকে নিয়ে রেড কার্পেটে হেঁটে ভক্ত-অনুরাগীদের চমকে দিলেন অস্কারজয়ী হলিউড অভিনেতা শন পেন। তিন বার বৈবাহিক সম্পর্কে থেকেছেন শন। কিন্তু কোনোটিই স্থায়ী হয়নি। এবার নিজের অর্ধেক বয়সি বান্ধবীর সঙ্গে অভিনেতার সম্পর্ক ঘিরে চর্চা শুরু হয়েছে।
শন যে সম্পর্কে রয়েছেন, তা নিয়ে গুজব ছিলই। সম্প্রতি একটি চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা। সেখানেই বান্ধবীকে নিয়ে রেড কার্পেটে হাঁটতে দেখা যায় তাকে। চমকের এখানেই শেষ নয়; এ অভিনেতার বয়স এখন ৬৪ বছর। কিন্তু তার বান্ধবী, পেশায় মডেল ভালেরিয়া নিকোভের বয়স ৩০ বছর। অসম বয়সের এই সম্পর্ক নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা শুরু হয়েছে।
চলতি বছর সেপ্টেম্বরে স্পেনের মাদ্রিদে পাপারাজ্জিরা প্রথম অভিনেতা শন ও মডেল ভালেরিয়াকে ক্যামেরাবন্দি করেন। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে শন কোনো প্রতিক্রিয়া দেননি। তবে রেড কার্পেটে যুগলের একত্র উপস্থিতিতে ভক্ত-অনুরাগীরা সম্পর্কে সিলমোহর বলেই ধরে নিয়েছেন।
‘মিস্টিক রিভার’ ও ‘মিল্ক’ ছবির জন্য অস্কার জেতেন অভিনেতা শন। এর আগে তিনি তিন বার বিয়ে করেছেন। ১৯৮৫ সালে পপ তারকা ম্যাডোনাকে বিয়ে করেন তিনি। তবে চার বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয়। এর পর অভিনেত্রী রবিন রাইট ও লাইলা জর্জকে বিয়ে করলেও, সম্পর্ক টেকেনি। এবার শনের সাথে ভালেরিয়ার সম্পর্ক আগামী দিনে কোন দিকে বাঁক নেয়, সেটিই দেখার বিষয়।
অনলাইন ডেস্ক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তী প্রেক্ষাপটের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী জান্নাত তোরসার প্রথম একক গান ‘কাবিখা’।
কাবিখা গান টি সম্পর্কে জান্নাত তোরসা বলেন, গানটি আমার প্রথম একক গান। গানটি প্রথমে আমি আমার ফেসবুক প্লার্টফর্মে মুক্তি দিলেও খুব দ্রুতই গানটি ইউটিউবসহ বিভিন্ন প্লার্টফর্মে মুক্তি পাবে।
কাবিখা গানটি সম্পর্কে তোরসা আরও বলেন, আমি এই গানটি লিখেছিলাম ২০২৪ এর ১৬ জুলাইতে। তবে ওই সময়ে দেশের অবস্থা গান প্রকাশের মতো না থাকায় গানটি মুক্তি দেয়া সম্ভব হয়নি। গানটিতে মূলত আমরা যারা কণ্ঠশিল্পী। অর্থাৎ কাজের বিনিময়ে খাদ্য উপার্জন করি। সেইসব শিল্পীদের কথা বলার চেষ্টা করেছি।
‘কাবিখা’ গানটি জান্নাত তোরসার নিজস্ব সুর ও কথায় প্রকাশিত হলেও এই গানের সাউন্ডের সাথে সোহাগ চক্রবর্তী, রিফাত হোসেন মিম কাজ করেছেন। এছাড়াও সিজান আজমির, আশিক সরকার, এইচ এম সোহেল, সাইদুল ইসলামসহ আরও অনেকেই গানটি সম্পন্ন করতে সহায়তা করায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
‘কাবিখা’ তোরসার প্রথম একক গান হলেও এর আগে তিনি ময়ূরাক্ষীসহ বিভিন্ন চলচিত্র, নাটক ও বিজ্ঞাপনে গান ও কণ্ঠ দিয়েছেন।
কাবিখা গানটি জান্নাত তোরসার নিজস্ব ফেসবুক প্লার্টফর্মে শ্রোতারা শুনতে পারবেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন
অনলাইন ডেস্ক :
সাভারের বোট ক্লাবে গিয়ে মদপানের পর ভাঙচুর ও মারধরের ঘটনায় ক্লাবের পরিচালক ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় চিত্রনায়িকা পরীমনির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ ২৬ জানুয়ারি রবিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এ পরোয়ানা জারি করেন।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, রবিবার মামলায় চার্জ শুনানির দিন ধার্য ছিলো। আমরা আসামিপক্ষে সময় আবেদন করি। আদালত সময় আবেদন নামঞ্জুর করে তার নামে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একইসাথে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে ২০২২ সালের ৭ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে এ মামলা করেন নাসির। মামলায় পরীমনি ছাড়াও তার দুই সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে আসামি করা হয়। আদালত পিবিআকে ঘটনা বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবী। সুযোগ বুঝে তারা বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান।
আরজিতে আরো উল্লেখ করা হয়, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। বাদী ও তার সহযোগী শাহ শহিদুল আলম রাত সোয়া ১টার দিকে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরীমনি উদ্দেশ্যমূলকভাবে বাদী নাসির উদ্দিনকে ডাক দেন এবং তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন। একপর্যায়ে পরীমনি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য বাদীকে চাপ দেন। বাদী এতে রাজি না হওয়ায় পরীমনি বাদীকে গালমন্দ করেন। বাদী এবং আসামিদের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে পরীমনি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথায় এবং বুকে আঘাত পান।
এতে আরো উল্লেখ করা হয়, পরীমনি ও তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও ভাঙচুর করেছেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় বাদীসহ দুজনের নামে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন।
গত বছর এ মামলায় পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরীমনি ছাড়া এ মামলায় তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলা হয়েছে। তবে তার সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় অব্যাহতির সুপারিশ করা হয়।
এরপর গত বছর ১৮ এপ্রিল এ মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদনের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি শেষে তাদের দু’জনকে হাজির হতে সমন জারি করেন।
এরপর গত বছর ২৫ জুন ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. সাইফুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।