চলারপথে রিপোর্ট :
সরাইলে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
৪ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসেন উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে অবৈধভাবে নির্মিত ২০ টি দোকান উচ্ছেদ করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসেন জানান, উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে ১০ শতক সরকারি জায়গায় অবৈধ ভাবে দখল করে ২০ টি দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছিল একটি প্রভাবশালী মহল। বিকেলে সেখানে অভিযান করে সরকারি খাস জায়গায় অবৈধভাবে নির্মিত ২০টি দোকান উচ্ছেদ করা হয়।
তিনি আরো জানান, সরকারি জায়গা দখল করে কেউ দোকান নির্মাণ করতে পারবে না। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় সরাইল সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ও সরাইল থানার পুলিশ উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
সরাইলে গলায় ফাঁস দিয়ে শমলা বেগম (৭০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল থেকে শমলা বেগমের মরদেহ উদ্ধার করেছে।
আজ ২৬ জুলাই বুধবার সকাল ৮টায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। শমলা বেগম ওই গ্রামের মৃত তালু হোসেনের স্ত্রী। তার দুই ছেলে সৌদি আরব প্রবাসী।
সৌদি আরব প্রবাসী ছেলে কালা মিয়া মোবাইল ফোনে বলেন, রাতে এশার নামাজ পড়ে মা তার রুমে ঘুমাতে যায়। সকাল ৮টায় আমার বড় ভাই সুলেমান মাকে খাবারের জন্য ডাক দিতে গিয়ে দেখেন দড়িতে ঝুলছে। জীবিত আছেন ভেবে তারা মাকে দড়ি থেকে খুলে দেখেন মা মারা গেছেন।
তিনি আরো বলেন, আমার মা পাগলাটে টাইপের রাগী ও জেদী মানুষ ছিলেন। অনেকটা মানসিক রোগীই বলা যায়। যা মন চাইতো, তাই করতো। হয়তো পাগলামির বশবর্তী হয়েই একাজ করেছেন।
সরাইল থানার ওসি (তদন্ত) আ স ম আতিকুর রহমান জানান, উপজেলার পরমানন্দপুর গ্রামে বড় ছেলের ঘরে বৃদ্ধ মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে-এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানোর প্রস্তুতি চলছে।
চলারপথে রিপোর্ট :
অবৈধভাবে বালি দিয়ে কৃষি জমি ও পুকুর ভরাটের দায়ে জহিরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসাইন উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে এই জরিমানা করেন। জরিমানা দেয়া জহিরুল ইসলাম উপজেলার পানিশ্বর এলাকার আলি আকবরের ছেলে।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসাইন বলেন, সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া গ্রামে একদল মানুষ অবৈধভাবে বালি দিয়ে কৃষি জমি ও জমির পাশে থাকা পুকুর ভরাট করছে এমন গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে দুপুরে যেখানে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ জহিরুল নামে ১জনকে আটক করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় জহিরুলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, ভরাটকৃত বালি দ্রুত অপসারণ করে জমিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সরাইল থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মোঃ রফিকুল হাসান উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ৮ কেজি গাঁজা ও এক হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছেন গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। ১০ মার্চ রবিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব কুট্টাপাড়া ব্যাগ ফ্যাক্টরির সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় একটি মোটরসাইকেল।
আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বাবুল শেখের ছেলে রবিউল ইসলাম শেখ (৩৩) ও তার স্ত্রী সাথী আক্তার (২৭)। তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে বসবাস করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে মাদক উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা অভিমুখে একটি মোটরসাইকেল চালিয়ে আসছিলেন এক ব্যক্তি। তার পেছনে এক নারী ব্যাগ নিয়ে বসা ছিলেন। তারা নিজেদেরকে স্বামী-স্ত্রী পরিচয় দেন। পরে তল্লাশিকালে তাদের ব্যাগে এবং শরীরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৮ কেজি গাঁজা ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদেরকে আটক করা হয়।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আটক স্বামী-স্ত্রী জানান তারা জেলার সীমান্তবর্তী এলাকা বিজয়নগর থেকে এসব মাদক এনে পাচার করছিলেন। এ ঘটনায় রাতে সরাইল থানায় মামলা দায়ের করে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
হাইওয়ে পুলিশের ‘সেবা সপ্তাহ’ শুরু হয়েছে। এ সেবা সপ্তাহ আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সেবা সপ্তাহের প্রথম দিবসে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল খাটিহাতা হাইওয়ে পুলিশ বিস্তারিত কর্মসূচি পালিত হয়েছে।এ উপলক্ষে আজ ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টার দিকে সরাইল খাটিহাতা হাইওয়ে থানার উদ্যোগে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে পুলিশসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে একটি র্যালি বের হয়।
ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড় যাত্রীছাউনির সামনে থেকে বের হয়ে র্যালিটি ঢাকা-সিলেট মহাসড়ক ও কুমিল্লা সিলেট মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় গণপরিবহন ও প্রাইভেটকার চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও খাবার বিতরণসহ তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। র্যালি শেষে খাঁটিহাতা হাইওয়ে থানায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিং সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন ও জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হেবজুল করিমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়া এই আসনের ৫ বারের সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া (কলারছড়ি প্রতীক) বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৪ হাজার ৮১৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবদুল হামিদ ভাসানী (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ৯ হাজার ৫৮৩। অপর স্বতন্ত্র প্রার্থী, বিএনপির বহিষ্কৃত নেতা, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু আসিফ আহমেদ (মোটর গাড়ি প্রতীক) পেয়েছেন ৩ হাজার ২৩৮ ভোট। আবু আসিফ আহমেদ গত শুক্রবার রাত থেকে নিখোঁজ রয়েছেন।
তবে, পুলিশের দাবি আবু আসিফ নিজেই আত্মগোপন করেছেন। ভোট গণনা শেষে জেলা পুলিশের উর্ধ্বতন একটি সূত্র এই ফলাফল নিশ্চিত করেছেন।