চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে মাহফিল করার নামে আয়োজন করা গান-বাজনা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন গতকাল শুক্রবার রাতে উপজেলার বৈশামুড়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন। পুলিশ জানায়, ফিরোজ মিয়া নামে এক ব্যক্তি মাহফিলের কথা বলে গান-বাজনার আয়োজন করেন। এ আয়োজন কবরস্থানের পাশে হওয়ায় এলাকার লোকজন আপত্তি তুলেন। বিষয়টি ইউএনও এবং ওসিকে অবহিত করেন তারা। ফিরোজ মিয়াকে এ আয়োজন বন্ধ করতে ফোনে নির্দেশনা দেওয়া হয়। এতে কাজ না হলে এক পর্যায়ে পুলিশ সেখানে অভিযান চালায়। লোক সমাগম বেশি হওয়ায় পুলিশ সেখান থেকে চলে আসে। এরই মধ্যে সেখানে উত্তেজনা দেখা দেয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন সেখানে অভিযান চালিয়ে গান বাজনা বন্ধ করে দেন। এ সময় ফিরোজ মিয়া পালিয়ে যায়। অভিযানের সময় গান-বাজনার কাজে ব্যবহৃত কিছু জিনিস জব্দ করে নিয়ে আসে পুলিশ।
চলারপথে রিপোর্ট :
সরাইলে বাড়ির সীমানা ও রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের নারী, শিশুসহ কমপক্ষে ১৫জন আহত হয়েছেন।
আজ ২০ ফেব্রুয়ারি সোমবার বিকেলে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৯জনকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও অরুয়াইল ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য এনামুল কবির বলেন, বাড়ির সীমানা ও রাস্তা নিয়ে গ্রামের গনি মিয়ার গোষ্ঠীর ধন মিয়া ও একই গোষ্ঠীর মস্তু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বিষয়টি নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।
বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহতদের মধ্যে সাদেক মিয়া (৪০), শিরু মিয়া (৬৫), মস্তু মিয়া (৩৫), শিরিনা বেগম (৩০), নিশা বেগম (৩০), ইদ্রিস মিয়া (৩২), আবদুল হাকিম (৩০), হাসান মিয়া (৮) ও আক্তার মিয়া (৬৫) কে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা দেয়া হয়। বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে আছে। বাড়ির রাস্তা নিয়ে এই সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কোন পক্ষই থানায় মামলা দায়ের করেন নি।
চলারপথে রিপোর্ট :
সরাইলে গলায় ফাঁস দিয়ে শমলা বেগম (৭০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল থেকে শমলা বেগমের মরদেহ উদ্ধার করেছে।
আজ ২৬ জুলাই বুধবার সকাল ৮টায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। শমলা বেগম ওই গ্রামের মৃত তালু হোসেনের স্ত্রী। তার দুই ছেলে সৌদি আরব প্রবাসী।
সৌদি আরব প্রবাসী ছেলে কালা মিয়া মোবাইল ফোনে বলেন, রাতে এশার নামাজ পড়ে মা তার রুমে ঘুমাতে যায়। সকাল ৮টায় আমার বড় ভাই সুলেমান মাকে খাবারের জন্য ডাক দিতে গিয়ে দেখেন দড়িতে ঝুলছে। জীবিত আছেন ভেবে তারা মাকে দড়ি থেকে খুলে দেখেন মা মারা গেছেন।
তিনি আরো বলেন, আমার মা পাগলাটে টাইপের রাগী ও জেদী মানুষ ছিলেন। অনেকটা মানসিক রোগীই বলা যায়। যা মন চাইতো, তাই করতো। হয়তো পাগলামির বশবর্তী হয়েই একাজ করেছেন।
সরাইল থানার ওসি (তদন্ত) আ স ম আতিকুর রহমান জানান, উপজেলার পরমানন্দপুর গ্রামে বড় ছেলের ঘরে বৃদ্ধ মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে-এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানোর প্রস্তুতি চলছে।
চলারপথে রিপোর্ট :
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল বিশ্বরোড মোড়কে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।
আজ ৪ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকায় খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
পথচারীরা জানায়, অবৈধভাবে গড়ে উঠা দোকানপাটের জন্য রাস্তা দিয়ে ঠিকমত চলাচল করা যায় না। এখন চলাচল করতে তাদের অনেক সুবিধা হবে। তারা আশা করেন অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে যানজট কম হবে।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, মানুষকে যানজটের দুর্ভোগ থেকে মুক্তি এনে দিতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
সরাইলে জুয়া খেলার সময় ৬ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৩ টায় উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়ার শরীফ মিয়ার বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুট্টাপাড়া গ্রামের হেলাল মিয়া (২৭), একই এলাকার মোঃ সাচ্চু মিয়া (৩৯), আনিস মিয়া (২৫), আব্বাস মিয়া (২৯), শান্ত মিয়া (৩২) মোঃ শরিফ (২৯)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৩ টার পশ্চিম কুট্টাপাড়ার শরীফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ৬ হাজার ১১০ টাকা ও বিভিন্ন জাতের তাস উদ্ধার করা হয়। শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।