অনলাইন ডেস্ক :
জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে সরকার। আওয়ামী লীগ সরকার পতনের এক দফা দাবিতে হওয়া এ আন্দোলনে নিহত হয়েছেন ৮৫৮ জন। এছাড়া আহত হয়েছেন ১১ হাজার ৫৫১ জন। আজ ২১ ডিসেম্বর শনিবার প্রথম ধাপের এ খসড়া তালিকা প্রকাশ করে জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত স্পেশাল সেল। জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত স্পেশাল সেলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহিদ বা আহত হয়েছেন, এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদফতর, ৬৪ জেলায় গঠিত জেলা কমিটি এবং গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলস কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শহিদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইট (musc.portal.gov.bd) এ প্রকাশ করা হয়েছে।
এতে আরো উল্লেখ করা হয়, প্রথম ধাপের উল্লিখিত খসড়া তালিকা দুটি আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রকাশিত খসড়া তালিকা দুটিতে শহিদ ও আহত ব্যক্তিদের নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই অথবা সংশোধন বা চূড়ান্ত করতে শহিদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য অথবা ওয়ারিশ অথবা প্রতিনিধিদের মতামত প্রদানের জন্য অনুরোধ করা হলো। এতদ্ব্যতীত প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত অথবা পরামর্শ থাকলে অথবা সংযোজন বা বিয়োজন করার মতো যুক্তিসঙ্গত কোনো তথ্য থাকলে তা আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ই-মেইলে (muspecialcell36@gmail.com) অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এর আগে, শুক্রবার গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা খন্দকার জহিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৮৫৮ জন শহিদের ভেরিফাইড তথ্য আমরা স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট থেকে পেয়েছি। এটা চূড়ান্ত নয়। এ ব্যাপারে কাজ অব্যাহত আছে। এদিন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের তালিকা তৈরি করে পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে। তবে এ তালিকা সর্বশেষ তালিকা নয়। এখনো তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে। পরে আরো তথ্য পাওয়া গেলে সেটাও আমরা তালিকায় এনে ক্যাবিনেটে পাঠাবো।
২০২৪ সালের জুন মাসে সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহাল করে। এর পরই জুলাইয়ের শুরুতে কোটা সংস্কার আন্দোলন পুনরায় জোরদার হয়। কয়েক সপ্তাহ বিক্ষোভের পর ১৫ জুলাই আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা বেড়ে যায়। পরবর্তী দিনগুলোতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে আন্দোলনকারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পথচারী, শিশুসসহ অসংখ্য মানুষ নিহত হন। আগস্টের শুরুর দিকে এই সহিংসতার ফলে ব্যাপক প্রাণহানি ঘটে। এত প্রাণহানির দায় অস্বীকার ও সহিংসতার জন্য অন্যান্য কারণকে দায়ী করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এসব ঘটনার জেরে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন ঘেরাওয়ের উদ্দেশে যাত্রা করে লাখো ছাত্র জনতা। সেই পরিস্থিতির মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পালিয়ে যান অনেক মন্ত্রী-এমপি-নেতা। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে চালানো গণহত্যার ঘটনায় শেখ হাসিনা ও তার সরকারের এমপি-মন্ত্রী-আমলা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। এসব মামলায় অনেককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। এছাড়া পলাতক মন্ত্রী-নেতা, সরকারি কর্মচারীদের গ্রেফতার প্রক্রিয়া চলমান রেখেছে বর্তমান অন্তর্বর্তী সরকার।
অনলাইন ডেস্ক :
পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। আজ ২৫ আগস্ট সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
উপ-সচিব মাহবুবুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত কর্মস্থলে বদলি করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে বরগুনার পুলিশ সুপার, পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পুলিশ সুপার আসাদুজ্জামানকে বাগেরহাট, পুলিশ অধিদপ্তরের মো. মেনহাজুল আলমকে নরসিংদীর পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে মেহেরপুরের পুলিশ সুপার, এসবির বিশেষ পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে নড়াইলের পুলিশ সুপার, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে নাটোরের পুলিশ সুপার করা হয়েছে।
অনলাইন ডেস্ক :
রিজার্ভ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনার সময় আমাদের আমদানি, রপ্তানি, ব্যবসা-বাণিজ্য সব বন্ধ ছিল। তবুও রিজার্ভ বেড়েছে। ২০০৯ সালে যখন ক্ষমতা গ্রহণ করি তখন রিজার্ভ কত ছিল। এক বিলিয়নও নয়। ১৯৯৬ সালে যখন ছিলাম কয়েক মিলিয়ন মাত্র। বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকব। নির্বাচনের পর আবার চালু করব। সব নিশ্চিত করে এখন নির্বাচনের কথা গণতন্ত্রের কথা শুনতে হয়। আমি এই দেশে নতুন নয়। স্কুলজীবন থেকে শুরু করেছি।’
আজ ৬ অক্টোবর শুক্রবার গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্বে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাহী সম্পাদক শাহরিয়ার খানের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘৮০০ ডলারের পরিবহন খরচ তিন হাজার চার হাজার ডলার লাগছে। তারপরও পাওয়া যাচ্ছে না। রিজার্ভ নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে। যদি এত বেশি কথা হয়, যখন সরকার গঠন করেছিলাম ওইখানে রেখে ছেড়ে দিব। আবার সেখান থেকে বাড়ানো হবে। বিদ্যুৎ কমিয়ে দেব? পানি দেওয়া বন্ধ করে দেব?’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আগে বাংলাদেশ শুনলে আলাদাভাবে তাকাতো। এটা বাতাসে হয়নি, আওয়ামী লীগ এটা করেছে। এখন বাংলাদেশে কেউ তো না খেয়ে কষ্ট পায় না, উত্তরবঙ্গে সবাই খেয়েপরে বেঁচে আছে।’
দেশবাশীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না রাখা হয়। বিশ্বব্যাপী খাদ্যমন্দা চলছে।’
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষ করে বুধবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন। নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী ১৭-২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দেন। অধিবেশনের ফাঁকে অন্যান্য উচ্চ-পর্যায়ের ও দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ দেন। তিনি ৩০ সেপ্টেম্বর ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যান। লন্ডনে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশিদের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনায় যোগ দেন।
এছাড়া বাংলাদেশ ও রোহিঙ্গা বিষয়ে গঠিত এপিপিজি’র সভাপতি এবং যুক্তরাজ্যের বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসা বিষয়ক ছায়ামন্ত্রী রুশনারা আলী এমপির নেতৃত্বে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) এক প্রতিনিধি দলসহ বেশ কয়েকজন বিশিষ্টজন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওয়াশিংটন ডিসিতে শেখ হাসিনা ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।
অনলাইন ডেস্ক :
বিএনপিহীন নির্বাচনেও সহজে পার পাচ্ছেন না সরকারের ১০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। এ দলে আছেন বর্তমান সংসদের আওয়ামী লীগের ৪৫ এমপিও। আওয়ামী লীগের সমর্থন পাওয়া জাতীয় পার্টির (জাপা) চার প্রার্থীরও পরিস্থিতি বেহাল। নৌকা ও লাঙ্গলের এসব প্রার্থীর সামনে ‘দেয়াল’ হয়ে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে স্বতন্ত্র প্রার্থী হয়েও এগিয়ে আছেন আওয়ামী লীগের সাত ও জাতীয় পার্টির একজন মনোনয়নবঞ্চিত এমপি।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কয়েকজন শীর্ষ নেতার কাছ থেকে পাওয়া আসনভিত্তিক পর্যালোচনায় এমন ইঙ্গিত মিলেছে। প্রায় একই ধরনের তথ্য দিয়েছেন সরকারি দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা। তাদের অনেকেই ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নির্বাচনী এলাকা পরিদর্শন করে এসেছেন। এ ছাড়া স্থানীয় প্রতিনিধিদের তথ্য বিশ্লেষণেও পাওয়া গেছে এমন আভাস।
আওয়ামী লীগের কয়েকজন নীতিনির্ধারক নেতা জানিয়েছেন, আওয়ামী লীগ প্রার্থীদের সঙ্গে বেশির ভাগ আসনেই দলের স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থী অনেকেই জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌর মেয়রের পদ ছেড়ে নির্বাচনে লড়ছেন। তাদের কেউ কেউ জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক। ফলে স্থানীয় নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। এ নিয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে দেখা দিয়েছে ঘরোয়া বিবাদ।
চ্যালেঞ্জের মুখে ১০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী
শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি প্রতিদ্বন্দ্বিতা করছেন চাঁদপুর-৩ আসনে। এখানে তাঁর সঙ্গে লড়ছেন দলের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি ড. শামছুল হক ভূঁইয়া। এই আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। ড. শামছুল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
নওগাঁ-১ আসনে খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপির নাজুক অবস্থা। তাঁর সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থী নিয়ামতপুর উপজেলা শাখার সাবেক সহসভাপতি খালেকুজ্জামান তোতার হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে।
পিরোজপুর-১ আসনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং দলের কেন্দ্রীয় সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি এগিয়ে থাকলেও তাঁকে স্বস্তি দিচ্ছেন না দলের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি এ কে এম এ আবদুল আউয়াল।
গাজীপুর-২ আসনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য জাহিদ আহসান রাসেল এমপিকে চ্যালেঞ্জ ছুড়েছেন স্বতন্ত্র প্রার্থী দলের মহানগর শাখার সাবেক সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন।
নাটোর-৩ আসনে কিছুটা ঝুঁকিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি জুনাইদ আহমেদ পলক এমপি। তাঁর সঙ্গে সমানভাবে এগোচ্ছেন দলের স্বতন্ত্র প্রার্থী সিংড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।
মেহেরপুর-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। তাঁর প্রধান প্রতিপক্ষ দলের স্বতন্ত্র প্রার্থী জেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক আবদুল মান্নান।
যশোর-৫ আসনে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বপন ভট্টাচার্য এমপির সঙ্গে স্বতন্ত্র প্রার্থী জেলা কৃষক লীগের সহসভাপতি ইয়াকুব আলীর তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা মনে করছেন।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরীফ আহমেদ এমপি ময়মনসিংহ-২ আসনে এগিয়ে থাকলেও চিন্তামুক্ত নন। তাঁর বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন বিএনপির সাবেক নেতা ও সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার।
হবিগঞ্জ-৪ আসনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহাবুব আলী এমপি রীতিমতো কোণঠাসা হয়ে আছেন। তাঁর বিরুদ্ধে এগিয়ে রয়েছেন দলের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের সাবেক কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
শরীয়তপুর-২ আসনে পানিসম্পদ উপমন্ত্রী ও ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম এমপির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়েছেন স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কর্নেল (অব.) শওকত আলীর ছেলে খালেদ শওকত আলী।
ঝুঁকিতে ৪৫ এমপি
দিনাজপুর-১ আসনে বর্তমান এমপি মনোরঞ্জন শীল গোপালের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে দলের পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকারিয়া জাকা শক্ত প্রতিন্দ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। দিনাজপুর-৩ আসনে ইকবালুর রহিম বাবু এমপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী দলের সদর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার ঘোষ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছেন। দিনাজপুর-৫ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পার্বতীপুরের চণ্ডীপুর ইউনিয়ন শাখার সাবেক আইন সম্পাদক হযরত আলী বেলাল। এ আসনেও দুই প্রার্থীর টক্কর চলছে।
নীলফামারী-২ আসনে আসাদুজ্জামান নূর এমপির সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। গাইবান্ধা-৩ আসনে সমান গতিতে এগোচ্ছেন কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, স্বতন্ত্র প্রার্থী দলের সাদুল্লাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব ও স্থানীয় নেতা আজিজার রহমান। চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা থাকায় প্রতিদিনই নির্বাচনী হিসাব বদলে যাচ্ছে বগুড়া-১ আসনে। এখানে দলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান এমপির সঙ্গে লড়ছেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য কে এস এম মোস্তাফিজুর রহমান, স্থানীয় নেতা শাহজাদী আলম লিপি ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ শোকরানা।
বগুড়া-৬ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপির সঙ্গে সমান তালে লড়ছেন দলের শহর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান আকন্দ। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপির বিরুদ্ধে দুইজন স্বতন্ত্র প্রার্থী। শিবগঞ্জের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও সাবেক এমপি গোলাম রাব্বানী। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী ডা. শিমুল এগিয়ে থাকলেও সৈয়দ নজরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে নেই।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান এমপির সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গোলাম মোস্তফার হাড্ডাহাড্ডি লড়াই হবে। রাজশাহী-১ আসনে ওমর ফারুক চৌধুরী এমপি কিছুটা নড়বড়ে অবস্থানে রয়েছেন। তাঁর বিরুদ্ধে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া মাহি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ত্রী আয়েশা আক্তার ডালিয়া এই আসনে স্বতন্ত্র প্রার্থী। আরও দুই স্বতন্ত্র প্রার্থী মুণ্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী ও আক্তারুজ্জামান সমান গতিতে এগোচ্ছেন। এখানে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া প্রায় সমান গতিতে এগোচ্ছেন ঝিনাইদহ-১ আসনে আব্দুল হাই এমপি ও দলের স্বতন্ত্র প্রার্থী জেলা শাখার সহসভাপতি নজরুল ইসলাম দুলাল, ঝিনাইদহ-২ আসনে তাহজীব আলম সিদ্দিকী এমপি ও দলের স্বতন্ত্র প্রার্থী জেলা শাখার সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদী মহুল, ঝিনাইদহ-৪ আসনে আনোয়ারুল আজীম আনার এমপি ও দলের স্বতন্ত্র প্রার্থী কালীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবদুর রশিদ খোকন। শেখ আফিল উদ্দিন এমপি যশোর-১ আসনে এগিয়ে থাকলেও স্বতন্ত্র প্রার্থী বেনাপোলের সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। যশোর-৩ আসনে কাজী নাবিল আহমেদ এমপি ও স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে।
যশোর-৬ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির সঙ্গে সমান গতিতে লড়ছেন কেশবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান এ এইচ এম আমির হোসেন। বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপির অবস্থা কিছুটা ভালো হলেও পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস আলী ইজারাদার। খুলনা-৪ আসনে আবদুস সালাম মুর্শেদী এমপির সঙ্গে তীব্র লড়াই হতে পারে স্বতন্ত্র প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম মোর্ত্তজা রশিদী দারার। খুলনা-৫ আসনে ডুমুরিয়া আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র চন্দ এমপির সঙ্গে মূল লড়াই হবে দলের স্বতন্ত্র প্রার্থী ফুলতলার সাবেক চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের। এখানে নৌকার প্রার্থী কিছুটা এগিয়ে রয়েছেন।
বরগুনা-১ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, দলের স্বতন্ত্র প্রার্থী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার টুকু ও সাবেক এমপি গোলাম সারোয়ার ফোরকানের ত্রিমুখী লড়াই চলছে। তীব্র প্রতিযোগিতা হতে পারে পটুয়াখালী-৩ আসনে এস এম শাহজাদা সাজু এমপির সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থী লে. জেনারেল (অব.) আবুল হোসেনের; পটুয়াখালী-৪ আসনে মহিববুর রহমান মহিব এমপির সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মাহবুবুর রহমান তালুকদার এবং বরিশাল-২ আসনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপির সঙ্গে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য এ কে ফাইয়াজুল হক রাজুর মধ্যে ভোটের লাড়াই হতে পারে।
পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি কিছুটা এগিয়ে থাকলেও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন মহারাজ পিছিয়ে নেই। ময়মনসিংহ-১০ আসনে ফাহমী গোলন্দাজ বাবেল এমপির সঙ্গে লড়ছেন দলের স্বতন্ত্র প্রার্থী জেলা শাখার উপদেষ্টা পরিষদ সদস্য ড. আবুল হোসেন দীপু ও গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট কায়সার আহমেদ। এখানে আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ড. আবুল হোসেন দীপুর। নেত্রকোনা-৩ আসনে দলের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপির সঙ্গে লড়াই করছেন দলের স্বতন্ত্র প্রার্থী সাবেক দুই এমপি ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু ও মঞ্জুর কাদের কোরায়শী।
কিশোরগঞ্জ-৫ আসনে বর্তমান এমপি আফজাল হোসেনের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার পাল। মানিকগঞ্জ-২ আসনে সংগীতশিল্পী মমতাজ বেগম এমপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ টুলু এবং সাবেক এমপি শামসুদ্দিন আহমেদের ছেলে ও স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন আহমেদ চঞ্চল।
মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপির বিরুদ্ধে লড়াই জমিয়েছেন দলের স্বতন্ত্র প্রার্থী সদর পৌরসভার সাবেক মেয়র ফয়সাল বিপ্লব। ঢাকা-১ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপির বিরুদ্ধে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, ঢাকা-২ আসনে দলের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডা. হাবিবুর রহমান সমান গতিতে এগোচ্ছেন।
নরসিংদী-১ আসনে লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক এমপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল, নারায়ণগঞ্জ-১ আসনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাজাহান ভূঁইয়া ও তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকারের প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। সিলেট-৩ আসনে সমান গতিতে লড়ছেন হাবিবুর রহমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী। সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ এমপির সঙ্গে মূল লড়াই হচ্ছে কানাডা আওয়ামী লীগের সভাপতি সারোয়ার হোসেন ও সাবেক এমপি সেলিম উদ্দিনের। তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীও এ আসনে লড়ছেন।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপির সঙ্গে স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিওর শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এছাড়া কুমিল্লা-২ আসনে সেলিমা আহমাদ মেরী এমপির বিরুদ্ধে সমান তালে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী দলের হোমনা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আবদুল মজিদ, কুমিল্লা-৭ আসনে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি অধ্যাপক আলী আশরাফের ছেলে মুনতাকিম আশরাফ টিটু, চাঁদপুর-৪ আসনে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান এমপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি ড. শামছুল হক ভূঁইয়া।
চাঁদপুর-৫ আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি কিছুটা এগিয়ে থাকলেও তাঁর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। প্রায় একই চিত্র নোয়াখালী-৪ আসনেও। এখানে একরামুল করিম চৌধুরী এমপির সঙ্গে লড়ছেন দলের স্বতন্ত্র প্রার্থী জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন। ত্রিমুখী লড়াই হচ্ছে চট্টগ্রাম-১৬ আসনে। এখানে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন দলের স্বতন্ত্র প্রার্থী দক্ষিণ জেলা শাখার সহসভাপতি মুজিবুর রহমান ও দক্ষিণ জেলা শাখা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ কবির লিটন।
জাপার চার প্রার্থী বেকায়দায়
নীলফামারী-৩ আসনে আওয়ামী লীগের সমর্থন পেয়েও কুলিয়ে উঠতে পারছেন না জাতীয় পার্টির মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি। এ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সাবেক এমপি গোলাম মোস্তফার স্ত্রী মারজিয়া সুলতানা ও যুবলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলের মধ্যে।
নীলফামারী-৪ আসনেও অভিন্ন চিত্র। আওয়ামী লীগের সমর্থন পেলেও জাতীয় পার্টির আহসান আদেলুর রহমান এমপির অবস্থা তেমন ভালো না। তাঁর সঙ্গে লড়াই হবে সৈয়দপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মুখছেদুল মুমিন ও জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলমের।
রংপুর-১ আসনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার। তাঁর সঙ্গে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া মসিউর রহমান রাঙ্গা এমপি ও গঙ্গাচড়ার সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলুর। তবে স্থানীয় প্রার্থী হওয়ায় আসাদুজ্জামান বাবলু কিছুটা সুবিধা পাচ্ছেন।
চট্টগ্রাম-৫ আসনেও লড়াই হচ্ছে ত্রিমুখী। আওয়ামী লীগের সমর্থন নিয়ে এ আসনে অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। তাঁর সঙ্গে সমান তালে লড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী ও প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের নাজিম উদ্দিন।
মনোনয়নবঞ্চিত বর্তমান আট এমপি এগিয়ে
গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে গাইবান্ধা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান এমপি মনোয়ার হোসেন চৌধুরী। এখানে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। মনোয়ার হোসেন চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি।
নওগাঁ-৩ আসনে ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হওয়ার পরও নির্বাচনে আছেন। তাঁর সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মাহফুজা আকরাম চৌধুরী মায়ার ত্রিমুখী লড়াই হচ্ছে।
ঝিনাইদহ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দলের জেলা শাখার সহসভাপতি শফিকুল আজম খান চঞ্চল এমপি। তাঁর সঙ্গে মহেশপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সালাহ উদ্দিন মিয়াজীর হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।
জামালপুর-৪ আসনে ডা. মুরাদ হাসান এমপি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি। তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান হেলাল।
ময়মনসিংহ-৯ আসনে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনালের (অব.) আব্দুস সালামের সঙ্গে সমান তালে লড়ছেন দলের বর্তমান এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়েছেন।
বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতন সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী রণজিত চন্দ্র সরকারের বিরুদ্ধে তাঁর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে এখানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী।
সুনামগঞ্জ-২ আসনে শাল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের সঙ্গে দলের সাবেক কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ও বর্তমান এমপি জয়া সেনগুপ্তার জমজমাট লড়াই চলছে। জয়া সেনগুপ্তা আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়েছেন।
আওয়ামী লীগের সঙ্গে ২৬ আসনে ভাগাভাগি হলেও সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় পার্টির বর্তমান এমপি পীর ফজলুর রহমান মিসবাহর ভাগ্য খোলেনি। তবে তিনি জাতীয় পার্টির প্রার্থী হয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মোহম্মদ সাদিকের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছেন।
নতুন ও পুরোনোর লড়াই
পঞ্চগড়-১ আসনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থী জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। ঠাকুরগাঁও-২ আসনে দবিরুল ইসলাম এমপির ছেলে মাজহারুল ইসলামের সঙ্গে সমানতালে লড়ছেন বালিয়াডাঙ্গির সাবেক চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।
লালমনিরহাট-৩ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেনের প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে। কুড়িগ্রাম-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার সঙ্গে শক্ত লড়াই করছেন জাতীয় পার্টির আবদুস সোবহান ও আক্কাস আলী সরকার। এখানে আক্কাস আলী সরকার কিছুটা এগিয়ে। কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী বিপ্লব হাসান পলাশ কিছুটা এগিয়ে থাকলেও স্বতন্ত্র প্রার্থী দলের রৌমারির যাদুরচর ইউনিয়নের সাবেক সভাপতি মজিবুর রহমান বঙ্গবাসীর শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে।
নাটোর-৪ আসনে বড়াইগ্রামের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সঙ্গে সমানতালে লড়ছেন দলের বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি আবদুল কুদ্দুসের ছেলে আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভন। প্রতিযোগিতা থাকলেও সিরাজগঞ্জ-৩ আসনে জয়ের সম্ভাবনা ডা. আব্দুল আজিজ এমপির। তাঁর সঙ্গে লড়াই হবে দলের স্বতন্ত্র প্রার্থী কৃষক লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন সুইটের সঙ্গে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন মেহেরপুর-২ আসনে দলের জেলা শাখার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মকবুল হোসেন। কুষ্টিয়া-৩ আসনে দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ এমপি এগিয়ে থাকলেও পৌর মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনু পিছিয়ে নেই।
সাতক্ষীরা-১ আসনে কলারোয়া আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে লড়ছেন দলের স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবুর রহমান সরদার মুজিব, তালা উপজেলা শাখার সভাপতি শেখ নুরুল ইসলাম ও জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত। এখানে ফিরোজ আহম্মেদ স্বপন ও দিদার বখতের মধ্যে লড়াই হতে পারে। সাতক্ষীরা-৪ আসনে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলনের সঙ্গে লড়াই হবে বিএনএম প্রার্থী ও সাবেক এমপি এইচ এম গোলাম রেজার। টাঙ্গাইল-৩ আসনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. কামরুল হাসান খানের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করেছেন আতাউর রহমান খান এমপির ছেলে দলের স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানা।
টাঙ্গাইল-৪ আসনে কালিহাতী আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ও সাবেক এমপি আবদুল লতিফ সিদ্দিকীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। শেরপুর-৩ আসনে শ্রীবরদী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ ডি এম শহিদুল ইসলাম ও দলের স্বতন্ত্র প্রার্থী ঝিনাইগাতীর সাবেক চেয়ারম্যান এস এম আব্দুল্লাহ হেল ওয়ারেজ নাইম সমান গতিতে লড়ছেন। প্রতিদিনই ভোটের রং বদলাচ্ছে ময়মনসিংহ-৪ আসনে। এখানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থী জেলা শাখার সহসভাপতি আমিনুল হক শামীমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। মুন্সীগঞ্জ-১ আসনে সিরাজদীখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার কবির সমান গতিতে এগোচ্ছেন।
এ ছাড়া হাড্ডাহাড্ডি লড়াই করছেন ঢাকা-৪ আসনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানমের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব ড. আওলাদ হোসেন, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্নার বিরুদ্ধে সাবেক এমপি হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান মোল্লা সজল ও ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, ঢাকা-১৪ আসনে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি সাবিনা আক্তার তুহিন, সিলেট-২ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর বিরুদ্ধে বিশ্বনাথের পৌর মেয়র মুহিবুর রহমান, কুমিল্লা-১ আসনে দলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুরের বিরুদ্ধে দলের স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসান। ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মৌলভীবাজার-২ আসনে। তিন প্রার্থী হচ্ছেন– দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কুলাউড়ার সাবেক চেয়ারম্যান এ কে এম শফি আহমদ সালমান ও তৃণমূল বিএনপির সাবেক এমপি এম এন শাহীন।
বর্তমান দুই এমপির যুদ্ধ
বর্তমান সংসদের দুই সদস্য পরস্পরের প্রতিপক্ষ হয়েছেন কুমিল্লা-৬ আসনে। মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি এবং সংরক্ষিত নারী আসনের এমপি আনজুম সুলতানা সীমা। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহার প্রতিদ্বন্দ্বিতায় কিছুটা এগিয়ে আছেন। স্বতন্ত্র প্রার্থী আনজুম সুলতানা সীমা দলের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আফজল খানের মেয়ে।
ভাইবোনের প্রতিযোগিতা
কিশোরগঞ্জ-১ আসনে বোনের সঙ্গে ভাইয়ের শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখানে আওয়ামী লীগ প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি এমপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাঁর ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়াতুল ইসলাম। এই আসনে আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে রয়েছেন। সূত্র : সমকাল
চলারপথে রিপোর্ট :
ফরিদপুরের সদরপুরে শ্বশুরবাড়ি থেকে বিদ্যুৎ বিল দিতে গিয়ে গত ৭ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন হাসি বেগম নামে এক গৃহবধূ। এরপর বুধবার সন্ধ্যায় পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলায় পাওয়া যায় এক নারীর অর্ধগলিত লাশ। লাশটি হাসি বেগমের বলে শনাক্ত করেন তার মা। পরে ওই লাশ দাফন করে হাসি বেগমের পরিবার। এদিকে দাফনের পাঁচ দিন পর হাসি বেগমকে জীবিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
সোমবার সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ময়মনসিংহের নান্দাইল থেকে হাসি বেগমকে আটক করে সদরপুর নিয়ে আসেন। হাসি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৮ বছর আগে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বড় বাড়ির মৃত শাহ আলম শেখের ছেলে মোতালেব শেখের সঙ্গে বিয়ে হয় হাসি বেগমের। তাদের সাত বছর বয়সি একটি ছেলেসন্তান রয়েছে। গত ৭ সেপ্টেম্বর হাসি বেগম বিদ্যুৎ বিল দেওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
এ ঘটনায় হাসি বেগমের বাবা শেখ হাবিবুর রহমান গত ১১ সেপ্টেম্বর সদরপুর থানায় একটি অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, তার মেয়ে হাসি বেগমকে হত্যা করে লাশ গুম করেছেন জামাতা মোতালেব শেখ। এর দুই দিন পর গত ১৪ সেপ্টেম্বর মোতালেব সদরপুর থানায় পালটা একটি অভিযোগ দেন। ওই অভিযোগে তিনি উল্লেখ করেন, হাসি বেগম নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে বাবার বাড়ি পালিয়ে গেছেন।
এরপর বুধবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর এলাকার কচুরিপানার ভেতর থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে হাসি বেগমের মা সালমা বেগম ওই লাশটি হাসির বলে শনাক্ত করেন। এরপর ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়ার পর শৌলডুবী কবরস্থানে ওই লাশ দাফন করা হয়।
এদিকে পালটাপালটি অভিযোগের তদন্ত চলা অবস্থায় শনিবার হাসি বেগম ফোন করে তার বাবা-মাকে জানান তিনি জীবিত আছেন। এরপর সোমবার সদরপুর থানার পুলিশ হাসি বেগমকে ময়মনসিংহের নান্দাইল থেকে উদ্ধার করেন।
এ বিষয়ে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. খবির মোল্যা বলেন, এ রকম খবর শুনেছি। তবে বিস্তারিত তেমন কিছু জানি না।
এ বিষয়ে সদরপুর থানার ওসি মো. মামুন আল রশিদ বলেন, হাসিকে নান্দাইল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। ঘটনাটি ভাঙ্গা ও সদরপুর থানার। ফলে সব তথ্য পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।
চলারপথে ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনা অতিমারী ও ইউক্রেন যুদ্ধ- সবকিছু মিলিয়ে সারা বিশ্বের অর্থনীতি মন্দার কবলে, সেখানে আমাদের প্রচেষ্টা দেশের অর্থনীতি গতিশীল রাখা। সেজন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশকে উন্নয়নশীল দেশ করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ একদিন উন্নত সমৃদ্ধ দেশ হবে।’
আজ ২৬ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টায় প্রয়াত ডা. এস এ মালেকের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু পরিষদ এ সভার আয়োজন করে।
বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। গত বছরের ৬ ডিসেম্বর তিনি মারা যান।
প্রধানমন্ত্রী বলেন, ‘স্কুল জীবন থেকে রাজনীতি করি। কলেজে ছাত্রলীগ করতাম, কলেজে ভিপিও ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগে সম্পৃক্ত ছিলাম। কখনও নেতৃত্ব নেওয়ার চিন্তা করিনি। দলের জন্য যখন প্রয়োজন হয়েছে, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাই পালন করেছি। পঁচাত্তরের পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তখনও আওয়ামী লীগের দায়িত্ব নিতে হবে- সেটা ভাবিনি। বঙ্গবন্ধু পরিষদ গঠন হয়েছে শুনে যতটুকু সম্ভব সহযোগিতা করেছি। ডা. মালেক আমাকে চাপ দিতেন, তোমাকে আওয়ামী লীগের দায়িত্ব নিতে হবে। সত্যি কথা বলতে, আমি দলের দায়িত্ব নেওয়ায় ডা. মালেকের অনেক অবদান রয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘ডা. মালেককে আমরা ছোটবেলা থেকে চিনি, তার সঙ্গে আমাদের পারিবারিকভাবে সম্পর্ক রয়েছে। তিনি সবসময় রাজনীতি সচেতন ছিলেন। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধে নিজের হাতে অস্ত্র তুলে প্রতিরোধ করেন। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর মুশতাক সংসদ সদস্যদের বৈঠকে ডাকে। তবে ডা. মালেকসহ অনেক সংসদ সদস্য সে বৈঠকে যোগ দেননি। তিনি বঙ্গবন্ধু হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। সেখানে টিকতে না পেরে তিনি ভারতে চলে যান।’
এস এ মালেকের স্মৃতিচারণ করে সরকারপ্রধান আরো বলেন, ‘১৯৯৬ সালে ডা. মালেক আমার রাজনৈতিক উপদেষ্টা থাকাকালে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তার মধ্যে কোনো অহমিকা ছিল না। তিনি হোমিওপ্যাথির প্র্যাকটিস করতেন, বিনামূল্যে ওষুধও দিতেন। তিনি অনেক বৈরী পরিবেশে জাতির পিতার আদর্শকে এগিয়ে নিয়েছেন এবং নেতাকর্মীদের মধ্যেও সেটি দক্ষভাবে ছড়িয়ে গিয়েছেন। লেখালেখিতেও তিনি বঙ্গবন্ধুর আদর্শ প্রচার করেছেন।’
বঙ্গবন্ধু পরিষদ নিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ ও তার আদর্শ তুলে ধরতে ঢাবি উপাচার্য মতিন চৌধুরী বঙ্গবন্ধু পরিষদ গড়ে তোলেন। সেসময় বঙ্গবন্ধুর নাম নেওয়াও নিষিদ্ধ ছিল। সে সময় তারা একটি বইও প্রকাশ করেন। বিভিন্ন লেখনীতে বঙ্গবন্ধুর কর্ম জাতির সামনে তুলে ধরেন। তবে তাদেরকে নানা দুর্ভোগ পোহাতে হয়েছে।
সভায় আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আবদুল খালেক, বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক মতিউর রহমান লাল্টু, সাংগঠনিক সম্পাদক অর্থনীতিবিদ লিয়াকত আলী মোড়ল ও অ্যাডভোকেট আব্দুল সালাম।
বক্তারা বলেন, ডা. এস এ মালেক ছিলেন একজন দেশপ্রেমিক ও বলিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধসহ দেশের সকল প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শে তিনি নিজের জীবনকে পরিচালিত করেছেন। নতুন প্রজন্ম যদি বঙ্গবন্ধুর আদর্শে তাদের জীবন পরিচালিত করতে পারে তাহলে প্রয়াত ডা. এস এ মালেকের আত্মার শান্তি পাবে। এ সময় বক্তারা তার নামে দেশের একটি সড়ক নামকরণের দাবি জানান।
অনুষ্ঠানে এস এ মালেকের স্মরণে ‘তুমি রবে নীরবে’ গান পরিবেশিত হয়। ‘ডা. এস এ মালেক: বঙ্গবন্ধুর আদর্শ আলোয় আঁকা একজন সাহসী মানুষের প্রতিকৃতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য অজিত কুমার সরকার।