অনলাইন ডেস্ক :
চীনের তিব্বতে ইয়ারলুং জাংবো নদে (ভারত-বাংলাদেশে যার পরিচিতি ব্রহ্মপুত্র) বেইজিংয়ের বাঁধ নির্মাণের খবরে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, এ বিষয়ে ভারতের মতামত ও উদ্বেগের কথা চীনকে জানানো হয়েছে। অভিন্ন নদীর ক্ষেত্রে ভাটির দেশেরও কিছু অধিকার আছে।
৩জানুয়ারি শুক্রবার চীনের বাঁধ নির্মাণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। রণধীর জয়সোয়াল বলেন, রাজনৈতিক ও বিশেষজ্ঞ পর্যায়ে সেই অধিকারের কথা বারবার জানানো হয়েছে। সেই অধিকার ও স্বার্থের বিষয়ে ভারতের পর্যবেক্ষণ জারি আছে। সরকার সেইমতো প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করবে।
জানা গেছে, এই বাঁধ নির্মাণে চীনের খরচ হবে আনুমানিক ১৩ হাজার ৭০০ কোটি ডলার। দেশটির ‘থ্রি গর্জেস’ বাঁধের চেয়ে বড় প্রস্তাবিত এই বাঁধ। এটি নির্মিত হলে তা হবে পৃথিবীর বৃহত্তম বাঁধ। প্রস্তাবিত বাঁধ নিশ্চিতভাবেই দুই ভাটির দেশ ভারত ও বাংলাদেশের নদীপ্রবাহে প্রভাব ফেলবে। দুই দেশই এ বিষয়ে চিন্তিত।
এ নিয়ে জয়সোয়াল বলেন, ওই তল্লাটে চীনের দখলদারি ভারত কখনো মেনে নেয়নি, নেবেও না। তাদের ওই ঘোষণা ভারতের সার্বভৌমত্বের ওপর কোনো প্রভাব ফেলবে না। ওই এলাকা ভারতের ছিল, ভারতেরই থাকবে। কূটনৈতিক পর্যায়ে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। সূত্র : এনডিটিভি
অনলাইন ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শীঘ্রই তাদের বাংলাদেশে পাঠানো হবে।
আজ ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চলারপথে রিপোর্ট :
কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক তরুণ মো. সাকিব (১৮) নিহত হয়েছেন। এ সময় ভারতের এক নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা এলাকায়। নিহত মো. সাকিব (১৮) বায়েক ইউনিয়নের মাদলার নন্দননগর পুরাতন গুচ্ছগ্রামের বাসিন্দা মো. মোতালেবের ছেলে। আহত ভারতীয় নাগরিক ত্রিপুরা রাজ্যের আগরতলার মঙ্গল বর্মণের ছেলে সুজন বর্মণ (৩৫)। তাকে ঢাকার ধানমন্ডিস্থ পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বেলা সাড়ে ১২টার দিকে নিহত সাবিকের লাশ গ্রামের বাড়ি মাদলায় নিয়ে আসেন স্বজনেরা।
এর আগে গতকাল ৪ মে রোববার দিবাগত রাত পৌনে ১২টায় বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর আহত হন সাকিব ও সুজন।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল ইসলাম জানান, রবিবার রাতে ভারতীয় যুবক সুজনের মাধ্যমে চোরাই মোটরসাইকেল আনার জন্য মাদলা সীমান্তে যায় সাকিব। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হন সুজন ও সাকিব।
পরে সাকিবকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের এসব তথ্য নিশ্চিত করে বলেন, কসবায় সীমান্তবর্তী এলাকায় গতকাল দিবাগত রাত পৌনে ১২টায় বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন। আর ভারতীয় এক নাগরিক আহত আছেন। গুলিবিদ্ধ সাকিবকে উদ্ধার করে তাঁর স্বজনেরা ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। তবে তিনি পথে মারা যান। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
অনলাইন ডেস্ক :
দক্ষিণ-পশ্চিম তাইওয়ানে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। আজ ২৬ জানুয়ারি রবিবার সকালের এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১ (রিখটার স্কেলে)। এ তথ্য নিশ্চিত করেছে চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি)।
সিইএনসি জানায়, এদিন স্থানীয় সময় সকাল ৭টা ৩৮ মিনিটে তাইওয়ানের তাইনান শহরের কাছে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। নিকটবর্তী এলাকায় সুনামির কোনো সতর্কতাও জারি করা হয়নি।
গত এক সপ্তাহের মধ্যে এটা তাইওয়ানে আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্প। এর আগে, গত সপ্তাহে (২০ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলে ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সূত্র : ডেকান হেরাল্ড।
হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র থেকে :
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এক ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যে ২৫ শতাংশ সীমান্ত কর আরোপ করবেন। এবার তা বাস্তবায়ন হলো ১ ফেব্রুয়ারি থেকে।
৩১ জানুয়ারি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তবে কোন কোন পণ্যে শুল্ক আরোপ করা হবে তা এখনো নিশ্চিত করেননি নবনির্বাচিত এই প্রেসিডেন্ট।
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প জানিয়েছেন তাঁর এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণ ছিল বিপুল পরিমাণে অবৈধ অভিবাসী প্রবেশ রোধ করা। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সীমান্ত পেরিয়ে আসা ফেন্টানাইল ও প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য ঘাটতি মোকাবিলা করা।
কানাডা ও মেক্সিকো জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে তাদের নিজস্ব ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে ওয়াশিংটনকে জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সীমান্ত সম্পর্কে যে উদ্বেগ তৈরি হয়েছে তা দূর করার জন্য পদক্ষেপ নেবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যদি কানাডা ও মেক্সিকো থেকে তেল আমদানিতে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ কার্যকর করে তাহলে জীবনযাত্রার ব্যয় কমানো ট্রাম্পের জন্য কঠিন হবে।
সাংবাদিকদের সাথে আলাপের সময় ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন তিনি এখন চীনের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছেন এবং এটি প্রক্রিয়াধীন। এ ব্যাপারে তিনি জানুয়ারি মাসের শুরুতে বলেছিলেন চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে কোন কোন পণ্যে শুল্ক আরোপ করা হবে তার বিস্তারিত বিবরণ দেননি।
এর আগে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনি প্রচারণার সময় বলেছেন চীনা তৈরি পণ্যের ওপর তিনি ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবেন। কিন্তু হোয়াইট হাউসে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনেই তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেননি। বরং প্রশাসনকে এ বিষয়টি পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছিলেন।
২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্রে চীন থেকে পণ্য আমদানি কমে গেছে। অর্থনীতিবিদরা এর কারণ হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত একাধিক পণ্যে শুল্ক বৃদ্ধিকে দায়ী করেছেন।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার সময় চীনের ভাইস প্রিমিয়ার ডিং জুয়েক্সিয়াং বলেছিলেন, চীন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য উত্তেজনার উপযুক্ত সমাধান চায় এবং তাদের রপ্তানি সম্প্রসারণ করতে চায়।
শুল্ক হলো বিদেশে উৎপাদিত পণ্যের ওপর একটি আমদানি কর। এটি আরোপ হলে কোনো দেশ থেকে আসা পণ্য কেনার সম্ভাবনা কমে যায় এবং কর আরোপিত পণ্য আরও ব্যয়বহুল হয়ে ওঠে।
কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত জ্বালানি তেলের ওপর শুল্ক আরোপ হলে খুচরা ব্যবসায়ী এবং ভোক্তাদের ওপর চাপ বাড়বে। পেট্রোল থেকে শুরু করে সব ধরনের তেলের দাম আরও বৃদ্ধি পাবে। কেননা, মার্কিন তেল আমদানিকারকরা যে অপরিশোধিত তেল সরবরাহ করে তার প্রায় ৪০ শতাংশ আমদানি করা হয়। এর বেশিরভাগই আসে কানাডা থেকে।
চলারপথে ডেস্ক :
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৮ জন বাংলাদেশি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন।
আজ ২৮ মার্চ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ তথ্য জানান তিনি।
হতাহত বাংলাদেশিদের মধ্যে অধিকাংশই চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ জনের একটি তালিকা দেওয়া হয়েছে। তবে এ তালিকার ৮ জনই মৃত নয়। মন্ত্রণালয় বলছে, এটি নিখোঁজ বা মৃতের তালিকা।
এ তালিকায় যে ৮টি নাম রয়েছে সেগুলো হলো- শহিদুল ইসলাম (সেনবাগ, নোয়াখালী), মামুন মিয়া (মুরাদনগর, কুমিল্লা), মো. হেলাল (নোয়াখালী), সবুজ হোসাইন (লক্ষীপুর), রাসেল মোল্লা (মুরাদনগর, কুমিল্লা), মো. আসিফ (মহেশখালী, কক্সবাজার), মো. ইমান হোসাইন রনি (টঙ্গি, গাজীপুর) এবং বকু মিয়া (চাঁদপুর)।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সৌদি আরবে যে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে সেটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশি ছিলেন ৩৫ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বাংলাদেশিদের সৌদি আরবের বাংলাদেশ মিশন দেখভাল করছে বলেও জানান পররাষ্ট্রের মুখপাত্র।
এদিকে সৌদি আরবের আল-এখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, সোমবার মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর সঙ্গে সংঘর্ষে বাসটি উল্টে আগুন ধরে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চ্যানেলটি নির্দিষ্ট সমস্যার কথা উল্লেখ না করে জানায় দুর্ঘটনা কবলিত ‘গাড়ির সমস্যা’ হয়েছিল।
অন্যদিকে সৌদির বেসরকারি সংবাদপত্র ওকাজ বলেছে, দুর্ঘটনাটি বাসের ব্রেকের সমস্যার কারণে হয়েছে। এর ফলে বাসটি সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে আগুন ধরে যায়।
আসির প্রদেশের ঘটনাটি ইসলামের পবিত্রতম শহর মক্কা ও মদিনায় নিরাপদে যাওয়ার বিষয়টিকে কার্যত চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। রমজানে বহু মানুষ ওমরাহ করতে মক্কায় যাচ্ছেন এবং হজের আর মাত্র কয়েক মাস বাকি, এমন সময়ে এ ঘটনা ঘটল।
এর আগে, ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছিলেন।