চলারপথে রিপোর্ট :
কসবায় পৌর শহরের পাঁচটি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ১০ নভেম্বর সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় স্বাস্থ্যবিধি না মানা, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতসহ বিভিন্ন অনিয়মের দায়ে এই অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির।
এ সময় দি ফুড প্যালেস ও টেস্টি বাইট রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা করে ৩০ হাজার, ঢাকা কাচ্চি ভাই ও আল কারিমা রেস্তোরাঁকে যৌথভাবে ৩০ হাজার টাকা এবং কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রেস্টুরেন্টের রান্নাঘর অপরিচ্ছন্ন, পঁচা-বাসি খাবার রাখা, খোলামেলা পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং রান্নার সময় কর্মচারীদের মুখে মাস্ক বা হাতে গ্লাভস না থাকা। তাই আইন অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবির বলেন, খাবারের মান বজায় রাখা ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন এবং পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার স্বার্থে ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীরা যেন ভোক্তাদের সঙ্গে প্রতারণা না করে এবং সবাই যেন নিরাপদ ও মানসম্মত খাবার পান। রেস্টুরেন্ট মালিকদের এসব বিষয়ে সচেতন হওয়ারও তাগিদ দেন। এসময় কসবা থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক :
হাটহাজারী সাব রেজিস্ট্রার অফিসে জায়গার মূল দলিলের পাতা গায়েব করে টাকার বিনিময়ে ভুয়া পাতা সংযুক্ত করার ঘটনা ঘটেছে। জিয়া উদ্দিন আসলাম নামে অস্থায়ী নকল নবীশ চলতি মাসের ২ তারিখ হাটহাজারী সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রারকৃত ৪৩১৬ নং মূল দলিল পরিদর্শনের দরখাস্ত করে দলিল বের করে এ কাজ করেছে বলে জানা গেছে।
লিখিত অভিযোগ পাওয়ায় তাৎক্ষণিক অভিযুক্তকে সাময়িক বরখাস্তের পাশাপাশি আগামিকাল ২৮ সেপ্টেম্বর রবিবার রাঙ্গুনিয়ার সাব রেজিস্টারকে তদন্তের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার।
অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত জিয়া উদ্দিন আসলাম সাব রেজিস্ট্রার অফিসে অস্থায়ী নকল নবীশ হিসেবে কাজ করে আসছেন। এ সুবাধে অনেকেই জায়গা রেজেস্ট্রিসহ জায়গা সংক্রান্ত বিষয়ে তার কাছে আসা যাওয়া করেন। চলতি বছরের ১৬ জুলাই গড়দুয়ারা মৌজার একটি জায়গা রেজেস্ট্রি হয়। ওই জায়গার মূল দলিল পরিদর্শন করার নামে সাব রেজিস্ট্রার বরাবরে আবেদন করে জিয়া উদ্দিন আসলাম।
মূল দলিল হাতে পেয়েই টাকার বিনিময়ে কৌশলে মূল দলিলের তিনটি পাতা কর্তন করে নতুন তিনটি পাতা সংযুক্ত করে দেয়। পরে বিষয়টি জানাজানি হলে হাটহাজারী সাব রেজিস্ট্রার পদক্ষেপ নিলে পাতা কর্তনের বিষয়টি স্বীকার করে ক্ষমা ও আর করবেনা মর্মে অঙ্গিকারনামা প্রদান করেন। পরবর্তীতে বিষয়টি জেলা পর্যায়ে চলে গেলে তাকে সাময়িক বরখাস্ত এবং তদন্তের নির্দেশ দেন চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার।
জানতে চাইলে ঘটনা স্বীকার এবং অনুতপ্ত জানিয়ে জিয়া উদ্দিন আসলাম বলেন হাটহাজারী সাব রেজিস্ট্রার বরাবর ক্ষমা চেয়ে অঙ্গিকারনামা দিয়েছেন।
অফিস সহকারী রেজাউল করিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষয়ে জেলায় অবগত করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর রবিবার জেলা তদন্তে রাঙ্গুনিয়া সাব রেজিস্ট্রার আসবেন।
হাটহাজারী সাব রেজিস্ট্রার ওবায়েদ উল্লাহ বলেন, লিখিত অভিযোগ পেয়েই জেলাকে অবগত করা হয়েছে। রাঙ্গুনিয়া সাব রেজিস্ট্রারকে জেলা কর্তৃক তদন্তের ভার দেয়া হয়েছে। সাময়িক বরখাস্তের বিষয়ে জেলা কর্তৃক নোটিশ এখনও পাননি বলে জানান তিনি। সাব রেজিস্ট্রারের নাকের ডগায় এ ধরনের দুর্নীতি কিভাবে সম্ভব এ প্রশ্নে তিনি বলেন, সব কিছুর খবর রাখা তার একার পক্ষে সম্ভব নয়। এ জন্য অফিস সহকারী রয়েছেন। এসময় অফিস সহকারীকে এ প্রশ্নটা করার অনুরোধ করেন তিনি।
চলারপথে রিপোর্ট :
মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা। আজ ১৭ ডিসেম্বর বুধবার বিকেলে জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এই গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার তিনটি দলের প্রায় অর্ধশত খেলোয়াড় খেলায় অংশ নেন। খেলা দেখতে গ্রাম ও শহরের বিভিন্ন বয়সের নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
দর্শনার্থীরা জানান, এক সময় গ্রামবাংলার বিভিন্ন এলাকায় নিয়মিত লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হতো। বর্তমানে পৃষ্ঠপোষকতার অভাবে খেলাটি বিলুপ্তির পথে। নতুন প্রজন্মের আগ্রহ কমে যাওয়ায় দক্ষ খেলোয়াড়ও হারিয়ে যাচ্ছে। তারা এই ঐতিহ্যবাহী খেলাটি টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগ ও পৃষ্ঠপোষকতার দাবি জানান।
খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। খেলা শেষে তিনি বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। বিজয় দিবসের অনুষ্ঠানের অংশ হিসেবে লাঠিবাড়ি খেলাটি আয়োজন করা হয়েছে। শত শত মানুষ প্রাচীন এই খেলা উপভোগ করেছেন, যা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে সহায়ক হবে।
চলারপথে রিপোর্ট :
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে খুনিচক্র বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল, আওয়ামী লীগকে হত্যা করতে চেয়েছিল। এখনো আওয়ামী লীগ তথা বাংলাদেশকে হত্যার ষড়যন্ত্র চলছে। তাই আপনাদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। এটা আমাদের অস্তিত্বের লড়াই।
আজ ২ সেপ্টেম্বর শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। ইনডেমনিটি আইন বাতিল করে বঙ্গবন্ধু হত্যা মামলা বিচার শুরু করেছেন। তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে বাংলাদেশের উন্নতি করেছেন। শেখ হাসিনা দেশের টাকায় পদ্মা সেতু করেছেন। অথচ এই খালেদা জিয়া বলেছিলেন- পদ্মা সেতু দিয়ে গাড়ি চলবে না, সেতু ভেঙ্গে পড়বে। শেখ হাসিনা মানুষের জন্য কাজ করেন। মানুষের টাকা মানুষকে দিয়ে দেন। সেই জায়গা থেকে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দেশটাকে উদ্ধার করেছেন। তিনি বহু কষ্ট করে আওয়ামী লীগকে সংগঠিত করে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে মর্যাদার আসনে আসীন করেছেন। বাংলাদেশকে এখন পৃথিবীর সব দেশ মর্যাদার সঙ্গে দেখে।
আনিসুল হক বলেন, এক সময় অতীতের সরকারগুলো বাজেট ঘোষণার আগে দেশের অর্থমন্ত্রী ব্রিফকেস নিয়ে দেশে দেশে ঘুরে ভিক্ষা করে টাকা এনে বাজেট ঘোষণা করতো। বিদেশিরা বাংলাদেশকে ভিক্ষুক হিসেবে জানতো। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলতো। বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। তিনি আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার করিম শাহরিয়ার ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কসবা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এম.জি হাক্কানী, জেলা পরিষদের সদস্য এ এম আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ, বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন প্রমুখ।
চলারপথে রিপোর্ট :
ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। আজ ২৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে।
হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হোসেনের সভাপতিত্বে এবং কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা মাওলানা মোজাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা রিয়াজুল করিম রিফাত, সদস্য মাওলানা মুইনুদ্দিন, সদস্য মাওলানা হাবিবুল্লাহ মাদানী, সদস্য মাওলানা খায়রুজ্জামান, সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত, সদস্য মাওলানা জাকারিয়া, মাওলানা সৈয়দ কাসেম, মাওলানা ইসহাক আল মামুন প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ম নিয়ে কটাক্ষ বা অবমাননাকর মন্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে তারা বলেন, সমাজে বিভ্রান্তি, বিদ্বেষ ও উসকানি সৃষ্টি করতে পারে এমন বক্তব্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তারা দাবি করেন, ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে কেউ যেন পার পেয়ে না যায়। এজন্য সরকারের উচিত অভিযোগটির তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা। অতীতেও বিভিন্ন সময়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা ধর্মীয় মূল্যবোধকে হেয় করার প্রবণতা লক্ষ করা গেছে। এ ধরনের বক্তব্য কখনো কখনো রাজনৈতিক উদ্দেশ্যেও ব্যবহার হতে পারে, যার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হয়। তাই এ ঘটনা শুধু ধর্মীয় নয়, রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্ব সহকারে বিবেচনার দাবি রাখে।
চলারপথে রিপোর্ট :
কসবা উপজেলায় প্রাইভেটকারে গাঁজা বোঝাইয়ের সময় দুই ভাইকে আটক করেছে পুলিশ। এ সময় ৩২ কেজি গাঁজাসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।
১৮ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার শাহাপুর রাজাপুর গ্রামে গাঁজাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন- শাহপুর গ্রামের আইয়ুব আলীর দুই ছেলে মো. সাত্তার (২৮) ও মো. সেলিম (৩২)।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেটকারে মাদক বোঝাইয়ের সময় দুই কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি চলছে৷