চলারপথে রিপোর্ট :
ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ জিকেপি কলেজে এক ছাত্রীকে পছন্দ করাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ১০ নভেম্বর সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরিস্থিতি বিকেল ৪টা পর্যন্ত অব্যাহত থাকে। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর কলেজটি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রীকে একই কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী পছন্দ করত। কিন্তু একই মেয়েকে প্রথম বর্ষের আরেক শিক্ষার্থীও পছন্দ করায় দুই ছাত্রের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বের জের ধরে সোমবার সকাল ১০টার দিকে তারা কলেজ চত্বরে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই বর্ষের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়ায় মুখোমুখি অবস্থান নেয়। এই সুযোগে স্থানীয় এলাকার কিছু বাসিন্দা কলেজের টিনশেডের সীমানাপ্রাচীর ভেঙে ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায়। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কলেজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কলেজ পরিচালনা কমিটি জরুরি সভা করে অনির্দিষ্ট সময়ের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, এক মেয়েকে দুজন পছন্দ করার মতো সামান্য বিষয় নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী শান্তিপূর্ণ, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার প্রয়াসে সামাজিক ন্যায়বিচারে বিনিয়োগ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একমাত্র সামাজিক ন্যায়বিচারই স্থায়ী শান্তি ও টেকসই উন্নয়নের ভিত্তি রচনা করতে পারে। বিশ্বব্যাপী শান্তিপূর্ণ, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রয়াসে সামাজিক ন্যায়বিচারকে আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে।’
আজ ১৪ জুন বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় প্যালেস ডি নেশনস-এ ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট-২০২৩’ এর পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এই শীর্ষ সম্মেলনের মাধ্যমে একটি বৈশ্বিক জোট প্রতিষ্ঠার উদ্যোগ টেকসই উন্নয়ন অভীষ্টসহ সকল আন্তর্জাতিক উন্নয়ন এজেন্ডার কেন্দ্রে সামাজিক ন্যায়বিচারকে স্থান দেওয়ার একটি সুযোগ করে দিয়েছে। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে পাঁচটি পরামর্শ দেন।
শেখ হাসিনা তার প্রথম পরামর্শে বলেন, এই জোটটিকে একটি মান-নির্ধারক বা দরকষাকষির ফোরামের পরিবর্তে একটি পরামর্শমূলক বা অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই বাঞ্ছনীয় হবে। দ্বিতীয়ত, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক ন্যায়বিচারকে এক আন্তর্জাতিক মহল কর্তৃক অন্য মহলের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহারের বিষয়ে এই জোটকে সতর্ক থাকতে হবে। তৃতীয়ত, এই জোটকে একটি নিয়মতান্ত্রিক বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার আওতায় সামাজিক ন্যায়বিচারকে একটি সংরক্ষণবাদী হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, বরং এর ব্যাপক প্রসারে ভূমিকা রাখার বিষয়ে প্রচারণা চালাতে হবে। চতুর্থত, শোভনকর্ম এবং উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার জন্য এ জোটের বিষয়ে আইএলও’র নিজস্ব অংশীজনদের থেকে ব্যাপক সমর্থন নিশ্চিত করতে হবে। পরিশেষে, আমাদের তরুণ সমাজকে সামাজিক ন্যায়বিচারের প্রবক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ জোটকে মনোযোগী হতে হবে।
তিনি বলেন, ‘বর্তমান শতাব্দীর বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের জন্য আমাদের একটি নতুন সামাজিক চুক্তি তৈরি করতে হবে। এই সামাজিক চুক্তির মূল উদ্দেশ্য হবে- টেকসই উন্নয়নের লক্ষ্যে সবার জন্য সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা।’
উল্লেখ্য যে, শ্রম অধিকার সুরক্ষায় বাংলাদেশ আইএলও’র দশটি মৌলিক সনদের মধ্যে আটটিতে অনুস্বাক্ষর করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক দুটি নতুন মৌলিক আইএলও সনদ অনুস্বাক্ষরের বিষয়টিও আমরা সক্রিয়ভাবে বিবেচনা করছি। অত্যন্ত পরিতাপের বিষয় যে, শ্রম অধিকার নিয়ে সোচ্চার কয়েকটি উন্নত দেশ এখন পর্যন্ত নিজেরা অধিকাংশ মৌলিক আইএলও সনদ অনুস্বাক্ষর করেনি। যেমন, একটি বড়ো শিল্পোন্নত দেশ মাত্র দুটি মৌলিক সনদ অনুস্বাক্ষর করেছে।’
শিশুশ্রমের ন্যূনতম বয়স নির্ধারণে বাংলাদেশ সম্প্রতি আইএলও সনদ ১৩৮ অনুস্বাক্ষর করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার সরকার আটটি ঝুঁকিপূর্ণ খাতকে শিশু শ্রমমুক্ত ঘোষণা করেছে। এছাড়া, ২০২৩-২৪ অর্থবছরে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত এক লাখ শিশুকে উপানুষ্ঠানিক ও কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে।
তিনি বলেন, ‘আমি একটি সুস্থ ও নিরাপদ আগামী প্রজন্মের স্বার্থে শিশু শ্রমের অভিশাপ থেকে মুক্তি চাই।’
প্রধানমন্ত্রী বলেন, আইএলও’র সুপারিশ অনুযায়ী ২০১৩ ও ২০১৮ সালে দুইবার বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ সংশোধন করেছে। অধিকন্তু, বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এ সংশোধন করা হয়েছে। এ বছর নাগাদ শ্রম আইন, ২০০৬-এ আরও সংশোধনী আনার কাজ চলছে। ইতোমধ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ প্রয়োগর অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি জানান, শ্রম আপিল ট্রাইব্যুনাল ও সাতটি শ্রম আদালতের সঙ্গে বর্তমান আওয়ামী লীগ সরকার আরও ছয়টি শ্রম আদালত প্রতিষ্ঠা করেছে। এ ছাড়া, সামাজিক অংশীদারদের অংশগ্রহণে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রম প্রাতিষ্ঠানিকভাবে জোরদার করা হচ্ছে। পাশাপাশি, দেশের কারখানাগুলোর জন্য একটি ‘শিল্প পুলিশ’ ইউনিট গঠন করা হয়েছে।
সূত্র : বাসস
অনলাইন ডেস্ক :
আরও ১৮ দিন সময় বাড়ানো হয়েছে আগামী হজের নিবন্ধনের। ১৮ জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়ে আজ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
আগের নির্ধারিত সময় অনুযায়ী হজের নিবন্ধন আগামী রোববার (৩১ ডিসেম্বর) শেষ হওয়ার কথা। কিন্তু বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২৫ হাজার ৪৭৮ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২২ হাজার ৫৪৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৯২৯ জন হজযাত্রী নিবন্ধন করেছেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মতো আগামী বছরও (২০২৪ সাল) বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি মাধ্যমের কোটা ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটা এক লাখ ১৭ হাজার জন।
সময় বাড়ানোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪ সালে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় হতে হজ চুক্তির আগেই হজযাত্রীর চূড়ান্ত সংখ্যা জানানোর তাগিদ থাকা সত্ত্বেও বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময় ১৮ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। এসময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন বা প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।
প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট মূল্য আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় হজে যাওয়া যাবে না এবং প্রদত্ত অর্থ ফেরত দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনলাইন ডেস্ক :
বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে পাঁচটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার।
আজ ২৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
পাঁচ চুক্তির মধ্যে আছে—উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি এবং দু’দেশের ব্যবসা সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি।
পাঁচ সমঝোতা স্মারকের মধ্যে আছে—কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সমঝোতা স্মারক, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, শ্রমশক্তির বিষয়ে সমঝোতা স্মারক এবং বন্দর ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা স্মারক।
চুক্তিগুলোর মধ্যে প্রথমটিতে কাতারের পক্ষে বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ মোহাম্মদ বিন হামাদ আল থানি ও বাংলাদেশের পক্ষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, দ্বিতীয়টিতে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি ও বাংলাদেশের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, তৃতীয়টিতে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি ও বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক, চতুর্থটিতে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি ও বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং পঞ্চমটিতে কাতার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান শেখ খলিফা বিন জসিম আল থানি ও বাংলাদেশের ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রেসিডেন্ট মাহবুবুল আলম সই করেন।
সমঝোতা স্মারকগুলোর মধ্যে সব কটিতে কাতারের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সই করেন।
চলারপথে রিপোর্ট :
বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা মাদারীপুরে শুরু হয়েছে। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচটি রবিবার বিকালে মাদারীপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে মাদারীপুর জেলা একাদশ ও রাজবাড়ী জেলা একাদশ অংশগ্রহণ করে। খেলার প্রথমার্ধে খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই রাজবাড়ী ১–০ গোলে এগিয়ে যায়। এর কয়েক মিনিট পর মাদারীপুর জেলা গোল করে খেলায় সমতা আনে। পরবর্তীতে খেলার ৭৫ মিনিটে মাদারীপুর জেলা আবার গোল করে ২–১ গোলে এগিয়ে যায়। কিন্তু খেলার শেষ মুহূর্তে রাজবাড়ী একাদশ গোল করলে খেলা ২–২ গোলে ড্র হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা আজরিন তন্বী, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, চাতক চাকমা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কবীর, জেলা বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সান্টু খান, মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু প্রমুখ।
টুর্ণামেন্টে রাজবাড়ী একাদশের খেলোয়াড় ইকবাল ম্যাচসেরা পুরস্কার লাভ করেন। আগামী ১২ তারিখ রাজবাড়ী জেলা স্টেডিয়ামে মাদারীপুর জেলা একাদশ ও রাজবাড়ী জেলা একাদশের খেলা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ বাংলাদেশের ৬৪ জেলার পুরুষ সিনিয়র ফুটবল দলসমূহের অংশগ্রহণে গত ৩০ আগস্ট থেকে ৮টি অঞ্চলে বিভক্ত হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে শুরু হয়েছে। প্রথম রাউন্ডে ৮ অঞ্চলে ৩২টি হোম ম্যাচ ও ৩২টি অ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডে উন্নীত ৩২টি দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অংশগ্রহণ করবে। প্রত্যেক অঞ্চল থেকে ২টি দল চূড়ান্ত পর্বে উন্নীত হবে। চূড়ান্ত পর্বে ৮টি রাউন্ড অব ১৬ ম্যাচ, ৪টি কোয়ার্টার ফাইনাল, ২টি সেমিফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণ ও ফাইনাল খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে।
অ্যাড: মোঃ শরিফ আহামেদ, কোর্ট প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে চাঞ্চল্যকর সালাম খান হত্যা মামলায় প্রধান আসামি ইকবাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ১১ নভেম্বর মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এছাড়া রায়ে মামলার অপর তিন আসামিকে খালাস প্রদান করা হয়েছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের আবিরপাড়ার বাসিন্দা সালাম খানকে কৌশলে আশুগঞ্জ গোলচত্তর এলাকা থেকে ডেকে নিয়ে যান ইকবাল। পরে তার মাথায় ভারী ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করে স্থানীয় একটি রাইস মিলের মাঠে ফেলে রেখে যান।
এ ঘটনার পরের দিন নিহতের ছেলে মো. ইমরান খান বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দারের করেন। পরে মামলাটির দীর্ঘ তদন্ত করে আশুগঞ্জ থানা পুলিশ ২০১৫ সালের ২৯ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফখর উদ্দিন আহম্মদ খান জানান, আসামি ইকবালের কাছে পাঁচ লাখ টাকা পেতেন সালাম খান। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে আসামি ইকবাল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিলেন। আদালত কেবল আসামি ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।