অ্যাড: মোঃ শরিফ আহামেদ, কোর্ট প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে চাঞ্চল্যকর সালাম খান হত্যা মামলায় প্রধান আসামি ইকবাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ১১ নভেম্বর মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এছাড়া রায়ে মামলার অপর তিন আসামিকে খালাস প্রদান করা হয়েছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের আবিরপাড়ার বাসিন্দা সালাম খানকে কৌশলে আশুগঞ্জ গোলচত্তর এলাকা থেকে ডেকে নিয়ে যান ইকবাল। পরে তার মাথায় ভারী ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করে স্থানীয় একটি রাইস মিলের মাঠে ফেলে রেখে যান।
এ ঘটনার পরের দিন নিহতের ছেলে মো. ইমরান খান বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দারের করেন। পরে মামলাটির দীর্ঘ তদন্ত করে আশুগঞ্জ থানা পুলিশ ২০১৫ সালের ২৯ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফখর উদ্দিন আহম্মদ খান জানান, আসামি ইকবালের কাছে পাঁচ লাখ টাকা পেতেন সালাম খান। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে আসামি ইকবাল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিলেন। আদালত কেবল আসামি ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
চলারপথে রিপোর্ট :
উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় লালমনিরহাটের কালীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছানীন জানান, আজ ১৮ আগস্ট মঙ্গলবার দুপুরে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উপজেলার বগুড়া পাড়া ও হাঁসডোবা বিল ও উন্মুক্ত জলাশয়ে এবং সংযুক্ত খালে উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে ৭ শত মিটার অবৈধ চায়না দুয়ারি জাল আটক করা হয়।
পরে আটক অবৈধ চায়না দুয়ারি জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানাসহ এলাকাবাসীর উপস্থিতিতে ওই অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, মোঃ শাহ নেওয়াজ,কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
চলারপথে রিপোর্ট :
সৌদির মক্কায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নজরুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। ২১ মে বুধবার বিকেল ৫টার দিকে নির্মাণ কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি বেপরোয়া প্রাইভেটকার তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের দক্ষিণ পাড়ার মন মিয়ার ছেলে নিহত নজরুল ইসলাম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।
বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার থেকে বিষয়টি তাকে জানানো হয়েছে এবং ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা প্রশাসনকে অবহিত করা হবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ১২ নভেম্বর বুধবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুবলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে। এতে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে প্রায় এক ঘণ্টার জন্য রেলপথটিতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইনের ওপর আগুন লাগার কারণে রাত ২টা থেকে ৩টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে চট্টগ্রামগামী যাত্রীবাহী ট্রেনগুলো ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকে পড়ে। পরে পুলিশ ও রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং ট্রেন চলাচল স্বাভাবিক করেন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
চলারপথে রিপোর্ট :
বিরামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. নাসির উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ ২৫ অক্টোবর শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নাসির উদ্দিন ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
পুলিশ জানান, দীর্ঘদিন ধরে গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সাথে একই গ্রামের সাচ্চু গ্রুপের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে আজ সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে সাচ্চু গ্রুপের নাসির উদ্দিন নিহত হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।
চলারপথে রিপোর্ট :
গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি ও আলোচনা সভা হয়েছে। আজ ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের টেংকেরপাড় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদি মার্চের এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী আল মামুন, দুর্জয় মাহমুদ, রেহেনা বুশরা, মুনিয়া, রিয়াদুল ইসলাম, আবু বাশার সানি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজুল করিম প্রমুখ। সভায় বক্তারা ছাত্র আন্দোলনে সকল শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, গণঅভ্যুত্থানের আন্দোলনে আওয়ামী লীগ সরকারও তার বাহিনী ছাত্রদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ ও নির্যাতন চালিয়েছে। দেশে যেই সরকার গঠন করুক এসব ঘটনার দ্রুত বিচার করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে। এছাড়াও বক্তারা বলেন, যারা দেশে পুণরায় বৈষম্য সৃষ্টি করতে চাইবে তাদেরকে আওয়ামীলীগ সরকারের পতন থেকে অভিজ্ঞতা নিতে হবে। একটি মহল ছাত্রদের বিরুদ্ধে অপপ্রচার রটাচ্ছে উল্লেখ করে তারা বলেন, ধ্বংস নয় বরং শিক্ষার্থীরা বৈষম্যমুক্ত দেশ গড়তে মাঠে নেমেছে। তাই সকল অপপ্রচার থেকে সকলকে সতর্ক থাকতে হবে। একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে যেতে হবে। পরে একটি র্যালি টেংকের পাড় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।