চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০০ ফুট অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ, ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং এক কি.মি. এলাকার একটি অবৈধ পাইপ লাইনের নেটওয়ার্ক সিমেন্ট দিয়ে অকার্যকর করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। ১১ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলার ভাটপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ছয়জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক ও কুমিল্লা প্রধান কার্যালয়ের ভিজিলেন্স টিমের ব্যবস্থাপক মোহাম্মদ সেলিম খান।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘ দিন নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকার সুযোগে অসাধু চক্র ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরসহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালায় বাখরাবাদ কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে ভাটপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪০০ ফুট গ্যাসের পাইপ উচ্ছেদ, ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও এক কি:মি: এলাকার একটি অবৈধ পাইপ লাইনের নেটওয়ার্ক সিমেন্ট দিয়ে অকার্যকর করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার কিছু দিনের মধ্যে আবারও কিছু অসাধু চক্র নতুন করে অবৈধ সংযোগ দেয়। এর ফলে সম্পূর্ণভাবে অবৈধ সংযোগ বন্ধ করা যাচ্ছে না। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে বাখরাবাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
চলারপথে রিপোর্ট :
৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আজ ১ জানুয়ারি বুধবার বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল সাড়ে ৩টার দিকে জেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের লোকনাথ উদ্যানের (ট্যাংকের পাড়) মোড়ে এসে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান শাহিন বলেন, ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে লড়াই সংগ্রামে আন্দোলন করে গেছে। যত ফ্যাসিস্ট সরকার ছিলো সব সরকারকে বিতাড়িত করেছে। গত জুলাই অভ্যুত্থানেও জনতার সাথে ছাত্রদল নেতৃত্ব দিয়েছে বলেই শেখ হাসিনা পালিয়ে গেছে। আমরা আহবান জানাই ছাত্রদলের নেতা-কর্মীদের প্রতি বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট সরকার না আসতে পারে।
এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য গত ১৭ বছর আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আমরা সফল হয়েছি। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি জানাই দ্রুত যেন নির্বাচনের ব্যবস্থা করেন। অন্যথায় আমরা আবারো ছাত্র জনতাকে সাথে নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবো। র্যালিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।
দুলাল মিয়া :
আজ ২৩ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টায় ট্যাঙ্কেরপাড় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
কেন্দ্ৰীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির কুমিলা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।
অনুষ্ঠানে সকলের স্ববান্ধব উপস্থিতি কামনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম (সিরাজ)।
স্টাফ রিপোর্টার :
ঐতিহাসিক জেলা আন্দোলনের স্মৃতির ধারক ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে আজ ১৫ ফেব্রুয়ারি বুধবার আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল এর মাধ্যমে ৩৯তম ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস্তবায়ন দিবস উদযাপিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের গৃহীত কর্মসূচি অনুসারে “১৫ ফেব্রুয়ারি” বুধবার বিকেলে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ চত্ত্বর হতে একটি আনন্দ র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে মুক্তমঞ্চে সংগঠণ সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ আহসান উল্লাহ হাসান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় ঐতিহাসিক রক্ত ঝরা জেলা আন্দোলনের স্মৃতিচারণ করেন মীর মোস্তাফিজুর রহমান বাবুল, মোঃ আরমান উদ্দিন পলাশ, অ্যাডঃ শেখ জাহাঙ্গীর, সাংবাদিক মোঃ আবুল হাসনাত অপু, শরীফ আহমেদ খান, আলী মাউন পিয়াস, বাবুল চৌধুরী, কামরুল হাসান নান্টু, তোফাজ্জল হোসেন জীবন, অ্যাডঃ মোঃ কামরুজ্জামান অপু, মোঃ শফিকুল ইসলাম তৌছির, শাহাবুর হোসেন খান অপু, আলী হায়দার তুষার, বশির আহমেদ, কামরুজ্জামান সবুজ, মোজাহিদুল ইসলাম, মোহাম্মদ হোসেন, সুবল সূত্রধর, রোমানা আক্তার শ্যামলী, হাজী সিরাজুল ইসলাম, হানিফুর রহমান প্রমুখ।
পরে জেলা আন্দোলনে শহীদ উবায়দুর রউফ পলুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সর্বদলীয় উদ্যোগে ১৯৮৩ সালে মহকুমা হতে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী ব্রাহ্মণবাড়িয়াকে জেলায় রূপান্তরের দাবিতে কয়েক মাস ব্যাপী একটানা আন্দোলন কর্মসূচীর চূড়ান্ত পর্বে ২৭ নভেম্বর হরতাল চলাকালে তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র উবায়দুর রউফ পলু শাহাদাৎ বরণ করে। এর প্রেক্ষিতে ঐ সরকারের রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি স্থানীয় নিয়াজ মোহাম্মদ ষ্টেডিয়ামে বিশাল জনসভায় মহকুমা হতে উন্নীত করে ব্রাহ্মণবাড়িয়াকে জেলায় মর্যাদা দিয়ে জেলা ঘোষণা করেন। যা সংস্থাপন মন্ত্রণালয়ে লিখিত নথীতে বাস্তবায়িত রয়েছে।
চলারপথে রিপোর্ট :
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ ৬ অক্টোবর শুক্রবার দুপুরের দিকে জেলা পৌর শহরের গোকর্ণঘাট এলাকার পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
হৃদয় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার গ্রামের হোসেন মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে গোকর্ণঘাট এলাকার পশ্চিমপাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন।
স্থানীয়রা জানান, দুপুরে হৃদয় গোসল করে ভেজা কাপড় বারান্দার রশিতে শুকাতে দিচ্ছিলেন। এ সময় পাশে থাকা বিদ্যুতের তারের সঙ্গে ওই ভেজা কাপড়ের স্পর্শ লাগে। এতে হৃদয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন জানান, মরদেহ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের আয়োজনে এবং আইএফআরসি, বৃটিশ রেড ক্রস ও বিডিআরসিএস-এর সহযোগিতায় চার দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা আজ ২৯ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৯টার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান শাহিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কার্যকরী সদস্য মো. মইনুল ইসলাম ও শাহ আলম পালোয়ান।
এছাড়াও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় সদর দপ্তর কর্তৃক প্রেরিত প্রশিক্ষক শরীফুল হাসান সৌরভ, জেলা থেকে সহযোগী প্রশিক্ষক ইমন মিয়া এবং রূপম সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।
চার দিনব্যাপী এই কর্মশালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস, জরুরি সাড়া প্রদান ও যুব স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালায় জেলার ২৫ রেড ক্রিসেন্ট ইয়ুথ অংশগ্রহণ করছে কর্মশালায়।