চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসেবে ঘোষণার পর প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন শারমীন আক্তার জাহান। আজ ১৬ নভেম্বর রবিবার দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি নড়াইলের জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।
১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়াকে জেলা ঘোষণার পর দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো নারী প্রশাসক পেল জেলাটি। ব্রাহ্মণবাড়িয়ার প্রথম জেলা প্রশাসক ছিলেন মো. নিজাম উদ্দিন।
এদিকে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। তিনি প্রায় এক বছর দুই মাস ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালন করেন। দিদারুল আলম বিসিএস (প্রশাসন) এর ২৪তম ব্যাচের কর্মকর্তা এবং নবাগত জেলা প্রশাসক শারমীন জাহান বিসিএস (প্রশাসন) এর ২৫তম ব্যাচের কর্মকর্তা।
শারমীন জাহানকে রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার প্রবেশমুখ আশুগঞ্জে স্বাগত জানান সেখানকার ইউএনও, অ্যাসিল্যান্ড (সহকারী কমিশনার, ভূমি) সহ অন্যান্য কর্মকর্তারা।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দি ২৫০ হতদরিদ্রকে ঈদের নতুন কাপড় উপহার দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
আজ ৭ এপ্রিল রবিবার দুপুরে মন্ত্রী নিজে উপস্থিত হয়ে এসব উপহার বন্দিদের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেল সুপার শহিদুল ইসলাম, কারা চিকিৎসক সাখাওয়াত হোসেন তানভীর, কারা পরিদর্শক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, কারা পরিদর্শক এম সাইদুজ্জামান আরিফ প্রমুখ।
জেল সুপার শহিদুল ইসলাম বলেন, কারাগারে ১৩৭৬ হাজতি রয়েছেন। এসব হাজতিদের মধ্যে ২৫০ জন হতদরিদ্র নারী-পুরুষের মাঝে ঈদের নতুন কাপড় উপহার দিয়েছেন মাননীয় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী। এর মধ্যে দু’জন পুরুষ ও ৫০ জন নারী বন্দি রয়েছেন। এছাড়া কারাগারে মায়ের সঙ্গে বন্দি ৯ শিশুকে নতুন কাপড়ের সঙ্গে জুস, চিপ ও চকলেট উপহার দেওয়া হয়েছে।
জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:
গাজীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মানিত হয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক নাজমুল হক, মতিউর রহমান, এএসআই এমদাদুল হক খান। সম্প্রতি জেলা পুলিশের আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
স্থানীয়দের মতে, এটি কেবল একজন ব্যক্তির সাফল্য নয়, বরং পুরো শ্রীপুর থানার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, সেবা প্রদান এবং জনগণের আস্থা অর্জনের একটি বড় স্বীকৃতি। ওসি আব্দুল বারিক দায়িত্ব গ্রহণের পর থেকে শ্রীপুরে আইন-শৃঙ্খলার চিত্রে এসেছে ইতিবাচক পরিবর্তন। মাদক, চুরি-ডাকাতি, জমি দখল কিংবা নারী ও শিশু নির্যাতন-প্রতিটি অপরাধ দমনে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। নিয়মিত টহল, হঠাৎ অভিযান, অপরাধ দমন ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে তাঁর নেতৃত্বে পুলিশ ভিন্নধর্মী কার্যক্রম হাতে নেয়। ফলে শ্রীপুরে অপরাধ দমনে দৃশ্যমান সাফল্য এসেছে। অভিযোগ রয়েছে, আগে থানায় গিয়ে সেবা নিতে হয়রানি নর শিকার হতে হতো অনেককে। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। স্থানীয় ব্যবসায়ী আব্দুল কুদ্দুস বলেন, আগে রাতের বেলা ব্যবসা শেষে ফেরার সময় ভয়ে থাকতাম। এখন মনে হয় পুলিশ আমাদের পাশে আছে। থানার প্রতি আস্থা বেড়েছে। এছাড়া বিভিন্ন গ্রাম থেকে আসা ভুক্তভোগীরা বলছেন, থানায় গেলে দ্রুত অভিযোগ নেওয়া হয় এবং ব্যবস্থা নেওয়া হয়। মাদকবিরোধী অভিযানে শ্রীপুর থানা পুলিশ এখন সবচেয়ে বেশি কঠোর। একের পর এক অভিযানে ধরা পড়েছে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের বড় চালান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক এর ভাষায় ‘মাদক সমাজকে ধ্বংস করছে। তাই এখানে কোনো ছাড় নেই। যে-ই জড়িত থাকুক, আইনের কঠোর শাস্তি পেতেই হবে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, এই সম্মাননা আসলে শুধু আমার নয়, পুরো শ্রীপুর থানার প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল। আমি সব সময় বিশ্বাস করি, পুলিশ জনগণের জন্য। জনগণের আস্থা অর্জন ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। তাই চেষ্টা করেছি থানার দরজা সব সময় খোলা রাখতে। যে- ই অভিযোগ করুক না কেন, সামাজিক অবস্থান বা প্রভাব যাই থাকুক, আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। আমার কাছে পুলিশের কাজ শুধু অপরাধ দমন নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, তাদের ভরসা দেওয়া। মাদক ও অপরাধের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছি। একই সঙ্গে চেষ্টা করেছি যেন থানায় কেউ হয়রানির শিকার না হন, বরং নিরাপত্তা ও ন্যায়বিচারের নিশ্চয়তা পান। আইন-শৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের পক্ষে সম্ভব নয়। জনগণের সহযোগিতা, জনপ্রতিনিধিদের অংশগ্রহণ এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা ছাড়া কোনো উদ্যোগ সফল হয় না। আমি বিশ্বাস করি, আমরা সবাই একসঙ্গে কাজ করলে শ্রীপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সেবামুখী এলাকায় রূপান্তর করা সম্ভব।
অনলাইন ডেস্ক :
বগুড়ার শিবগঞ্জে ৭ লাখ টাকা মূল্যের জালনোটসহ মো. রিয়াজুল ইসলাম (৩৯) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আড়াইটার দিকে মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিয়াজুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল বৃহস্পতিবার রাতে মুরাদপুর গ্রামে ঢাকা-রংপুর মহাসড়কের মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এ সময় একটি স্কুল ব্যাগ থেকে ১৪০০টি ৫০০ টাকার জালনোট উদ্ধার করা হয়। যার মোট মূল্য ৭ লাখ টাকা।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, জালনোট বহনের অভিযোগে রিয়াজুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ অক্টোবর শনিবার বিকেলে শহরের পৌর মুক্ত মঞ্চে জেলা রিক্সা ভ্যান শ্রমিক দলের সভাপতি মো: দারু মিয়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র মো. হাফিজুর রহমান মোল্লা কচি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন। বিশেষ বক্তা ছিলেন শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী ও জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: বাহার চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, শ্রমিকদের অধিকার এবং লাইসেন্স নিয়ে বিগত সরকারের আমলে যে অপকর্ম হয়েছে, যে বঞ্চনার ইতিহাস সৃষ্টি হয়েছে, তা আর হতে দেওয়া হবে না। আমরা এই অন্যায় থেকে এই সেক্টরকে মুক্ত করবো। প্রত্যেক রিক্সা চালক লাইসেন্স পাবেন। কোন সিন্ডিকেট থাকবে না। তিনি আরো বলেন, অবৈধ নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। তারা বারবার অবৈধ নির্বাচন করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এজন্য তাদের পরিণতি ভয়াবহ হয়েছে। আমরা বিএনপি আওয়ামী লীগের মতো এই অবস্থা চাই না। যে কাজ করে আওয়ামী লীগ বিদায় হয়েছে, আমরা বিএনপি সেই কাজ করবো না। রিকসার লাইসেন্স রিক্সাওয়ালারাই পাবে, এটা আমরা নিশ্চিত করবো। গরীব মানুষদের জন্য আমরা কাজ করবো। উল্লেখ্য, দুপুর থেকেই মিছিল সহকারে শ্রমিক দলের বিভিন্ন সেক্টরের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সজ্জিত হয়ে মিছিল সহকারে জনসভায় যোগদান করেন। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও জেলা রিক্সা ভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া।
বর্ষীয়ান রাজনীতিবিদ, ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শোক বার্তায় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ ও মীর শাহীন বলেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আল-মামুন সরকার ছিলেন একজন নির্লোভ রাজনীতিবিদ ও সাদা মনের মানুষ। তিনি আমৃত্যু মানুষের জন্য, দেশের জন্য কাজ করে গেছেন। তিনি ছিলেন সাধারণ মানুষের আপনজন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ করে তিনি প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে গেছেন। এজন্য তিনি সমাজসেবায় রাষ্ট্রীয়ভাবে মানবকল্যান পদক লাভ করেছিলেন।
শোক বার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, আল-মামুন সরকারের সাথে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের ছিলো চমৎকার ও নিবিড় সম্পর্ক। তিনি ছিলেন একজন সাংবাদিক বান্ধব নেতা। তিনি সব সময় প্রেসক্লাবের পাশে ছিলেন। মৃত্যুর আগের দিন (রোববার) দুপুরেও তিনি জেলা পরিষদ মিলনায়তনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধের যুদ্ধস্থল, গণহত্যা, বধ্যভূমি, শহীদ সমাধি এবং মুক্তিযুদ্ধের সংগঠক ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলক নির্মাণ ও বিভিন্ন সড়ক দ্বীপে মুক্তিযুদ্ধের স্মৃতিচত্বর স্থাপন বিষয়ে জেলা পরিষদের গ্রহণ করা বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, তাঁর মৃত্যুতে জেলাবাসী একজন সৎ, নীতিবান ও পরিচ্ছন্ন রাজনীতিবিদকে হারিয়েছে।