অনলাইন ডেস্ক :
আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৩০টি লিড হজ এজেন্সির দেড় হাজার হজ গাইডের নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ ২৩ নভেম্বর রবিবার এই নির্দেশ দিয়ে এজেন্সিগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালের হজযাত্রীর নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। এ বছর বাংলাদেশের মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর মধ্যে বেসরকারি মাধ্যমে মোট ৭৩ হাজার ৯৩৫ জন (গাইডসহ) পবিত্র হজ পালন করবেন।
৩০টি লিড এজেন্সির অনুকূলে মোট এক হাজার ৫৯১ জন হজ গাইড বরাদ্দ দেওয়া হয়েছে।
উল্লিখিত ১ হাজার ৫৯১ জন হজ গাইডের প্রাক-নিবন্ধন পূর্বক সৌদি পর্বের আবশ্যিক ব্যয় ও বিমান ভাড়ার ব্যয় নির্বাহের জন্য লিড এজেন্সির হজ কার্যক্রমের নির্ধারিত ব্যাংক হিসাবে গাইড প্রতি তিন লাখ ৫০ হাজার টাকা জমা করে নিবন্ধন সম্পন্ন করা প্রয়োজন।
এ অবস্থায় আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৩০টি লিড এজেন্সির হজ গাইডের প্রাক-নিবন্ধন করে গাইড প্রতি ৩ লাখ ৫০ হাজার টাকা লিড এজেন্সির ব্যাংক হিসাবে জমা করে নিবন্ধন সম্পন্নের জন্য অনুরোধ করা হলো। এরই মধ্যে ই-হজ সিস্টেমের পিআইডি অপশন চালু করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
অনলাইন ডেস্ক :
জাপানের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান যাওয়ার আগে আজ ২৫ এপ্রিল মঙ্গলবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ৮টায় প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে জাপানের টোকিওর উদ্দেশে রওনা হন।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫-২৮ এপ্রিল জাপানে সরকারি সফর করবেন।
শুক্রবার স্থানীয় সময় বিকেলে টোকিও থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ মে সোমবার বিশ্বব্যাংক সদরদপ্তরে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যে সম্পর্কের ৫০ বছর উপলক্ষে ‘রিফ্লেকশন অন ৫০ ইয়ার্স অব ওয়ার্ল্ড ব্যাংক – বাংলাদেশ পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
এরপর ৪ মে বৃহস্পতিবার ওয়াশিংটন থেকে যুক্তরাজ্যের লন্ডন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে লন্ডন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
৬ মে শনিবার ওয়েস্টমিনিস্টারে রাজা ও রানির রাজ্যাভিষেকের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।
তিন দেশ সফর শেষে ৯ মে মঙ্গলবার সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডেস্ক রিপোর্ট :
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান বাস্তবতায় ডিজিটাল নিরাপত্তা আইনের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, যে কারণে এ আইন করা হয়েছে, তা কেউ বলে না। শুধু বলা হয়- বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্য এ আইন করা হয়েছে; যা মোটেও সঠিক নয়।
আজ ২৮ জানুয়ারি শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘নিরাপদ ডিজিটাল সমাজ: রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ আয়োজন করে।
আনিসুল হক বলেন, আইন হলে তার কিছু অপব্যবহার হয়, এটা স্বাভাবিক। কারণ, অপরাধীরা সব সময় এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করে। পুলিশ ও আইন প্রণেতাদের এখন প্রকৃত অপরাধীদের থেকে দুই ধাপ এগিয়ে থাকার চেষ্টা করতে হবে।
এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের নির্বাহী কাউন্সিল সদস্য সুমন আহমেদ সাবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বিটিআরসির কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম, আইসিটিবিষয়ক সাংবাদিক রাশেদ মেহেদী প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিডি ই-গভ সিআইআরটির প্রকল্প পরিচালক তারেক এম বরকত উল্লাহ।
চলারপথে রিপোর্ট :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সাদির আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ ৬ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে। মৃত সাদির আলী রোকনপুর গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে।
জানা যায়, শুক্রবার টানা বৃষ্টির মধ্যে রোকনপুর গ্রামের হাওরে নিজের ফসলি জমিতে কাজ করছিলেন কৃষক সাদির আলী। এসময় হঠাৎ আকস্মিকভাবে বজ্রপাত হলে বজ্রাঘাতে কৃষক সাদির আলী ঘটনাস্থলে নিহত হন। পানিউমদা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, হঠাৎ আকস্মিক ভাবে বজ্রপাত হলে আমার ওয়ার্ডের বাসিন্দা সাদির আলী মারা যান। পরে হাওরে কাজে থাকা অন্যান্য কৃষক তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসে।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন, বজ্রপাতে এক কৃষক মারা গেছেন বিষয়টি আমরা জেনেছি, নিহত কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
চলারপথে রিপোর্ট :
টাঙ্গাইলের মধুপুরে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ ব্যাটারিচালিত ভ্যানের চার আরোহী নিহত হয়েছেন। আজ ১ জুন বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার গাংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার ধনবাড়ী উপজেলার পাইস্কা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাঈনুদ্দিন (৫০), তার স্ত্রী তাহেরা বেগম (৩০) ও একই গ্রামের দরদ আলীর ছেলে ফরহাদ (৪৫)। এ ঘটনায় এক শিশু নিহত হয়েছে, তবে তার পরিচয় পাওয়া যায়নি।
মধুপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার হেমাইল কবির বলেন, মধুপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পরিবহণের একটি বাস ঘাটাইল থেকে মধুপুরের দিকে যাওয়া একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাঈনুদ্দিন, তাহেরা বেগম ও ফরহাদ নিহত হন। গুরুতর আহত হয় এক শিশু। তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।