চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় এক বাসায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে ১০ হাজার জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ ২৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে জেলা শহরের কালাইশ্রীপাড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে জেলা শহরের কালাইশ্রীপাড়া এলাকায় আখের গুড় তৈরির এক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানের কথা থাকলেও নিজ বাসায় ভেজাল গুড় প্রস্তুত করে আসছিল। আখের গুড়ের কথা বলা হলেও সেখানে আখের কোনো ছিটেফোঁটা ছিল না। তারা আখের পরিবর্তে মিষ্টির গাদ, চিনির রস ও কাপড়ের রং মিশিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে আখের গুড় তৈরি করছিল।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠাটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে ভেজাল গুড় তৈরি না করারর জন্য তাদের সতর্ক করা হয়। এসময় মিষ্টির গাদ ও নিষিদ্ধ রং জনসম্মুখে ধ্বংস করা হয়।
চলারপথে রিপোর্ট :
তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের সহসভাপতি ও নাটাই উত্তর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. আতিকুল ইসলাম আর নেই। দুরারোগ্য ব্যধিতে চিকিৎসাধীন অবস্থায় আজ ৪ মার্চ সোমবার সকাল ৮ টায় তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
এসময় তার বয়স হয়েছিলো ৪০ বছর।
মৃত্যুকালে তিনি বাবা, মা, ৪ ভাই, ২ বোন, স্ত্রী, এক পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ আসর সদর উপজেলার থলিয়ারা পশ্চিম পাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
থলিয়ারা পশ্চিম পাড়া মসজিদ প্রাঙ্গণে জানাযায় বক্তব্য রাখেন ও শ্রদ্ধা নিবেদন করেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. লোকমান হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা মো মনির হোসেন, বঙ্গবন্ধু পরিষদ সদস্য সচিব এটিএম ফয়েজুল কবির, যুবলীগ নেতা আলী আজম, জসীম উদ্দিন, জেলা ছাত্রলীগ সহসভাপতি সাইদুল ইসলাম, তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের সহসভাপতি শিপনুর রহমান, প্রভাষক মোমিন খান, কোষাধ্যক্ষ আনিসুল ইসলাম, তিতাস আবৃত্তি সংগঠন সহকারী পরিচালক সুজন সরকার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক রেজাউল হক, যুগ্ম আহবায়ক সাকিল মিয়া, যুবলীগ নেতা জসীম, হাবিব, বশির ও জহির মেম্বার।
সংস্কৃতিকর্মী ও যুবলীগ নেতা আতিকুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে তিনদিনের শোক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে থাকবে মঙ্গলবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, শুক্রবার সকালে শোকসভা ও রমজানে বিশেষ প্রার্থনা, ইফতারের আয়োজন।
সঞ্জীব ভট্টাচার্য্য :
আজহারুল ইসলাম সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় যোগদান করলেন। এর আগে নাসিরনগর থানার ওসি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর একটি জনবহুল এবং ব্যবসায়ী কেন্দ্র। প্রত্যেক উপজেলা পর্যায়ের সুশিক্ষিত এবং সচেতন নাগরিকগণ জেলা শহরে থাকেন। এখানে সিনিয়র সিটেজেনসহ সাংবাদিক ভাইয়েরাও বসবাস করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সদর থানাকে মাদক, জুয়া, সন্ত্রাস, নির্মূল করার লক্ষ্যে যা করা প্রয়োজন তাই করা হবে। এর সাথে যারা জড়িত থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না, সে যেই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক ও জুয়ার সাথে কোন আপোষ নেই, মাদক ও জুয়া নির্মূল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো জানান, সভা সেমিনার বা স্কুল কলেজসহ সকল পর্যায়ে বার্তা যে পৌছাতে পারি যে, মাদক একটি মরণ ব্যাধি, যারাই আক্রান্ত হয়েছে তারাসহ তাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে। একটি একটি সামাজিক ব্যাধি তা সকলে মিলে এটাকে দূর করতে হবে।
ওসি আরো বলেন, শারদকে স্বাগত জানাতে কাশফুলের অভিবাদনী বলে দেয় শারদীয় দুর্গোৎসব হয়তো আর বেশি দিন নেই। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে এবং উৎসবমুখর পরিবেশে যেন অনুষ্ঠিত হতে পারে, সেই ব্যবস্থাও নেওয়া হবে। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
চলারপথে রিপোর্ট :
মাদক সেবনরত অবস্থায় আটক করে ৭ যুবককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাদেরকে অর্থদন্ডও করা হয়। আজ ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিম মৌ এই অভিযান পরিচালনা করেন।
এ সময় তাদেও কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিতরা হলো, মোঃ অনিক, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সাজিদ, মোঃ হেলাল উদ্দিন, মোঃ শাওন মিয়া, মোঃ সফিকুল ইসলাম ও মোঃ রিমন মিয়া। তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র নিশ্চিত করেছে।
ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রফিকুল ইসলাম জানান, পৌর এলাকার পুনিয়াউট ও কাউতলী সেতু এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা সেবনরত অবস্থায় ওই ৭জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
চলারপথে রিপোর্ট :
আজ ২৪ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মুখে শব্দ সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোঃ খালেদ হাসান, উপ-পরিচালক, পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া এর সভাপতিত্বে শব্দ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মোঃ রুহুল আমীন, উপ-পরিচালক (উপ-সচিব), স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন, তত্ত্বাবধায়ক জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।
সভায় শব্দ দূষণের ক্ষতিকর দিক বিষয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করা হয়। এছাড়াও বাহারুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন দপ্তরের আমন্ত্রিত কর্মকর্তা-কর্মচারী, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দগণ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিসল চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত বক্তাগণ শব্দ দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও দূষণ রোধে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার বিষয়ে আলোচনা ও সুপারিশ করেন। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া এর সহযোগিতায় শব্দদূষণের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টে অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ২ টি পরিবহনকে ২ টি মামলায় মোট ৪,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং গাড়িগুলো থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়। একই সাথে প্রায় ৪০টি বাস, ট্রাক ,অটোতে শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত স্টিকার সেটে দেয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিসল চক্রবর্ত্তী জানান, এরূপ কার্যক্রম পরিবেশ অধিদপ্তর কর্তৃক অব্যাহত থাকবে।
চলারপথে রিপোর্ট :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আজ ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে পৌর আধুনিক সুপার মার্কেট চত্বরে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, এহসান উল্লাহ মাসুদ, সালাহউদ্দিন সরকার, রাকিব আহমেদ সোহেল, রিটন রায়, আমজাদ হোসেন রনি, জসিম উদ্দিন রানা, আকবর হোসেন লিটন, আলী আজম প্রমুখ।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামাত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে।
যারা এদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবে যুবলীগ। ২০২৩ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।