অনলাইন ডেস্ক :
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। ২৭ নভেম্বর বৃহস্পতিবার কন্যাসন্তানের জন্ম দেন অভিনেতার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি। এটি দম্পতির প্রথম সন্তান।
নিলয় আলমগীর নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবরটি ভাগ করে নেন। ফেসবুক পোস্টে ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ, কন্যা সন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাবা হওয়ার সুখবর জানাতেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন নিলয়-হৃদি দম্পতি। মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা নানান ধরনের শুভেচ্ছামূলক বার্তা দিচ্ছেন।
প্রসঙ্গত, ফেসবুক থেকে পরিচয়ের পর ২০২১ সালের ৭ জুলাই তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন অভিনেতা নিলয় আলমগীর। এরপর পারিবারিক আয়োজনে বিয়ে হয়।
এটি হৃদির প্রথম বিয়ে হলেও অভিনেতা নিলয় আলমগীরের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৬ সালে মডেল-অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন নিলয় আলমগীর। কিন্তু সেই বিয়ে স্থায়ী হয়নি বেশি দিন।
অনলাইন ডেস্ক :
বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর খানকে নিয়ে মন্তব্য করে খানিকটা বিপাকেই পড়লেন পাকিস্তানী অভিনেতা খাকান শাহনওয়াজ। ভারতীয় এই অভিনেত্রীকে নিয়ে পাকিস্তানের অভিনেতার মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কারিনার অনুরাগীরাও সামাজিক মাধ্যমে খাকানের উদ্দেশে ছুড়ে দিয়েছেন কটাক্ষ।
সম্প্রতি পাকিস্তানের এক অনুষ্ঠানে অভিনেতার উদ্দেশে এক অনুরাগী বলেন, তিনি কারিনার বিপরীতে খাকানকে দেখতে চান।
জবাবে পাকিস্তানি এই অভিনেতা বলেন, ‘হ্যাঁ, সেটা করতেই পারি। তিনি তো আমার থেকে বয়সে অনেকটাই বড়। তাই তার ছেলের চরিত্রে অভিনয় করতেই পারি।’ এরপরই এই অভিনেতাকে ভারতীয়দের কটাক্ষের শিকার হতে হয়। কারিনার অনুরাগীদের দাবি, খাকান বলিউড অভিনেত্রীকে অপমান করেছেন।
এক অনুরাগীর কথায়, ‘কোনও অভিনেত্রীকে তার বয়স নিয়ে অসম্মান করা উচিত নয়।’ অন্য একজন লেখেন, ‘খাকান কে? তিনি কোন যুক্তিতে কারিনা প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করেন!’
উল্লেখ্য, ২৭ বছর বয়সি খাকান একজন মডেল ও অভিনেতা। অভিনেত্রী মাহিরা খান প্রযোজিত ‘বারওয়া খিলাড়ি’ ওয়েব সিরিজে অভিনয় করে প্রচারের আলোয় আসেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি নাটক ও বিজ্ঞাপনেও কাজ করেছেন।
এদিকে, কারিনা প্রসঙ্গে নেটিজেনদের কটাক্ষের জবাবে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি খাকান।
অনলাইন ডেস্ক :
মানিকগঞ্জে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় ১৫ গুণী শিল্পীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
আজ ১২ জুলাই শুক্রবার দুপুরের দিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে সাংস্কৃতিক অঙ্গনে ২০১৮, ১৯ ও ২০ সালে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ১৫ জন গুণী শিল্পীকে এই বিশেষ সম্মাননা, ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হয়।
গুণী শিল্পীরা হলেন- লোক সংস্কৃতিতে সামগ্রিক অবদানের জন্য মো. আবুল বাশার আব্বাসী (২০১৮), কণ্ঠ সংগীতের জন্য বিউটি আক্তার (২০১৮), যাত্রা শিল্পী গোকুল ঘোষ (২০১৮), চারুকলা পরিমল চন্দ্র অধিকারী (২০১৮), নাট্যকলা হরিপদ সূত্রধর (২০১৮), কণ্ঠ সংগীত রতন কুমার সাহা (২০১৯), সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক আবুল ইসলাম শিকদার (২০১৯), চারুকলায় গোপাল চন্দ্র পাল (২০১৯), যাত্রা শিল্পী তাপস সরকার (২০১৯), যন্ত্র সংগীত মো. তসলিম উদ্দীন (২০১৯) সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (২০২০), চারুকলা মো. খোরশিদ আলম (২০২০), কণ্ঠ সংগীত রুমানা ইসলাম (২০২০), যন্ত্র সংগীতে গোবিন্দ চন্দ্র রায় (২০২০) ও লোক সাংস্কৃতিক মো. হাকিম উদ্দীন (২০২০)।
জেলা শিল্পকলা একাডেমির পরিচালক সেলিনা বেগমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, বিশিষ্ট অভিনেত্রী ও পরিচালক অরুনা বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।
স্পোর্টস ডেস্ক :
প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতকে নাগালে পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ৯৫ রানে আটকেও জিততে পারেনি স্বাগতিকরা। টি-২০ সিরিজের শেষ ম্যাচে অবশ্য ভুল করেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতের নারী দলকে ৪ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে নিগার সুলতানারা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ ১৩ জুলাই বৃহস্পতিবার শুরুতে ব্যাট করতে নামে ভারত। সুলতানা-রাবেয়াদের বোলিং তোপে ৯ উইকেট হারিয়ে তুলতে পারে ১০২ রান।
দলটির হয়ে তিনে নামা জেমিমাহ রদ্রিগুয়েজ ২৮ রানের ইনিংস খেলেন। চারে নামা হারমনপ্রীত কাউর আউট হন দেশের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলে।
জবাব দিতে নেমে ১৬ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। ওই ধাক্কা কাটিয়ে ওঠে ওপেনার শামীমা সুলতানা ও নিগার সুলতানার ব্যাটিংয়ে। অধিনায়ক নিগার ১৪ রান করে আউট হন।
অন্য প্রান্তে ছিলেন ওপেনার শামীমা সুলতানা। তিনি ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন দলের ৮৫ রানে। তার ব্যাট থেকে ৪৬ বলে আসে ৪২ রানের ইনিংস। তিনটি চারের শটে ওই রান করেন তিনি। বাকি পথটা ঋতু মনি ও নাহিদা আক্তার পাড়ি দেন। ঋতু ৭ রান ও নাহিদা খেলেন ১২ রানের হার না মানা ইনিংস।
এর আগে বাংলাদেশ দলের হয়ে সুলতানা খাতুন ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন। রাবেয়া খান ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন তিন উইকেট। এছাড়া নাহিদা, ফাহিমা ও স্বর্ণা একটি করে উইকেট নেন।
অনলাইন ডেস্ক :
৯৬তম অস্কারের জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছে। ২৩ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় চলচ্চিত্র বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা হয়। যে তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেত্রী নাজরিন চৌধুরী।
অস্কারের সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য মনোনীত হয়েছে নাজরিনের পরিচালিত ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’। সারা ম্যাকফারলেনের সহ-প্রযোজনায় স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী ব্রিটানি স্নো। যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের র্যাচেল নামে এক সিঙ্গেল মায়ের গল্পকে কেন্দ্র করে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
ওয়েট্রেস পেশার ওই নারী তার দুই সন্তান নিয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঘটনা নিয়ে এর গল্প। ওই রাজ্যে গর্ভপাত নিষিদ্ধ থাকায় তিনি অন্যত্র গিয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন করেন। এর জন্য তাকে টাকা জোগাড় করতে হয়। এমন ঘটনাগুলোর মধ্যে তিনি কিছু হৃদয়বিদারক সত্যের সম্মুখীন হন, যা তার জীবনের গতিপথকে পরিবর্তন করে দেয়।
নাজরিন চৌধুরী অ্যামাজন প্রাইমের ‘জ্যাক রায়ান’ সিরিজের একটি, বিবিসি ওয়ানের ‘ইস্টএন্ডারস’ সিরিজের দুইটি, এএমসি চ্যানেলের ‘ফিয়ার অ্যান্ড ওয়াকিং ডেড’ সিরিজের আটটি পর্ব লিখেছেন। এছাড়া বেশ কয়েকটি টিভি অনুষ্ঠানের চিত্রনাট্যকার হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে নাজরিনের। আর এবার ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’র’ মাধ্যমে পরিচালক হিসেবে বাজিমাত করলেন তিনি।
বাংলাদেশি মা-বাবার সন্তান নাজরিন চৌধুরী বেড়ে ওঠেন ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিম লন্ডনে। তিনি কিংস কলেজ লন্ডনে বায়োমেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন এবং ডাক্তার হওয়ার জন্য বিএসসি অনার্সসহ স্নাতক পাশ করেন। কিন্তু অবশেষে একজন লেখক হিসেবে নিজেকে প্রকাশ করেন তিনি।
নাজরিন একাধারে চিত্রনাট্যকার, অভিনেত্রী, লেখক, নাট্যকার ও টেলিভিশন প্রযোজক। ২০০৬ সালে রিচার্ড ইমিসন অ্যাওয়ার্ড জেতে তার লেখা রেডিও নাটক ‘মিক্সড ব্লাড’। এছাড়া নিজের প্রথম উপন্যাস ‘মাই ইংল্যান্ড’-এর জন্য আর্টস কাউন্সিল ইংল্যান্ড থেকে অনুদান পান তিনি।
এবারের আসরে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে নাজরিনের ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’ ছাড়াও মনোনয়ন পেয়েছে ‘দ্য আফটার’, ‘ইনভিনসিবল’, ‘নাইট অব ফরচুন’ ও ‘দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার’। আগামী ১০ মার্চ রবিবার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এবারের অস্কারের বার্ষিক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯৬ তম আসর।
এর আগে, মঙ্গলবার কালিফোর্নিয়ার স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে ২৩টি শাখায় মনোনয়ন ঘোষণা করেন অভিনেত্রী জাসি বিটস ও অভিনেতা জ্যাক কুয়েড। যা সরাসরি দেখানো হয়েছে অস্কারের দুই ওয়েবসাইটে (অস্কার.কম, অস্কারস.ওআরজি)। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও (টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক) তা প্রচার করা হয়।
স্পোর্টস ডেস্ক :
সাম্প্র্রতিক সময়ের হিসেবে ব্যাটারদের জন্য বিষয়টি অনেকটা সহজই বটে। এরপরও ৫০ ওভারের ক্রিকেটে যে কোনো দলের জন্য ৪০০ রান করা প্রায় কষ্টসাধ্য। আর ২০ ওভারের ম্যাচে সেটা তো কল্পনাই করা কষ্টকর। কিন্তু সেটাই করে দেখিয়েছে আর্জেন্টিনা নারী দল, যা আপনি কখনো কল্পনাও করতে পারেন না। টি২০তে প্রথম দল হিসেবে ৪০০-এর বেশি রান করেছে দলটি।
৪২৭ রান করে গড়েছে বিশ্বরেকর্ড। তবে এখানেই শেষ নয় রেকর্ডের।
গত শুক্রবার বুয়েনস আয়ারসে আর্জেন্টিনার পাহাড়সমান পুঁজি তাড়া করতে নেমে মাত্র ৬৩ রানেই অলআউট হয়ে যায় চিলি। রানের হিসেবে টি২০তে সবচেয়ে বড় জয়ও এটি।
এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তাণ্ডব চালান আর্জেন্টিনার দুই ওপেনার লুসিয়া টেলর ও আলবার্তিনা গালান। উদ্বোধনী জুটি থেকেই আসে ৩৫০ রান। যেটাও কিনা বিশ্বরেকর্ড। এরপর ৮৪ বলে ২৭ বাউন্ডারিতে ১৬৯ রানের ইনিংস খেলে আউট হন লুসিয়া টেলর। যা কি না নারী টি২০ ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসও।
আরেক ওপেনার গালান ২৩ বাউন্ডারিতে খেলেন অপরাজিত ১৪৫ রানের ঝোড়ো ইনিংস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১ উইকেটে ৪২৭ রানের পাহাড়সমান পুঁজি দাঁড় করায় আর্জেন্টিনা।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬৩ রানেই গুঁটিয়ে যায় চিলি। এর আগে, নারী টি২০তে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড ছিল বাহরাইনের। গত বছরের মার্চে সৌদি আরবের বিপক্ষে ১ উইকেটে ৩১৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল তারা।
অন্যদিকে, লজ্জার রেকর্ডে নাম লিখিয়ে চিলির বোলাররা। এক ওভারে ৫২ রান খরচ করেছেন চিলির ফ্লোরেন্সিয়া মার্টিনেস। তবে সবচেয়ে খরচে বোলিং করেছেন কনন্তানসা ওয়ারসে। ৪ ওভারে ৯২ রান খরচায় লজ্জার রেকর্ডে নাম তুলেছেন তিনি।