সঞ্জীব ভট্টাচার্য্য
চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা–মে ২০২৫ এ সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন মেধাবী নবীন চিকিৎসককে স্বীকৃতি জানাতে দেশে প্রথমবারের মতো “Top Ten Genius Intern Doctors @ Dhaka University সম্মাননা ২০২৫” আয়োজন করেছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। আজ ২৯ নভেম্বর ২০২৫, শনিবার দুপুরে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত উক্ত বিশেষ অনুষ্ঠানটি হয়ে ওঠে নবীন চিকিৎসকদের উৎসাহ, স্বীকৃতি ও উৎসর্গের এক মিলনমেলা। সাধারণ মানুষ চিকিৎসকদের পরীক্ষায় এই মেধাক্রমের বিষয়টি সম্পর্কে ওয়াকিফহাল নয় তাই এই বিশেষ খবরটি জানাতে এবং মেধাবী চিকিৎসকদের স্বীকৃতি প্রদান ও অনুপ্রাণিত করতেই এই বিশেষ আয়োজন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ক্রমেই বিশ্বমানের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের মেধাবী তরুণ চিকিৎসকরাই আগামী দিনের স্বাস্থ্যসেবার নেতৃত্ব দেবেন। তাদের এই সাফল্য জাতিকে আরও আশাবাদী করে তোলে। তিনি এমন উদ্যোগ গ্রহণের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্ত্তী।
স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং এ সম্মাননার প্রধান উদ্যোক্তা ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী।
ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন- চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ সদা মেধার সম্মান ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অধ্যাপক ডা. মো: মোস্তাক আহাম্মদ, ডিন, চিকিৎসা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ডা. উত্তম কুমার পাল, অধ্যক্ষ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ; বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিতার্কিক ডাঃ আব্দুন নূর তুষার এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারির বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ একেএম খালেকুজ্জামান দীপু। নিজ নিজ বক্তৃতায় সবাই এই আয়োজনকে বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় একটি যুগান্তকারী উদ্যোগ বলে উল্লেখ করেন। এবং ব্যতিক্রমী এই আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় শীর্ষ দশে স্থান পাওয়া শিক্ষার্থীরা হলেন—
১ম. ডা. উমাইর আফিফ, ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩২০
২য়. ডা. তাহমিদ মিহদা ফেরদৌস, ময়মনসিংহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩১৯
৩য়. ডা. জান্নাতুল ফেরদৌস, ময়মনসিংহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩০৭
৪র্থ. ডা. মিথিলা ফারজানা, ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৯৩
৫ম. ডা. ইফফাত আমান অত্রি, মুগদা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮৬
৬ষ্ঠ. ডা. এ. আর. জান্নাতুল নাঈমা রশ্নি, ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮২
৭ম. ডা. শাহ মোঃ ফরিদ উদ্দিন, ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৭৬
৮ম. ডা. পারমিতা দেবনাথ, ময়মনসিংহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৭৫ (যুগ্ম)
৮ম. ডা. কাজী জান্নাতুল শশীপ্রভা, ময়মনসিংহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৭৫ (যুগ্ম)
১০ম. ডা. স্টুটি রিমাল (নেপাল), ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৬৮
শীর্ষস্থানীয় এই ১০ জন মেধাবী ইন্টার্ন চিকিৎসকের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও লিটম্যান ক্ল্যাসিক স্টেথোস্কোপ তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অনুষ্ঠান সভাপতি প্রীতি চক্রবর্ত্তী এবং ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী। আগত অতিথিদের শুভেচ্ছা স্মারকও প্রদান করা হয়।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল জানায়— এই আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়া হবে, যাতে চিকিৎসা শিক্ষায় অর্জন ও মেধা আরও বিকশিত হয়।
পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চ্যানেল আই-এর নন্দিত উপস্থাপিকা সামান্তা ইসলাম।
অনলাইন ডেস্ক :
গত কয়েকদিন ধরে চলছে তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহে নাকাল হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। পাবনা ও চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে দুইজনের মৃত্যু হয়েছে।
আজ ২০ এপ্রিল শনিবার চুয়াডাঙ্গায় সকাল ৭ টার দিকে মাঠে কৃষিকাজ করতে গিয়ে সে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে জাকির হোসেন মারা যান। অপরদিকে পাবনায় সুকুমার দাস (৬০) নামে এক ব্যক্তি হিটস্ট্রোকে মারা যান।
নিহত জাকির হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সীমান্ত সংলগ্ন ঠাকুরপুর গ্রামের আমির হোসেন ছেলে ও ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি।
মৃত সুকুমার দাস (৬০) পাবনা শহরের শালগাড়িয়া জাকিরের মোড়ের বাসিন্দা।
এদিন দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। আর পাবনার ঈশ্বরদীতে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, কয়েকদিন ধরেই পাবনায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজকে রেকর্ড করা হয়েছে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্য বেক্আষণাগারের সিনিয়র পর্যবেক্ষক জামিনুর রহমান জানান, শনিবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।
অনলাইন ডেস্ক :
রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা ও বিশিষ্ট শিক্ষাবিদ রহিমা ওয়াদুদের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ ৭ মে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় মরহুমার মেয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ছেলে ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, পানিসম্পদ বিষয়ক উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদসহ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতা, তার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সহকর্মীসহ অন্যান্যরা জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে বিভিন্ন স্তরের মানুষের পক্ষ থেকে মরহুমার কফিনে ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
রহিমা ওয়াদুদের ছেলে ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু বলেন, আমার মা সব সময় দেশের কথা ভেবেছেন, দেশের জন্য কাজ করেছেন। তিনি অত্যন্ত দেশপ্রেমিক মানুষ ছিলেন। নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। আমি আপনাদের কাছে তার জন্য দোয়া প্রার্থী।
উল্লেখ্য, ভাষাবীর এম এ ওয়াদুদের সহধর্মিণী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ। তিনি ছিলেন একজন আদর্শবান, সৎ ও নিবেদিতপ্রাণ শিক্ষক। শিক্ষকতার জীবনে তিনি বহু শিক্ষার্থীর মানস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভাষাবীর এম এ ওয়াদুদের মাতৃভাষা প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে সব মুক্তির আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন রহিমা ওয়াদুদ। তার মৃত্যুতে জাতি একজন নির্লোভ, দেশপ্রেমিক ও একনিষ্ঠ শিক্ষককে হারাল বলে মন্তব্য বিশিষ্টজনদের।
এর আগে ৬ মে শনিবার দুপুর ১১টা ৫৬ মিনিটে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন রহিমা ওয়াদুদ। তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি ছেলে ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু ও মেয়ে ডা. দীপু মনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
অনলাইন ডেস্ক :
কমলাপুর থেকে জামালপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিনকক্ষে আগুন ধরেছে। তবে রেলওয়ে পুলিশ বলছে, এটি কোনো নাশকতা নয়।
আজ ২০ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ আগুন ধরে। সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি থামিয়ে আগুন নির্বাপন করা হয়।’
এসপি আনোয়ার বলেন, ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিনের সাইলেন্সার পাইপের ওপরে একটা চটের বস্তা ছিল। ফলে সাইলেন্সার পাইপের ধোঁয়া বেরোতে বাধাগ্রস্ত হয়। এতে ধীরে ধীরে ওই বস্তায় আগুন লেগে যায়। বিষয়টি তাৎক্ষণিক টের পেয়ে রেলওয়ে পুলিশ ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুন নির্বাপন করে। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।’
নাশকতা কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার কাছে নাশকতা মনে হয়নি। নাশকতার কোনো ঘটনার নয়। সাইলেন্সারের পাইপ থেকে নির্গত ধোঁয়া বস্তায় বাধাগ্রস্ত হওয়ায় আগুন লেগেছিল। পরে তাৎক্ষণিক নেভানো হয়েছে। কোনো হতাহত নেই।’
অনলাইন ডেস্ক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ শনিবার। ১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর জন্ম।
সৃজনশীল ক্রীড়া, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামাল মাত্র ২৬ বছর বয়সে ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক দল বিপথগামী সেনাসদস্যের গুলিতে সপরিবারে বঙ্গবন্ধুর সঙ্গে শহীদ হন। ওই হত্যাকাণ্ডের প্রথম শহীদ তিনি। বঙ্গবন্ধুর ছেলে– এ পরিচয় দেওয়ার পর মেজর (বরখাস্ত) বজলুল হুদা তার স্টেনগান দিয়ে তাঁকে হত্যা করে বলে পরবর্তী সময়ে জানা যায়। ছাত্রলীগের একজন নিবেদিত, সংগ্রামী ও আদর্শবাদী কর্মী হিসেবে ’৬৯-এর গণঅভ্যুত্থান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন তিনি।
শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। পৃথক বাণীতে তারা বহুমাত্রিক, অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী, তারুণ্যের দীপ্ত প্রতীক শেখ কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিস্তারিত কর্মসূচি উদযাপিত হবে। প্রধানমন্ত্রী আজ সকাল সাড়ে ৯টায় তাঁর সরকারি বাসভবন গণভবনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করবেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২৩ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো আজ সকাল ৮টায় রাজধানীর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতি এবং সকাল সোয়া ৯টায় বনানী কবরস্থানে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে।