চলারপথে রিপোর্ট :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এম এ হান্নান বিএনপির মনোনয়ন প্রাপ্ত হওয়ায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার দলীয় নেতাকর্মী ব্যানারসহ মিছিল নিয়ে সমাবেশ স্থলে সমাবেত হন।
ভোট দিবে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে,এই স্লোগানকে সামনে রেখে ২৮ নভেম্বর শুক্রবার বিকালে গোকর্ণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় মাদ্রাসা সংলগ্ন মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
এসময় প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার বাস্তবায়নে সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
গোকর্ণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একে এম খালেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আইয়ুব খান,উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোহাম্মদ আবদুল কাদির, ,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক(২) বশির উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জামাল মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বরকত উল্লাহ, ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাফায়েত মোর্শেদ শুভ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহে আলম,উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ,প্রবাসী বিষয়ক সম্পাদক আবুল হাসান চৌধুরী,ছাত্র বিষয়ক সম্পাদক দুলাল মেম্বার,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছোয়াব সরদার, শ্রম বিষয়ক সম্পাদক বাছির মিয়া,ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাশিদ আহমেদ,সহ- দপ্তর সম্পাদক আব্বাস মিয়া,সহ- অর্থ বিষয়ক সম্পাদক মনু মিয়া সরদার, উপজেলা মহিলা দলের নেত্রী লুৎফুর নাহার পাপড়ি,সাংগঠনিক সম্পাদক রেজাউল হক,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল,উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমরান মিয়াসহ উপজেলা বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিকদল,তাঁতীদল,মহিলা দল,জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।গোকর্ণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগের সঞ্চালনায় সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিদ্যালয়ভিত্তিক সপ্তাহ ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আজ ১৩ জুন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোনাব্বর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার, নাসিরনগর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিল ফোরকান।
অনুষ্ঠানে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী নাসিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম সালেমসহ সরকারি কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,সাংবাদিক,শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রথমবারের মতো ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড চালু করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। একাডেমিক কার্যক্রম চালুর পর ১৪ বছর পেরিয়ে গেলেও এর আগে কখনো শিক্ষার্থীদের প্রশাসনিকভাবে এই স্বীকৃতি দেয়া হয়নি। অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ভাইস চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক পরিবর্তন শুরু হয়। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা ও কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরাও।
২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ৩৩টি বিভাগের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ৭১ শিক্ষার্থীকে নিয়ে আজ ২০ মে মঙ্গলবার সকাল ১১টায় ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও চেক বিতরণ করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, প্রত্যেক শিক্ষার্থীর জীবনে আজকের এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে। কারণ তারা পরবর্তী জীবনে যেখানেই থাকুক, তাদের সিভিতে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়টা উল্লেখ করতে পারবে। যা তাদের জন্য অত্যন্ত সম্মানের। ফলে সকল শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্মাণের জন্যেও এটি অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. মোহাম্মদ কামাল হোসেন, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষক-শিক্ষার্থীরা।
অনলাইন ডেস্ক :
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিকসহ ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ ১৭ সেপ্টেম্বর বুধবার সকাল ৮টার দিকে সাতকানিয়ার চরতি ইউনিয়নের চরপাড়া এলাকার বৈলতলি ইউনুস মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
চন্দনাইশ ফায়ার স্টেশন জানিয়েছে, দোকানে সিলিন্ডারের বোতল আনলোড করার সময় এক শ্রমিক সিগারেট খাওয়ায় আগুন ধরে যায়। মুহূর্তেই তা বিস্ফোরণে রূপ নেয়। এতে উপস্থিত ১০ জন আগুনে দগ্ধ হন।
বিস্ফোরণে দগ্ধরা হলেন, দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে সেনা বাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে একটি বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত সাদ্দাম হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। ১৬ জুলাই মঙ্গলবার ভোররাতে আশুগঞ্জ উপজেলার চরচারতলার আলাল শাহ মাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। আশুগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমরানের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নেন।
জানা যায়, অভিযুক্ত সাদ্দাম হোসেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একজন সক্রিয় ক্যাডার। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এক সংসদ সদস্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং ২০২৪ সালের ৪ আগস্ট আশুগঞ্জ গোল চত্বরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
অভিযানের সময় সাদ্দামের বসতবাড়ির আঙিনায় ৪-৫ ফুট গভীর এবং ১০ ফুট ব্যাসার্ধের একটি গর্ত খুঁড়ে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সাদ্দাম পালিয়ে গেলেও তার ভাই মো. আসাদ মিয়া (৩৮) ঘটনাস্থল থেকে আটক হন। পরে তাকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, গুলি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দু’টি স্মার্টফোনসহ আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
অনলাইন ডেস্ক :
বন্ধুদের নিয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে তিন তলা ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত ওই স্কুলছাত্রের নাম ইসতিয়াক হোসেন (১৬)। সে উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর ছেলে এবং বনপাড়া সেন্ট যোশেফস্ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।
৩১ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইকবাল হোসেন বাবু জানান, ইসতিয়াক থার্টি ফার্স্ট নাইট পালনের জন্য তার বন্ধু অনির বাড়ি পৌর শহরের অফিসপাড়ায় যায়। সেখানে অনির দাদা শফিউল্লাহ ওরফে শফি ইঞ্জিনিয়ারের বাড়ির তিন তলায় বন্ধুদের সাথে গান-বাজনা ও খাবারের আয়োজন করে। রাত সাড়ে ১১টার দিকে ইসতিয়াক পাশের ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নিচে পড়ে যায়। পরে তার বন্ধুরা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।