চলারপথে রিপোর্ট :
গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামায়াতের বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে চলমান পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমার তৃতীয় দিনে আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। আজ ৩০ নভেম্বর রবিবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।
ইজতেমায় মৃতরা হলেন – আবুল আসাদ বাদল (৬২) ও মইনইউদ্দিন (১০০)। বাদল সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার বাসিন্দা এবং আব্দুল জহিরের ছেলে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা হলে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মইনইউদ্দিন (১০০) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকায় নাজির উদ্দিনের ছেলে।
আজ রবিবার ভোর পৌনে ৫টার দিকে টঙ্গী ইজতেমা মাঠেই স্বাভাবিক মৃত্যুবরণ করেন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, গতকাল রাতে হাসপাতালের ১১ তলায় শ্বাসকষ্টসহ নানা জটিলতা নিয়ে আবুল আসাদ বাদল নামে তাবলীগ জামাতের এক মুসল্লি ভর্তি হন। পরে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মরদেহ ইজতেমা ময়দানে জানাযা শেষে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। এ নিয়ে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমায় আগত মুসল্লিদের পাঁচজন মৃত্যুবরণ করলেন।
অনলাইন ডেস্ক :
২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণির নতুন বই বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ ৫ অক্টোবর বৃহস্পতিবার রাতে রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে এনসিটিবি প্রকাশিত একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ, ইংলিশ ফর টুডে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মোট চারটি পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, বইগুলোর মধ্যে ইংলিশ ফর টুডে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রিভাইস করা হয়েছে। মানও আগের চেয়ে ভালো হয়েছে। নতুন শিক্ষাক্রমের সব পাঠ্যপুস্তকই নতুন করে প্রণয়ন করছি। ২০২৬ ও ২০২৭ সালে গিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির নতুন কারিকুলামের বই হবে। তার আগেও বই পরিশীলনের কাজ আমরা যতদূর সম্ভব অব্যাহত রাখব।
দীপু মনি বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা দক্ষ ও যোগ্য মানুষ, মানবিক মানুষ, সৃজনশীল, সহনশীল মানুষ হোক, অসাম্প্রদায়িক মানুষ হোক। অর্থাৎ বঙ্গবন্ধু যে রকম চেয়েছিলেন ঠিক সেই রকম মানুষ হয়ে গড়ে উঠুক। সে জন্য পুরো শিক্ষাক্রমকে সংস্কার নয়, রূপান্তর ঘটাচ্ছি। রূপান্তরের উদ্দেশ্য হলো, শুধু মুখস্থবিদ্যা নয়, আমরা করে করে শিখব, অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে, সক্রিয় শিখন হবে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা যা শিখছে, তা আত্মস্থ করতে পারবে এবং তা প্রয়োগ করার দক্ষতা অর্জন করবে।
চলারপথে রিপোর্ট :
ফরিদপুরের নগরকান্দায় মোবাইল ফোন চুরি করে আইএমই নম্বর পরিবর্তন করে বিক্রয় চক্রের সক্রিয় ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ২৭ মে শনিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পুলিশ থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানা এলাকার গজারিয়া বাজারে কৃষ্ণপুর রোডে সুরমান শেখের মোবাইল সার্ভিসিংয়ের দোকানে অভিযান চালায় পুলিশ। এসময় হাতেনাতে চুরি করা মোবাইল বিক্রয় চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৮ টি মোবাইল ফোন, ৩ টি ল্যাপটপ ও ৪ টি মোবাইল সফটওয়্যার ডিভাইস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর গুপিনাথপুর গ্রামের পিরু শেখের ছেলে সুরমান শেখ (৩৪), হারুন শেখের ছেলে রুহুল আমিন (২২), এনায়েত বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (২৪), সামু শেখের ছেলে শাহিন শেখ(১৮), আকতার শেখের ছেলে আল আমিন শেখ(২০) ও কৃষ্ণারডাঙ্গী গ্রামের মোকসেদ প্রামাণিকের ছেলে মেহেদী হাসান (১৯)।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, গ্রেফতারকৃতরা তাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশের কাছে স্বীকার করেছেন। এদের বিরুদ্ধে শুক্রবার রাতে নগরকান্দা থানায় ৪১৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
অনলাইন ডেস্ক :
রাজধানীর পুরান ঢাকার কাঠের পুল এলাকার একটি ছাত্রী মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে এটিকে।
সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, ২৬ জানুয়ারি রবিবার ভোর সাড়ে ৪টায় কাঠের পুলের তনুগঞ্জ লেনের ওই ছাত্রী মেস থেকে সাবরিনা রহমান শাম্মী নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। শাম্মী মেসের একটি আলাদা রুমে একা থাকতেন, এবং পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা ঝুলন্ত অবস্থায় শাম্মীর মরদেহ উদ্ধার করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শাম্মী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং যশোর জেলায় তাঁর গ্রামের বাড়ি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, শাম্মীর বুয়েটের এক শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। ময়নাতদন্ত শেষে মরদেহ দ্রুতই তার গ্রামের বাড়ি যশোরে পাঠানো হবে। শোকাবহ এ ঘটনায় পুরো ক্যাম্পাসে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ডেস্ক রিপোর্ট :
চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ জুলাই বুধবার বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ৮নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ইসমাইল মালের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনি খানের পরিচালনায় টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
দীপু মনি বক্তব্যে বলেন, যুবলীগ একটি শক্তিশালী সংগঠন। স্বাধীনতার পরাজিত শক্তিরা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা সরকারের নানা উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে। আমি বিশ্বাস করি, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো জনগনের কাছে পৌঁছে দিবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে চাঁদপুর জেলা যুবলীগের অন্তভূক্ত যুবলীগের প্রতিটি ইউনিট ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনার সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড জনগনের ঘরে ঘরে পৌছে দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে চাঁদপুরের যে উন্নয়ন হয়েছে এমন উন্নয়ন আার কোনো সরকারের আমলে হয়নি। তাই চাঁদপুরের আরো উন্নয়নের জন্য নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আর সেজন্য যুবলীগকে আরো বেশি শক্তিশালী হতে হবে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক বাদশা খান প্রমুখ।
এর পূর্বে ৮ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জনি খান ও সাবেক ছাত্রনেতা মাঈনুল ইসলাম তমাল বিশাল মিছিল নিয়ে বর্ধিত সভায় অংশ নেন।
অনলাইন ডেস্ক :
বিদ্যুৎ ও পানির ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা পানি শোধন করে দিচ্ছি, এই পানি ব্যবহারে সকলকে মিতব্যয়ী হতে হবে। অযথা যেন পানি নষ্ট না হয়।’
আজ ১৩ জুলাই বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ঢাকা ওয়াসার দাশেরকান্দি পয়ঃশোধনাগারের উদ্বোধন এবং পাগলা পয়ঃশোধনাগারের পুননির্মাণ ও সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে পানির ব্যবহার সীমিত করা হয়েছে। সে সব দেশে কেউ গাড়ি ধুতে পারবে না, কেউ পাইপ দিয়ে বাগানে পানি দিতে পারবে না, অতিরিক্ত পানি ব্যবহার করতে পারবে না, অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। এরকম অনেক নির্দেশনা তাদের মেনে চলতে হচ্ছে। আমাদের দেশেও আমি চাই, সকলে অন্তত বিদ্যুৎ আর পানি ব্যবহারে সাশ্রয়ী হবেন।’
তিনি সারা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সাশ্রয়ী হলে আপনাদের বিলটাও কম আসবে। এখন থেকে আমরা সব বিলিং সিস্টেম ধীরে ধীরে ডিজিটালাইজড করে দেব। কাজেই এখানে ফাঁকি দেওয়ার কোন সুযোগই থাকবে না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত যখন ক্ষমতায়, তখন ঢাকা শহরে মাত্র ৬০ ভাগ মানুষ সুপেয় পানি পেত। সে সময় ঢাকার জনসংখ্যা ছিল এক কোটি বিশ লাখের মতো। পানি উৎপাদন হতো ১২০ কোটি লিটার। ঢাকা ওয়াসার পানির বিল মাত্র ৬৪ শতাংশ আদায় হতো। রাজস্ব আয় ছিল মাত্র ৩০০ কোটি টাকা।’
ঢাকা ওয়াসার চাহিদার চেয়ে বেশি পানি উৎপাদন ক্ষমতা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পানির বিল এখন ১০০ শতাংশ আদায় করতে সক্ষম ওয়াসা। ২০২২-২৩ অর্থবছরে প্রায় দুই হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান, ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথোরিটির (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম উপস্থিত ছিলেন।