চলারপথে রিপোর্ট :
বরিশালের গীর্জা মহল্লার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা না হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আজ ৩ ডিসেম্বর বুধবার সকালে নগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কের দুইপাশে যানচলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পথচারীরা ভোগান্তিতে পড়েন।
পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে। পরে অভিভাবকদের সহায়তায় পরীক্ষা শুরু হয়।
অভিভাবকরা জানান, বিদ্যালয় থেকে আজ বুধবার পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়। সকালে এসে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান গেট তালাবদ্ধ। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তাদের দাবি, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বার্ষিক পরীক্ষা সুন্দরভাবে নেওয়া হোক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা জানান, শিক্ষার্থীদের ও অভিভাবকদের বিক্ষোভের পরই পরীক্ষা পরিচালনা করা হয়েছে, কিন্তু কোনো সহকারী শিক্ষক সহায়তা করেননি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, কেন্দ্রীয়ভাবে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শাটডাউন কর্মসূচি পালন করছেন, তাই তারা দায়িত্বে উপস্থিত ছিলেন না।
অনলাইন ডেস্ক :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলি ইউনিয়নের রাজাপুর এলাকার ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ৩ ফেব্রুয়ারি সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ২ টি ভাটা অবৈধভাবে পরিচালনা করায় ৩০ হাজার ইট বিনষ্ট করা করা হয় এবং ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। একই সাথে ১টি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সহযোগিতায় ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোনাববর হোসেন বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশনায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় একটি ইটভাটাতে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে আরও ২টি ইটভাটার ৩০ হাজার ইট নষ্ট করা হয়েছে। পরিবেশ দূষণ প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
চলারপথে রিপোর্ট :
নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক, বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। আজ ২৪ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর সদর এলাকার পদ্মপাড়ায় তাঁর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তাঁকে আহত অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেওয়া হলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জানা যায়, নবীনগর উপজেলার বিটঘর ও শিবপুর ইউনিয়নে দলীয় কর্মসূচি শেষে রাতে নবীনগর সদর পদ্মপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। বাড়ির কাছাকাছি আসলে পেছন থেকে কয়েকজন দুর্বৃত্ত তিনটি গুলি করে পালিয়ে যায়।
হাসপাতাল স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, মফিজুর রহমান মুকুলের শরীরের পেছনে তিনটা গুলি লেগেছে। পিঠের মাঝ বরাবর দুটি গুলি এবং শরীরের নিচের অংশে আরেকটি গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলামকে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করছি।এবং আমাদের ইনভেস্টিগেশন চলছে। অপরাধী যেই হোক আমরা খুঁজে বের করবই।
নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান এই অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমাদের দলের মাঝে রাজনৈতিক কোন দ্বন্দ্ব নেই,মুকুল অত্যন্ত শান্ত ও ভদ্র ছেলে,কারোর সাথে কোনদিন তার কোন দ্বন্দ্ব ছিল বলে শুনিনি।নবীনগর আমরা সকল দল রাজনৈতিক দল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনীতি করে আসছি।
এ ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন। দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
জায়েদুল কবির ভাঙ্গি :
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় এক সহযোগী অপহরণকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা থানায় মামলা দায়ের করেছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে অভিযান চালিয়ে অপহরণকারী মো. রুহুল আমিনকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। এর আগে গত ১৭ জানুয়ারি সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়ন থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী (১৭) তেলিহাটি ইউনিয়নের একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। গ্রেপ্তার রুহুল আমিন (৩৭) উপজেলার উত্তর পেলাইদ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি কারখানার কর্মচারী। তিনি মো. সিরাজুল ইসলামের ছেলে।
মামলা ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ অনুযায়ী, ১৭ জানুয়ারি সকালে রুহুল আমিনের সহযোগিতায় আশিক নামে এক যুবক জোরপূর্বক স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায়। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই অপহরণকারীরা সিএনজি অটোরিকশাযোগে পালিয়ে যায়। পরিবার ধাওয়া করেও তাদের আটকাতে পারেনি। অপহরণের পর থেকে মেয়েটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
পরদিন ভুক্তভোগীর বাবা থানায় মামলা করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে। তবে অপহরণকারীরা তখন পালিয়ে যায়। পরে রোববার সকালে রুহুল আমিনের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগীর বাবা অভিযোগ করেন, অপহরণকারীরা তার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, অপহরণ মামলায় একজনকে গ্রেপ্তার করে রোববার বিকেলে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শেখ ইমন আহমেদ, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়ায় ইউনিক স্পোর্টস ক্লাবের আয়োজনে শুরু হয়েছে আন্দিউড়া মিনি নাইট ক্রিকেট টুর্ণামেন্ট উপলক্ষে আন্দিউড়া শাহী ঈদগাহ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্ণামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
আন্দিউড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বি ডা. আব্দুল আউয়ালেল সভাপতিত্বে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি মো. মোত্তাকিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন মো. সাইমন চৌধুরী, সাইফুল ইসলাম মেম্বার, শেখ হাবিবুর রহমান, আব্দুল মন্নান, বাদশা মিয়া, আ. হান্নান ও বিল্লাল মিয়া।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি মো. হেলাল আহমেদ, কাজী সুজাত, শেখ রাজি, আ. রহিম চৌধুরী, তোফায়েল, হুমায়ুন, তৌহিদ, টিটু, আবুল খায়েরসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ বেজুরা একাদশ ও চুনারুঘাট ক্রিকেট একাদশ।
আয়োজকরা জানান, এ টুর্ণামেন্টের মাধ্যমে এলাকায় ক্রীড়াচর্চা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সফল ও সুন্দর আয়োজনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তারা।
চলারপথে রিপোর্ট :
কাশফুল বনের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পাইপগান উদ্ধার করেছে র্যাব। ২ ডিসেম্বর মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর শান্তিনগর এলাকার নতুন ফোর লেন রাস্তার পাশে কাশফুল বনের ঝোপের ভেতর থেকে পাইপগানটি উদ্ধার করা হয়।
আজ ৩ ডিসেম্বর বুধবার দুপুর দেড়টার দিকে র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব এর পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর শান্তিনগর এলাকার নতুন ফোর লেন রাস্তার পাশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাস্তার পাশের কাশফুল বাগানের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পাইপগান উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, উদ্ধার করা পাইপগানটি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।