চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা। আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে তারা বিক্ষোভ করে। এতে স্থানীয় অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, নবীনগর সদরে অবস্থিত পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর দুইটার দিকে পরীক্ষা নেওয়ার দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এসে বিক্ষোভ করতে থাকে। পরে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওইসময় কয়েকজন শিক্ষককেও শিক্ষার্থীদের পাশে থাকতে দেখা যায়।
নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা আক্তার বলেন, সহকারী শিক্ষকদের চলমান কর্মবিরতির পরও আমরা প্রতিদিনই রুটিন মাফিক পরীক্ষা নিচ্ছি। এরপরও কাদের প্ররোচনায় শিক্ষার্থীরা হঠাৎ এভাবে পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষা অফিস ও ইউএনও অফিসে গিয়ে বিক্ষোভ করল, সেটিই তো বুঝতে পারছি না।
বৃহস্পতিবার প্রথম শিফটে (সকাল) পরীক্ষার্থী কম উপস্থিত হওয়ায় পরীক্ষা নিতে পারিনি। বিকেলের শিফটে শিক্ষা অফিসারের উপস্থিতিতে আমি একাই পরীক্ষা নিয়েছি।
উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের যারা রাস্তায় নামিয়ে বিক্ষোভ করিয়েছে, তারা কাজটি মোটেই ভালো করেননি। এটি একটি অশোভন কাজ হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা এসি ল্যান্ড খালিদ বিন মনসুর বলেন, বিষয়টি আমি শুনেছি। সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
প্রসঙ্গত, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেড পাওয়ার দাবিতে চলমান কর্মবিরতিতে এখন সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতা কাপ মহিলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। গভ. মডেল গার্লস উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে খেলো বাংলাদেশে স্পোর্টস সোসাইটি ও ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। খেলো বাংলাদেশে স্পোর্টস সোসাইটি’র প্রধান উপদেষ্টা আ. ফ. ম কাউসার এমরানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন। বিশেষ অতিথি ছিলেন, গভ. মডেল গার্লস স্কুলের প্রধান শিক্ষক পারভীন আক্তার, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, প্রেসক্লাবের সাবেক আইসিটি সম্পাদক মুজিবুর রহমান খান, ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ এর সভাপতি করবী চক্রবর্তী, সাধারন সম্পাদক সঞ্জয় দাস। সুষ্মিতা সাহার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন খেলো বাংলাদেশে স্পোর্টস সোসাইটির সাধারন সম্পাদক শিশির সিকদার।

ব্যাডমিন্টন খেলায় এককে রূপালী চ্যাম্পিয়ন, অনিতা রানার আপ হন। দ্বৈতে রূপালী ও নন্দিনি চ্যাম্পিয়ন এবং জান্নাত ও লিটা রানার আপ হন। এককে ম্যান অব দ্যা ম্যাচ রূপালী ও দ্বৈতে জান্নাত। অতিথিরা খেলোয়ারড়দের হাতে নগদ টাকা ও ক্রেস্ট তুলে দেন।
এ সময় বক্তারা বলেন, ‘খেলো স্পোর্টস সোসাইটি নারীদের নিয়ে ক্রিকেট, ব্যাডমিন্টন খেলার মতো যেসব আয়োজন করছে সত্যিই প্রশংসনীয়। নারীদেরকে এগিয়ে নিতে হলে আমাদেরকে সুযোগ করে দিতে হবে। নারীরা এখন সমানতালে এগিয়ে চলছে’।
চলারপথে রিপোর্ট :
গ্রামবাংলায় গ্রীষ্মকালে যে বনফুলটি বেশি চোখে পড়ে, সেটি হল- বরুণ গাছের ফুল। গাছ ভরা অফুরন্ত প্রস্ফুটিত এ ফুল প্রকৃতিতে এক অনাবিল উচ্ছ্বাস এনে দেয়। বরুণকে নবীনগরের আঞ্চলিক ভাষায় বলে বন্না ফুল। গ্রামের শিশুরা বরুণ ফুল ও ফল খেলার উপকরণ হিসেবে ব্যবহার করে। এখন বরুণ ফুল ফোটার সময়, এ সময় গ্রামে গেলে নয়নাভিরাম বরুণ ফুলের নান্দনিক সৌন্দর্যে বিমোহিত না হয়ে উপায় নাই। বরুণের বৈজ্ঞানিক নাম-Crateva religiosa. ইংরেজি-sacred garlic pear এবং temple plant . এটি Crateva গণের একটি ফুল। এদের অন্য নাম হল- বালাই লামক, অবিয়ুচ, বন্না, এবং বিদাসি। এটি জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং কতিপয় প্রজাতি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের স্থানীয় গাছ। বাংলাদেশের মানুষ অতীতকালে ফল পাকাতে এই গাছের পাতা ব্যবহার করতেন। বর্তমানে ফল পাকাতে ক্ষতিকারক ক্যালসিয়াম কার্বাইডের ব্যবহার বেড়ে যাওয়ায় এই গাছের কদর এখন নেই। বর্ষায় বরুণের ফল ঝুলে থাকতে দেখা যায়, ফল দেখতে কদবেলের মত। গাছ মাঝারি ধরনের এবং প্রচুর ডালপালা যুক্ত। বাকল ছাই রঙের মধ্যে সাদা সাদা ফোঁটা যুক্ত। পাতা যৌগিক, তিনটি পত্রক একক বোঁটায় জন্মে। ফুল চৈত্র-বৈশাখ মাসে ফুটে। ফুলের পাপড়ি ঘিয়ে রঙের, পুংকেশর দেখতে অনেকটা বিড়ালের গোঁফের মতো। মাঘ ফাগুনে পাতা ঝরে যায়, পূর্ণ প্রস্ফুটিত বরুণ গাছ বড়ই দৃষ্টিনন্দন। হাজারো ফুলের মাঝে নিচু জলাভূমিতে বসন্তে স্নিগ্ধতা ছড়ায় বরুণ ফুল। বরুণ ভাটি এলাকায় বেশি জন্মায়, নবীনগরের যে গ্রাম গুলো পানিতে তলিয়ে যায় সে গ্রাম গুলিতে অনেকটা অনাদর অবহেলায় আজ ও টিকে আছে বরুণ গাছ।
বরুণের ভেষজ গুণ :- অর্শরোগীরা রোগে খুব কষ্ট পেলে তিলের তেলে মাখানো বরুণ পাতা জলে সিদ্ধ করে ওই জলে গোসল করলে অর্শ রোগের ব্যথা-বেদনা দূর হয়। এর পাতা চর্মরোগ, ব্যথা, বাত নিরাময়ে ব্যবহৃত হয়। শিকড়ের বাকলের নির্যাস গ্যাস্ট্রিক রোগে ব্যবহার করা হয়। কাঁচা ফল রান্না করে সবজি হিসেবে খাওয়া যায়। শ্রীলঙ্কায় বাতের রোগে বরুণ পাতা ব্যবহৃত হয়। খাওয়ার আগে বরুণের মুকুল একটু লবণের সঙ্গে মিশিয়ে খেলে ক্ষুধা বাড়ে। পিত্তপাথরের রোগে ১০ গ্রাম বরুণের বাকল কেটে ৪ কাপ জলে সিদ্ধ করে অর্ধেক অবস্থায় নামিয়ে সকাল-বিকাল সেবন করলে ভালো ফল পাওয়া যায়। মেয়েদের মুখের মেছতা দূর করতেও বরুণ বেশ উপকারী। এ ক্ষেত্রে বরুণ বাকল ছাগলের দুধে মিশিয়ে দৈনিক একবার করে মুখের কাল দাগে লাগালে দাগ ধীরে ধীরে দূর হয়ে যায়। যাদের শরীরের গাঁটে গাঁটে বাতের ব্যথা, এমনকি পায়ের তলাতেও ব্যথা ও ফোলা, তারা শুষ্ক বরুণ পাতা (৫-৭ গ্রাম) ৩ কাপ পানিতে সিদ্ধ করে আনুমানিক ১ কাপ থাকতে নামিয়ে ছেঁকে পানিটা আধা গ্রাম শুষ্ক আদাচূর্ণের সঙ্গে মিশিয়ে সকালে ও বিকালে খেলে ব্যথা ও ফোলা দুটোই কমে যায়।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে একটি খালে প্রাইভেটকার ভেসে উঠেছে। এনিয়ে স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে। সকাল থেকেই প্রাইভেটকারটি দেখতে ভিড় করছেন এলাকাবাসী।
আজ ২৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা প্রাইভেটকারটি উদ্ধার করেছে। নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে উপজেলার কুড়িঘরে মহেশ সড়কের পাশের নান্দুরা খালে একটি প্রাইভেটকার ভেসে উঠেছে। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা প্রাইভেটকারটি খাল থেকে পাড়ে তুলে আনে। একই সঙ্গে দমকল বাহিনীর সদস্যরা খালে তল্লাশি চালায়। এসময় একটি মোবাইল ফোন ও শার্ট পাওয়া গেছে।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে প্রাইভেটকারটি দুর্ঘটনায় পতিত হয়েছিল। আমরা বিষয়টি তদন্ত করছি। প্রাইভেটকারটি থানায় নেওয়ার প্রস্তুতি চলছে।
চলারপথে রিপোর্ট :
আজ ৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আবুল কালামে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপকমিটির যুগ্ম আহবায়ক কে.এম.মামুনুর অর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মোঃ সাইফুল হক, জেলা কৃষকদলের আহবায়ক আবু শামিম মোঃ আরিফ (ভিপি), সদস্য সচিব জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক এইচ. এম. বাশার, যুগ্ম আহবায়ক ইবনুল হাসান সবুজ, যুগ্ম আহবায়ক নাসির সুলতানা আঁখি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপি নেতা মহি উদ্দিন।
নবীনগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক জহিরুল হক জুরু, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, পৌর কৃষক দলের আহবায়ক আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হানিফ, কৃষক দলের সাধারণ সম্পাদক জহির চিশতীসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের হুরুয়া গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে জজ মিয়া (৫৫) ও কাঠালিয়া গ্রামের শুক্কু চন্দ্র পালের ছেলে কৃষ্ণ চন্দ্র পাল(৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার এস আই কালাম ও বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জিনতপুর বাজারে ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র সাহার দোকানে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এই দুজনকে গ্রেফতার করে।
জানা যায়, প্রতিদিন জজ মিয়া কৃষ্ণ চন্দ্র সাহার প্লাস্টিক মালামালের দোকানে বসতেন এবং ব্যবসার আড়ালে মাদকের ব্যবসার সাথে জড়িত ছিলেন, প্রতিদিন কৃষ্ণচন্দ্রের পালের সহযোগিতায় দোকানে বসে গাঁজা বিক্রি করতেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির জানান, আাসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।