অনলাইন ডেস্ক :
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় যমজ বোন মেডিক্যাল কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনন্য সাফল্য অর্জন করেছেন। তারা হলেন মুসফিকা নাসনিন ও মাখনুন আখতার। দুই বোন উপজেলার ইশানীয়া ইউনিয়নের রামপুর গ্রামের মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. মশিউর রহমানের মেয়ে। তাদের মা নাজমুন নাহার গৃহিণী। চলতি বছরের মেডিক্যাল কলেজ ভর্তি পরীক্ষার ফলাফলে মুসফিকা নাসনিন ১ হাজার ২৩১তম স্থান অর্জন করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে এবং, মাখনুন আখতার ৬৬০তম স্থান অর্জন করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রবিবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
যমজ বোনদের মা নাজমুন নাহার বলেন, সংসারে নানা সমস্যা থাকলেও কখনো মেয়েদের পড়াশোনা বন্ধ রাখিনি। কষ্ট করে হলেও তাদের পড়ালেখা চালিয়ে গেছি। আজ আমার দুই মেয়েই মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছে, এটা আমার জীবনের বড় প্রাপ্তি। সবাই দোয়া করবেন, তারা যেন মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারে।
শিক্ষাজীবনে ধারাবাহিক সাফল্যের নজির রেখেছে মুসফিকা ও মাখনুন। তারা সেতাবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে দিনাজপুর সরকারি কলেজে ভর্তি হয়ে এইচএসসি সম্পন্ন করেন। এরপর দীর্ঘ প্রস্তুতি ও অধ্যবসায়ের মাধ্যমে মেডিক্যাল কলেজে ভর্তির স্বপ্ন পূরণ করতে সক্ষম হন যমজ এই দুই বোন। স্থানীয়রাও তাদের এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন।
অনলাইন ডেস্ক :
‘জুতার তলা ক্ষয় হইয়া গেছে হাঁটতে হাঁটতে। সময় পাইলেই পুলামাইয়ার লাইগা ছুইটা আসি বাড়িত। গোসল করাই, খাওয়াই, তারপর ঘুম পাড়াইয়া আবার ছুটি গার্মেন্টে। হেগো বাপ ফালাইয়া চইলা গেছে, আমিতো মা, আমি তো যাইতাম পারতাম না।’ কথাগুলো বলছিলেন ত্রিশ বছর বয়সী গার্মেন্টকর্মী আয়েশা।
আয়েশার গ্রামের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধায়। কম বয়সে বিয়ে হয় তাঁর। স্বামী ঢাকায় দক্ষিণখানে গার্মেন্টে চাকরি করতেন। পরে এক সহকর্মীকেও বিয়ে করেন তাঁর স্বামী। এক পর্যায়ে আয়েশা ও দুই সন্তানের খোঁজখবর নেওয়া বন্ধ করে দেন। সন্তানদের নিয়ে আয়েশা বিপাকে পড়েন। ঢাকায় ছুটে আসেন স্বামীকে খুঁজতে। তাতে ব্যর্থ হন। দক্ষিণখানে এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। ওই আত্মীয়ের সহযোগিতায় এক গার্মেন্টে যোগ দেন। আয়েশা জানান, প্রতিদিন কাকডাকা ভোরে কাজ শুরু করেন। দুই সন্তানের জন্য খাবার তৈরি করেন। সাড়ে ৭টার মধ্যেই কর্মস্থলে যেতে হয়। দুপুরে এক ঘণ্টার বিরতিতে হেঁটে আবার বাড়িতে যান। সন্তানদের খাইয়ে, ঘুম পাড়িয়ে আবারও ছোটেন কর্মস্থলে। বিকেলে গার্মেন্ট ছুটি হলে বাড়ি ফেরেন। সন্তানদের যত্ন নেন, লেখাপড়া করান। সব কাজ শেষে বিছানায় যান রাত ১১টায়। জীবনের টানে এভাবেই ঘোরে তাঁর ভাগ্যের চাকা।
গবেষণা প্রতিষ্ঠান এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্টের (এসিডি) এক প্রতিবেদন অনুযায়ী পোশাক খাতে ২০২০ সালে নারী ও পুরুষ কর্মীর হার দাঁড়ায় যথাক্রমে ৬০ ও ৪০ শতাংশ। নিম্ন আয়ের নারীশ্রমিকের অধিকাংশই পারিবারিকভাবে সুখী হন না। স্ত্রী-সন্তান ছেড়ে চলে যান অনেক পুরুষ। সন্তানকে নানি-খালার কাছে রেখে কাজ চালিয়ে যান নারী। কেউ কেউ সন্তানদেরও শ্রমে যুক্ত করেন। শুধু পোশাকশিল্পেই নয়, উপকূলীয় অঞ্চলেও পুরুষদের বহুবিবাহের ঘটনা বেশি ঘটে। প্রাকৃতিক দুর্যোগে স্বামী মারা গেলেও সংসারের হাল ধরেন নারী।
কক্সবাজার সৈকতে ঝিনুকের মালা বিক্রি করে আবদুল মোতালেব (১০)। সংসারের কাজকর্ম শেষে মোতালেবের মা মালা গাঁথেন। সেই মালা সৈকতে ঘুরে ঘুরে বিক্রি করে মোতালেব। সে জানায়, দিনে দুই-তিনটি বিক্রি হয়। একেকটায় লাভ হয় প্রায় ৫০ টাকা। সৈকত থেকে দূরে দরিয়ানগর গ্রামে তার বাড়ি। তার বাবা পরিবার ছেড়ে চলে গেছেন। দিনে যা আয় হয়, তা দিয়ে চাল-আলু কিনে বাড়ি যায় সে।
রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন লাবণ্য। একমাত্র সন্তান শঙ্খনীলকে নিয়েই তাঁর সংসার। এক সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে লাবণ্যর স্বামী মৃত্যুবরণ করেন। নীলের বয়স তখন বছর গড়ায়নি। সেই থেকে শুরু একাকী সংগ্রাম। চাকরির পাশাপাশি একজন আদর্শ মা হিসেবে সন্তানকে দেখভাল করছেন।
জেন্ডার বিশেষজ্ঞ মনজুন নাহার বলেন, ‘গর্ভে সন্তান ধারণ করলেই যে একজন মা হন, তা নয়। তাঁকে মানসিকভাবেও মা হয়ে উঠতে হয়। শত বাধা-বিপত্তিতেও মানসিকভাবে শক্ত বলেই একজন প্রকৃত অর্থে মা।’
শাশ্বত রূপের মায়েদের সম্মান জানাতেই আজ পালিত হবে ‘বিশ্ব মা দিবস’। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বাংলাদেশে মা দিবস পালিত হয়। দিবসটি পালনে বিভিন্ন সংগঠন প্রস্তুতি নিয়েছে। বিভিন্ন দেশে নানা আয়োজনে মা দিবস উদযাপন করা হয়।
চলারপথে রিপোর্ট :
৯০ জন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন দিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। আজ ২৪ মে বুধবার দুপুরে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এসব সেলাই মেশিন তুলে দেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মসিক মেয়র ইকরামুল হক টিটু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ময়মনসিংহ সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন ভাতা, প্রশিক্ষণ, অর্থিক সহযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সেলাই মেশিন দেয়া হলো। সেলাই মেশিন ব্যবহার করে আত্মকর্মসংস্থান ও নিজের উন্নয়ন ঘটাতে হবে। তবেই আজকের এই আয়োজন স্বার্থক হয়ে উঠবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মসিকের প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, সমাজকল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শীতল সরকার, সচিব মো. আরিফুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানাসহ অন্যান্য ও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক মহিউদ্দিন মন্ডল (৪০) নিহত হয়েছেন।
আজ ২ ফেব্রুয়ারি সোমবার সকালে ঢাকা–খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন মন্ডলের বাড়ি ঢাকার সাভার এলাকায়।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরো জানান, খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
চলারপথে রিপোর্ট :
ঝিনাইদহে স্কুল ও কলেজে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ায় ২৪ শিক্ষার্থীকে আটক করেছে সদর থানা পুলিশ। আজ ৪ জুন রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, শহরে কিশোর গ্যাং প্রতিরোধ ও কোমলমতি শিক্ষার্থীরা যাতে বিপথগামী হতে না পারে সে জন্য স্কুল টাইম কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। সেই কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন স্থান ও পার্কে অভিযান চালানো হয়। সেসময় বিভিন্ন স্কুল ও কলেজের ২৪ শিক্ষার্থীকে আটক করে থানায় আনা হয়। পরে অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় দেওয়া হয়।
এর আগে গত ১ জুন ঝিনাইদহের বিভিন্ন পার্কে আড্ডা ও গলিতে দেওয়ায় প্রায় ৬০ জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।