চলারপথে রিপোর্ট :
বাঞ্ছারামপুরে চোর সন্দেহে এক মোটরসাইকেল মেকানিককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগে ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২৭ ডিসেম্বর শনিবার তাদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগেশুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর পৌরসভার আসাদনগর এলাকার একটি ভাঙারি দোকানে চোর সন্দেহে মোটরসাইকেল মেকানিক মো. ফোরকান মিয়া (৩৫) মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ২৭ ডিসেম্বর শনিবার নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা করেন।
নিহত ফোরকান মিয়া পৌরসভার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। তিনি বাঞ্ছারামপুর মাতুর বাড়ির মোড়ে অবস্থিত একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার আসাদনগর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (৪৪), একই গ্রামের মো. জাহিদুল ইসলাম রবিন (১৯), মো. রিমন মিয়া (৩০) এবং মো. খাইরুন ইসলাম ওরফে হৃদয় (২০)।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে অভিযুক্ত জাহিদুল ইসলাম রবিন ও খাইরুন ইসলাম ওরফে হৃদয় চোর সন্দেহে ফোরকানকে বাড়ি থেকে ডেকে একটি ভাঙ্গারি দোকানের ভেতরে নিয়ে যান।
পরে দোকান মালিক শফিকুল ইসলামসহ অন্য আসামিরা লোহার শিকল দিয়ে ফোরকানের হাত-পা বেঁধে স্টিলের পাইপ, লোহার হাতুড়ি ও অ্যালুমিনিয়ামের পাত দিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে আসামিরা মোবাইল ফোনে ফোরকানের স্ত্রী শারমিন আক্তারকে কল করে মারধরের চিৎকার শোনান। ফোনে ফোরকান মিয়া স্ত্রীকে জানান, তাকে নির্মমভাবে পেটানো হচ্ছে।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় এক রিকশাচালকের মাধ্যমে তাকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
চলারপথে রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
আজ ৬ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার তেজকালি বাড়াইলচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জয়নাল আবেদীন সুমন উপজেলার বাড়াইলচর এলাকার মো. শরীফ মিয়ার ছেলে, একই এলাকার আবু মিয়ার ছেলে মো. শাহজাহান, গফর বেপারীর ছেলে ইদ্রিস মিয়া, কালু মিয়ার ছেলে জিল্লু মিয়া, বাড়াইলচর এলাকার আবু মিয়ার ছেলে মো. শাহজাহান, তেজখালী এলাকার মো. নবীর ছেলে সাব্বির, কলেজপাড়া এলাকার সাহেব আলীর ছেলে নবাব মিয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ওসি মহিউদ্দিন জানান, উপজেলার তেজকালি বাড়াইলচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় ৭ জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে জুয়ার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
চলারপথে রিপোর্ট :
বাঞ্ছারামপুরে কাঠের রেকের চাপায় নারায়ণ চন্দ্র দাস (৬০) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে।
২১ নভেম্বর মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উলজেলার রূপসদী ইউনিয়নের বাল্লাকান্দি বাজারে এ ঘটনা ঘটে। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নারায়ণ চন্দ্র দাস উপজেলার রুপসদী ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের দক্ষিণ দাস পাড়ার মৃত দেবেন্দ্র চন্দ্র দাসের ছেলে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারায়ণ গত দুই বছর যাবত রূপসদী ইউনিয়নের বাল্লাকান্দি বাজারের নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিল। প্রতিদিনের মত সোমবার রাতে প্রতিদিনের মতো ডিউটিতে যায় নারায়ণ। ভোরে একটি দোকানের সামনে বসলে ভারি কাঁচযুক্ত কাঠের একটি রেক নারায়ণের উপর পড়ে গেলে এতে চাপা পড়ে ঘটনাস্থলেই নারায়ণ মারা যান। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১১২ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩৬ হাজার টাকা, ৪টি মোবাইল, ১ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ ৫ অক্টোবর শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটে তেজখালী ইউপি আকানগর (মধুপুর) শিল্পী বেগমের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন শিল্পী বেগম, আকানগর (মধুপুর) গ্রামের মৃত হাছন আলীর মেয়ে; মো. ফারুক (৩৫), পাহাড়িয়াকান্দির মৃত হাছন আলীর ছেলে ও শহিদ উল্লাহ, আকানগর গ্রামের মোহন মিয়া ছেলে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে মাসহ দুই শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। আজ ১৭ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- সৌদিপ্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার (৩৫), বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)।
অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উদ্ধার করতে কাজ শুরু করেছে। বিস্তারিত পরে জানানো হবে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই বাড়ির মালিক শাহ আলম সৌদি আরবে রয়েছেন। বাড়িতে সন্তানদের নিয়ে থাকতেন স্ত্রী জেসি।
সকাল ৯টার দিকে গৃহপরিচারিকা এসে বাড়ির গেট লাগানো দেখেন। অনেক ডাকাডাকি করলেও কেউ গেট খুলছিলেন না। সাড়া-শব্দ না পেয়ে কিছুদূরে জেসির শাশুড়ির বাড়ি থেকে চাবি এনে দরজা খোলেন স্থানীয়রা। এ সময় ঘরের মেঝেতে দুই সন্তানসহ জেসির রক্তাক্ত মরদেহ দেখতে পান তাঁরা।
ওই ঘরে সাত মাসের শিশু ওজিহা খাটের ওপর কান্না করছিল। শিশু ওজিহাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মাথায় কোপের চিহ্ন পাওয়া গেছে মা ও বড় ছেলের। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে পূর্বপরিকল্পিতভাবে কেউ এই হত্যাকাণ্ড ঘটাতে পারে।
চলারপথে রিপোর্ট :
বৈদ্যনাথতলার সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকনির্দেশনায় স্বাধীনতা ছিনিয়ে এনেছে বলে মন্তব্য করেছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এম.পি।
আজ ১৭ এপ্রিল বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ক্যাপ্টেন তাজ বলেন, ‘একদল স্বার্থান্বেষী একাত্তর থেকে শুরু করে আজ পর্যন্ত দেশ-বিদেশে সরকারবিরোধী অপপ্রচার চালিয়ে আসছে। ওই সব লোকজনের অপপ্রচারের বিষয়ে আপনাদের সব সময় সতর্ক থাকতে হবে।’
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলার নারী ভাইস চেয়ারম্যান জলি আক্তার, ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল ভূইয়া, পৌর মেয়র তফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, বাঞ্ছারামপুর থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি প্রমুখ।