চলারপথে রিপোর্ট :
কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। আজ ৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে সমাপনী অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ২০২৫-২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপি কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলার ৩০ জন উদ্যমী তরুণ কৃষক আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উৎপাদন ব্যয় কমানোর ওপর প্রশিক্ষণ নেন।
এসময় অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, মানসম্মত বীজ ও সার ব্যবস্থাপনা, মাটি স্বাস্থ্য রক্ষা, রোগবালাই দমন, স্মার্ট কৃষি প্রযুক্তি, ভ্যালু অ্যাডিশন এবং কৃষি বিপণন কৌশল, মাশরুম চাষাবাদ, জৈব সার উৎপাদন, অসময়ের সবজি চাষাবাদ সম্পর্কে হাতে-কলমে ধারণা দেয়া হয়।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন, নবীনগর উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাহ-আলম মজুমদার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল চন্দ্র দত্ত।
নবীনগর উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, কৃষকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্যোক্তা হওয়ার জন্য তাদের পছন্দ অনুযায়ী প্রদর্শনী উপকরণ সামগ্রী দেয়া হবে। যা দেশের কৃষি অর্থনীতি শক্তিশালী করতে সহায়ক হবে। এর আগে গতকাল বুধবার (৭ জানুয়ারি) দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ অক্টোবর শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিকন ফার্মাসিটিক্যালস এর কর্ণধার এবাদুল করিম বুলবুল এম.পি। এতে বিশেষ অতিথি ছিলেন নবীনগর উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, শিউলি রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন, এডভোকেট সুজিত কুমার দেব, নবীনগর মহিলা ডিগ্রি কলেজ প্রিন্সিপাল ইয়াবের হাসান জামিল, বীর আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, প্রণয় কুমার ভদ্র পিন্টু উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সাইফুর রহমান সোহেল পৌর আওয়ামী লীগের সদস্য শামীম রেজা মডেল প্রেসক্লাব সভাপতি আবু কাউসার, প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ ছাত্রলীগের সাবেক আহবায়ক আবু সাঈদ, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম জনি প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১৭ টি ইভেন্টে বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী ৫১জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবাদুল করিম বুলবুল। এ ছাড়াও একই অনুষ্ঠানে গত ২০২৩ সালের মেধা বৃত্তি পরীক্ষায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালযয়ের ১৫ জন বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী শিক্ষার্থীকে মেধা পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ময়নাল হোসেন চৌধুরী।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ভিমরুল পোকার কামড়ে চার বছরের শিশু তামিমের মৃত্যু হয়েছে। নিহত তামিম উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের মেহেরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, আজ ১ অক্টোবর বুধবার সকালে ভিমরুল পোকার কামড়ে আহত হয় শিশু তামিম। পরে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে দুপুর ২টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মো. সাদ্দাম হোসেন বলেন, ভিমরুল কামড়ানোর পর যদি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হতো তাহলে চিকিৎসার মাধ্যমে বাঁচানোর সুযোগ ছিল। কিন্তু স্থানীয়ভাবে চিকিৎসা করাতে গিয়ে সময় নষ্ট হওয়ায় শিশুটি মারা গেছে।
শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব বলেন, ভিমরুল পোকার কামড়ে তামিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা।
চলারপথে রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শাঁস বিক্রির ধুম। এদিকে বারছে বজ্রপাত, কমছে তাল গাছ। নবীনগর পৌরশহরের নবীনগর-কোম্পানীগঞ্জ রোড, উপজেলা গেইট, সরকারি কলেজ গেইট, সরকারি হাইস্কুল গেইট, বাজারের বিভিন্ন মোড়ে প্রতিদিন কাঁচা তাল নিয়ে বসছেন ব্যবসায়ীরা। প্রতি পিস তালের শাঁস (কাঁচা তাল) বিক্রি হচ্ছে ৪০/৫০ টাকা, এক কুড়ি তালের শাঁস ৪০০-৫০০ টাকা বিক্রি হচ্ছে। যেখানে এক কুড়ি পাকা তাল ৩৫০ টাকায় বিক্রি হয়। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, উপজেলার ২১ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৭ হাজার ৫০০ টি তাল গাছ রয়েছে। এর মধ্যে শ্যামগ্রাম, রছুল্লাবাদ, রতনপুর, সাতমোড়া, লাউর-ফতেহপুর, বিটঘর, শিবপুর, বড়িকান্দি, সলিমগঞ্জ ইউনিয়নে বেশী তাল গাছ রয়েছে। নবীনগর বাসিন্দা আব্দুল রহিম জানান- এখন আর আগের মত তাল পাওয়া যায় না। আগে রাস্তার পাশে তালের রস নিয়ে বসত, সেটি এখন আর দেখা যায় না। এখন কাঁচা তালের শাঁস খাচ্ছি। কিছু দিন পর এটিও আর খেতে পারব কিনা জানি না। কেননা যে ভাবে তালের গাছ কাটা হচ্ছে, তাতে বেশি দিন আর এ গুলো খাওয়া যাবে না। আগে এক হালি (৪টি) তাল কিনতে পারতাম ৫০-৮০ টাকায়, এখন ২০০ টাকায়ও মিলছে না। ক্রেতা মাজেদুল ইসলাম বলেন, তাল একটি মৌসুমী ফল, এটি অনেক সুস্বাদু ও উপকারী। তাল গাছ কমে যাওয়ায় আগের থেকে এখন দাম বেশী। নবীনগর পৌরসভার মাঝিকাড়া গ্রামের বাসিন্দা মৌসুমী ফল ব্যবসায়ী আবুল মিয়া – এখন সরকারি হাইস্কুল গেটের পাশে প্রতিদিন তাল বিক্রি করছেন। তিনি বলেন, আমি পাঁচ বছর ধরে এই ব্যবসা করছি। গত দুই বছর করোনার কারণে ভাল ভাবে ব্যবসা করতে পারিনি আশা করি এ বছর আমি স্বাবলম্বী হব। এ বছর তালের দাম বেশী । ১২ বছর ধরে নবীনগর সরকারি কলেজ গেইটে তালের ব্যবসা করেন আব্দুর মোতালিব, তিনি বলেন- তখন তালের কুড়ি ছিল ১৭০ টাকা। এরপর বাড়তে বাড়তে বর্তমানে এক কুড়ি তাল বিক্রি হচ্ছে ৪০০/৫০০ টাকায়। আমি প্রতিটা গাছ কিনেছি ২৫০০ টাকায়। সেই গাছের তাল বিক্রি করছি ৬৫০০-৭৫০০ টাকায়। প্রতিটা গাছে ৩০০-৩৫০০ টাকা লাভ হয়। নবীনগর উপজেলা কৃষি কর্মকতা জাহাঙ্গীর আলম লিটন বলেন, তালের শাঁস সুস্বাদু ও পুষ্টিকর, তালের রসও অনেক উপকারী। তালের রস দিয়ে গুড়, মিছরি তৈরি হয়। বৈশ্বিক আবহাওয়ার কারণে তাল গাছ দিন দিন কমে যাচ্ছে। তবে আমরা কৃষি অফিসের পক্ষ থেকে তাল গাছ বাড়ানোর জন্য একটি প্রকল্প হাতে নিয়েছি। নবীনগর কৃষি অফিস জানায় “দুর্যোগ ব্যাবস্থাপনা” মন্ত্রাণালয় একটি লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে বজ্রপাত সহনশলী এই তাল গাছের বীজ ও চারা রোপণ করার উদ্দোগ নিয়েছে। দিন দিন তালগাছ কমে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, গ্রামাঞ্চলের মানুষ তালগাছের গুরুত্ব না বুঝে কেটে ফেলছে। যেহেতু তাল গাছে বছরে একবার ফলন হয়, লাভ কম, সে কারণে তালগাছ কেটে ফল বা কাঠের গাছ রোপন করছে, সে কারণে তালগাছ কমে যাচ্ছে। তালগাছে ফলন কম হলেও দুর্যোগ (বজ্রপাত) থেকে মানুষকে রক্ষা করে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাহোর ফতেপুর গ্রামে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম ব্যারিস্টার জাকির হোসেন একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর শনিবার বিকেলে এই খেলা উপভোগ করেন উপজেলার লাউরফতেহপুর গ্রামে কয়েক হাজার দর্শক।
খেলা শুরুর আগে পুরো মাঠ ঘুরে বেড়ান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দূর-দূরান্ত থেকে খেলা দেখতে আসা দর্শকদের হাত নাড়িয়ে অভিবাদন জানান।
খেলা দেখতে আসা শিহাব মাহমুদ (৩১) নামে এক যুবক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার সুমনের অনেক কার্যক্রম দেখেছি। আজ মূলত সরাসরি তাকে দেখার জন্যই মাঠে এসেছি।
থানাকান্দি গ্রাম থেকে আসা তরুণ শিতাব (১৯) বলেন, ছোটবেলায় আমাদের মাঠে এই বর্ষার সময়ে অনেক বড় বড় ফুটবল খেলার আয়োজন হতো। এখন আর তেমনটা হয় না। সরাসরি এতবড় আয়োজনে ফুটবল খেলা অনেক বছর পর দেখলাম।
অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, এতো দর্শক উপস্থিতিই প্রমাণ করে ফুটবল খেলা এদেশে এখনো কত জনপ্রিয়। মাদক থেকে তরুণ ও যুব সমাজকে দূরে রাখতে এসব আয়োজন ভূমিকা রাখে। এজন্য এসব আয়োজন করতে আমাদের সমাজের কর্তাদের ভাবতে হবে।
খেলা শুরু হয় বিকেল ৪টায়। ম্যাচে প্রথমার্ধে কারো পক্ষে কোনো গোল হয়নি। এতে টান টান উত্তেজনা ছিল খেলাটিতে। রেফারির বাঁশি বাজার ১ মিনিট পূর্বে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির জালে বল ঢুকিয়ে দেয় ব্যারিস্টার জাকির হোসেন একাদশ। এই গোলে দর্শকদের উল্লাসে পুরো মাঠ কেঁপে ওঠে। দীর্ঘ সময় গোল না হওয়ায় শেষ মুহূর্তের গোলটি যেন দর্শকদের মনে আনন্দ এনে দিয়েছে। খেলার সমাপ্তি ঘটে ১-০ গোলে। পরাজিত হয় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যারিস্টার সুমন বলেন, বিলের মাইর শেষ রাতে। শেষ মিনিটে গোল দিয়ে নবীনগরের জাকির হোসেন জয় লাভ করেছে। গোলটি যে দিয়েছে সাইজে তেমন বড় না, কিন্তু যে গোল রক্ষক ছিল সে বিশাল দেহের অধিকারী। নবীনগরের ছোট ছেলেটি কিন্তু হবিগঞ্জের বিশাল দেহের খেলোয়াড়কে দেখে ভয় পায়নি। নির্ভয়ে জালে বল ঢুকিয়ে দিয়েছে। এর মানে বড় দেখেই ভয় পেতে হবে বিষয়টি এমন না। নবীনগরের ছেলেদের দেখলেই পুরো বাংলাদেশ সস্মান করবে।
তিনি আরও বলেন, ভক্ত ও ফুটবল প্রেমীদের দোয়া থাকলে এক দিন ফুটবল ফেডারেশনের দুর্নীতির দূর করতে সক্ষম হবো। এ সময় যুব সমাজকে দাঙ্গা-হাঙ্গামা ও মাদক থেকে দূরে এসে সুন্দর একটি বাংলাদেশ গড়তে সহযোগিতার আহ্বান জানান ব্যারিস্টার সুমন।
সৌদি আরব প্রবাসী নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন গণপূর্ত বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, পায়রা সমুদ্র বন্দরের উপসচিব আতিকুল ইসলাম, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম, ওসি মাহাবুব আলম, অধ্যক্ষ ইকবাল হোসেন, অধ্যাপক মিয়া মো. শিপন, সিনিয়র সাংবাদিক এম কে জসিম উদ্দিন, গৌরাঙ্গ দেবনাথ অপু প্রমুখ।
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মুক্তিযোদ্ধা আবুল হাশেমকে (৭৩) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার শাহবাজপুর গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্র জানায়, আবুল হাশেম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত শনিবার রাতে নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। গতকাল রোববার দুপুরে স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠে তাকে নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।