আখাউড়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া বলেছেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না; তিনি ছিলেন শক্তি, দৃঢ় সংকল্প ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক শূন্যতা সৃষ্টি হয়েছে, যে শূন্যতার প্রভাব দীর্ঘ সময় ধরে অনুভূত হবে।
আজ ১০ জানুয়ারি শনিবার আখাউড়া উপজেলার বনগজ এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, তারেক রহমান যে ঐক্যের রাজনীতি শুরু করেছেন, তা শুধু নেতৃত্বের স্তরে নয়, গ্রাম থেকে ওয়ার্ড, ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। কারণ প্রকৃত শক্তি তৃণমূলের কর্মীরা, তারাই বিএনপির অগ্রযাত্রার প্রধান ভিত্তি।
আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে বলেন, অতীতে স্বৈরাচারী কুশাসনের সময় কুখ্যাত অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আন্দোলনে তিনি জীবন বাজি রেখে রাজপথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। মানুষের শান্তি, এলাকার উন্নয়ন, রাজনৈতিক শৃঙ্খলা ও সৌহার্দ্য প্রতিষ্ঠাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য—এ কথাও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
জিয়া পরিবারকে বাংলাদেশের রাজনীতির অস্বীকারযোগ্য বাস্তবতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই পরিবারের প্রতি নানাভাবে অবিচার করা হয়েছে, কিন্তু দেশের প্রতি তাঁদের ভালোবাসা, মানুষের প্রতি তাঁদের আন্তরিকতা এবং গণতন্ত্রের জন্য তাঁদের অবদান আজও মানুষের হৃদয়ে অম্লানভাবে রয়ে গেছে।
হাজী নুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সৈয়দ খান সরদার, সুমন মিয়া, আবু হানিফ, আবু বক্কর মেম্বার, মঙ্গল মিয়া, সেলিম মোল্লা ও রওশন আলী বেপারীসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহসীন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমজাদ খান, সদস্য সচিব বাহাদুর তিতাস, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হাসান সানি, বর্তমান সভাপতি ইমরান মোল্লা ও সদস্য সচিব মোবারক মিয়া।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনলাইন ডেস্ক :
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপি ও তার সঙ্গীরা ছাড়া প্রায় ২৯টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এরই মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ, জমা দেওয়া ও বাছাইয়ের কাজ শেষ করেছে নির্বাচন কমিশন। আগামী ১৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সারা দেশের ৩২টি আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ছাড়া তেমন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। নামমাত্র কয়েকটি দল অংশ নেওয়ায় নৌকার প্রার্থীরা ‘টেনশনহীন’ ভাবেই সময় পার করছেন।
৩২ আসনের প্রতিযোগিতামূলক স্বতন্ত্র প্রার্থী নেই। সেখানে নামমাত্র ভোটে বিজয় নিশ্চিত হবে কি না, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এখানে দলীয় কোনো বিষয় নেই, এটা নির্বাচন কমিশনের বিষয়। কমিশন আচরণবিধি অনুযায়ী চলছে। প্রার্থীরা আদালত পর্যন্ত যেতে পারে। সেখানে আলটিমেটলি যে সিদ্ধান্তে আসবে সেটার ওপর আমাদের কোনো হাত নেই। এ ব্যাপারে বাধাগ্রস্ত করার কোনো প্রক্রিয়াতে আমরা নেই।
জানা গেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রভাবশালী বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দলের প্রভাবশালী নেতার আসনে দলীয় কোনো নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেননি। তার মধ্যে ৩২টি আসন রয়েছে। এসব আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই।
সেগুলো হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া-৪. কুমিল্লা-৯ ও কুমিল্লা-১০, নোয়াখালী-৫, চট্টগ্রাম-৭, ৯ ও ১৩, কক্সবাজার-২, পঞ্চগড়-২, মাগুরা-১, বাগেরহাট-১, পটুয়াখালী-১, শরীয়তপুর-৩, সিলেট-৪ ও ৬, কিশোরগঞ্জ-৪, মানিকগঞ্জ-৩, ঢাকা-১, ঢাকা-৯, ঢাকা ১৫, নারায়ণগঞ্জ-৫, মাদারীপুর-১ ও ২, টাঙ্গাইল-১, টাঙ্গাইল ৮, ময়মনসিংহ-৯, ভোলা-২, বরিশাল-১, ঝালকাঠি-২, বগুড়া-৫ সিরাজগঞ্জ-২ এবং পাবনা-৫ আসন।
এসব আসনের মধ্যে রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য আমির হোসেন আমু, আইনমন্ত্রী আনিসুল হক, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আবুল হাসানাত আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, শেখ হেলাল উদ্দিন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ক ম রুহুল হক, সাবের হোসেন চৌধুরী, ক্রিকেটার সাকিব আল হাসানের আসন। এছাড়া আরো বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর আসনেও স্বতন্ত্র প্রার্থী নেই বলে জানা গেছে।
এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রার্থীরা আদালতে গেছেন। আদালতের রায় কী হয় সেটা তো আমরা বলতে পারি না। আগামী ১৭ তারিখের আগে এ ব্যাপারে মন্তব্য না করাই ভালো।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিবিহীন ভোটে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন আওয়ামী লীগ, তাদের জোট ও সমমনা দলের প্রার্থীরা। এবার বিনা প্রতিদ্বদ্বিতায় জয়ী হওয়া ঠেকাতে ‘ডামি’ প্রার্থী রাখার পরামর্শ দিয়েছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। স্বতন্ত্র প্রার্থীদের চাপ প্রয়োগ না করতে দলীয় প্রার্থীদের নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু দলীয় প্রধানের এমন নির্দেশনার পরও প্রভাবশালী নেতারা নামমাত্র ‘ডামি’ প্রার্থী দিয়েছেন। যাকে কেউ চিনেও না। যার নাম কেউ কখনো শুনেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন-প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন দলটির সভাপতি। সেখানে নির্বাচনকে উৎসব ও প্রতিযোগিতামূলক করতে নৌকার প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী কিংবা অন্যান্য দলের কেউ প্রার্থী হলে সহযোগিতা ও উৎসাহ দেওয়ার জন্য দলীয় নেতাদের নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একই সঙ্গে নির্বাচনের সময় ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসারও নির্দেশ দেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা-১৫ আসনের এক নেতা বলেন, এই আসনে বর্তমান এমপি কী যোগ্য? আর কেউ নেই। অবশ্যই আছে। অনেকেই নৌকার সঙ্গে লড়তে চান। কিন্তু কাউকেই করতে দেওয়া হচ্ছে না। নিজেদের মধ্যে বিজয় রাখতেই এই কৌশল নিয়েছেন দলীয় প্রার্থীরা। আর নেত্রী তো ‘ডামি’ প্রার্থীর কথা বলেছেন, ঢাকার অধিকাংশ আসনে অচেনা মুখকেই ‘ডামি’ প্রার্থী করা হয়েছে। নেত্রী যে উদ্দেশ্যে বলেছেন, নেতারা তার উল্টো করেছেন।
চলারপথে রিপোর্ট :
৬ দিন ধরে মাকে দেখছে না দেড় বছরের শিশু সন্তান আইয়ুব। সারাক্ষণ মায়ের জন্য কান্নাকাটি করছে। অবুঝ শিশুকে কোন কথা বলে বুলাতে পারছে না বৃদ্ধ নানা-নানি, দাদা-দাদু। আর মেয়েকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছে হতভাগ্য মা-বাবা।
অবশেষে মেয়ের সন্ধান পেতে সংবাদ সম্মেলন করেছে স্বজনরা। এমন ঘটনায় ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায়।
আজ ২৬ জুলাই বুধবার দুপুরে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিল্লাল ভূঁইয়ার স্ত্রী বিলকিছ বেগম। তিনি অভিযোগ করেন, গত ২০ জুলাই মেয়েকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আদালত থেকে ফেরার সময় আদালতের গেইট থেকে মনির মাস্টার আমার মেয়েকে জোর পূর্বক সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়। সে একই ইউনিয়নের হীরাপুরের মৃত জানু মিয়ার ছেলে।
এরপর থেকে আমার মেয়ের কোন খোঁজ পাচ্ছি না। মেয়েকে উদ্ধারের জন্য তিনি প্রশাসনের সহযোগিতা চান।
নাতিকে কোলে নিয়ে কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, ছোট্ট শিশুটির মাকে না দেখে কান্নাকাটি করে। তাকে কেন মায়ের আদর থেকে বঞ্চিত করা হয়েছে। মনির মাষ্টার তার মেয়েকে আটকে রেখেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরো বলেন, মনিরুল ইসলাম ওরফে মনির মাস্টার (৩৭) এক সময় আমার মেয়েকে প্রাইভেট পড়াতো। এসময় সে আমার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ার চেষ্টা করে। আমরা মান সম্মানের কথা চিন্তা করে মেয়েকে অন্যত্র বিয়ে দেই। কিন্তু বিয়ের পরেও মনির মাষ্টার আমার মেয়ের সাথে যোগাযোগ রাখতে চাইলে আমরা তাকে নিষেধ করি।
এ কারণে সে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আদালতে একটি মিথ্যা মামলা দেয়। সেদিন আমরা তার মামলায় হাজিরা দিতে গিয়েছিলাম। মেয়েকে উঠিয়ে নেওয়ার ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন বলে জানান।
এ ব্যাপারে জানতে চাইলে, অভিযুক্ত মনিরুল ইসলাম বলেন, এসব অভিযোগ সত্য নয়। তারা আমার বিরুদ্ধে থানায় এবং কোর্টে একাধিক মামলা করেছেন। আমিও মামলা করেছি। সেখানে ব্যর্থ হয়ে আমাকে সামাজিক ভাবে হেয় করার জন্য এসব ষড়যন্ত্র করছেন। আমি তাকে আটকে রাখার প্রশ্নই আসে না।
চলারপথে রিপোর্ট :
আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ২৬ মার্চ রবিবার সূর্যোদায়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন, আখাউড়া পৌরসভা, থানা পুলিশ, আখাউড়া প্রেসক্লাব, সাব রেজিস্ট্রি অফিস, সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধার সন্তান, শহীদ স্মৃতি কলেজ, আখাউড়া নাছরীন নবী বালিকা উচ্চ বিদ্যালয়, রক্তদানের সংগঠন আত্মীয়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মুরাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আখাউড়া পৌরসভার মেয়র ও আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামসেদ শাহ্, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হিমেল খান, হিসাব রক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ নুরুল্লাহ, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এম. এ. মতিন, পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ নাজিম, আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগম শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।
পরে সকাল সকাল ৭টায় উপজেলার দরুইন গ্রামে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তাফা কামালের সমাধিতে পুষ্প স্তবক অর্পন এবং ফাতেহা পাঠ করা হয়। সকাল সাড়ে ৭টায় মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর গণকবরে পুষ্প স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন।
সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পুলিশ আনসার ও ফায়ার সার্ভিস কর্তৃক কুচকাওয়াজ এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে শরীর চর্চা পরিবেশিত হয়।
সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা দেওয়া হয়।
চলারপথে রিপোর্ট :
মধ্যরাতে ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা। আখাউড়া রেলওয়ে ষ্টেশনে শীতে কাঁপছে অসহায় দুস্থ মানুষ। নিজ হাতে এসব শীতার্ত মানুষের গায়ে কম্বর জড়িয়ে দিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার। হঠাৎ কম্বল পেয়ে হতবাক হয়ে এসব অসহায় মানুষ। তাদের চোখে মুখে দেখা আনন্দ অশ্রু। সোমবার রাতে ইউএনও রাবেয়া আক্তার প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে কম্বল হাতে ছুটে যান আখাউড়া রেলওয়ে ষ্টেশন, খড়মপুর মাজার এলাকা, আজমপুর রেলওয়ে ষ্টেশনে। এসব স্থানে ভাসমান অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। শীতার্ত মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন তিনি।
এছাড়াও রাস্তা-ঘাটে ভাসমান মানুষের হাতে কম্বল দেওয়া হয়। কম্বল পেয়ে একটু উষ্ণতার ছোঁয়া পায় শীতে কষ্ট করা অসহায় ছিন্নমূল মানুষ।
জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই শতাধিক দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। যারা শীতে কষ্ট পাচ্ছেন তাদেরকে একটু উষ্ণতা দেওয়ার জন্য সরকারি এসব কম্বল দেওয়া হয়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তাপস চক্রবর্তী প্রমুখ। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার বলেন, যাদের একেবারে কিছু নেই শীতে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল দিয়েছি।
চলারপথে রিপোর্ট :
আখাউড়ায় রেলওয়ে প্রকল্পের জমি অধিগ্রহণের টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে রেললাইনে বাঁশের বেড়া দিলেন এক ভুক্তভোগী।
আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের শূন্যরেখার পাশে এ প্রতিবন্ধকতা সৃষ্টি করেন শাহানুর সরকার নামে একজন জমির মালিক। তিনি ওই ইউনিয়নের খারকোট এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে।
আজ ১৩ আগস্ট রবিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বাঁশের ও গাছের ডালপালা দিয়ে আখাউড়া-আগরতলা রেললাইনের ওপর দুপাশে লম্বা বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন শাহানুর সরকার।
ভুক্তভোগী শাহানুর সরকার বলেন, ‘আমি প্রবাসে ছিলাম। ফেরার পর এখন অসুস্থ। আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পে আমার ২৬ শতাংশ জায়গা পড়েছে। ভূমি অধিগ্রহণের সময় আমার শীবনগর মৌজায় ১৬৮ দাগের সাড়ে ৮ শতক ও ১৬৫ দাগের সাড়ে ১৭ শতকসহ দুই দাগে মোট ২৬ শতক জমি রেলওয়ে অধিগ্রহণ করে নেয়। আমার জায়গা দখলের দীর্ঘদিন পর এর ওপর রেললাইন তৈরির কাজ প্রায় শেষ হতে যাচ্ছে। কিন্তু আমার এ জায়গার মূল্য এখনো এক টাকাও পরিশোধ করেনি কর্তৃপক্ষ।’
তিনি আরো বলেন, ‘প্রায় পাঁচমাস ধরে আমি অসুস্থ। অসুস্থ শরীর নিয়ে রেলের বিভিন্ন দপ্তরে ও জেলা প্রশাসক কার্যালয়ে জমি অধিগ্রহণের পাওনা টাকার জন্য দৌড়ঝাঁপ করে যাচ্ছি। তারপরও টাকা পাচ্ছি না। তাই ক্ষোভ থেকে আমার যতটুকু জমি রেলের মধ্যে পড়েছে সেই জায়গায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছি।’
ক্ষোভ প্রকাশ করে শাহানুর রহমান বলেন, ‘সরকার বা প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি আমার জমির মূল্য না দিয়ে ট্রেন চালানো শুরু করে তাহলে আমার শরীরের ওপর দিয়ে ট্রেন নিয়ে যেতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া-আগরতাল রেল প্রকল্পের সিনিয়র সার্ভে ইঞ্জিনিয়ার রিপন শেখ বলেন, ‘আমি এ বিষয়ে প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলেছি। উনি জানিয়েছেন, উনার টাকা পরিশোধ করে দেওয়া হবে।’