দুলাল মিয়া :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ উলামা-মাশায়েখ সমর্থিত ও বিএনপি–জমিয়ত জোট মনোনীত (ব্রাহ্মণবাড়িয়া–২) আসনের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
চলারপথে রিপোর্ট :
আগামী ৫ নভেম্বর জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচন। এ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের ১৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ ৮ অক্টোবর রবিবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে দলীয় প্রার্থী ঘোষণা দেওয়ার কথা রয়েছে। ফলে সভার দিকে তাকিয়ে আছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আওয়ামী লীগের প্রার্থীরা।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ৩০ সেপ্টেম্বর মৃত্যু বরণ করলে গত ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন। পাশাপাশি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর এই আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করেছেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য আশীষ কুমার চক্রবর্তী, সরাইল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি প্রকৌশলী আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক শাহ মফিজ, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছফিউল্লাহ (হুমায়ুন মিয়া), জেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম-সম্পাদক মঈন উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান আনসারী, সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেন, সরাইল উপজেলা আওয়ামী লীগের দুইবারের সাবেক সাধারণ সম্পাদক ও দুইবারের উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আশরাফ উদ্দিন, সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সৈয়দ তানবির হোসেন (কাউসার), প্রয়াত এমপি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার ছেলে মাইনুল হাসান তুষার, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় যুব কমান্ডের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ও সরাইলের নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল মিয়া।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা আব্দুস সাত্তার ভূঁইয়া দলীয় সিদ্ধান্তে গত বছরের ডিসেম্বরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকেও পদত্যাগ করে নিজের ছেড়ে দেওয়া আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত নেন। এ নিয়ে সারাদেশেই আলোচিত হন আব্দুস সাত্তার। এ ঘটনায় তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি। তবে চলতি বছরের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপ-নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে পুনরায় সংসদ সদস্য হন সাত্তার।
ইসির তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষদিন আগামী ১১ অক্টোবর। এরপর যথাক্রমে মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৯ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে ৫ নভেম্বর।
সরাইল প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় গতকাল বুধবার বিকেলে বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিক্সার চালক মো. সানু মিয়া (৬০) নিহত হয়েছেন। নিহত সানু ওই গ্রামের মো. লালু মিয়ার ছেলে।
খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, কুমিল্লা ট্রান্সপোর্টের যাত্রীবাহি বাস সুনামগঞ্জের দিকে যাওয়ার পথে বৈশামুড়া এলাকায় একটি ব্যাটারি চালিত বিভাটেক অটোরিক্সাকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই বিভাটেক চালক সানু মিয়া নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল বাজারের অভ্যন্তরে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদে অভিযান আজ ৪ ডিসেম্বর সোমবার দুপুরে পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ সরওয়ার উদ্দীন ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট নাজরিন সুলতানা।
অভিযানে মার্কেটের অভ্যন্তরে হাঁটাচলার রাস্তা, বিদ্যমান বৈধ দোকানের সামনে অবৈধভাবে নির্মিত দোকানপাট এবং কমন স্পেসে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়।
অভিযান প্রসঙ্গে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, মার্কেটে আগত ক্রেতা সাধারণ যেন নির্বিন্নে চলাফেরা ও কেনাকাটা করতে পারেন সে লক্ষ্যে সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুরের নির্দেশে সরাইল উপজেলার একমাত্র বাজারের অভ্যন্তরে বিদ্যমান ফুটপাত, বারান্দা, কমন স্পেসে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
এছাড়া নতুন করে অবৈধ আর কোনো দোকানপাট নির্মাণ ও প্রতিষ্ঠা না করতে সর্তক করা হয়েছে এবং নতুন করে দোকান স্থাপন করা হলে উচ্ছেদসহ প্রয়োজনীয় জরিমানা করার সতর্কবার্তা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ একরামুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বর, বাজার কমিটির সেক্রেটারী প্রমুখ।
চলারপথে রিপোর্ট :
সরাইলে প্রয়াত শিক্ষক জহিরুল ইসলাম ওরফে বাবরু মাষ্টারকে মরণোত্তর সম্মাননা ও ৩০ শিক্ষার্থীকে উপহার দিয়ে উদ্বুদ্ধ করেছেন স্থানীয় সামাজিক সংগঠন ‘সভ্যতার পথে’।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামের দক্ষিণ পাড়ার এই সংঘঠনটি গত শনিবার সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মহৎ এই উদ্যোগের বাস্তবায়ন ঘটিয়েছেন। সমাজসেবক মো. ফজল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক।
ক্বারী মো. জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সমাজসেবক মো. জাকারিয়া, মো. সোনা মিয়া ও মো. আলমগীর মিয়া। সংগঠন সূত্র জানায়, ওই গ্রামের কৃতি সন্তান উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক গুণী শিক্ষক প্রয়াত জহিরুল ইসলামকে সম্মানসূচক মরণোত্তন স্মারক প্রদান করা হয়েছে। শিক্ষায় গ্রামের অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহিত ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে সংগঠনটি ৫ম থেকে ৬ষ্ঠ শ্রেণিতে ও মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক শ্রেণিতে উত্তীর্ণ হওয়া গ্রামের ৩০ জন শিক্ষার্থীর হাতে উপহার সামগ্রি তুলে দিয়েছেন। সকল অতিথিকে দেয়া হয়েছে সম্মাননা ক্রেষ্ট।
প্রধান অতিথি বলেন, যে দেশে গুণীর কদর নেই, সেই দেশে গুণী জন্মাতে পারে না। জ্ঞানার্জন ধনার্জনের চেয়েও বড়। আমাদের সন্তানরাই বড় সম্পদ। এই সম্পদকে কাজে লাগাতে হলে পড়ালেখার কোন বিকল্প নেই। তিনি সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলার কাজে আরো মনযোগি হওয়ার জন্য গ্রামের সকল অভিভাবকদের অনুরোধ জানান। মহৎ ও সময়োপযোগি আয়োজনের জন্য তিনি ‘সভ্যতার পথে’ সংগঠনের সাথে জড়িত সকল যুবককে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে এই ধারা অব্যাহত রাখারও অনুরোধ করেছেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানকে বিদায় সংবর্ধনা জানিয়েছেন স্থানীয় পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষকরা। চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ২৬ ফেব্রুয়ারি অবসরে চলে যাবেন তিনি।
আজ ১২ ফেব্রুয়ারি সোমবার বিদ্যালয়ের মাঠে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া।
সহকারী শিক্ষক গাজী আবদুল মাজিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সরাইল প্রেসক্লাবের আহ্বায়ক মো. আইয়ুব খান, শাহবাজপুর বহুমূখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রেসক্লাবের সদস্য সচিব মোহাম্মদ আলী, সরাইল মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, ব্যবস্থাপনা পরিষদের সাবেক সদস্য গাজী আবদুর রাজ্জাক, কাজী আমিনুল ইসলাম শেলভী ও আওয়ামী লীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি বলেন, সহিদ খালিদ জামিল অত্যন্ত দক্ষ, বিচক্ষণ ও মেধাবী অফিসার। ওঁর অবসর জনিত বিদায় আমাকে ভাবিয়ে তুলেছে। কারণ আমরা এমনই একজন কর্মকর্তাকে হারাতে যাচ্ছি উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি শিক্ষকের নাম যার মুখস্থ। যিনি প্রত্যেক শিক্ষকের আচার আচরণ পাঠদানের ক্ষমতাসহ বিভিন্ন গুরূত্বপূর্ণ তথ্য জানেন। যেকোন সমস্যার তড়িৎ সমাধানে পটু ছিলেন তিনি। আমরা ওঁর সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করি। সবশেষে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক প্রতিনিধি ও শিক্ষার্থীরা মিলে ফুলেল শুভেচ্ছা জানান।