দুলাল মিয়া :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অতীতের তিনটি নির্বাচনে পুলিশ ও প্রশাসনকে সামনে রেখে দিনের ভোট রাতে হয়েছে এবং মৃত মানুষও ভোট দিয়েছে। এসব ঘটনার ফলেই ‘৫ আগস্ট’-এর মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, প্রশাসনের অনেক কর্মকর্তা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চান, যাতে দেশপ্রেমিক শক্তি রাষ্ট্রক্ষমতায় আসতে পারে। তবে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি—বেনজীর, হারুন ও বিপ্লবদের মতো—এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। পুলিশকে অতীত থেকে শিক্ষা নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আজ ৪ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীর পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।
তিনি আরো বলেন, এই নির্বাচন ১৪ শহীদসহ বিগত সময়ের গুম, খুন ও নির্যাতনের জবাব দেওয়ার নির্বাচন। এ আন্দোলনে বহু মানুষের রক্ত ঝরেছে, অনেক স্ত্রী স্বামী হারিয়েছেন এবং অনেক মা সন্তান হারিয়েছেন। তাই আসন্ন নির্বাচনে প্রশাসন যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, তবে আবারও ‘৫ আগস্ট’-এর মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে প্রশাসনকেই সিদ্ধান্ত নিতে হবে—দেশটি ভোট চোরদের হাতে যাবে নাকি জনগণের হাতে তুলে দেওয়া হবে, বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, গত দেড় বছরে চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে সংগৃহীত অর্থ এখন নির্বাচনে ব্যবহার করা হচ্ছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ ১২ তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে এসব চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে।
তিনি বলেন, মানুষ চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে অতিষ্ঠ। ১১ দলীয় জোটের লক্ষ্য একটি ঐক্যবদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া। এ ক্ষেত্রে ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে—তারা অর্থের কাছে মাথা নত করবেন, নাকি সঠিক ভোটাধিকার প্রয়োগ করে পাঁচ বছরের জন্য দেশের মালিক হবেন।
নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী নবীনগর উপজেলা শাখার আমীর মোখলেছুর রহমান। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমীর মো. মোবারক হোসাইন।
সমাবেশে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের প্রায় সব গণমাধ্যমে একটি নির্দিষ্ট দলের—বিশেষ করে বিএনপির—প্রশংসা ও প্রচারণা চালানো হচ্ছে। আগামী নির্বাচনে গণমাধ্যম নিরপেক্ষ ভূমিকা পালন না করলে জনগণ তাদের বিরুদ্ধেও প্রতিক্রিয়া দেখাবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
এদিকে, জনসভাকে কেন্দ্র করে ১১ দলীয় জোটের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।
চলারপথে রিপোর্ট :
শেরপুরের নকলা থানার নব-নির্মিত নারী পুলিশ ব্যারাক ও পুরাতন হলচত্বরে ট্রাফিক পুলিশ বক্স এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২২ জুন বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ, টিআই আবু সাইদ হীরণ, নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের ভারপ্রাপ্ত টিআই (সার্জেন্ট) সালমান খান রাজনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে নকলা হলচত্বর ট্রাফিক পুলিশ বক্সের পাশে কাঠ গোলাপের চারা রোপণ করেন শেরপুর পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ।
চলারপথে রিপোর্ট :
ঈদুল আজহা উপলক্ষে অনেক মানুষ রাজধানী ছেড়েছেন। রয়ে যাওয়া রাজধানীবাসীর অনেকেই আষাঢ়ের প্রথম দিন মেতে উঠেছিলেন বর্ষা বন্দনায়। প্রাণ-প্রকৃতি রক্ষার শপথে আজ ১৫ জুন শনিবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হয় বর্ষা উৎসব। আয়োজনে ছিল বর্ষা উৎসব উদযাপন পরিষদ। বাংলার পঞ্চকবির গান, কবিতার পাশাপাশি সম্মিলিত নৃত্যে সাজানো হয় এ উৎসব। সকাল সাড়ে ৭টায় বকুলতলার মঞ্চে মো. হাসান আলীর বাঁশির লোকজ সুরে শুরু হয় উৎসব।
উৎসবে শিল্পী সাজেদ আকবর পরিবেশন করেন রবীন্দ্রসংগীত ‘বহু যুগের ওপার হতে আষাঢ় এলো’; সালমা আকবর পরিবেশন করেন রবীন্দ্রনাথের ‘ছায়া ঘনাইছে বনে বনে’। বিজন চন্দ্র মিস্ত্রি শোনান নজরুলগীতি ‘বরষা ওই এল বরষা’। অনিমা রায় শোনান রবীন্দ্রসংগীত ‘নীল অম্বর ঘন কুঞ্জ ছায়ায়’। নবনীতা জাইদ চৌধুরী শোনান আধুনিক গান ‘এক বরষার বৃষ্টিতে ভিজে’। এদিন একক কণ্ঠে সংগীত পরিবেশন করেন আবিদা রহমান সেতু, শ্রাবণী গুহ রায়, স্নিগ্ধা অধিকারী, রত্না সরকার, ফেরদৌসী কাকলী।
দলীয় সংগীত পর্বে বৃষ্টি নামার গানের সঙ্গে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী পরিবেশন করে লোকসংগীত ‘গাঙ্গে যাইতাছে দেখো ভাই’। বহ্নিশিখা পরিবেশন করে নজরুল সংগীত ‘রুমুঝুম রুমুঝুম কে বাজায়’। সুরবিহার পরিবেশন করে লোকসংগীত ‘এসো শ্যামল সুন্দর’। এদিন পঞ্চভাস্বর, সীমান্ত খেলাঘর আসর, সুরনন্দনের শিল্পীরা সমবেত কণ্ঠে বর্ষার গান শোনান।
আবৃত্তি পর্বে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহ পরিবেশন করেন রবীন্দ্রনাথের ‘এমন দিনে তারে বলা যায়’। ত্রপা মজুমদার পাঠ করেন ইন্দ্রানী সমাদ্দারের কবিতা ‘বৃষ্টি’। তিনি শোনান প্রদীপ বালার কবিতা ‘যে বৃষ্টির অপেক্ষায় বসে’। নায়লা তারান্নুম চৌধুরী কাকলি শোনান জয় গোস্বামীর কবিতা ‘মেঘ বালিকা’। সম্মিলিত নৃত্য পরিবেশন করে ধৃতি নর্তনালয়, স্পন্দন, বুলবুল ললিতকলা একাডেমি অব ফাইন আর্টস, কথক নৃত্য সম্প্রদায়।
কথন পর্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য চিত্রশিল্পী আবুল বারক আলভী। তিনি বলেন, আমাদের দেশে সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতায় নগরে বসন্ত উৎসব, শরৎ উৎসব, নবান্ন উৎসব আর বর্ষা উৎসব পালন করি আমরা। আমাদের শস্য, গাছপালা আর ফলন যেটির কথা বলি না কেন, তার সবটাই বর্ষার ওপর নির্ভরশীল।
বর্ষা উৎসব উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক নিগার চৌধুরী নগরে বৃক্ষায়নে গুরুত্বারোপ করে বলেন, যারা বাড়িঘর বানাতে গিয়ে গাছ কেটে ফেলেছেন তারা আরও বেশি করে গাছ লাগান। আমরা প্রকৃতির বন্ধু হতে চাই।
পরে এ উৎসবের রীতি অনুযায়ী শিশুদের মাঝে বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করেন অতিথিরা।
প্রাণ-প্রকৃতি ধ্বংস করা যাবে না-উদীচী : প্রাণপ্রকৃতি ধ্বংস করে প্রকল্প বা স্থাপনা গড়ে তোলা চলবে না। অপরিকল্পিত নগরায়ণ বন্ধ করতে হবে। শহরে-বন্দরে সৌন্দর্য বর্ধনের নামে গাছ কাটা, পশু-পাখির আবাসস্থল ধ্বংস করা চলবে না। অবিলম্বে দেশের বিলুপ্তপ্রায় পশুপাখি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হোক। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ষা উৎসব উদযাপন অনুষ্ঠানে এসব দাবি জানান বক্তারা। বর্ষা ঋতুকে স্বাগত জানাতে উদীচী ঢাকা মহানগর সংসদ ‘প্রাণপ্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে রুখে দাঁড়াও বিশ্ব বিবেক’ এ স্লোগানে আয়োজন করে বর্ষা উৎসবের। সকাল ৭টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে এ উৎসব আয়োজন করা হয়।
ঢাকা মহানগর উদীচীর সভাপতি নিবাস দের সভাপতিত্বে বর্ষা কথনপর্বে আলোচক ছিলেন কৃষি ও কৃষকবন্ধু রেজাউল করিম সিদ্দিক রানা।
আলোচক ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান, উদীচীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও বর্ষা উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক হাবিবুল আলম এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। উপস্থাপনা করেন কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য কবি রহমান মুফিজ।
সঞ্চালনা করেন ঢাকা মহানগর উদীচীর সাধারণ সম্পাদক আরিফ নূর।
অনলাইন ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত করা হয়েছে মো. মাহফুজ আলমকে, যিনি এতদিন সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা ছিলেন।
২৬ ফেব্রুয়ারি বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে মাহফুজ আলমের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার কথা জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম।
তিনি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে। নাহিদ ইসলামের পদত্যাগের পর এই দুই মন্ত্রণালয়, বিশেষ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন, তা নিয়ে নানা আলোচনা চলছিল। মাহফুজ আলম এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে জোর গুঞ্জন ছিল। মাহফুজ আলম গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাহফুজ আলম। আন্দোলনে তিনি রাজনৈতিক-বুদ্ধিবৃত্তিক সহযোগীর দায়িত্বে ছিলেন। গণঅভ্যুত্থানের পরে ছাত্র, নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন তিনি।
চলারপথে রিপোর্ট :
দলীয় কোন্দলের জেরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের আওয়ামী লীগ নেতা এ কে এম ইকবাল আজাদ হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক হালিম উল্লাহ চৌধুরী আজ ৩ জুলাই বুধবার এ মামলার রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মাহফুজ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসমত আলী এবং মোকারম আলী সোহেল। আর সদর ইউপি সাবেক চেয়ারম্যান আবদুল জব্বার ও ইদ্রিস আলী, সিজার, বাবু, হারিছ, বকুল, লিমন, আবদুল্লাহ, শরীফ ও মিজানকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।
এ মামলায় অভিযুক্ত ১৯ আসামির মধ্যে বাকি পাঁচজনকে রায়ে খালাস দেওয়া হয়েছে বলে ট্রাইব্যুনালের পিপি অশোক কুমার দাশ জানান। ইকবাল আজাদ ছিলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি। তার স্ত্রী উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ বর্তমানে উপজেলা আওয়ামী লীগের তিনজনের আংশিক কমিটির সাধারণ সম্পাদক। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।
সরাইলের অরুয়াইল ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে ২০১২ সালের ২১ অক্টোবর সন্ধ্যায় সরাইল থানা ভবনের কাছে খুন হন আজাদ। পরদিন তার ভাই এ কে এম জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে ২২ জনের নামে মামলা করেন।
তদন্ত শেষে ২০১২ সালের ১৭ ডিসেম্বরউপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আবদুল হালিম, সহসভাপতি সাদেক মিয়াসহ ২৯ নেতা-কর্মীকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। তাদের মধ্যে হালিম ও সাদেক পরে মারা যান।
২০১৩ সালের ৫ মার্চ আজাদ হত্যা মামলা চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। আদালতে ডাক্তারসহ মামলার ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়। কিন্তু তদন্ত কর্মকর্তার সাক্ষ্য বাকি থাকতেই ১৩৫ কার্যদিবস শেষ হয়ে গেলে ট্রাইব্যুনালের নিয়ম অনুসারে মামলাটি ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে ফেরত পাঠানো হয়। এরপর মামলাটি আবার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্যে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে হাই কোর্টে আবেদন করেন মামলার বাদী। হাই কোর্টের আদেশে ২০২৩ সালের মে মাসে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালে আবার বিচারিক কার্যক্রম শুরু হয়।
চলারপথে রিপোর্ট :
নবীনগর উপজেলায় ধানী জমিতে সেচ দিতে মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শামিম মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে আজ ১৫ জানুয়ারি বুধবার সকালে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের ধানী জমিতে। নিহত শামিম মিয়া একই গ্রামের মোল্লাবাড়ির হুমায়ুন মিয়ার ছেলে৷
হাসপাতাল ও ঘটনা সূত্রে জানা যায়, বিকালে স্থানীয় মোবারক মিয়ার ধানী জমিতে শামিম মিয়া সেচ দিতে যান। এ সময় জমির বৈদ্যুতিক খুঁটিতে কারেন্টের তার লাগিয়ে মোটর চালু করতে গিয়ে শামিম শক লেগে জমিতে ছিটকে পড়েন।
পরিবারের লোকজন শামিমকে উদ্ধার করেন জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাজুল ইসলাম মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, নবীনগর থানাকে অবগত করেছি। নিহতের লাশ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা আছে।