দুলাল মিয়া :
ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ প্রতীকের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিনা বেগম মিনি নির্বাচনের দিন বিপুল সংখ্যক ভোটার নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছেন।
নির্বাচনের দিন সকাল থেকেই তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় ভোটারদের কেন্দ্রে যেতে উৎসাহিত করেন। পরে বিপুল সংখ্যক ভোটার নিয়ে তিনি নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হন এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় কেন্দ্র এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করতে দেখা যায়।
ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট মিনা বেগম মিনি বলেন, “গণতন্ত্রের মূল শক্তি জনগণের ভোট। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন।” তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানা গেছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন দলীয় নেতাকর্মীরা।
স্টাফ রিপোর্টার:
বিগত জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাদের ক্ষমা করে দিচ্ছে ক্ষমতাসীন দলটি। মূলত আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ পদক্ষেপ নিয়েছে দলের হাইকমান্ড। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে দলের জাতীয় কমিটির বৈঠকে শতাধিক বিদ্রোহী নেতাকর্মীকে ক্ষমা করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কয়েক জন জেষ্ঠ্য আওয়ামী লীগ নেতা। তারা আরও জানিয়েছেন, অন্যান্য বিদ্রোহীরা যদি দলের সভাপতির বরারব কৃতকর্মের কথা স্বীকার করে আবেদন করেন, সেক্ষেত্রে তারাও ক্ষমা পেতে পারেন বলেও জানিয়েছেন নেতারা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের পার্টিতে যারা শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড করেছেৃ স্থানীয় সরকার নির্বাচনে অনেকে বিদ্রোহ করেছে, আমাদের পার্টির শৃঙ্খলার বিচ্যুতি ঘটিয়েছে। অনেকেই দলের মধ্যে কোলহল সৃষ্টির জন্য দায়ী। এসব ব্যাপারে শতাধিক আবেদন জাতীয় কমিটির কাছে উপস্থাপন করা হয়েছে।’
‘জাতীয় কমিটির সর্বসম্মতিক্রমে যারা আবেদন করেছিল তাদেরকে আমাদের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা ক্ষমা করে দিয়েছেন। অন্য যারা আছে তারা যদি পার্টির জেনারেল সেক্রেটারির মাধ্যমে সভাপতির কাছে আবেদন করে, তাহলে জাতীয় কমিটি আমাদের সভাপতিকে এই ক্ষমতা দিয়েছে যে, তিনি (শেখ হাসিনা) আবেদন গ্রহণ করতে পারবেন, ক্ষমা করে দিতে পারবেন। এটা জাতীয় কমিটি তার উপর দায়িত্ব অর্পণ করেছে,’ বলেছেন ওবায়দুল কাদের।
গঠনতন্ত্র সূত্রে গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো সদস্যের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদ কর্তৃক গৃহীত শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে আপিল বিবেচনা ও চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা দেওয়া আছে আওয়ামী লীগের জাতীয় কমিটিকে। সেই কমিটির বৈঠকে বিভিন্ন নির্বাচনে নৌকা প্রতীকে বিরুদ্ধে অবস্থান নেওয়া বিদ্রোহীদের ক্ষমা করার সিদ্ধান্ত আসে।
যারা বিগত সময়ে দলের সভাপতির বরাবর আবেদন করে ছিলেন তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, শনিবার জাতীয় কমিটির বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সভানেত্রীকে উদ্দেশে বলেন, ‘আপা অনেকে তো এটা জানে না। যারা আবেদন করেনি, তাদের কী হবে?’
জবাবে শেখ হাসিনা বলেন, ‘যেহেতু ক্ষমা করার সিদ্ধান্ত হয়েছে, সবার জন্যই এই সুযোগ থাকবে। যারা আবেদন করেনি, তারা আবেদন করতে পারবে। আবেদন করলে তাদেরও ক্ষমা করা হবে।’
জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন করেছেন। দলীয় প্রার্থী থাকার পর নিজ দলের নেতারা স্বতন্ত্র কিংবা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থীর কাছে নৌকার প্রার্থী পরাজিত হয়।
এ নিয়ে দলের তৃণমূলে বেশ বিশৃঙ্খলা চলছিল। দলের সাংগঠনিক রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের তৎপরতা ব্যাপকভাবে বাড়ছে এবং ইউপি নির্বাচনে এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে।
তবে স্থানীয় ও জাতীয় নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া যেসব নেতাকর্মীদের ক্ষমা করা হচ্ছে, তাদের কাছ থেকে দলের হাইকমান্ড এই প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে যে- ভবিষ্যতে আর কখনও তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেবেন না।
চলারপথে রিপোর্ট :
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ ৩১ মে শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরো তিন যাত্রী আহত হন।
নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে মিথুন মিয়া (২৮) ও একই ইউনিয়নের সুতিয়ারা গ্রামের নূরুল ইসলামের ছেলে শামসু মিয়া (২৪)। আহতরা হলেন, সুতিয়ারা গ্রামের ইকরাম (১০), পৌর এলাকার মেড্ডার সিএনজি চালক এমরান (২৮), মনির (৩০)। আহতদেরকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে খাটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সারোয়ার ও সহকারি উপ-পরিদর্শক মৃণাল কান্তি জানান, সরাইল বিশ্বরোড থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা ঘাটুরা পল্লী বিদ্যুৎ এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় পিছন দিক থেকে আরো একটি অটোরকিশা নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে দুইজন ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনা কবলিত পিকআপ ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল করার প্রতিবাদে আজ ৪ জানুয়ারি শনিবার বিকেলে সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ অবরোধের সৃষ্টি করা হয়। এ সময় তারা ২৪ ঘন্টার মধ্যে জড়িত ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে পুলিশের অনুরোধ সড়ক থেকে সরে দাঁড়ায় শিক্ষার্থীরা। খোঁজ নিয়ে জানা গেছে, বেলা তিনটার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে জড়ো হন। পরে তারা কাউতলী এলাকায় গিয়ে সড়ক অবরোধ সৃষ্টি করেন। এসময় মহাসড়কের উভয়পাশে ২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় অভিযোগ করা হয়, ছাত্রলীগ মিছিল করা মানে গোয়েন্দা সংস্থাসহ আইনশৃংখলা বাহিনী ব্যর্থ। তাদেরকে গ্রেপ্তারে পুলিশের কোনো দৃশ্যমাণ কার্যক্রম চোখে পড়ছে না। এ সময় সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাও দায়ের হয়েছে। কারা কারা জড়িত তাদের সবাইকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এ সময় আন্দোলনকারিদের পক্ষে বোরহান উদ্দিন সিয়াম ২৪ ঘন্টার মধ্যে জড়িত সবাইকে গ্রেপ্তারে আল্টিমেটাম দেন। অন্যথায় আবার আন্দোলন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
এদিকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। জেলা ছাত্রলীগের ব্যানারে পৌর এলাকার ফুলবাড়িয়ায় মিছিলটি বের হয়ে পৈরতলা অভিমুখে যায়। পরে সেখানের সড়কের পাশে রাখা মোটর সাইকেলে কেক রেখে প্রতিষ্ঠাবার্ষিকি উদযাপন করা হয়।
রাতেই জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সুজন দত্ত, জেলা ছাত্র লীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ফেসবুকে এ সংক্রান্ত ভিডিও ও ছবি পোস্ট করেন। এতে দেখা যায়, মিছিলকারীরা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে শুভেচ্ছা শ্লোগান দেওয়ার পাশাপাশি শেখ হাসিনা আবারো ফিরবে এবং সাবেক গণপূর্তমন্ত্রী ও সাবেক সাংসদ র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর মুক্তির পক্ষে শ্লোগান দেয়। পরে নেতকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
চলারপথে রিপোর্ট :
আজ ২৪ নভেম্বর সোমবার দুপুরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রয় করার দায়ে ফুলকলি নামে এক সুপার শপকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী এলাকায় ফুলকলি সুপার শপে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, অভিযোগ ছিলো ফুলকলি সুপারশপে বিভিন্ন খাদ্যপণ্য মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তা বিক্রয় করছিল। এমন অভিযোগে দুপুরে সুপার শপে অভিযান পরিচালনাকালে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ চকলেট, দুধসহ বিভিন্ন শিশু খাদ্য বিক্রি করছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ফুলকলি সুপার শপকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের এই অপরাধগুলো সংশোধন করার জন্য সতর্ক করে দেওয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় খোকন মিয়া নামে দুই বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ১৭ মার্চ রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোকন মিয়া ইউনিয়নের চান্দি গ্রামের রমজান আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।