অনলাইন ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার এ গেজেট প্রকাশ করা হয়। এখন চলছে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর প্রস্তুতি। কবে নাগাদ শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ নিয়ে সরকার ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
এদিকে, আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, সংসদ সদস্যদের শপথ খুব দেরি হলেও এটা ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারির মধ্যে হবে। এর পরে যাবে না।
শপথ অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক কাজও শুরু হয়েছে উল্লেখ করে প্রেসসচিব জানান, শপথের প্রস্তুতির কাজ ১৩ ফেব্রুয়ারি শুক্রবার থেকেই শুরু হয়েছে।
আজ নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। বাকি কাজগুলো খুব দ্রুতগতিতে চলছে। প্রধান উপদেষ্টা কালকেও কাজ করেছেন, আজকেও করছেন। টিম কাজ করছে, কেবিনেট কাজ করছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। গতকাল শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় দুটি আসনের ফলাফলের গেজেট এখন জারি করা হচ্ছে না।
অনলাইন ডেস্ক :
উন্নয়ন পরিকল্পনা পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী হতে হবে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে পরিকল্পনাই হোক, সেটা হতে হবে পরিবেশবান্ধব। কারণ জলবায়ুর অভিঘাত থেকে দেশকে রক্ষা করাই আমাদের লক্ষ্য। পাশাপাশি পরিকল্পনাগুলো যেনো টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে।’
আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ-আইইবির ৬১তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। সম্পদের সীমাব্ধতা মাথায় রেখে কীভাবে উন্নয়ন সচল রাখা যায় সেদিকে প্রকৌশলীদের লক্ষ্য রাখতে হবে। এছাড়া যেকোনো প্রকল্প সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও টেকসই হওয়ার দিকে খেয়াল রাখতে হবে। নিজস্ব বাজার সৃষ্টির লক্ষ্যে কাজ করতে হবে।
এবারের ৬১তম কনভেনশনের মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ’। কনভেনশনে সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘দ্য ইঞ্জিনিয়ার্স ফর ট্রান্সফর্মিং টেকনোলজি ড্রাইভেন স্মার্ট বাংলাদেশ।’
অনলাইন ডেস্ক :
শৈত্যপ্রবাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সকাল ১০টায় শুরু হবে।
দেশে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর, কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এটি অব্যাহত থাকবে।
এসব বিভাগ-জেলাসহ অন্য জায়গায়ও সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা পড়ছে। এমন অবস্থায় প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের সময়সূচি পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ ২২ জানুয়ারি সোমবার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সারা দেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের সময়সূচি পরিবর্তন করা হলো।
আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে পাঠদান কার্যক্রম। এ ছাড়া আগে মন্ত্রণালয় থেকে ১৬ জানুয়ারি জারি করা নির্দেশনা যথারীতি বহাল থাকবে।
এর আগে ১৬ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানানো হয়, কোনো জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সেখানে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরও (মাউশি) একই সিদ্ধান্ত নেয়।
অনলাইন ডেস্ক :
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বিডিএস জরিপ এলাকার মধ্যে থাকা জমির মালিকদের চলমান জরিপ সম্পর্কে পর্যাপ্তভাবে অবহিত করা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
আজ ২৩ এপ্রিল মঙ্গলবার রাজধানীর ভূমি ভবনে বাংলাদেশ ডিজিটাল জরিপের (বিডিএস) কার্যক্রমের ইডিএলএমএস প্রকল্প (এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সংশ্লিষ্টদের তিনি এই নির্দেশ দেন। এ সময় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জিয়াউদ্দীন আহমেদ, ইডিএলএমএস প্রকল্পের পরিচালক মো. জহুরুল হকসহ ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ও ইডিএলএমএস প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া দক্ষিণ কোরিয়া হতে আগত প্রকল্পের সহযোগী সংস্থার কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রী জরিপ প্রক্রিয়া চলাকালীন জমির মালিকদের অজ্ঞাত থাকার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, ‘প্রায়শই দেখা যায় যখন জরিপ করার সময় প্রকৃত মালিক অনুপস্থিত থাকেন। তাদের অজান্তে জরিপ কার্যক্রম শেষ হয়ে যায়।’
অতীতের বিভিন্ন ঘটনার উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ‘জমির মালিকরা ব্যক্তিগত প্রয়োজনে জমি বিক্রির সময় আবিষ্কার করেন যে ভুলভাবে জরিপ করা হয়ে গিয়েছে এবং অন্য কারো নামে জমির খতিয়ান গেজেট হয়ে গিয়েছে। ফলস্বরূপ, বৈধ মালিকদের তাদের সম্পত্তির অধিকার পুনরুদ্ধারের বছরের পর বছর আইনি ও অর্থনৈতিক ঝামেলায় পড়তে হয়।’
মন্ত্রী বিডিএস জরিপ কর্মকর্তাদের স্থানীয় ও জাতীয়ভাবে জরিপের বিষয়ে প্রচারের নির্দেশ দেন, যাতে এলাকার ও এলাকার বাইরে বসবাসকারী মানুষ জানতে পারেন তাঁদের এলাকায় জরিপ হচ্ছে। মূল্যবান সম্পদ তথা নিজ জমির বিষয়েও নিয়মিত খোঁজখবরও রাখার আহ্বান জানান তিনি।
ভূমিমন্ত্রী আশা প্রকাশ করেন, ২০২৬ সালের মধ্যে ইডিএলএমএস প্রকল্পের আওতায় ছয়টি এলাকায় চলমান জরিপের প্রথম পর্যায়ের বিডিএস কার্যক্রম শেষ হবে। প্রথম পর্যায় থেকে প্রয়োজনীয় আউটপুট নিয়ে দ্বিতীয় ধাপে সারা বাংলাদেশে একযোগে বিডিএস প্রোগ্রাম চালু করা সম্ভব হবে।
চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজশাহী সিটি করপোরেশন, মানিকগঞ্জ পৌরসভা এবং ধামরাই ও কুষ্টিয়া সদর উপজেলায় ইডিএলএমএস প্রকল্পের (এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প) মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম চলমান রয়েছে।
সভায় বিডিএস কর্মকর্তারা ভূমি মন্ত্রীকে জানান, উল্লিখিত এলাকায় গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট স্থাপনের কাজ শেষ পর্যায়ে। খুব শিগগির-ই বিমান, ড্রোনসহ অত্যাধুনিক যন্ত্র দিয়ে ম্যাপ তৈরির কাজ শেষ শুরু হবে।
চলারপথে ডেস্ক :
ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে মার্চ-এপ্রিলের নিষেধাজ্ঞা অমান্য করে পাঙ্গাস মাছের পোনা নিধনের অপরাধে গভীর রাতের যৌথ অভিযানে ৩১ জেলেকে আটক করা হয়েছে। এসময় ৫ টি নৌকা জব্দ করা হয়। আটককৃতদের বাড়ি মনপুরা উপজেলার রামনেওয়াজ হাজিরহাট এলাকায়।
আজ ১৬ মার্চ বৃহস্পতিবার দুপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জনকে জরিমানা ও ৩ শিশুর অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন জানান, মেঘনায় মার্চ -এপ্রিল দুই মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোলার জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ র নেতৃত্বে মৎস্য অধিদপ্তর, পুলিশ ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে তজুমদ্দিন ও মনপুরা মেঘনা মোহনা থেকে ৩১জন জেলেকে আটক করা হয়। এসময় পাঙ্গাস মাছের পোনা নিধনের কাজে ব্যবহৃত পাঁচটি নৌকা ও চারটি ছাঁই (ফাঁদ) জব্দ করা হয়।
আমির হোসেন আরো জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জেলেকে ৩ হাজার টাকা করে মোট ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এপর্যন্ত সর্বমোট ১৫টি নৌকা জব্দ করে হেফাজতে রাখা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, অনেকে নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলছেন। তারা ভালো করেই জানেন তাদের পেছনে জনগণ নেই। তারা আমাদের মাঝে সংশয় সৃষ্টি করতে চায়। আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ ১৫ নভেম্বর শনিবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচনের দিন গণভোট নিয়ে এক প্রশ্নের জবাবে মুশফিকুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা ফ্রেব্রুয়ারির মাসের প্রথম দিকে নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছেন। নির্বাচনের সাথে গণভোট দিয়েছে। নির্বাচনের দিন গণভোট হলে ক্ষতি কি? জনগণ যা চায় তাই হবে। মানুষ নির্বাচন চায়। নির্বাচনের কোন বিকল্প নাই।
মুশফিকুর রহমান বলেন, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা করছে, এতে নির্বাচনে কোন প্রভাব পড়বে কি না যুগান্তরের এমন প্রশ্নে তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, পৃথিবীর কোন দেশ আছে যে রাজনৈতিক বিভেদ থাকে না। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ট্রাম্পের বিরুদ্ধেও তো প্রতিবাদ হচ্ছে। তাহলে তার ফলাফল কোথায় হবে, ফলাফল হবে নির্বাচনে। জনগণের রায়ই চূড়ান্ত। জনগণ যা বলবে তাই হবে। এর আগে তিনি আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। এসময় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে দলীয় নেতাকর্মীরা তাকে ঢাকঢোল বাজিয়ে অভ্যর্থনা জানান।
বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ চালিয়ে ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন। পরে তিনি তারেক রহমানের ৩১দফার প্রচারণায় সড়ক পথে গাড়ির বহর নিয়ে কসবা উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন।
এ সময় মুশফিকুর রহমান ছাড়াও আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন হাজারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুর মিশন মনসুর মিশন, আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, বিএনপি নেতা মো. মন্তাজ মিয়া, শফিকুল আলম তুরান প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।