স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক শারীরিক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গঠিত সংগঠন (ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন) এর সমন্বয়ে শতাধিক প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। এ সময় তিনি বলেন, প্রতিবন্ধীরাও আমাদের মত মানুষ। তাদের পাশে আমাদের সকলকে থাকতে হবে। তাহলেই একটি সুন্দর দেশ ও সমাজ বিনির্মাণ সম্ভব।

ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ হেদায়েতুল আজিজ মুন্নার সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রুহুল আমিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লোকমান হোসেন , জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা এডভোকেট তাসলিমা সুলতানা নিশাত,স্বপ্নতরী সমাজ উন্নয়ণ সংস্থার প্রধান নির্বাহী তাহের উদ্দিন ভূইয়া, প্রতিবন্ধীবান্ধব সমাজকর্মী বশির আল হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
চলারপথে রিপোর্ট :
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট কমান্ডের এডহক কমিটি জেলার নয় উপজেলার মধ্যে ছয়টি অনুমোদিত উপজেলা কমিটি হস্তান্তর করেছে। আজ ২২ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় শহরের দক্ষিণ পৈরতলায় সৈয়দ বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ এমরানুর রেজা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন।
এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফসিউর রহমান হাসান, বাঞ্ছারামপুর উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম. এ. করিম, আখাউড়া উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কাজী হাম্মাদুল ওয়াদুদ, কসবা উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গিয়াসউদ্দিন হায়দার এবং বিজয়নগর উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রশিদ।
জেলা ইউনিট কমান্ড আহ্বায়ক হাজী সৈয়দ এমরানুর রেজা বলেন, উপজেলা কমান্ড অনুমোদনের ২০ দিনের মধ্যে ইউনিয়ন পর্যায়ে এডহক কমিটি গঠন করে জেলা ইউনিট কমান্ডের নিকট প্রেরণ করতে হবে। অতীতে মুক্তিযোদ্ধা কমান্ডের সাথে যুক্ত থেকে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা সংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে—এমন কাউকে কোনো কমিটিতে রাখা যাবে না। এ বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার অসংখ্য বীর মুক্তিযোদ্ধা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় দুটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোঃ আলাউদ্দিন (২৫) নামে এক যুবক নিহত এবং মোহন মিয়া (৩২) নামে অপর মোটর সাইকেল যাত্রী আহত হয়েছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় রাধিকা-শিবপুর সড়কের সদর উপজেলার বিরামপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহত মোহন মিয়াকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে নবীনগরে যাওয়ার পথে রাধিকা-শিবপুর সড়কের বিরামপুরে দুটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়।
এ সময় মোটর সাইকেল আরোহীরা সড়কে এবং সড়কের পাশের খাদে পড়ে যায়।
স্থানীয়রা আহতবস্থায় আলাউদ্দিন ও মোহন মিয়াকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত মোহন মিয়াকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
চলারপথে রিপোর্ট :
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানানো হয়েছে, পূর্ব নির্ধারিত পুলিশের নিয়োগ পরীক্ষা ২৫, ২৬, ২৭ অক্টোবর-২০২৪ এর পরিবর্তে আগামী ২৯, ৩০, ৩১ অক্টোবর যথারীতি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো প্রতারক চক্রের মাধ্যমে প্রতারিত না হবার জন্যও আহবান জানানো হয়েছে। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে বলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ব্রাহ্মণবাড়িয়া ফেসবুক পেইজ থেকে জানানো হলো। তবে কী কারণে তারিখ পরিবর্তন হলো তা উল্লেখ করা হয়নি।
চলারপথে রিপোর্ট :
খেলাধুলায় অংশগ্রহণ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া দরগা মহল্লা (পশ্চিমপাড়া) ঘরোয়া লীগ ফুটবল খেলা উদ্বোধন করা হয়েছে।
আজ ১৮ আগস্ট শুক্রবার বিকেলে ১ যুগ পুর্তি উপলক্ষে জেলা ঈদগাহ মাঠে খেলাটি আয়োজন করেন কাজীপাড়া শৈশব গ্রুপ।
এতে কাজীপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ কিতাব আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র ও কাজীপাড়া ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সাংবাদিক মীর মোঃ শাহীন।
বিশেষ অতিথি ছিলেন কাজীপাড়া বিশিষ্ট সরদার শেখ জামাল, সরদার আফরোজ শাহ প্রমুখ।
খেলাটি সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ মোস্তাক মিয়া। উদ্বোধনীয় খেলায় শৈশব সাদা দল বনাম শৈশব নীল দল অংশগ্রহণ করেন।
চলারপথে রিপোর্ট :
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং বিভিন্ন অনিয়মের জন্য হ্যালো বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ৯ এপ্রিল বুধবার দুপুর সাড়ে ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দাতিয়ারা (ওয়াবদা গেইট) এলাকার হ্যালো বেকারির কারখানায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এই তথ্য জানান। দুপুরে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে দাতিয়ারা (ওয়াবদা গেইট) হ্যালো বেকারির কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, নিরাপদ খাদ্য সংস্থা এবং র্যাব-৯ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, হ্যালো বেকারির কারখানায় কর্মচারীদের মাথায় টুলিংস কোর্ট নেই, যত্রতত্র ময়লা ছিটানো, খালি গায়ে কাজ করা, ফ্রিজে বাসি মিষ্টি সংরক্ষণ এবং অন্যান্য পণ্য একসাথে রাখা, ডিম ভাঙ্গা ও নষ্ট যত্রতত্র পড়ে থাকা, ফ্রিজে মেয়াদহীন খাদ্যপণ্য সংরক্ষণ, মিষ্টি তৈরির স্থান অস্বাস্থ্যকর এবং মিষ্টি খোলা ও অস্বাস্থ্যকর অবস্থায় সংরক্ষণ, মাছি পড়ে থাকতে দেখা গেছে। এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় হ্যালো বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, এই অপরাধগুলো সংশোধন করার জন্য হ্যালো বেকারিকে ২০ এপ্রিলের মধ্যে সময় দেওয়া হয়েছে। ২০ এপ্রিলের মধ্যে যদি এই অপরাধগুলো সংশোধন না করা হয়, তবে পরবর্তীতে কারখানা সিলগালা করে দেওয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বশির আহম্মেদ এবং র্যাব-৯ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।