নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নাসিরনগর, 4 January 2023,
ফাইল ছবি
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে মো. শফিক মিয়া (২৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (৪ জানুয়ারি) দুপুরে নাসিরনগর থানা পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে নাসিরনগর-সরাইল কড়ই গাছতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শফিক মিয়া উপজেলার চাতলপাড় ইউনিয়নের পতইর ধানু মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় আহত মনির মিয়া (২৩) একই গ্রামের আলী নেওয়াজের ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে নাসিরনগর-সরাইল ফাঁড়ি সড়কের কুন্ডা গ্রামের কড়ই গাছতলা এলাকায় নাসিরনগর অভিমুখী সিএনজির সাথে সরাইল অভিমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। আহত দু’জনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মোটর সাইকেলের চালক শফিক মিয়া মারা যান। অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

১০ বছরের শিকলবন্দি জীবন রবিউলের

নাসিরনগর, 26 December 2022, 2021 Views,

চিকিৎসায় থালাবাসনও বিক্রি করে দিয়েছেন পিতা খলিল

স্টাফ রিপোর্টার:
পেশায় একজন রিকশাচালক খলিল মিয়া। নিজের সহায়-সম্পত্তি বলতে কিছু নেই। পরিবার নিয়ে থাকেন আশ্রয়ণ প্রকল্পের ঘরে। ছেলের জীবনে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা তাকে নিঃস্ব করে দিয়েছে। ১০টি বছর সন্তানকে শিকলবন্দি করে রাখতে হচ্ছে খলিল মিয়াকে। ছেলেকে এ থেকে পরিত্রাণ দিতে তার প্রয়োজন প্রায় ১২ লাখ টাকার। অর্থাভাবে থেমে আছে ছেলের চিকিৎসা। খলিল মিয়ার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামে। বর্তমানে বসবাস করেন সরকারি আশ্রয়ণ প্রকল্পে ঘরে। স্ত্রী ও দুই ছেলে সন্তান নিয়ে বসবাস করেন তিনি।
সম্প্রতি একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন গ্রামবাসী থেকে চাঁদা তুলে। ছোট ছেলে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। বড় ছেলে রবিউলকে (১৮) শিকলবন্দি করে ঘরে বেঁধে রাখতে হয়। পাশাপাশি নিয়মিত চিকিৎসাও করাতে হয়। তবে রিকশা চালিয়ে আয় করা সামান্য অর্থে পরিবারের খরচ ও বড় ছেলে রবিউলের চিকিৎসা ব্যয় চালাতে হিমশিম খাচ্ছেন খলিল মিয়া।
খলিল মিয়া জানান, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তার সুখেই দিন কাটছিল। গ্রামে বাড়িতে সামান্য জমিও ছিল। জীবিকার তাগিদে ঢাকায় রিকশা চালিয়ে বসবাস করতেন। বড় ছেলে রবিউল সেখানে স্কুলে পড়াশোনা করতো। তৃতীয় শ্রেণিতে পড়া অবস্থায় সে একদিন স্কুল থেকে সহপাঠীদের সঙ্গে বাসায় ফিরছিল। পথে একটি নির্মাণাধীন ভবনের নিচে খেলছিল তারা। খেলার একপর্যায়ে দেওয়ালের সঙ্গে ধাক্কা লেগে রবিউলের মাথার পেছনের দিকে রডের অংশ ঢুকে যায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।

চিকিৎসার পর স্বাভাবিকভাবে চলাফেরা করতে থাকে রবিউল। কিন্তু এই ঘটনার পাঁচ মাস পর সে অস্বাভাবিক আচরণ শুরু করে, যা ধীরে ধীরে বাড়তে থাকে। রবিউলকে আরও উন্নত চিকিৎসা করানো হয়। তবে ছেলের চিকিৎসা খরচ মেটাতে গিয়ে বাড়িঘর ও শেষ সম্বল সামান্য জায়গাটুকুও বিক্রি করে দিতে হয়েছে খলিল মিয়াকে। এমনকী আর কিছু না থাকায় ঘরের থালাবাসনও বিক্রি করে দিতে হয়েছে।
খলিল মিয়া বলেন, ‘চিকিৎসকরা বলেছেন ভারতে নিয়ে গিয়ে চিকিৎসা করালে ভালো হয়ে যাবে রবিউল। এজন্য প্রয়োজন প্রায় ১২ লাখ টাকা। যেখানে রিকশা চালিয়ে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে কোথায় পাবো এত টাকা!’
ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল মিয়া বলেন, ‘খলিল মিয়া ঢাকা থেকে নিজ গ্রামে ফিরে আসবেন বলে সিদ্ধান্ত নেন। কিন্তু তার কোনো সহায়-সম্পদ বা মাথাগোঁজার মতো জায়গা ছিল না। বিষয়টি আমাকে জানালে আশ্রয়ণ প্রকল্পের ঘর নিতে সহায়তা করি। কিন্তু খলিল মিয়া ছিলেন সিলেটের ভোটার। আমি নিজ উদ্যোগে তাকে ভলাকুট ইউনিয়নের ভোটার করি। তারপর আশ্রয়ণ প্রকল্পে তাকে ঘর বরাদ্দ দেওয়া হয়। পরবর্তী সময়ে সে জানায়, তার ছেলে প্রতিবন্ধী। আমি বলেছি, তাকে প্রতিবন্ধী ভাতা পেতে সহায়তা করা হবে।’
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাকেশ পাল বলেন, আশ্রয়ণ প্রকল্পে একটি ছেলে দীর্ঘদিন ধরে শিকলবন্দি। বিষয়টি কয়েকদিন আগে আমি জেনেছি। ছেলেটি যেন প্রতিবন্ধী ভাতা পায়, সেজন্য পদক্ষেপ নেওয়া হবে।

‘ভালো জামাই পাইছি, বিয়া দিয়া দিছি’

নাসিরনগর, 28 May 2023, 1612 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ার হাওরবেষ্টিত উপজেলা নাসিরনগর থেকে এবার এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে মোট ২ হাজার ৫১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে এসএসসির জন্য ১ হাজার ৬৯৯ জন, ৩২১ জন দাখিল ও ৩১০ জন ভোকেশনাল পরীক্ষা দিতে ফরম পূরণ করে। এই শিক্ষার্থীদের ৭০৬ জন ছেলে ও ১ হাজার ৩৪৫ জন মেয়ে। কিন্তু গত ৩০ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় ৯ জন ছেলে ও ৪২ জন মেয়ে অংশগ্রহণ করেনি। কেন এই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেনি, তা অনুসন্ধান করতে গিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও উপজেলার শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, যেসব মেয়ে পরীক্ষায় অংশ নেয়নি, তাদের অধিকাংশই বাল্যবিয়ের শিকার। যাদের বেশিরভাগের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে।

প্রতিষ্ঠান প্রধান ও পরীক্ষা-সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের আইন অনুযায়ী মেয়েদের ১৮ বছরের কম বয়সে বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। কিন্তু বাল্যবিয়ে দিতে অনেক অভিভাবকই ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করেন। এরপর কাজিকে ম্যানেজ করে কর্তৃপক্ষের চোখ এড়িয়ে কৌশলে অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেন।

জানা গেছে, এ বছর সবচেয়ে বেশি নারী পরীক্ষার্থী অনুপস্থিতির সংখ্যা উপজেলার চাপরতলা ইউনিয়নের সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে। এই স্কুল থেকে ১৫ জন মেয়ে শিক্ষার্থী পরীক্ষা দেয়নি, যাদের সবাই বাল্যবিয়ের শিকার হয়েছে। স্কুলটির প্রধান শিক্ষক সানাউল আমিন ভূঁইয়া বলেন, আমাদের না জানিয়ে এসএসসির ১৫ জন মেয়ে পরীক্ষার্থীকে বিয়ে দিয়েছেন তাদের অভিভাবকরা। এ ছাড়াও ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পড়া ১০ থেকে ১৫ জন মেয়েকেও এ বছরই বিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন বাধা দিলেও ইউপি চেয়ারম্যান ও স্থানীয় কাজিকে ম্যানেজ করে ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করে এসব বিয়ে হচ্ছে। আমরা প্রতিষ্ঠান থেকে বাধা দিলেও তাঁরা উপেক্ষা করেন।

ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক বলেন, পরীক্ষা শুরুর আগের দিন পর্যন্ত আমাদের দু’জন মেয়ে পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড নেয়নি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি মেয়েগুলোর বিয়ে হয়ে গেছে। এর মধ্যে একজন শিক্ষার্থীর বিয়ে হয়েছে পরীক্ষার আগের রাতে।

মোবাইল ফোনে কথা হয় পরীক্ষা শুরুর আগের রাতে বিয়ে হওয়া শিক্ষার্থীর বাবা আনু মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‌‘ভালো আলিম (মাওলানা) জামাই পাইছি; বিয়া দিছি। এত পড়ালেখা কইরা কী করব? পড়ালেখা কইরা সেই জামাইর ভাতই রান্ধা লাগব।’
নাসিরনগর মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নে ১৩টি কিশোর-কিশোরী ক্লাব আছে। এসব ক্লাবের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতন করা হচ্ছে। ১৮ বছরের নিচে যেন কেউ বিয়েতে রাজি না হয়, সে বিষয়ে কিশোর-কিশোরীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। অভিভাবকদের সচেতন করতে সম্পৃক্ত করা হচ্ছে ইউপি চেয়ারম্যানসহ সবাইকে।

নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল হক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে কথা বলে অনুপস্থিত শিক্ষার্থীদের কয়েকজনের বিয়ের বিষয়ে জানতে পেরেছি।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, জানতে পেরেছি এসএসসি পরীক্ষায় অনুপস্থিত বেশ কয়েকজন শিক্ষার্থীর বিয়ে হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি অভিভাবকদের সচেতন করতে। পরীক্ষার আগে বেশ কয়েকটি বাল্যবিয়ে বন্ধ করেছি। কিন্তু আমরা চলে আসার পর আত্মীয়ের বাড়িতে নিয়ে অনেক অভিভাবক কাবিন ছাড়া বিয়ে দিচ্ছেন।

নাসিরনগরে ডিলারের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

নাসিরনগর, 28 February 2023, 1952 Views,

চলারপথে রিপোর্ট :
নাসিরনগরে খাদ্যবান্ধব কর্মসূচির এক ডিলারের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল দেওয়ার কথা। তবে দেওয়া হচ্ছে ২৭-২৮ কেজি। বিতরণের সময় সরকারি প্রতিনিধি হিসেবে ট্যাগ অফিসার থাকার কথা থাকলেও সে নিয়ম মানা হচ্ছে না। এতে ঠকছেন হতদরিদ্ররা। বিষয়টি ডিলার স্বীকার করলেও একে অন্যকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন সঠিক ওজনে চাল দিচ্ছেন না ডিলার। উপজেলার ফান্দাউক গ্রামে এ অনিয়মের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ডিলারের নাম মো. বদর আলম। তিনি ওই গ্রামের বাসিন্দা। এমন অভিযোগ পাওয়ার পর সরেজমিন গিয়ে সুবিধাভোগীদের চাল মেপে পাওয়া গেছে ২৮ কেজি।

উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৩টি ইউনিয়নে ২৬ ডিলার ও ৮ হাজার ৭০৫ উপকারভোগীর নাম অন্তর্ভুক্ত হয়েছে। ফান্দাউক ইউনিয়নের ডিলার বদর আলমের মাধ্যমে ৩০৪ জন চাল পাচ্ছেন। গত ২২ ফেব্রুয়ারি শুরু হয়েছে চাল বিতরণের কাজ। শেষ হওয়ার কথা ৭ মার্চ।

গত সোমবার দুপুর দেড়টার দিকে সরেজমিন দেখা গেছে, ডিলার বদরের দোকানের সামনে কয়েকশ লোক জড়ো হয়েছেন। তাঁরা কার্ড দেখিয়ে সারিবদ্ধভাবে চাল নিচ্ছেন। কয়েকজন ওজনে কম দেওয়ায় চাল না নিয়ে বাড়িতে চলে যান। প্রতিবাদ করলে নাম কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের।

সেখানে কথা হয় শিউলি বেগম ও মুর্শিদা বেগমের সঙ্গে। তাঁরা জানান, অশিক্ষিত হওয়ায় মিটারের মাপ বোঝেন না। বাড়িতে চাল নিয়ে দেখেন তিন কেজি কম। বেশি কথা বললে নাম কেটে দেবে। এ জন্য কিছু বলার সাহস পান না।

আলাল মিয়া, নজরুল মিয়া ও পৈলন খাঁ অভিযোগ করেন, চাল নিতে এলে ডিলার বলেছে, দুই কেজি কম নিতে হবে। এ জন্য তাঁরা চাল নেবেন না। দুই বছর ধরেই কম দেওয়া হচ্ছে। চাল দেওয়ার সময় সরকারি লোক থাকার কথা। কিন্তু তারা ৫-১০ মিনিট থেকে চলে যায়। এ দিন সরকারি লোক আসেনি বলে জানান তাঁরা।

এসব অভিযোগের বিষয়ে ডিলার মো. বদর আলম বলেন, ‘আমার কী করার আছে। সরকারি গুদাম থেকে বস্তায় দু-তিন কেজি চাল কম থাকে। এরপরও আমি বলেছি ৩০ কেজি করে চাল দেওয়ার জন্য। হয়তো শ্রমিকরা ভুল করেছে।’ ট্যাগ অফিসার ছাড়া চাল দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আজকে ট্যাগ অফিসার আসেনি।’

সরকারি ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করার কথা উপজেলা স্বাস্থ্য সহকারী মো. মোজাম্মেল হকের। তিনি সেখানে ছিলেন না। তিনি বলেন, ‘আমি সরকারি চাকরি করি। আমার দায়িত্ব হাসপাতালে। চাল বিতরণে অনিয়ম হলে সেটা আমার দেখার কথা না। সেটি দেখবেন খাদ্য কর্মকর্তা।’

ডিলার ও ট্যাগ অফিসারের এমন দাবির বিরোধিতা করে উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার আচার্য বলেন, ‘চাল বিতরণের সময় ট্যাগ অফিসার উপস্থিত থাকবেন। গুদাম থেকে চাল কম দেওয়ার সুযোগ নেই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফকরুল ইসলাম বলেন, হতদরিদ্রদের চাল বিতরণে ওজনে কম দেওয়ার সুযোগ নেই। অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে।

নাসিরনগরে মোমবাতি প্রতীকের সমর্থককে জরিমানা

নাসিরনগর, 22 December 2023, 1221 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করে মোটর সাইকেলে শোডাউন করায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট কাজী মোঃ ইসলাম উদ্দিন দুলালের (মোমবাতি প্রতীক) সমর্থক আবদুল বাছিরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে নির্বাহী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোনাববর হোসেন এই জরিমানা করেন।

জরিমানা পাওয়া আবদুল বাছির ইসলামী ফ্রন্টের প্রার্থী ইসলাম উদ্দিনর দুলালের (মোমবাতি প্রতীক) সমর্থক।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নাসিরনগর উপজেলা সদরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট কাজী মোঃ ইসলাম উদ্দিন দুলালের পক্ষে কর্মী-সমর্থকেরা মোটর সাইকেল মিছিল বের করেন। বিকেল তিনটার দিকে নাসিরনগর উপজেলা পরিষদের সামনের সড়ক দিয়ে মোটর সাইকেল মিছিল নিয়ে যান। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোনাববর হোসেন ইসলামী ফ্রন্টের প্রার্থীর সমর্থক আবদুল বাছিরকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোনাব্বর হোসেন বলেন, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮ (ক) ধারা লঙ্ঘন করে মোটর সাইকেল সহযোগে মিছিল করায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থীর সমর্থক আবদুল বাছিরকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযুক্ত ব্যক্তি তার এই আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে করবে না মর্মে লিখিত অঙ্গীকার করেন। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীসহ টহল কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

জমি নিয়ে সংঘর্ষে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নাসিরনগর, 17 September 2023, 1337 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মীর ফাহাদ (৩২) নামের আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

১৬ সেপ্টেম্বর শনিবার রাত ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়ার মীর মোশারফ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২ সেপ্টেম্বর শনিবার সকালে মীর মোশারফ হোসেন ও মীর জালালের মধ্যে বাগিবতণ্ডা হয়। এর পরপরই মীর জালালের লোকজন লাঠি নিয়ে মীর মোশারফ ও তার বড় ছেলে মীর ফাহাদের ওপর হামলা চালায়। এসময় ফাহাদের মাথায় বল্লম দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুঠিয়ে পড়েন। পরে গুরুতর আহত ফাহাদকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত নয়টার দিকে তিনি মারা যান।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা জানান, নিহত যুবকের মরদেহ এখনো বাড়িতে আসেনি। প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাট ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের সাথে জড়িত তিন আাসামিকে গ্রেফতার করা হয়েছে। ওই মারামারির মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে বলে জানান ওসি।