চলারপথে রিপোর্ট :
আগামী ১৪ মার্চ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত আসনের নির্বাচন। গত ৬ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশীরা তাদের মনোনয়নপত্র উত্তোলন ও দাখিল করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার জেলায় ৬টি সংসদীয় আসন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নের প্রত্যাশায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রার্থীরা হলেন, সরাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সদ্য সাবেক এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিসেস মিনারা বেগম, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান ওরফে নাছিমা মুকাই আলী, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি শামীমা চৌধুরী বিথি, বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য বিউটি কানিজ ওরফে এমবি কানিজ, নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যাপিকা নুরুন্নাহার বেগম, নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুমা বেগম, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক-(১) ফারহানা মিলি, জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রয়াত তৌফিক আহমেদের ছোট ভাই পিপনের আহমেদের স্ত্রী সাবিহা হক মৌসুমী।
উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদ : শিউলী আজাদ সরাইল উপজেলা আওয়ামীলীগের জনপ্রিয় নেতা ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম. ইকবাল আজাদের স্ত্রী। দলীয় গ্রুপিংয়ের কারনে ২০১২ সালের ২১ অক্টোবর সরাইল সদরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ইকবাল আজাদ ঘাতকদের হাতে খুন হন। এর পর থেকে শিউলী আজাদ রাজনীতিতে যোগদান করেন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারো তিনি প্রার্থী হয়েছেন।
মিনারা বেগম : মিনারা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি। তিনি একজন রাজনীতিবিদ ও সমাজকর্মী। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা ছাড়া) হত্যাকান্ডের পর তিনি চরম প্রতিকূল পরিবেশে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হওয়া প্রতিটি আন্দোলন সংগ্রামে ভ‚মিকা রাখেন। স্বৈরাচারি এরশাদ সরকারের পতনের দাবিতে আন্দোলন করতে গিয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা তৎকালীন সরকারের ক্যাডার বাহিনীর দ্বারা বিভিন্নভাবে নাজেহাল হন। ওয়ান ইলেভেনের সময় জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হলে তিনি নেত্রীর মুক্তির আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখেন। তিনি বর্তমানে জেলা মহিলা সংস্থার চেয়ারম্যনের দায়িত্ব পালন করছেন।
বিউটি কানিজ : বিউটি কানিজ বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংরক্ষিত সদস্য। তিনি ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির সদস্য। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগ (ঢাকা মহানগর) শাখার সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক শিক্ষা ও প্রক্ষিশন ও পাঠাগার বিষয়ক সম্পাদক ছিলেন।
শামীমা চৌধুরী বিথি : শামীমা চৌধুরী বিথি বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি। তিনি ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির সদস্য, তিনি ইডেন মহিলা কলেজ শাখার (১৯৯১-১৯৯২) সালে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত : অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। তিনি ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির সভাপতি, সাপ্তাহিক গতিপথ’র সম্পাদক। তিনি বাংলাদেশ ছাত্রলীগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার সাবেক মহিলা সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।
রুমা বেগম : রুমা বেগম নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র- সভাপতি। তিনি বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক নাজির মিয়ার স্ত্রী। তার পিতা লে. গোলাম নূর নাসিরনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমা বেগম ও তার স্বামী নাজির মিয়া দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
নাছিমা লুৎফুর রহমান ওরফে নাছিমা মুকাই আলী : নাছিমা লুৎফুর রহমান ওরফে নাছিমা মুকাই বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়নগর উপজেলায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী লুৎফুর রহমান ওরফে মুকাই আলীর স্ত্রী।
সাবিহা হক মৌসুমী : সাবিহা হক মৌসুমী একজন শিক্ষানবিশ আইনজীবী। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রয়াত তৌফিক আহমেদের ছোট ভাই পিপন আহমেদের স্ত্রী।
নূরুন্নাহার বেগম : অধ্যাপিকা নূরুন্নাহার নবীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক। তিনি জেলা পরিষদের সাবেক সংরক্ষিত আসনের সদস্য।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা ইউএনও অফিসের সামনে সাটানো আছে সিটিজেন চার্টার। আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে প্রায় দেড় বছর। পতনের দেড় বছরেও সাবেক উপজেলা চেয়ারম্যান এর মোবাইল নম্বর ও তার ইমেইল। যেখানে রয়েছে চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইল-০১৭১১-৮২০৪৩৬ এবং ইমেইল-hanifmunshi@gmail.com
আজ ১২ জানুয়ারি সোমবার ২০২৬ আশুগঞ্জ উপজেলা পরিষদে দেখা যায় এমনই চিত্র।
অপরাজিত ২০২৪ ফাউন্ডেশন চট্টগ্রাম ডিভিশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জুলাই যুদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ২০২৪ গণঅভ্যুত্থানে বাংলাদেশে নিঃস্বার্থ যারা জীবন দিয়েছিল তাদের রক্তের উপরে দাড়িয়ে যারা স্বৈরাচারের পথে অবলম্বন করছে এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত আশুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান হানিফ মুন্সী এর নাম ব্যবহার করে এখনো উপজলা চলছে এবং আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া মহোদয়ের উক্ত বিষয়টি নজরে আসেনি এ বিষয়টি নিয়ে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন।
তিনি তীব্র নিন্দা জানিয়ে বলেন, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়াকে যেন উক্ত উপজেলা থেকে বদলি করার। এই বিষয়টি ইউএনও এর কাছে নাকি ছোট বিষয় মনে হয়।
সিরাজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, এ বিষয়টি আমাদেরকে পীড়া দেয় কারণ আমরা আহত হয়েছি। আমাদেরকে তাদের নেতৃত্ব পুলিশ গুলি করেছে। আমাদের অনেক ভাই, অনেক বোন শহীদ হয়েছে। শহীদের মর্যাদা যারা দিতে জানে না তাদের চাকুরী করার যোগ্যতা নাই।
এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া এর সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলাদেশ সমাচারকে জানান, ইজি একটি বিষয়। এটি কাহারো চোখে পড়েনি। এটি চেইঞ্জ করে দেব।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে দুই সহস্রাধিক চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণ করেছে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন। গতকাল ১ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী উপজেলার রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের সহযোগিতায় ও আশুগঞ্জ প্রেস ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় বিনামুল্যে এই চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চক্ষু শিবিরে ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালের সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একটানা রোগীদের চিকিৎসা দেন। এসময় তারা বিনামুল্যে চিকিৎসা, ঔষধ বিতরণ, চশমা বিতরণ ও ৩’শতাধীক রোগীকে ঢাকায় নিয়ে ফ্রি ছানী অপারেশন করার জন্য মনোনিত করা হয়। লায়ন মোহাম্মদ ফারুক (কালাম) এর তত্ত্বাবধানে এই চক্ষু শিবির পরিচিালিত হয়েছে।
চক্ষু শিবিরে অতিথি হিসাবে লায়ন্স এর কাউন্সিল চেয়ারপারসন লায়ন ফারহানা বক্স, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, পিসিসি লায়ন এসকে কামরুল, পিডিজি হাবিবুর রহমান নান্নু, পিডিজি শাহিনা রহমান, ১ম ভিডিজি লায়ন সারওয়ার জাহান জামিল, ২য় ভিডিজি লায়ন ড. মাযহারুল আনোয়ার শাজাহান, ভিডিজি কেন্ডিডেট লায়ন মীর শফিকুল ইসলাম কনক, পাষ্ট প্রেসিডেন্ট লিও মহিউদ্দিন মাহী উপস্থিত ছিলেন। লায়ন মোহাম্মদ ফারুক হোসেন (কালাম) বলেন, শত বছর যাবত লায়ন্স ফাউন্ডেশন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্নদেশে এই চক্ষুশিবির পরিচালনা করে যাচ্ছে।
আশুগঞ্জে ২ হাজারের বেশী চক্ষু রোগীকে চিকিৎসা সেবা, ঔষদ ও চশমা দেয়া হয়েছে। পাশাপাশি যাদের চোখে ছানি পড়েছে তাদের মধ্যে থেকে ৩ শতাধিক লোকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের পর্যায়ক্রমে ঢাকায় নিয়ে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। এই ব্যয়ভার লায়ন্স ফাউন্ডেশন বহন করবে।
চলারপথে রিপোর্ট :
ওমরা হজ্ব করার ইচ্ছে পূরন হলোনা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নিজাম উদ্দিন সরকারের। গত সোমবার বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব রেলওয়ে জংশনের আউটার পয়েন্টে মর্মান্তিক এক ট্রেন দুর্ঘটনায় মারা যান তিনি। নিজাম উদ্দিন সরকার (৬৫) সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইচারা গ্রামে। ট্রেন দুর্ঘটনার সময় নিজাম উদ্দিন সরকারের সাথে তার পুত্রবধূ ফাতেমা বেগম (২৩) নাতনি তানহা বেগম (৪) এবং ১০ মাস বয়সী নাতি মুয়াস উদ্দিন ছিলো। তারা তিনজন সৌভাগ্যক্রমে বেঁচে যান।
গতকাল মঙ্গলবার বাদ জোহর বরইছাড়া ঈদগাহ মাঠে নিজাম উদ্দিন সরকারের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
গ্রামবাসী ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, ওমরা হজ্ব করার ইচ্ছে পোষন করেছিলেন নিজাম উদ্দিন সরকার। ওমরার কাগজপত্র জমা দেয়া ও পুত্রবধূ ফাতেমাকে চিকিৎসা করানোর জন্য সোমবার সকাল ৯ টায় ঢাকার উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন তিনি।
ভৈরব রেলওয়ে জংশন স্টেশন থেকে বেলা ১১টার সময় কালনী ট্রেনে করে তার ঢাকায় যাওয়ার কথা ছিলো। কিন্তু স্টেশনে যেতে দেরি হওয়ায় ট্রেনটি মিস করেন তিনি। পরে দুপুর তিনটার সময় পুত্রবধূ ফাতেমা ও দুই নাতি-নাতনিকে নিয়ে ভৈরব রেলওয়ে জংশন স্টেশন থেকে তিনি এগারো সিন্ধুর ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার ৫ মিনিটের মধ্যেই তিনি ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান।
এদিকে রাতে বাবার মৃত্যুর খবর শুনে সৌদি আরব থেকে মঙ্গলবার সকালে বাড়ি এসে পৌছান বড় ছেলে কাঞ্চন সরকার। নিজাম উদ্দিন সরকারের ছোট ছেলে আনিস সরকার সাংবাদিকদের জানান, তার বাবা ওমরা হজ্ব করার নিয়ত করেছিলেন। ওমরা করার জন্য কাগজপত্র জমা দেয়ার জন্য তিনি সোমবার সকাল ৯ টায় ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা দেন। সন্ধ্যায় শুনে ট্রেন দুর্ঘটনায় বাবা মারা গেছেন। তিনি বলেন, বাবার আর ওমরা করা হলো না। মহান আল্লাহতায়ালা যেন বাবার ওমরা কবুল করেন।
উল্লেখ্য, সোমবার বিকেলে ভৈরবে ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৫জন নিহত ও শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
চলারপথে রিপোর্ট :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ ৭নং তালশহর পূর্ব ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: ফায়জুর রহমান (ফয়েজ)। গণ মাধ্যমের কাছে প্রেরিত শুভেচ্ছা বার্তায় মো: ফায়জুর রহমান (ফয়েজ) বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলার মানুষের অধিকার হরণ করেছে স্বৈরাচারী সরকার। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটিয়েছেন দীর্ঘদিন। তাই আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পরতে হবে। সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।