চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন কুমার দাস (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুমন কুমার দাস কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার পুটিয়াপাড়ার শান্তি রঞ্জন দাসের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে সুমন কুমার দাসকে গ্রেফতার করা হয়।
পরে তার শরীর তল্লাশী করে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ইটভাটায় সন্তানের সামনে নয়ন তারা (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী।
আজ ১৩ মে শনিবার ভোরে উপজেলার ধরন্তি এলাকায় দি নিউ আশা ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে। ইটভাটার অন্য শ্রমিকরা ঘাতক চাঁন মোস্তফাকে আটকের পর পুলিশের কাছে দিয়েছেন।
ইটভাটার শ্রমিকরা জানান, চাঁন মোস্তফা ধরন্তি এলাকার দি নিউ আশা ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করতেন। সেখানে অন্য শ্রমিকদের মতো ছাউনি ঘরে স্ত্রী নয়ন তারা ও একমাত্র মেয়ে তাজিনকে (১০) নিয়ে বসবাস করেন।
শুক্রবার রাতে পারিবারিক কলহ নিয়ে চাঁন মোস্তফা ও তার স্ত্রী নয়ন তারার মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় ঘুম থেকে জেগে যায় মেয়ে তাজিন। এক পর্যায়ে সন্তানের সামনেই চাঁন মোস্তফা দা দিয়ে কোপাতে থাকে তার স্ত্রীকে। এ অবস্থায় মেয়ে তাজিন ঘর থেকে বেরিয়ে অন্য শ্রমিকদের বিষয়টি জানায়। তারা গিয়ে দেখেন নয়ন তারার রক্তাক্ত নিথর দেহ মেঝেতে পড়ে আছে। পরে চাঁন মোস্তফাকে পুলিশে সোপর্দ করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, মরদেহ সুরতহাল রিপোর্টের পর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
চলারপথে রিপোর্ট :
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ ১১ আগস্ট সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, সিলেট থেকে আসা ইরফান পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকেলে ঢাকা- সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ২৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে। বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে গতকাল ৮ ডিসেম্বর শনিবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।
পুলিশ জানান শনিবার গভীর রাতে উপজেলার পশ্চিম কুট্টাপাড়া শ্রীডোবা এলাকায় পরিত্যক্ত ফাইভ স্টার নামীয় অটোরাইছ মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউপির মালিহাতা এলাকার আব্দুল কাহারের ছেলে মো. লিয়াকত আলী, সদর উপজেলার মালিহাতা গ্রামের মো. আক্তার মিয়ার ছেলে মো. শামীম মিয়া, একই উপজেলার সাদেকপুর এলাকার ফুল মিয়ার ছেলে মো. সাগর ও বুধল ইউপির ইসলামবাগ এলাকার মো. আব্দুল হামিদের ছেলে মো. আলী আজম, সরাইল উপজেলার সদর ইউপির গুনারা এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. শরীফ।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম কুট্টাপাড়া শ্রীডোবা এলাকার পরিত্যক্ত ফাইভ স্টার অটোরাইছ মিলের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ঢাকা-সিলেট মহাসড়কের উপর ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলো। পরে তাদের তল্লাসী করে একটি চাইনিজ কুড়াল ও ৪টি বিভিন্ন সাইজের ছোরা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
চলারপথে রিপোর্ট :
মোছা. কুলসুম বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৩ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামের উত্তরহাটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কুলসুম বেগম ওই এলাকার মামুন মিয়ার স্ত্রী এবং চান্দের হাটির ফারুক মিয়ার মেয়ে। পরিবারের দাবি, যৌতুকের টাকার জন্য তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং পরে ওড়না দিয়ে পেঁচিয়ে তার মরদেহ বসতঘরের তীরে ঝুলিয়ে রাখা হয়। ঘটনার পর গৃহবধূর স্বামী মামুন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, চার বছর আগে কুলসুম বেগমের সঙ্গে মামুন মিয়ার বিয়ে হয়। দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে তাদের। কিছুদিন আগে মামুন বিদেশ যাওয়ার কথা বলে কুলসুমকে তার বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিলেন। পরিবারের লোকজন পরে মামুনকে বিদেশ যাওয়ার জন্য ৩ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সম্প্রতি কুলসুমকে তার শ্বশুরবাড়িতে ফিরিয়ে দেন।
গতকাল সকালে স্থানীয়রা কুলসুমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এ সময় কুলসুমের স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে ছিল না। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম ও সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী।
রাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, ভূইশ্বর গ্রাম থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।