আশুগঞ্জ প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে কলার ছড়া প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। এ কলার ছড়ার অপর নাম ‘নৌকা’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
তিনি বলেছেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত হবো। ১ ফেব্রুয়ারি সন্ধ্যার পর খবর হবে কলার ছড়া জিতেছে, নৌকা জিতেছে। কলার ছড়ার অপর নাম নৌকা। বেনামে দিলাম আরকি। এটা মনে করেই চলবেন। দেখলেন না, লোকজন সব আওয়ামী লীগের, নাম দিলাম সমর্থকগোষ্ঠী। আসলে ভাসুরের নাম বলা যায় না, এখানে সবই আমরা।’
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া সমর্থকগোষ্ঠীর ব্যানারে এক কর্মীসভায় তিনি এ কথা বলেন। ২৩ জানুয়ারি সোমবার বিকেলে আশুগঞ্জ পাওয়ার স্টেশন মিলনায়তনে এ কর্মীসভায় আয়োজন করা হয়।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এই সাংগঠনিক সম্পাদক বলেন, ‘ওনারা (বিএনপি) এনেছেন ফারহানাকে। ফারহানা তোমার বাবা আওয়ামী লীগ করতো, পরে গিয়েছে মোশতাকের দলে। তুমি সংরক্ষিত আসনের এমপি হয়ে হাজার পাওয়ারের বাল্ব হয়ে গেলা। সে নাকি নেতৃকে চ্যালেঞ্জ করেছে। একটা চুটকি আমার নেতৃকে চ্যালেঞ্জ করে। আপনারা ১ তারিখ জবাব দেবেন কলার ছড়াতে।’
তিনি বলেন, ‘নির্বাচনে কলার ছড়ার প্রার্থীকে চিনি না, আমরা কলার ছড়াকে চিনি আর শেখ হাসিনাকে চিনি। আপনারা কী বোঝেন না! কাঁটা দিয়ে কাঁটা তোলার রাজনীতি বোঝেন আপনি! বিএনপির পদত্যাগ করা প্রার্থীকে আমরা কেন দিলাম? এর রাজনৈতিক একটা তাৎপর্য আছে কিন্তু। যার আক্কেল আছে তাকে ইশারা দিলেই বোঝে, আর যে বেক্কল তাকে ধাক্কাইতে হয়। আগামী দিনের স্বপ্ন বাস্তবায়নে এটা সেমিফাইনাল, সেই সেমিফাইনালে জিততে হবে।’
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘আগামী এক তারিখের নির্বাচনে আমাদের প্রার্থী তার নামও আমি ভুলে যাই, চিনি না আমি। প্রার্থীর জনমত নয়, আমাদের নৌকার জনমত, আওয়ামী লীগের জনমত, আওয়ামী লীগের শক্তি। এটা কী কেউ জানতে বাকি আছে, বাংলাদেশের সবাই জানে, মিডিয়ায় নিউজও করতেছে আওয়ামী লীগ এখন স্বতন্ত্র প্রার্থী নিয়ে নামছে। তার মানে আওয়ামী লীগের শক্তি যেকোনো জিরোকে হিরো করতে পারে। আওয়ামী লীগের শক্তি হিরোকে জিরো করতে পারে।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ হেরেছে শুধু চক্রান্তের কাছে, আন্দোলনেও হারে নাই, নির্বাচনেও হারে নাই। কারণ আমাদের নেতা হচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এই নির্বাচনে জয়লাভ করা প্রয়োজন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার। সে (আব্দুস সাত্তার) আমাদের ট্রাম্পকার্ড।’
চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মো. আবু তাহেরের ছেলে মো. আলম-মঈন।
জানা গেছে, আজ ২১ সেপ্টেম্বর শনিবার আশুগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. মহিউদ্দিন শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযানে যান। এ সময় চরচারতলা সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার পূর্ব পাশে পাকা রাস্তার উপর হতে ৫০ কেজি গাঁজা ও একটি সিঙ্গেল কেবিন টাটা পিকআপ জব্দসহ একজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়।
দুলাল মিয়া :
ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল-আশুগঞ্জ, বিজয়নগরের আংশিক) আসনে বিএনপি ও জমিয়ত জোট সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব নৌপথে খেজুর গাছ প্রতীকের ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রচারণা পরিচালনা করেছেন।
প্রচারণায় অংশগ্রহণ করেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, এছাড়াও বিভিন্ন এলাকাবাসী উপস্থিত হয়ে প্রার্থীর সঙ্গে দেখা ও শুভেচ্ছা বিনিময় করেন।
জনসাধারণের ব্যাপক সাড়া ও উৎসাহের কারণে পুরো নৌপথজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। প্রচারণা চলাকালীন এলাকাবাসীর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা হয়, যার মাধ্যমে প্রার্থী তার নির্বাচনী প্রতিশ্রুতি ও পরিকল্পনা তুলে ধরেন।
নির্বাচনী বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের গণসংযোগমূলক প্রচারণা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চলারপথে রিপোর্ট :
১৩০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১ নভেম্বর শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আলমনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- আব্দুল আলীম (৩১) ও সাকিব (২২)। সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে পুলিশ।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমনগর এলাকায় তল্লাশি অভিযান চালায় আশুগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে ১৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় ওই দুই যুবককে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়ে বলে জানান ওসি খাইরুল আলম।
চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জে চলতি আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ ২ ডিসেম্বর শনিবার দুপুরে আশুগঞ্জ খাদ্য গোডাউনে চত্বরে এ কার্যাক্রমের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক চিন্তামনি তালুকদার, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান মিয়া, আশুগঞ্জ উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি জুবায়ের হায়দার বুলু, চাতালকল ব্যবসায়ী হাসান ইমরানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, চলতি বছর মিলারদের কাছ থেকে আশুগঞ্জ উপজেলা খাদ্যগুদামে ৪৪ টাকা কেজি দরে ১৫ হাজার ৫৭৮ মেট্রিক টন সিদ্ধ চাল, ৪৩ টাকা কেজি ধরে ১১ হাজার ২শ ৪৫ মেট্রিক টন আতপ চাল ও ৩০ টাকা কেজি ধরে ১৩৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে।
উল্লেখ্য, দেশের পূবার্ঞ্চলীয় অন্যতম ধান ও চালের হাট ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে। এ হাটে দেশের হাওরাঞ্চলের কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ থেকে প্রতিদিনই আসা ধান আশুগঞ্জে ৩ শতাধিক রাইস মিলে প্রক্রিয়া করে চালের উৎপাদন করা হয়। উৎপাদিত এসব চাল দেশের বিভিন্ন স্থানের চাহিদা পূরন করে থাকে। আশুগঞ্জ থেকে প্রতিবছর বিপুল পরিমান চাল সংগ্রহ করে থাকে সরকার।
মো: রবিন মিয়া:
আশুগঞ্জে আল-আমিন (২৫) ও জরিনা বেগম (২০) নামে এক দম্পতি একসাথে আত্মহত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে ২৫ মে রবিবার রাতে আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের কুড়ের পাড় এলাকায়।
আল-আমিন ওই এলাকার নান্নু মিয়ার ছেলে এবং জরিনা একই ইউনিয়নের নোয়াপাড়ার ইদ্রিস মিয়ার মেয়ে। আল আমিন পেশায় ব্যাটারিচালিত অটোরিক্সা চালক ছিলেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, অভাব-অনটন ও সংসারের টানাপড়েন তাদের প্রতিনিয়ত বিপাকে ফেলছিল। কিস্তিতে কেনা অটোরিক্সাটি কয়েকদিন আগে আল-আমিন বিক্রি করে দেন। এরপর শুরু হয় দাম্পত্য কলহ। পরে অভাব-অনটন দেখা দিলে তারা একসাথে আত্মহননের পথ বেছে নেন। রবিবার রাতে তারা কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রাত ১০টার দিকে দুজনকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে জরিনা জরুরি বিভাগেই মারা যান। কিছুটা সময় লড়লেও রাত ১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন আল-আমিন।
বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. বিল্লাল হোসেন বলেন, অভাব-অনটন ও মানসিক কষ্ট থেকেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।