সরাইল প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক এমপি উকিল আব্দুস সাত্তার ভূইয়ার পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের দুই এমপি। আজ ২৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সরাইলে উপজেলায় অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মিলনায়তনে উকিল আব্দুস সাত্তার ভূইয়া সমর্থক গোষ্ঠীর ব্যানারে আয়োজিত কর্মী সভায় অংশ গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)।
সভায় স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূইয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেন, জেলা যুবলীগের সভাপতি শাহানূর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপনির্বাচনে মনোনয়ন দাখিল করার পর প্রত্যাহার করা আওয়ামী লীগের তিন প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাবেক যুগ্ম-সম্পাদক মঈন উদ্দিন মঈন ও স্বাধীনতা শিক্ষক পরিষদ নেতা শাহজাহান আলম সাজু উপস্থিত ছিলেন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, আমি হৃদয়ের অন্তস্থল থেকে উকিল আব্দুস সাত্তার ভূইয়াকে সমর্থন করি একজন সাহসী মানুষ হিসেবে। যিনি তারেক রহমানের সকল ষড়যন্ত্র মোকাবিলায় এই বয়সেও শিরদাঁড়া শক্ত করে মাথা উঁচু করে আছেন। আশা করি আগামী ১ ফেব্রুয়ারি সরাইল-আশুগঞ্জের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে কলার ছড়া মার্কায় ভোট দিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেবে এবং গণতন্ত্রের বিজয় ঘোষণা করবে।
উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আবদুস সাত্তার ভূইয়া বিজয়ী হয়েছিলেন। গত ১১ ডিসেম্বর আবদুস সাত্তার ভূঁইয়া জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত উকিল আব্দুস সাত্তার ভূইয়া। তিনি এই আসনে পাঁচ বার এমপি ছিলেন।
আব্দুস সাত্তারের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ট্রাক্টর চাপায় সুলতান (২৩) নামের এক সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।
আজ ২০ এপ্রিল শনিবার দুপুরে সরাইল-নাসিরনগর সড়কে ধরন্তি নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুলতান হবিগঞ্জ জেলার লাখাইয়ের আতাউর রহমানের ছেলে। এ ঘটনায় আরও ৪ যাত্রী আহত হয়েছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সুলতান সহ আরো কয়েকজন একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে নাসিরনগর থেকে খাটিহাতা বিশ্বরোড যাচ্ছিল। পথিমধ্যে ধরন্তি নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সুলতান নিহত হয়। এ ঘটনায় আরো ৪ জন যাত্রী আহত হয়েছেন।
তিনি আরো জানান, নিহতের মরদেহ সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘাতক ট্রাক্টরটি পালিয়ে গেছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ। আজ ২৪ এপ্রিল বুধবার বেলা সোয়া ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের জগতসার (বরগিলা মোড়) মোড় এলাকা থেকে পিকআপভ্যানসহ তাকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক নীরব মিয়া (২২) ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ওডাকোনা গ্রামের খোকন আকন্দের ছেলে।
ডিবি পুলিশের ওসি আফজাল হোসাইন জানান, সকালে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের জগতসার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জগতসার (বরগিলা মোড়) প্রফেসর ফাহিমা খাতুন পুলিশ বক্সের সামনে থেকে পিকআপভ্যানসহ নীরব মিয়াকে আটক করা হয়। পরে পিকআপভ্যান তল্লাশি করে ভ্যানের ভিতরে সুকৌশলে বডির নিচে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ ৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম।
ইসি সচিব বলেন, লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে ফলাফলের গেজেট স্থগিত রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। আইনে আছে নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোনো সুনির্দিষ্ট অভিযোগ এলে ইসি প্রকাশিত গেজেট স্থগিত রেখে তদন্তের নির্দেশ দিতে পারবে। সে অনুযায়ী তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট এলে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, এমন পরিস্থিতিতে তদন্ত প্রতিবেদনে ভোট কারচুপির অভিযোগ প্রমাণিত হলে ইসি নির্বাচন বাতিল বা সংশ্লিষ্ট কেন্দ্রের নির্বাচন বাতিল করতে পারে।
জাহাংগীর আলম বলেন, গণমাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার একটি ও লক্ষীপুরের একটি ভোট কেন্দ্রের কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে। ইসি সেটির বিশ্লেষণ করেছে। এটার সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছে ইসি। সরেজমিন তদন্তের পর তারা যে প্রতিবেদন দেবে, তারপরে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
এর আগে, ৫ নভেম্বর রবিবার লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নির্বাচনের ভোটগ্রহণের একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, সাদা রঙের পাঞ্জাবি পরা এক ব্যক্তি ব্যালট পেপারে নৌকা প্রতীকে একের পর এক সিল মারছেন। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, যিনি সিল মেরেছেন তার নাম আজাদ হোসেন। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তবে সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ। পরে বিষয়টি ইসির নজরে আসে।
লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মুহাম্মদ রাকিব হোসেন, নৌকা প্রতীকে আওয়ামী লীগের মোহাম্মদ গোলাম ফারুক, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. সামছুল করিম ও আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহমুদ প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আসনে মোট ভোটার চার লাখ তিন হাজার ৭৪৪ জন। ১১৫টি ভোট কেন্দ্রের ৮২৭টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হয়েছে।
নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ গোলাম ফারুক পিংকু এক লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে জয় লাভ করেন। ভোট পড়ে ৩১ দশমিক ৮৫ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৮৪৬ ভোট।
আর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহজাহান আলম ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। এ উপনির্বাচনে কয়েকটি কেন্দ্রে নৌকা প্রতীকের পক্ষে ‘ওপেন ভোট’ নেওয়ার পাশাপাশি ‘জাল ভোট’ দেওয়ার অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা।
চলারপথে রিপোর্ট :
সরাইল উপজেলার অরুয়াইল বাজারে মিষ্টির দোকানে গত চার দশকের বেশি সময় ধরে কেবল একটিই মিষ্টি তৈরি হচ্ছে। স্বাদে-গুণে অন্যন্য এই মিষ্টি-‘চুনিলালের রসগোল্লা’ নামে খ্যাতি পেয়েছে। এর টানেই ভোজনরসিকেরা ছুটে আসেন সরাইল থেকে ১৩ কিলোমিটার দূরে গ্রামের এই বাজারে। এই রসগোল্লা যার মাধ্যমে রচিত হয়েছে ৭০ বছর বয়সী সুনীল মাল্লিক, যিনি এলাকায় ‘চুনিলাল’ নামে বেশি পরিচিত। তার রসগোল্লা সাধারণ মিষ্টির চেয়ে আলাদা। খাঁটি দুধের ছানা দিয়ে তৈরি প্রতিটি রসগোল্লার ওজন প্রায় ১৫০ গ্রাম। তুলতুলে নরম রসগোল্লা, যা মুখে দিলেই নিমিশেই মিলিয়ে যায়। মিষ্টতার মাত্রা একেবারে পরিমিত, তাই এর স্বাদ অনন্য। আকার, গুণমান ও স্বাদের এই নিখুঁত সমন্বয় চুনিলালের রসগোল্লাকে করেছে আলাদা।
চার দশকের বেশি সময় ধরে শুধু এই একটি মিষ্টিই তৈরি করছেন সুনীল মল্লিক। প্রতিদিন ছেলে গোপাল মল্লিককে সঙ্গে নিয়ে ক্রেতাদের সামনেই গরম রসগোল্লা তৈরি করেন তিনি। ক্রেতারা শুধু কিনতেই নয়, তৈরি করার দৃশ্য দেখতেও ভীড় জমান। চাহিদা বাড়লেও অন্য কোনো মিষ্টি তৈরির কথা ভাবেননি। বরং একটি পদকেই নিখুঁত করতে দিয়েছেন পুরো মনোযোগ। বাবার দেখানো পথেই হাঁটছেন ছেলে গোপাল। আগলে রেখেছেন পারিবারিক ঐতিহ্য।
সুনীল মল্লিক বলেন, আমরা কোনো কৃত্রিম উপাদান ব্যবহার করি না। খাঁটি দুধের ছানা আর পরিমিত চিনিতে তৈরি করি। মানুষ এর স্বাদে সেই খাঁটিত্ব খুঁজে পায়, এটাই আমাদের তৃপ্তি। চুনিলালের রসগোল্লার খ্যাতি এখন শুধু সরাইলের অরুয়াইল গ্রামেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। প্রবাসীদের কাছে স্বজনদের পাঠানো উপহারের তালিকায় প্রায়ই থাকে এই রসগোল্লা।
সরাইল ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক সঞ্জীব কুমার দেবনাথ জানান, এটি এখন আমাদের ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসে এই রসগোল্লা খেতে। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ঐতিহ্য ধরে রাখতে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন পরিবার নিয়ে সম্প্রতি চুনিলালের দোকানে গিয়েছিলেন। তিনি বলেন, আমি স্ত্রী-সন্তানদের নিয়ে গিয়েছিলাম। এমন বড় ও সুস্বাদু রসগোল্লা জীবনে দেখিনি।
বর্তমানে চুনিলালের প্রতিটি রসগোল্লা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এক কেজির দাম ৪০০ টাকা। বাজারের অন্যান্য রসগোল্লার তুলনায় দাম কিছুটা বেশি হলেও ক্রেতারা মনে করেন এর আকার, স্বাদ ও মান অনুযায়ী দাম ন্যায়সঙ্গত।