ডেস্ক রিপোর্ট :
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান বাস্তবতায় ডিজিটাল নিরাপত্তা আইনের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, যে কারণে এ আইন করা হয়েছে, তা কেউ বলে না। শুধু বলা হয়- বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্য এ আইন করা হয়েছে; যা মোটেও সঠিক নয়।
আজ ২৮ জানুয়ারি শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘নিরাপদ ডিজিটাল সমাজ: রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ আয়োজন করে।
আনিসুল হক বলেন, আইন হলে তার কিছু অপব্যবহার হয়, এটা স্বাভাবিক। কারণ, অপরাধীরা সব সময় এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করে। পুলিশ ও আইন প্রণেতাদের এখন প্রকৃত অপরাধীদের থেকে দুই ধাপ এগিয়ে থাকার চেষ্টা করতে হবে।
এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের নির্বাহী কাউন্সিল সদস্য সুমন আহমেদ সাবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বিটিআরসির কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম, আইসিটিবিষয়ক সাংবাদিক রাশেদ মেহেদী প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিডি ই-গভ সিআইআরটির প্রকল্প পরিচালক তারেক এম বরকত উল্লাহ।
অনলাইন ডেস্ক :
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে তিন দিনের ভারত সফরে গেছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। আজ ৬ আগস্ট রবিবার বিকেল ৫ টার ফ্লাইটে আওয়ামী লীগের পাঁচ সদস্যের দলটি ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যারোমা দত্ত।
এর আগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী সাংবাদিকদের জানান, ‘আমরা রবিবার বিকেলে ভারত যাচ্ছি। এটি আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি। বিজেপির আমন্ত্রণে আমরা যাচ্ছি।’ আগামী ৯ আগস্ট প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে। সূত্র : বাসস
অনলাইন ডেস্ক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে শিশুদের জীবন গড়ে তোলার আহবান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
আজ ২৯ মার্চ শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি একটি মানবিক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন।
তিনি শিশুদের অত্যাধিক ভালবাসতেন বলে তার জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে গ্রহণ করা হয়েছে। তার আদর্শ ধারণ করে প্রত্যেকটি শিশুকে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার মনোভাব নিয়ে বড় হতে হবে। তার আদর্শ উজ্জীবিত হয়ে বড় হয়ে শিশুদের একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।
মন্ত্রী বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুজনেই আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন।
তাই শেরে বাংলা গবেষণা পরিষদ জাতির পিতার জন্মদিন সাড়ম্বরে উদযাপনের জন্য শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং তাদের সুশিক্ষায় শিক্ষিত করার উদ্যোগের প্রশংসানীয়। এ ধরনের মহতী উদ্যোগের সাথে আমরা সব সময় আছি।
অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে ঢাকা ১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার, শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র ও সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, চিত্রনায়িকা মেহজাবিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনাসভার শেষে মন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের পক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার তুলে দেন।
জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:
বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শ্রীপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১ ডিসেম্বর সোমবার বিকেলে শ্রীপুর মডেল মসজিদ প্রাঙ্গনে শ্রীপুর উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
শ্রীপুর উপজেলা কৃষক দলের আহবায়ক প্রভাষক ডা. মুজাহিদুল কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, গাজীপুর জেলা কৃষক দলের আহবায়ক এস এম আবুল কালাম আজাদ, শ্রীপুর পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা বিল্লাল হোসেন, পৌর বিএনপির আহবায়ক সদস্য খোকন প্রধান, শ্রীপুর পৌর কৃষক দলের আহবায়ক শাহজাহান মিয়া, শ্রীপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব হুমায়ুন কবির, শ্রীপুর পৌর কৃষক দলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েলসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি এবং রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন শ্রীপুর পৌর ওলামা দলের সভাপতি ক্বারী মো: ইব্রাহিম।
চলারপথে রিপোর্ট :
অর্থায়নের সুদহার কমাতে উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ১৪ মার্চ মঙ্গলবার সকালে রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ও এডিবির অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী জানান, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তা প্রায় ৩ গুণ বেড়েছে। বর্তমানে এডিবির ক্রমবর্ধমান অবদান দাঁড়িয়েছে ২৮ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে। এডিবির পোর্টফোলিওতে বাংলাদেশ এখন তৃতীয় বৃহত্তম গ্রাহক।
‘এডিবি আমাদের উন্নয়ন সহযোগী। গত ৫০ বছরে আমাদের উন্নয়নে এডিবির বিশেষ সহযোগিতা রয়েছে’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি এডিবির উদার সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় তিনি সংকটকালীন সময়ে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
সরকার প্রধান বলেন, চলমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে আমি দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য, আইসিটি ভিত্তিক উদ্যোক্তা, মানসম্পন্ন অবকাঠোমো, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়নের ওপর কৌশলগত গুরুত্বারোপসহ অর্থায়নে নমনীয় পদ্ধতি এবং উদ্ভাবনী অর্থায়নের জন্য এডিবির প্রতি অনুরোধ জানাচ্ছি। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বেসরকারিখাতকে কাজে লাগানো একইভাবে গুরুত্বপূর্ণ। যা বিনিয়োগবান্ধব ব্যবসার পরিবেশ তৈরিতে অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।
‘আমি আশা করি, এডিবির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সৃদৃঢ় হবে, শক্তিশালি হবে।’ যোগ করেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক :
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, যারা প্রকৃত সাংবাদিক তারাই শুধু কার্ড (পর্যবেক্ষক কার্ড) পাবেন। প্রকৃত সাংবাদিকের সংজ্ঞা কী তা আপনারা জানেন। সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আজ ৬ ডিসেম্বর বুধবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনমিয় সভার পর সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
তিনি বলেন, ভোটকেন্দ্রে গিয়ে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের রুমে গিয়ে পরিচয় দেবেন এবং সহকারী প্রিসাইডিং অফিসারকে আপনার কার্ড দেখাবেন। আপনি ভোটকেন্দ্রে লাইভ, রেকর্ড ও সাক্ষাৎকার নিতে চাইলে লাইনে থাকা অবস্থায় করতে হবে। এছাড়া কক্ষের ভেতরে ঢুকতে পারবেন, ছবি তুলতে পারবেন তবে বক্তব্য নিতে পারবেন না, লাইভ করতে পারবেন না। এক রুমে ১০ মিনিটের বেশি থাকা যাবে না।
ইসি আলমগীর বলেন, বিদেশিরা নির্বাচন কমিশনে এসে দেখা করেছেন, কথা বলেছেন। আমরা সবসময় বলে আসছি তারা (বিদেশিরা) আমাদের ওপর কোনো চাপ দেননি। এছাড়া চাপ দেওয়ার অধিকারও তাদের নেই।
সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুরের রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গে নির্বাচন কমিশনের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান, পুলিশ সুপার কামরুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।