চলারপথে রিপোর্ট :
আইনমন্ত্রী অ্যাড: আনিসুল হকের মধ্যস্থতায় ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন। আগামীকাল সোমবার আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়ে তারা আনুষ্ঠানিক ভাবে মঙ্গলবার থেকে আদালতে ফিরে যাওয়ার ঘোষণা দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আজ ১২ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ১০ টায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক স্থানীয় সার্কিট হাউসে আইনজীবী নেতাদের এবং জেলা জজশিপের জজদের নিয়ে এক বৈঠক করেন।
ওই সভায় আইনজীবীদের দাবি অনুযায়ী, জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের প্রত্যাহারের বিষয়ে খোলামেলা আলোচনা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনার -১ এর বিচারক (জেলা ও দায়রা জজ ) মোহাম্মদ ফারুককে খুব শিগগিরই প্রত্যাহারের আশ্বাসের প্রেক্ষিতে আইনজীবীরা জানান সোমবার বিশেষ সাধারণ সভায় আইনজীবীদের উপস্থিতিতে মঙ্গলবার থেকে আদালতে ফিরে যাওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবেন। এ সময় সদর আসনের সাংসদ র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী,আইন সচিব গোলাম সারওয়ার, জেলা ও দায়রা জজ শারমিন নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুক, জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম, পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানবীর ভূঞা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কাননসহ আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।
সভা থেকে বেরিয়ে সার্কিট হাউজ প্রাঙ্গনে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানবীর ভূঞা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, আইনমন্ত্রীর সাথে আইনজীবীদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। জেলা ও দায়রা জজ শারমিন নিগারকে রেখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুককে যথা শীঘ্রই প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে আইনমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে আগামীকাল সোমবার বিশেষ সাধারণ সভা থেকে কোর্টে ফিরে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এ ব্যাপারে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, আশা করছি আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি ‘বর্জন করে আগামীকাল সোমবার থেকে আদালতে ফিরে আসবেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার সুহিলপুর গরুর বাজারের সরকারি জমি ইজারা না নিয়ে নির্মাণ করা স্থাপনা সরানোর কাজ শুরু হয়েছে।
স্থানীয় প্রভাবশালীরা নিজ উদ্যোগে স্থাপনা থেকে ইট সরানোর কাজ শুরু করেছেন।
জানা গেছে, সদর উপজেলার সুহিলপুর গরুর বাজারের সরকারি জমি ইজারা না নিয়ে দোকান নির্মাণ করে তা মোটা অঙ্কের টাকায় বিক্রি করা হচ্ছে। এতে বাজার সংকুচিত হয়ে পড়ে। স্থানীয় ব্যক্তিরা বলেন, চার জনপ্রতিনিধির আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনেরা এর সঙ্গে জড়িত। প্রায় দেড় মাস ধরে দোকান নির্মাণের এ কাজ চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনায় গত ২২ জানুয়ারি সুহিলপুর গ্রামের আরিফুল হক চৌধুরী, আবদুল ছোবান, মো. কামাল ও শামিম জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে লিখিত অভিযোগ দেন।
আজ ১২ ফেব্রুয়ারি সোমবার গিয়ে দেখা যায়, সুহিলপুর গরু বাজারের উত্তর ও পূর্বদিকে সরকারি খাস জায়গা ইজারা ছাড়াই নির্মাণ করা দোকানের চারপাশের দেয়াল ভেঙে ইট সরানোর কাজ চলছে। সুহিলপুর গ্রামের শাহিন মিয়া নামে এক রাজমিস্ত্রীর সর্দার দোকান ভাঙার কাজে নেতৃত্ব দিচ্ছেন। তবে ছয়টি দোকানের পশ্চিম দিকে দুটি শৌচাগার নির্মাণ করা হয়েছে। সুহিলপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তোফাজ্জাল হোসেন কাজটি তদারকি করছেন।
শাহিন মিয়া বলেন, সবগুলো দোকানের স্থাপনার (দেয়ালের ইট) ইট-সিমেন্ট ভাঙ্গা হবে। বাজারের উত্তর পশ্চিম দিকে নির্মাণ করা ছয়টি দোকান এবং উত্তর-পূর্ব দিকের একটি দোকানের স্থাপনা ভাঙ্গা হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ বলেন, গত রবিবার সদর উপজেলার সুহিলপুর গরু বাজার পরিদর্শন করি। ইজারা না পেয়েও যারা দোকান নির্মাণ করেছেন, তারা নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য প্রতিজ্ঞা করে একদিনের সময় চেয়েছে। তাই তাদের একদিনের সময় দেয়া হয়েছে। জায়গাটি কাউকে ইজারা দেয়া হয়নি। তাই এখানে দোকান ঘর করার কোনো সুযোগ নেই। যদি তারা নিজ উদ্যোগে স্থাপনা না সরান তাহলে আমরা অভিযান চালিয়ে স্থাপনা উচ্ছেদ করব।
চলারপথে রিপোর্ট :
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকতেই পারে। যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে চায় তারা করতে পারে। কিন্তু যারা সাম্প্রদায়িকতাকে পুঁজি করে রাজনীতি করে সেগুলোকে বন্ধ করার কথা উঠেছে। তিনি বলেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ভূমিকা ছিলো দেশদ্রোহীতামূলক এবং তারা এই ভূমিকা থেকে কখনো সরে আসেনি। এখনো তাদের ভূমিকা দেশদ্রোহীতামূলক।
আজ ৩১ জুলাই বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী একমাত্র দল যেদল থেকে সবচেয়ে বেশী যুদ্ধাপরাধীদের সাজা হয়েছে। তাই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রচেষ্টা যথার্থ।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদফতরের আয়োজনে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, পৌর মেয়র মিসেস নায়ার কবির প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর কবির। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। পরে তিতাস নদীর কুরুলিয়া খালে ভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন মন্ত্রী।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও তার সহধর্মীনি মাউশির সাবেক মহাপরিচালক ও ইউনির্ভাসিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৩৫০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ১০০/১২০ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গত ২০২১ সালের ২৭ মার্চ বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বাজারের সামনে সংঘর্ষের সময় বাদল মিয়া (২৬) নামক এক যুবক হত্যার ঘটনায় তার পিতা জাবির হোসেন বাদী হয়ে ২৮ অক্টোবর সোমবার সন্ধ্যায় এই মামলাটি দায়ের করেন মৃত বাদল মিয়া সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বজেন্দ্রগঞ্জ (লৌলারচর, চর হবিবপুর) গ্রামের জাবির মিয়ার ছেলে।
জাবির মিয়া তার পরিবার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর বাজারের পাশে ভাড়াটিয়া বাড়িতে বসবাস করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফ্ফর হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য ও নবীনগর পৌর সভার সাবেক মেয়র শিব শংকর দাস, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন ও মুজিবুর রহমান বাবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মহসিন, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মোঃ মনির হোসেন, উপ-দপ্তর সম্পাদক সুজন দত্ত, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির, জেলা আওয়ামী লীগের সদস্য ভিপি জায়েদুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুর রহমান জগলু, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হালিম শাহ লিল মিয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, ওলামা সমন্বয় পরিষদের জেলা সভাপতি ক্বারী আনিছ, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা, বিজয়নগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফয়জুন নাহার টুনি, জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ বাবুল আক্তার ও সনি আক্তার সূচী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন খোকা, কেন্দ্রীয় যুবলীগ নেতা আলা মুনিল হক আলামিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান লেনিন ও রিদোয়ান আনসারী রিমো, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান রনিসহ এজহারনামীয় ৩৫০জন। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরো ১০০/১২০ লোককে আসামী করা হয়।
মামলার বাদী জাবির মিয়া এজাহারে অভিযোগ করে বলেন, ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে আন্দোলন কর্মসূচির সময় জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়। এরই ধারাবাহিকতায় ২৭ মার্চ বিকেল ৩ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বাজারের সামনে সংঘর্ষের সময় বাদল মিয়ার উপর গুলি ককটেল নিক্ষেপ করে। তাদের ছোরা গুলি বাদেেল বুকে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় হাসপাতাল থেকে কোন স্লিপ দেয়া হয়নি ও ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফ্ফর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
চলারপথে রিপোর্ট :
শহরের একটি বহুতল ভবনের তিনটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ১২ জানুয়ারি শুক্রবার দুপুরে জেলা শহরের বনিকপাড়া স্টেশন রোড এলাকায়। নগদ সাত লাখ ২০ হাজার টাকা ও সাড়ে সাত ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে চোরেরা।
ওই ভবনের চার নম্বর ফ্ল্যাটের বাসিন্দা মোশাররফ হোসেন মঈন জানান, তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাতশালায়। পরিবার নিয়ে এখানে বসবাস করেন। গত এক সপ্তাহ তিনি পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ছিলেন। আজ বিকেলে ফোন পান তার ফ্ল্যাটের দরজা খোলা। এসে দেখেন সব এলোমেলো।
মোশাররফ হোসেন বলেন, ‘আলমারি ভেঙে নগদ আড়াই লাখ টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, টিভি, একটি ট্যাব, মোবাইলফোন, দুটি ইন্টারনেট রাউডার চুরি করে নিয়ে গেছে চোরেরা।’
দ্বিতীয়তলা ফ্ল্যাটের বাসিন্দা হুমায়ুন খালেদ বলেন, ‘আমি পেশায় ঠিকাদার। দুপুরে দাওয়াত খেতে রুমে তালা লাগিয়ে গিয়েছিলাম। এসে দেখি দরজা ভেঙে আলমারি থেকে নগদ তিন লাখ ২০ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।’
ষষ্ঠতলার এক প্রবাসীর ফ্ল্যাটের তালা ভেঙে নগদ দেড় লাখ টাকা, এক ভরি স্বর্ণালংকার ও প্রায় ৩০ হাজার টাকার প্রসাধনী নিয়ে গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ মনিটরিং করা হচ্ছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯- এর সদস্যরা। আজ ৪ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শেখ অবুজ (২৫) একই এলাকার শেখ সবুজ (২৮), হৃদয় মিয়া (২৩), আওয়াল মিয়া (৪০), শহরের কান্দিপাড়ার শিপন মিয়া (২৮) ও পিয়াস (৩০)।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৯- এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত শনিবার দুপুর ১ টার দিকে সুলতানপুর চৌধুরী মার্কেটের সামনে থেকে ২০ বস্তা চিনি পিকআপ ভ্যানে ভরে তা ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর ভিআইপি বেকারীর উদ্দেশ্যে রওনা হন পিকআপ চালক দোলোয়ার হোসেন (২২)। পথিমধ্যে সুলতানপুর বড় মসজিদের রাস্তার উপর ৬ ব্যক্তি ৩টি মোটর সাইকেলযোগে এসে পিকআপভ্যান গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ বলে দোলোয়ার হোসেনের কাছে পরিচয় দেয়।
পরে কৌশলে পিকআপসহ দোলোয়ার হোসেনকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা দোলোয়ারকে মারধোর ও অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ও স্বজনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে আরো ৩৯ হাজার ২২০ টাকা হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় চালকের ভগ্নিপতি বোরহান উদ্দিন (৫৫) বাদী হয়ে গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহার বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।