চলারপথে রিপোর্ট :
আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে হাফিজুল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ১৯ ফেব্রুয়ারি রবিবার সকালে আখাউড়া- কুমিল্লা রেল সেকশনের গঙ্গাসাগর রেলস্টেশনের দক্ষিণ পাশে রেল সেতুর ওপর থেকে তার দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। নিহত হাফিজুল আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বনগজ গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা মরদেহ পড়ে থাকার খবর পাই পুলিশ। পরে স্থানীয়দের মাধ্যমে নিহত যুবকের পরিচয় নিশ্চিত করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার জানান, ধারণা করা হচ্ছে সেতু পার হওয়ার সময় আখাউড়া-কুমিল্লা রেলপথে চলাচলকারী রাতের কোনো এক ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করেছে র্যাব।
সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নোনাসার এলাকার একটি পুকুরপাড় থেকে এয়ারগান দুটি উদ্ধার করা হয়।
আজ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, উদ্ধার করা এয়ারগান দুটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে র্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
চলারপথে রিপোর্ট :
তারুণ্যের চেতনায় এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে আখাউড়ায় স্বেচ্ছায় রক্ত দানের সংগঠন ‘আত্মীয়’ এর সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় পৌরসভা ভবনের তৃতীয় তলায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সংঠগঠনের ২ শতাধিক সদস্য অংশ নেয়। এসময় সংগঠনের রক্তদাতাদের জন্য নতুন টি-শার্টের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মোঃ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আত্মীয় এর রক্তদাতা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল।
সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক সমীর চক্রবর্তী সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আত্মীয়ের রক্তবীর পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম চৌধুরী ইমরান।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হিমেল খান, পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ড. আবদুল্লাহ ভূঁইয়া বাদল, শিক্ষক নেতা মৌসুমী আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন বক্তব্য রাখেন।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: লুৎফর রহমান, চিকিৎসক আল মুক্তাদির ফয়সাল, আইয়ুব চৌধুরী, মো: আলাউদ্দীন, এনামুল হক মামুন, প্রেসক্লাব সভাপতি দুলাল ঘোষ, সাধারণ সম্পাদক হান্নান খাদেম, মাই টিভির প্রতিনিধি জালাল হোসেন মামুন, সহঃ অধ্যাপক হাফিজুর রহমান, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ আবির, আত্মীয়ের সাবেক সমন্বয়ক শেখ দিপু, সুজন সাহা, হৃদয় দেব, এমআরআই রাকিব, এমদাদ কিবরীয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠনটি সত্যিকার অর্থেই গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে।
এসময় তারা আত্মীয়ের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সকল কার্যক্রমে যুক্ত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
চলারপথে রিপোর্ট :
আখাউড়ায় ১১৫০ কেজি ভারতীয় কফিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ২০ সেপ্টেম্বর শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো কসবা উপজেলার হারিয়াবহ গ্রামের শামসু মিয়ার ছেলে কাউছার মিয়া (৪০), বড়টুবার কুদ্দুস মিয়ার ছেলে আবু কালাম (৪২), ধজনগর গ্রামের নুরু মিয়ার ছেলে সেলিম মিয়া (৫৫)।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিমের নেতৃত্বে এস. আই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম শুক্রবার দুপুরে জানান, অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে পাঠানো হবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় নিজ হাতে গড়া স্কুল মাঠে শেষ বিদায়ের জানাজা হলো শিক্ষা অনুরাগী আবুল বাশার মোবারকের (৭০)। তিনি উপজেলার মোগড়া ইউনিয়নের ছয়গড়িয়া শাহআলম উচ্চ বিদ্যালয়ের ভূমি দাতা ও সাবেক সভাপতি ছিলেন।
আজ ১১ জুলাই বৃহস্পতিবার সকালে স্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মোবারক হোসেনের জানাযায় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।
অশ্রুসজল নয়নে বিদায় জানায় শিক্ষা অনুরাগী সমাজ সেবক মোবারক হোসেনকে। এর আগে বুধবার সকালে বিদ্যালয়ে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানাযার পূর্বে মোবারকের হোসেনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ. মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, আওয়ামীলীগ নেতা মোঃ মনির হোসেন বাবুল, যুবলীগ নেতা আব্দুল মমিন বাবুল, বাজার পরিচালনা কমিটির আহবায়ক বাবুল পারভেজ, শিক্ষক নেতা কাজী মোঃ ইকবাল, স্কুল কমিটির সাবেক সদস্য মোঃ সহিদ মিয়া প্রমুখ।
এসময় বক্তারা স্কুল প্রতিষ্ঠায় মোবারক হোসেনের অবদানের কথা স্মরণ করেন। স্কুল প্রতিষ্ঠার জন্য তিনি মূল্যবান সম্পদ (ভূমি) দিয়েছেন। তিন বার বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সীমান্ত এলাকায় শিক্ষা প্রসারে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
এসময় বক্তারা আরো বলেন, মোবারক হোসেনের মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু নয়। বিদ্যালয়ের সদ্য বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ সেলিনা বেগম তার বিরুদ্ধে কমিটির অনুমোদন ছাড়া আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। মামলার কারণে তিনি মানসিক অস্থিরতায় ভুগছিলেন। বক্তারা মোবারক হোসেনের মৃত্যুর জন্য ওই শিক্ষিকাকে দায়ী করে বিচার দাবী করেন।
উল্লেখ্য, সম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনিয়মের অভিযোগে মোছাঃ সেলিনা বেগমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। বুধবার সকালে ওই শিক্ষক বিদ্যালয়ে গেলে বিষয়টি জানার জন্য মোবারক হোসেনসহ কয়েকজন সদস্য বিদ্যালয়ে যায়। হঠাৎ তিনি অসুস্থবোধ করলে বাড়িতে চলে আসেন। পরিবারের লোকজন তাকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদও হাসপাতালে নিয়ে যায। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন।
নিহত মোবারক হোসেনের মেয়ে রেখা আক্তার অভিযোগ করে বলেন, শিক্ষক সেলিনা বেগমের মামলার কারণে আমার বাবার মৃত্যু হয়েছে। আমি আমার বাবার মৃত্যুর বিচার চাই। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মোছাঃ সেলিনা বেগমের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
চলারপথে রিপোর্ট :
আখাউড়ায় ট্রাক্টর উল্টে সড়কের নিচে খাদে পড়ে চালক শেখ পারভেজ (২২) নিহত হয়েছেন।
১ মার্চ বুধবার রাত সাড়ে ১২টার দিকে আখাউড়া-কসবা সড়কের মনিয়ন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রাক্টরচালক শেখ পারভেজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামের মধ্যপাড়ার শেখ শাহ আলমের ছেলে।
নিহতের ছোট ভাই শেখ সবুজ জানান, ট্রাক্টরচালক শেখ পারভেজ মাটি সরবরাহের কাজ করতেন। মনিয়ন্দ এলাকা থেকে ট্রাকভর্তি মাটি নিয়ে এক কৃষকের বাড়িতে ফেলছিলেন। মাটি নিয়ে দ্রুতগতিতে বাঁক ঘুরতে গিয়ে ট্রাক্টর উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে এ সময় তার সঙ্গে কোনো হেলপার ছিল না।
আখাউড়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।